📄 বিদ‘আত সম্পর্কে সাহাবায়ে কেরামদের অভিমত
বিদ'আত সম্পর্কে সাহাবায়ে কেরামদের যে সকল অভিমত সমূহ রয়েছে তা নিম্নরূপ আলোচনা করা হলোঃ-
১. ইবনে সা'দ আবু বকর সিদ্দিক হতে বর্ণনা করেন, তিনি বলেনঃ উপস্থিত জনতা! নিশ্চয়ই আমি সুন্নাতের অনুসারী বিদ'আতপন্থী নই। যদি আমি ভাল কাজ করি তাহলে আমাকে সাহায্য করবে, আর যদি ভুল করি তাহলে সংশোধন করে দিবে। ৩৯
২. ওমর ইবনে খাত্তাব বলেন, তোমরা তর্কবীদদের থেকে দূরে থাক। কেননা তারা সুন্নাতের দুশমন এবং হাদীস অনুযায়ী আমলে অক্ষম। তারা মনগড়া মতামত বা রায় দিয়ে নিজেরাও গোমরাহ হয় অন্যকেও গোমারাহ করে। ৪০
৩. আব্দুল্লাহ্ ইবনে মাসউদ বলেন, তোমরা সুন্নাতের অনুসরণ কর, বিদ'আতের অনুসরণ করবে না। এটাই তোমাদের জন্য যথেষ্ট। কেননা সকল প্রকার বিদ'আতই ভ্রষ্টতা। ৪১
টিকাঃ
৩৯ আত-তাবাকাতুল কুবরা: ৩/১৩৬
৪০ সুনানে দারেমী, হাঃ ১২১
৪১ আল মুজামুল কাবীর: ৮৭৭
📄 বিদ‘আত সম্পর্কে তাবেয়ী ও তাবে তাবেয়ীগণের অভিমত
বিদ'আত সম্পর্কে তাবেয়ী ও তাবে তাবেয়ীগণের যে সকল অভিমত সমূহ রয়েছে তা নিম্নরূপ আলোচনা করা হলোঃ
১. ওমর ইবনে আব্দুল আজিজ এক ব্যক্তির নিকট চিঠি লিখেছিলেন, তিনি তাতে বলেছিলেন, আমি তোমাকে আল্লাহ্ ভয়, তাঁর হুকুমের ব্যাপারে মধ্যমপন্থা অবলম্বন, তাঁর নবীর সুন্নাতের অনুসরণ করা এবং কোন ব্যাপারে সুন্নাত প্রমাণিত হওয়ার পর তা ছেড়ে বিদ'আত গ্রহণ করা থেকে বিরত থাকার উপদেশ দিচ্ছি। ৪২
২. হাসান বসরী (রহঃ) বলেন, আমল ব্যতীত কোন কথা সহীহ হবে না, নিয়ত ব্যতীত কোন কথা ও আমল সহীহ হবে না এবং সুন্নাতের অনুসরণ ব্যতীত কোন নিয়ত, আমল ও কথা সহীহ হবে না। ৪৩
৩. ইমাম শাফেয়ী (রহঃ) বলেন, তর্কবীদদের ব্যাপারে আমার ফায়সালা হল খেজুরের ডাল দ্বারা তাদের প্রহার কর, উটের উপর আরোহন করাও, প্রতিটি গোত্রের মধ্যে প্রদক্ষিণ করার কালে একথা বলতে থাক যে, এরা কুরআন ও সুন্নাত ছেড়ে তর্কশাস্ত্র গ্রহণ করেছে। তাই এটাই এর উপযুক্ত বদলা। ৪৪
৪. ইমাম মালেক (রহঃ) বলেন, যে ইসলামে উত্তম মনে করে কোন বিদ'আত প্রচলন করল, সে যেন এ ধারণা পোষণ করল যে, মুহাম্মাদ (সাঃ) তাঁর রিসালতের দায়িত্বে খিয়ানত করেছেন। পক্ষান্তরে আল্লাহ তা'আলা ইরশাদ করেনঃ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ . আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করলাম। ৪৫
অতএব এ যুগান্তকারী ঘোষণা কালে যে আমল দ্বীন হিসাবে স্বীকৃত ছিল না, তা আজও দ্বীন হতে পারে না। ৪৬
৫. ইমাম আহমদ বিন হাম্বল (রহঃ) বলেন, সুন্নাতের উসূল হল, রসূলের (সাঃ) সাহাবীগণ যা করেছেন তা গ্রহণ করা, তাদের অনুকরণ করা ও বিদ'আত পরিত্যাগ করা। কেননা সকল বিদ'আতই ভ্রষ্টতা। তাই ঝগড়া-বিবাদ পরিহার করা, প্রবৃত্তির অনুসারীদের সংস্পর্শ থেকে দূরে থাকা, লৌকিকতা পরিহার করা এবং দ্বীনের ব্যাপারে বিতর্কে না জড়ানো উচিত। ৪৭
অতএব, হাদীস শাস্ত্র, প্রখ্যাত আলেম, সাহাবীদের অভিমত, সালফে সালেহীনদের সংজ্ঞা ও ফিকাহবিদদের বর্ণিত সংজ্ঞাসমূহ হতে এ সিদ্ধান্তে আসা যায় যে, বিদ'আত পারিভাষিক অর্থে দ্বীনের মধ্যে কুরআন ও সুন্নাহর দলিল ব্যতিরেকে কোন নতুন বিধান সংযোজন বা বিয়োজন।
টিকাঃ
৪২ আবু দাউদ, হাঃ ৪৬১২
৪৩ শরহে উসূলে ই'তিকাদে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহঃ ১/৬৩ নং ১৮
৪৪ আল হিলইয়াহ - লেখক - আবু নাইমঃ ৯/১১৬
৪৫ সূরা মায়েদা: ৩
৪৬ আল-ইতিসাম, লেখক শাতেবী: ১/৬৫
৪৭ শরহে উসূলে ই'তিকাদে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহঃ ১/১৭৬