📄 নবুওয়াতপ্রাপ্তি
রাসূলুল্লাহ ﷺ হেরা পর্বতের গুহায় দীর্ঘ সময় অতিবাহিত করতেন। নিশ্চুপ, নিমগ্ন, নিবিষ্ট মনে আল্লাহর ইবাদত করতেন। চারপাশের সৃষ্টি নিয়ে গভীর চিন্তায় ডুবে যেতেন। হঠাৎ একদিন জিবরীল তাঁর কাছে হাজির হলেন। জিবরীল সম্পর্কে উমার ইবন খাত্তাবের বর্ণিত হাদীসে বলা হয়েছে, 'কুচকুচে কালো কেশ আর ধবধবে শুভ্র পোশাক পরা এক লোক, তাঁর মাঝে ভ্রমণের কোনো ছাপ নেই।' অর্থাৎ তিনি মাঝে মাঝেই মানুষের বেশ ধরে আসতেন। কিন্তু সেদিন, ওয়াহী আনার সেই প্রথম দিনে কোনো মানুষের রূপে নয়, নিজের রূপেই মুহাম্মাদের সামনে নিজেকে প্রকাশ করেন। প্রকাণ্ড সেই সত্তা, আচ্ছন্নকারী আবির্ভাব। কয়েকশ পাখা দিগন্ত ঢেকে ফেলেছে, তাতে শোভা পাচ্ছে নাম-না-জানা অগণিত মণিমুক্তো আর প্রবাল।
মুহাম্মাদের কাছে এসে বললেন, 'ইকরা'-তিলাওয়াত করো। ইকরা শব্দটার দুটি অর্থ আছে। তার মধ্যে একটি হলো, পড়া এবং আরেকটি তিলাওয়াত করা। এই প্রেক্ষিতে অর্থটা ছিল 'তিলাওয়াত করো।'
মুহাম্মাদ উত্তরে বলে উঠলেন, 'আমি তো পড়তে জানিনা!'
জিবরীল তখন মুহাম্মাদকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে চাপ দিলেন, এরপর ছেড়ে দিয়ে বললেন, 'ইকরা।'
মুহাম্মাদ আবারও বললেন, 'আমি তো পড়তে জানিনা!'
পুনরায় জিবরীল তাঁকে বুকে জড়িয়ে ধরে চাপ দিয়ে বললেন, 'ইকরা।'
এভাবে একবার, দুবার, তিনবার করার পর অবশেষে তিনি কুরআনের নাযিলকৃত প্রথম আয়াতসমূহ তিলাওয়াত করেন, এগুলো ছিল সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত।
"পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ুন আপনার প্রতিপালক মহা দয়ালু। যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন মানুষকে (এমন জ্ঞানের), যা সে জানতো না।” (সূরা আলাক, ৯৬: ১-৫)
জিবরীলের সাথে রাসূলুল্লাহর ﷺ প্রথম সাক্ষাৎ এমনই ছিল। পুরো ঘটনার আকস্মিকতায় নবীজি বিহ্বল হয়ে পড়েন। ঘরে ফিরে এসেই সঙ্গে সঙ্গে স্ত্রী খাদিজাকে বলেন, ‘জামিালুনি, জামিালুনি'-আমাকে চাদর দিয়ে মুড়ে দাও! আমাকে চাদর দিয়ে মুড়ে দাও! নবীজি তখনও ভয়ে ঠকঠক করে কাঁপছিলেন। তাঁর শীত করছিল। মা খাদিজা তাঁকে চাদরে ঢেকে দিলেন, কিছুক্ষণ পর স্বাভাবিক হলে তিনি খাদিজার কাছে সব কথা খুলে বললেন।
রাসূলুল্লাহর ﷺ আতঙ্কিত হওয়ার কারণ ছিল। তিনি জিন, আত্মা, জাদু ইত্যাদি বিষয় মনেপ্রাণে ঘৃণা করতেন। তাঁর সাথে যা ঘটেছে, সেগুলোর সাথে জাদুকরদের জাদুর মিল আছে ভেবেই তিনি শঙ্কিত হয়ে উঠেছিলেন। সব শুনে খাদিজা তাঁকে অভয় দিয়ে বললেন,
'না, আল্লাহ তাআলা আপনাকে কখনও ত্যাগ করবেন না! আপনি ন্যায়পরায়ণ, আত্মীয়-স্বজনের হক আদায় করেন, অসহায়দের সাহায্য করেন, মেহমানদারি করেন। আপনার সাথে যা ঘটেছে তা কখনোই শয়তানের পক্ষ থেকে হতে পারে না।'
রাসূলুল্লাহর ﷺ উত্তম আচার-আচরণ ও কাজের জন্য খাদিজা নিশ্চিত জানতেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে অবশ্যই হেফাজত করবেন।
খাদিজা তাঁর চাচাতো ভাই ওয়ারাকাহ ইবন নাওফালের কাছে নবীজিকে নিয়ে যান। ওয়ারাকাহ আইয়ামে জাহেলিয়াতে খ্রিস্টধর্মের অনুসারী ছিলেন। কিন্তু তিনি শিক্ষিত লোক ছিলেন। তাঁর কাছে বাইবেলের কিছু পাণ্ডুলিপিও ছিল, সেগুলো থেকে তিনি পড়াশোনা করতেন। খাদিজা তাঁর কাছে মুহাম্মাদের পুরো ঘটনা খুলে বললেন। ওয়ারাকাহ বললেন, 'যিনি এসেছিলেন তিনি হলেন শ্রেষ্ঠ ফেরেশতা জিবরীল -মূসা নবীর কাছে তিনিই এসেছিলেন।'
ওয়ারাকাহ তৎক্ষণাৎ বুঝে যান যে নবীজির কাছে আসলে জিবরীল এসেছে। তেমনি করে তিনি মূসার কাছে ওয়াহী নিয়ে আসেন, ঠিক সেভাবেই রাসূলুল্লাহর কাছেও ওয়াহীসহ আগমন করেছেন। ওয়ারাকাহ মূসা নবীর সাথে নবীজির ঘটনার সাদৃশ্য খুঁজে পাচ্ছিলেন। তিনি নবীজিকে কিছু কথা বলেন। কথাগুলো বেশ কৌতূহলোদ্দীপক। তিনি বলেন, 'হায়! যদি আমি সে সময় তরুণ থাকতাম যখন তোমার কওম তোমাকে বের করে দেবে!'
রাসূলুল্লাহ ﷺ অবাক হয়ে বললেন, 'আমার কওম আমাকে আমার দেশ থেকে বের করে দিবে? তা কী করে হয়।' প্রশ্নটা তখনকার পরিস্থিতিতে খুবই স্বাভাবিক-রাসূলুল্লাহ ﷺ সে সময় একজন সম্মানিত ও প্রশংসিত ব্যক্তি, মক্কার সম্ভ্রান্ত গোত্র বনু হাশিমের সন্তান। না তিনি কখনো কারো সাথে ঝগড়া করেছেন, না কোনো বিবাদে লিপ্ত হয়েছেন। তাঁর মতো মানুষকে মক্কা থেকে বের করে দেওয়া হবে-এটা চিন্তারও বাইরে। উপরন্তু, মক্কার সামাজিক ঐতিহ্যই ছিল এমন যে, কাউকে তার কওম থেকে বের করে দেওয়াটা চরম ঘৃণিত কাজ হিসেবে ধরা হতো। গোত্রতান্ত্রিক সেই সমাজে গোত্রভিত্তিক একতাই ছিল মরুভূমির চরমভাবাপন্ন আবহাওয়ায় বেঁচে থাকার একমাত্র হাতিয়ার। আর তাই গোত্রের লোকেদের মাঝে বিরাজ করতো বিশ্বাসের এক অটুট বন্ধন।
ওয়ারাকাহ বলেন, 'যারাই তোমার মতো এই ওয়াহী লাভ করেছে, তাদের সবার সাথে লোকেরা শত্রুতা করেছে, তাদেরকে ঘরছাড়া করেছে।' এই একটি মন্তব্য দ্বারাই ওয়ারাকার অগাধ জ্ঞান সম্পর্কে ধারণা পাওয়া যায়। তিনি ইতিহাস জানতেন। খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছিলেন যে, সত্যের সাথে মিথ্যার সংঘর্ষের পরিণতি কী হতে পারে। তিনি জানতেন যে মুহাম্মাদ যতোই প্রশংসার পাত্র হন না কেন, যখনই তিনি মানুষকের ইসলামের পথে ডাকতে আরম্ভ করবেন, তখন তাঁর সাথে এমনটাই ঘটবে। ওয়ারাকাহ ইবন নাওফালের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছিল। তাঁর প্রতিটি অনুমান ছিল রাসূলুল্লাহর ﷺ পরবর্তী জীবনের জন্য সতর্কবার্তা। তিনি নবীজিকে এটাই বুঝিয়ে দিলেন যে এই কাজ কোনো সহজ কাজ নয়।
টিকাঃ
১৭. আল বিদায়া ওয়ান নিহায়া, ৩য় খণ্ড, পৃষ্ঠা ১৪।
📄 ইকরা: জ্ঞানভিত্তিক এক উম্মাহ
মুহাম্মাদের ওপর অবতীর্ণ কুরআনের প্রথম শব্দটি ছিল "ইকরা।”-এর তাৎপর্য হলো, আমরা মুসলিমরা সেই উম্মাহ যে উম্মাহ অধ্যয়ন করে, গবেষণা করে এবং সর্বোপরি দ্বীনের ইলম বা জ্ঞানার্জন করে। এই একটি শব্দ একটি নিরক্ষর জাতির মাঝে আমূল পরিবর্তন নিয়ে এসেছিল, তাদের মধ্যে তৈরি করেছিল বিশ্ববরেণ্য আলেমসমাজ। সে সময় নবীজির অনুসারীরা ছিল নিরক্ষর, কিন্তু এই শব্দগুলো তাদেরকে লিখতে ও পড়তে অনুপ্রেরণা যুগিয়েছে। অল্প সময়ের মধ্যেই মুসলিম উম্মাহ বিশ্বের উচ্চ শিক্ষিত ও জ্ঞানী জাতিতে পরিণত হয়েছে। এই উম্মাহর মাঝে যে পরিমাণ আলেম তৈরি হয়েছে, তা অতুলনীয়! মুসলিম উম্মাহর আলেমদের গুণাগুণ লক্ষ করলে দেখা যাবে, তারা অনন্য-তাদের সাথে অন্য কোনো জাতির বিদ্বানদের তুলনাই হয় না।
উদাহরণস্বরূপ, ইমাম বুখারি-আড়াই লক্ষেরও বেশি হাদীস তাঁর ছিল মুখস্থ। কিংবা ইমাম শাফঈ-যিনি বলেছিলেন, 'আমি যখন কোনো বই খুলি তখন আমি তার একটা পাতা ঢেকে রাখি, কারণ আমি একটা পাতার সাথে আরেকটা পাতার তথ্য মিলিয়ে ফেলতে চাই না।' তাদের ছিল অসাধারণ স্মৃতিশক্তি, ফটোগ্রাফিক মেমোরি, ছবির মতো করে সব তথ্য মনে রাখতে পারার ক্ষমতা। অথবা শাইখ আল ওয়াফা ইবন আকীল, যিনি তিনশ গ্রন্থের একটি বিশ্বকোষ লেখেন। অবশ্য দুর্ভাগ্যক্রমে সেটা এখন আর নেই। ওটার মূল পাণ্ডুলিপি বাগদাদ লাইব্রেরি থেকে লুট করে নেওয়া হয়। এটাই ছিল "ইকরা" শব্দের শক্তি, যা পুরো উম্মাহর এতটা পরিবর্তন এনে দেয়।
রাসূলুল্লাহর ﷺ ক্ষেত্রে ব্যাপারটা ছিল একটু ভিন্ন। তিনি লিখতে বা পড়তে জানতেন না। তাঁর কাছে এই শব্দটির মানে ছিল 'তিলাওয়াত করুন', অর্থাৎ তিলাওয়াত করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর পুনরাবৃত্তি করুন।
আল্লাহ আযযা ওয়াজাল তাঁর রাসূলকে নিরক্ষরই রাখতে চেয়েছেন, এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির জন্য হুকুম। সূরা আল আনকাবুতে আছে,
"এবং আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি এবং স্বহস্তে কোনো কিতাব লিখেননি। এরূপ হলে মিথ্যাবাদীরা অবশ্যই আপনার উপর সন্দেহ আরোপ করতো।” (সূরা আনকাবূত, ২৯:৪৮)
আল্লাহ তাআলাই বলছেন যে রাসূলুল্লাহ ﷺ কুরআনের আগে কোনো কিতাব পাঠ করেননি, তাঁর মাঝে লেখার বা পড়ার যোগ্যতা ছিল না। তিনি ছিলেন নিরক্ষর। সাধারণ মুসলিমদের জন্য পড়তে জানাই হচ্ছে জ্ঞানার্জনের চাবিকাঠি। কিন্তু নবীজির জন্য সত্যি বলতে, লিখতে-পড়তে পারাটা জরুরি ছিল না। রাসূলুল্লাহ ﷺ স্বয়ং জিবরীল থেকে শিক্ষা নিচ্ছিলেন। সরাসরি আল্লাহর কাছ থেকে যে জন জ্ঞানার্জন করছেন, তাঁর জন্য বই থেকে শেখার মতো আসলেই কিছু নেই। আর তাই, তাঁর জন্য ইকরা শব্দটির অর্থ হলো "তিলাওয়াত করুন", কিন্তু উম্মাহর জন্য এর অর্থ হলো, 'পড়ুন।' মুসলিমদেরকে লিখতে ও পড়তে শিখতে হবে।
"নুন। কসম কলমের এবং তারা যা লিপিবদ্ধ করে তার।” (সূরা কালাম, ৬৮: ১)
যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু নিয়ে শপথ করেন, তার অর্থ হলো সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ কলমের নামে শপথ করেছেন। বদরের যুদ্ধে যুদ্ধবন্দী মুশরিকদের এই মর্মে মুক্তি দেওয়া হয়েছিল যে, তারা দশজন মুসলিমকে লিখতে ও পড়তে শেখাবে। এসব থেকে বোঝা যায় ইসলাম জ্ঞানার্জনের ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে।
এই উম্মাহ জ্ঞান ও পাণ্ডিত্যে পারদর্শী এক উম্মাহ, যদিও দুর্ভাগ্যবশত আজ এই উম্মাহ তার দায়িত্ব পালনে অনেকটাই পিছিয়ে পড়েছে। ইলম অর্জনের ব্যাপারে উম্মাহর বর্তমান প্রজন্মের এই অনীহা যেন পরবর্তী প্রজন্মেও প্রসারিত না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া জরুরি। একবার বাচ্চাদের মধ্যে একটা জরিপ চালানো হয়। বিষয়বস্তু ছিল-কারা পড়তে ভালোবাসে আর কারা পড়তে ভালোবাসে না। জরিপের মূল উদ্দেশ্য ছিল বাচ্চাদের লালন-পালনের ক্ষেত্রে কোন কোন বিষয়ে তারতম্যের কারণে কিছু বাচ্চা পড়তে ভালোবাসছে, আর অন্যেরা পড়তে অপছন্দ করছে সেগুলো খুঁজে বের করা।
ফলাফলে দেখা গেল যেসব শিশুরা পড়তে পছন্দ করে, তাদের মাঝে কিছু বিশেষ বৈশিষ্ট্য বিদ্যমান।
এক, তাদের বাবা-মা'রাও পড়তে ভালোবাসে। শিশুর বিকাশের প্রথম বছরগুলোই তার অনুকরণ করার সময়। একটা শিশু যখন তার বাবা-মাকে বই পড়তে দেখে, তখন তারা পড়তে না জানলেও আপনা-আপনি বই বা ম্যাগাজিন নিয়ে খেলতে শুরু করে। শিশুরা অনুকরণপ্রিয়। তাই বাড়িতে শিশুদের সামনে পড়ার অভ্যাস গড়ে তোলা হলে তাদের জন্য বই পড়ার দৃষ্টান্ত তৈরি করা সম্ভব।
দুই, যদি তারা বই-পুস্তক সমৃদ্ধ কোনো জায়গায় বেড়ে ওঠে, অর্থাৎ যেখানে প্রচুর বই কিংবা লাইব্রেরি আছে। অর্থাৎ তাদের জন্য বই খুব সহজলভ্য, এসব ক্ষেত্রে বড় হলেও তারা পড়তে ভালোবাসে।
তিন, তাদের নিজস্ব লাইব্রেরি থাকলে।
চার, তাদের বাবা-মা যদি তাদেরকে প্রায়ই বইয়ের দোকানে নিয়ে গিয়ে থাকেন।
পাঁচ, তারা এমন ধরনের শিশু যারা টেলিভিশন খুব কম দেখে কিংবা একেবারেই দেখে না।
বাবা-মায়েদের জন্য তথ্যগুলো অতীব জরুরি। লক্ষণীয় হচ্ছে, বাচ্চাদের বই পড়ার অভ্যাস বাড়ানোর অর্থ এই নয় যে, আজেবাজে গল্পের বই পড়বে বা যা-খুশি তা-ই পড়বে। কিছু বই আছে যেগুলো মানসিক বিকাশের সময়ে পড়া হলে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যেমন মদীনার প্রাথমিক যুগে এমন একটি ঘটনা আছে, রাসূল ﷺ দেখলেন উমার ইবন খাত্তাব তাওরাতের পাতা উল্টাচ্ছেন। রাসূল ﷺ রেগে গেলেন, উমারকে এই কাজের জন্য কঠিনভাবে তিরস্কার করলেন। তবে তাওরাত পড়ার ওপর এই নিষেধাজ্ঞা ছিল সাময়িক। মুসলিমরা পরবর্তীতে নিজেদের আদর্শে বলীয়ান হলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। রাসূল ﷺ বলেন, 'আমি তোমাদেরকে ইতিপূর্বে বনী ইসরাইলের কিতাব পড়তে নিষেধ করেছিলাম, তবে এখন সে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি। তোমরা এসব গল্পে বিশ্বাসও করবে না, অবিশ্বাসও করবে না।' অন্য কথায়, এইসব কিতাবে এমন কিছু কথা আছে, যেগুলোর সত্যতা কুরআন বা হাদীস দিয়ে যাচাই করার কোনো সুযোগ নেই, সেগুলোকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা ঠিক হবে না।
যেকোনো পাঠ্যসূচি এমনভাবে সাজানো উচিত যেন তা ছাত্রদের জন্য বোঝা হয়ে না দাঁড়ায়। রাসূল ﷺ জানতেন, প্রাথমিক যুগে মুসলিমদের হাতে তাওরাত চলে গেলে তা তাদের স্বাভাবিক শিক্ষাগ্রহণ প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করবে। ইবন মাসউদ বলেন, 'তুমি যদি মানুষের সাথে এমন কথা বলো যা তাদের বোধশক্তির বাইরে, তাহলে সেটা তাদের জন্য ফিতনা হতে পারে।' কিছু জ্ঞান হচ্ছে কাজের আর কিছু অনর্থক। রাসূল ﷺ প্রায়ই আল্লাহর কাছে দুআ করতেন, 'হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞানের জন্য প্রার্থনা করছি, এবং আমি সেই জ্ঞান থেকে পানাহ চাই যে জান কোনো কাজে আসে না।' সূরা আল বাকারাহতে আছে, দুজন ফেরেশতা, হারুত এবং মারুত দুনিয়ায় পরীক্ষাস্বরুপ অবতীর্ণ হয়েছিলেন মানুষকে জাদুর বিষয়ে শিক্ষা দিতে, যা ছিল ঈমানবিনাশী জ্ঞান।
সংক্ষেপে এই ছিল রাসূলের কাছে নাযিলকৃত প্রথম আয়াতের মর্মার্থ।
📄 ওহী: আল্লাহর পক্ষ থেকে আগত ঐশী বাণীর বিভিন্ন রূপ
ইবনুল কায়্যিম ওয়াহীর বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করেছেন। তিনি অসাধারণ একজন আলিম, ইবনে তাইমিয়ার ছাত্রদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। তিনি বলেন, প্রথম প্রকারের ওয়াহী হলো সত্য স্বপ্ন। এই উপায়েই রাসূল ﷺ প্রথম ওয়াহী লাভ করা শুরু করেন। জিবরীল কর্তৃক ওয়াহী নাযিলের পূর্বে টানা ছয় মাস ধরে রাসূল ﷺ নিয়মিত স্বপ্ন দেখতেন। রাতের বেলায় যে স্বপ্ন দেখতেন, পরদিন দিনের বেলায় সে স্বপ্ন সত্যি হতো, এইভাবে চলেছিল প্রায় ছয় মাস!
ওয়াহীর প্রথম প্রকার: স্বপ্ন
রাসূল ﷺ বলেছেন, যেসব স্বপ্ন সত্য, সেগুলো নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ। রাসূল ﷺ এর নবুওয়াতের জীবন ছিল তেইশ বছর দীর্ঘ, আর তিনি সত্য স্বপ্ন দেখেছেন ছয় মাস ধরে। তেইশ বছর সময়টাকে ছয় মাস দিয়ে ভাগ করলে অনুপাত দাঁড়ায় ১: ৪৬, ছেচল্লিশ ভাগের এক ভাগ। স্বপ্ন কেবল নবীরা নন, যে কেউই দেখে থাকে। পার্থক্য হলো এই-নবীদের স্বপ্ন এক ধরনের ওয়াহী হিসেবে বিবেচিত, অন্যদেরটা তা নয়। সাধারণ মানুষদের দেখা স্বপ্নের ব্যাপারে রাসূল ﷺ তিনটি প্রকারভেদ বলেছেন,
১) সত্য স্বপ্ন: এ ধরনের স্বপ্ন সত্যি হয় অথবা যে ব্যাখ্যা দেওয়া হয় সে ব্যাখ্যা অনুসারে এই স্বপ্ন সত্যি হয়।
২) শয়তানের পক্ষ থেকে স্বপ্ন: রাসূল ﷺ বলেন, 'এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে এবং সে তোমাদের ক্ষতি করতে চায়।' রাসূল ﷺ বলেন, 'যদি এমন স্বপ্ন দেখ, তাহলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর এবং এই স্বপ্নের কথা কাউকে বলবে না।' কারণ, শয়তান চায় আমরা খারাপ স্বপ্ন দেখে চিন্তিত হয়ে পড়ি আর মানুষকে বলে বেড়াই। রাসূল ﷺ বলেছেন এসব স্বপ্নের কথা কাউকে না বলতে, আর সেগুলো ভুলে যেতে।
৩) সাধারণ স্বপ্ন: এমন স্বপ্ন যা নিয়ে মানুষ দিনের বেলা ভাবে এবং রাতের বেলায় তা স্বপ্নে দেখতে পায়, এ স্বপ্নগুলো বস্তুত নিজের ভাবনার প্রতিফলন, যা নফস থেকে আসে।
ওয়াহীর দ্বিতীয় প্রকার
এই প্রকার হলো ফেরেশতাদের মাধ্যমে রাসূলের ওপর ওয়াহী নাযিল হয় কিন্তু জিবরীল সরাসরি মুহাম্মাদের সামনে হাজির হন না। যেমন রাসূল ﷺ বলেন, সেই মহান আত্মা (জিবরীল) আমাকে জানিয়েছেন, 'নির্দিষ্ট করে রাখা সময়ের আগে কারো মৃত্যু ঘটবে না। তাই আল্লাহকে ভয় করো এবং বিনীতভাবে তাঁর কাছে চাও। অধৈর্য হয়ে আল্লাহর অবাধ্যতার দিকে চলে যেও না। আল্লাহর আনুগত্য করা ছাড়া আল্লাহর নিআমত অর্জন করা সম্ভব নয়।'
ওয়াহীর তৃতীয় প্রকার
এই প্রকারের ওয়াহী নাযিলের সময় ফেরেশতা মুহাম্মাদের সামনে মানুষের আকৃতি নিয়ে হাজির হন। এর উদাহরণ হলো হাদীসে জিবরীল, জিবরীল মানুষের বেশে এসেছিলেন আর তাঁকে মুহাম্মাদ এবং অন্যরা দেখেছিলেন।
ওয়াহীর চতুর্থ প্রকার
ফেরেশতা ঘন্টার মতো শব্দ করে আসতেন। এটাই ছিল সবচেয়ে কঠিন আবির্ভাব। জিবরীল তখন রাসূলকে শক্ত করে চেপে ধরতেন, শীতের দিনেও নবীজির ঘাম ছুটে যেতো। জিবরীল তাঁর ওপরে উঠে বসতেন, তাই রাসূল অস্বাভাবিক ভার অনুভব করতেন। আর সেই সাথে শুনতেন ঘন্টা বাজার আওয়াজ পেতেন, সম্ভবত সেটি ছিল জিবরীলের পাখার কম্পনের শব্দ। একটি হাদীসে বর্ণিত আছে, 'যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর আদেশ প্রেরণ করেন, তখন ফেরেশতারা এতটাই বিনয়াবত হয়ে পড়ে যে তাদের পাখাগুলো কাঁপতে থাকে এবং সেই পাখা কাঁপার শব্দ শুনতে পাথরের ওপর চেইন টেনে নিয়ে যাওয়ার আওয়াজের মতো শোনায়।'
জিবরীল যখন এই রূপে রাসূলুল্লাহর ﷺ নিকটে আসতেন, তখন রাসূলুল্লাহর ﷺ ওজন বেড়ে যেতো। দেখা যেতো, তিনি উটের উপর বসে আছেন, আর জিবরীল এসেছেন, তখন প্রবল চাপের ফলে বাধ্য হয়ে উট পর্যন্ত হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ত। যাইদ ইবন হারিসা বলেন, "একদিন নবীজি বসে ছিলেন। আমার পায়ের উপর তাঁর হাঁটু রাখা ছিল। এমতাবস্থায় ওয়াহী নাযিল হওয়া শুরু হয়। আমি তখন নবীজির হাঁটুর তীব্র চাপ অনুভব করি। আমার উরু যেন প্রচণ্ড চাপে দুমড়ে-মুচড়ে যাচ্ছিল।"
ওয়াহীর পঞ্চম প্রকার
এই প্রকারের ওয়াহী নাযিলের সময় ফেরেশতা তার স্বরূপে আগমন করেন। এরকম দু'বার হয়েছিল। সূরা নাজমে এর উল্লেখ আছে।
“নিশ্চয় সে তাঁকে আরেকবার দেখেছিল, দূরদিগন্তের সিদরাহ-গাছের কাছে..." (সূরা নাজম, ৫৩: ১৩-১৪)
জিবরীলের পাখা এত বড় ছিল যে সেগুলো দিগন্ত ছেয়ে ফেলত, রাসূল ﷺ বলেছেন, যখন জিবরীল তার স্বরূপে আসতেন, 'তিনি যেদিকেই তাকাতেন, সেদিকেই জিবরীলের পাখা দেখতে পেতেন।'
ওয়াহীর ষষ্ঠ প্রকার
এই প্রকারের ওয়াহীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সরাসরি রাসূলুল্লাহর ﷺ সাথে কথা বলেছেন, কোনো মাধ্যম ছাড়াই। এটা হয়েছিল আল-মিরাজের সময়। মুসার সাথেও আল্লাহ এভাবে কথা বলেছিলেন। এই ছয় ভাবেই নবীজির কাছে ওয়াহী নাযিল হয়েছে। এক এক সময় এক এক ভাবে। নবীজির কাছে জিবরীল তাঁর নিজ রূপে কেবল দুবারই এসেছিলেন।
📄 অগ্রগামী মুসলিমগণ
খাদিজা ছিলেন ইসলাম গ্রহণকারীদের মধ্যে সর্বপ্রথম। তিনি তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত নবীজিকে সাহায্য-সহযোগিতা করে যান। ইসলাম গ্রহণকারী প্রথম দাস হলেন যাইদ ইবন হারিসা, ইসলাম গ্রহণকারী প্রথম শিশু হলেন আলী ইবন আবি তালিব এবং ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম পুরুষ হলেন আবু বকর সিদ্দীক্ব। তবে ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষ কে তা নিয়ে আলিমদের মধ্যে মতবিরোধ আছে। কেউ বলেন আবু বকর, কেউ বলেন আলী ইবন আবি তালিব। ইবন হাজার আল-আসকালানী এ মতবিরোধটি সমাধানের চেষ্টা করেন, তাঁর মতে, ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম পুরুষ আবু বকর, কেননা, আলী ইবন আবি তালিব বড়ই হয়েছেন নবুওয়াতের ঘরে, তিনি মক্কার কুরাইশদের ধর্ম গ্রহণই করেননি। ছোটবেলা থেকেই তিনি মুসলিম হিসেবে বড় হয়েছেন, তাই তাঁর অমুসলিম অবস্থা থেকে মুসলিম হওয়ার প্রশ্নই আসে না।
আবু বকর দাসদেরকে মুক্ত করা ছাড়াও নানানভাবে ইসলামের খেদমতে নিয়োজিত ছিলেন, তিনি ছিলেন অনেক ধনী এবং কুরাইশদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি। আল্লাহর রাস্তায় সম্পদ দান করার জন্য তিনি অনেক নন্দিত হয়েছিলেন। তিনি ছিলেন সমাজের প্রভাবশালী লোকেদের একজন। সমস্ত সম্পদ ইসলামের উপকারে ব্যয় করে দিয়েছিলেন। তাঁর সব সম্পদ, জ্ঞান ঢেলে দিয়েছিলেন নবী করীমের সেবায়। তিনি ছিলেন ইসলামের একজন মিশনারী। আর এ কারণেই তাঁকে বলা হয় 'সিদ্দীক', তিনি ছিলেন মু'মিন পুরুষদের মধ্যে প্রথম জন। সিদ্দীক মানে যে বিশ্বাস করেছে। লোকেরা রাসূলুল্লাহকে অবিশ্বাস করেছিল, আর আবু বকর তাঁকে বিশ্বাস করেছেন। বলা হয়ে থাকে, ইসলাম গ্রহণের সময়ে প্রত্যেকেই অন্তত মুহূর্তের জন্যে হলেও দ্বিধাদ্বন্দ্বে ভুগেছে, কিন্তু আবু বকরের ক্ষেত্রে এমনটি হয়নি। যখনই তাঁর সামনে ইসলামকে উপস্থাপন করা হয়, তিনি সেটা সাথে সাথে গ্রহণ করেন, তাঁকে ইসলাম গ্রহণের পূর্বে দ্বিতীয়বার চিন্তা করতে হয়নি। তিনি তাঁর সমস্ত সম্পদ নিয়ে আল্লাহর রাসূলের সামনে হাজির হয়েছিলেন। তিনি ছিলেন সেই স্বাধীন পুরুষ যিনি সর্বাগ্রে মুহাম্মাদকে আল্লাহর রাসূল হিসেবে দ্বিধাহীন চিত্তে মেনে নেন, তিনি হলেন সেই ব্যক্তি যিনি মিরাজের ঘটনায় সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করেন, তিনি হলেন সেই মুসলিম যিনি রাসূলের হিজরতের বিপদসংকুল সময়ে তাঁকে সঙ্গ দিয়েছিলেন।
রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে কে সবচেয়ে বেশি আপন ছিলেন তা নিয়ে একটি হাদীস আছে: আবু দারদা বর্ণনা করেন, একবার আবু বকর এবং উমারের মধ্যে ঝগড়া হয়। এই দুইজন ছিলেন রাসূলুল্লাহর সবচে কাছের মানুষ, তাঁর উপদেষ্টা। আলী ইবন আবি তালিব বলেন, 'আমি দেখেছি, রাসূল ﷺ যখনই কোথাও যেতেন, আবু বকর ও উমারকে সাথে করে যেতেন, কোথাও থেকে আসলে তাদের সাথে করে আসতেন, যখন তিনি বসতেন তাঁর এক পাশে থাকতো আবু বকর আর আরেক পাশে উমার।'
কিন্তু তারপরেও রাসূলুল্লাহর বিশেষ টান ছিল তাদের প্রতি যারা ইসলামের একেবারে প্রথম যুগে মুসলিম হয়েছিলেন। কাজেই যখন আবু বকরের সাথে উমারের ঝগড়া হলো, রাসূলুল্লাহ ﷺ বললেন, 'আল্লাহ তোমাদের নিকট আমাকে পাঠিয়েছেন আর তোমরা আমাকে বলেছিলে-আপনি মিথ্যা বলছেন, কিন্তু তোমাদের মধ্যে ব্যতিক্রম ছিল আবু বকর, সে আমাকে বলেছিল-আপনি সত্য বলছেন, সে নিজেকে ও তার ভাগ্যকে আমার হাতে সঁপে দিয়েছিল, এরপরেও কি তোমরা আমার এই বন্ধুকে শান্তিতে থাকতে দেবে না? দেবে না শান্তিতে থাকতে?'