📘 সালাত সম্পাদনের পদ্ধতি > 📄 কায়মূদদ হওয়া

📄 কায়মূদদ হওয়া


আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখনই ছলাতে দাঁড়াতেন তখন ফরয হোক আর নফল হোক উভয় অবস্থায়ই কা'বার দিকে মুখ করতেন। (১) এবং তিনি এ ব্যাপারে নির্দেশও দিয়েছেন।
তাইতো ছলাতে ত্রুটিকারী ব্যক্তিকে তিনি বলেন: "إذا قمت إلى الصلاة فأسبغ الوضوء، ثم استقبل القبلة فكبر"
"যখন তুমি ছলাতে দাঁড়াবে, তখন পরিপূর্ণরূপে উযু করবে, অতঃপর ক্বিবলামুখী হয়ে তাকবীর বলবে।” (২)
তিনি নাবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সফরে স্বীয় বাহনের উপর নফল ছলাত পড়তেন এবং তার উপরে বিত্রও পড়তেন, সে তাকে নিয়ে পূর্ব পশ্চিম যেদিকে মন সে দিকে নিয়ে যেত। (৩)
এ ব্যাপারেই আল্লাহর বাণী নাযিল হয়: فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهُ অর্থ: তোমরা যেদিকেই মুখ ফিরাওনা কেন সেখানেই আল্লাহর চেহারা বিদ্যমান। (৪) আবার (কখনও) স্বীয় উটনীর উপর নফল পড়তে চাইলে তাকে ক্বিবলামুখী করে তাকবীর বলতেন, অতঃপর সে যে দিকেই তাঁকে নিয়ে যেত সেদিকেই ছলাত পড়তেন। (৫)
"তিনি স্বীয় বাহনের উপর মাথার ইঙ্গিত দ্বারা রুকু ও সাজদাহ করতেন, সাজদাহকে রুকুর তুলনায় অধিক নিম্নমুখী করতেন।" (৬)
"ফরয ছলাত পড়ার ইচ্ছা করলে অবতরণ করে ক্বিবলামুখী হতেন।” (৭)
তবে মারাত্মক ভয়ভীতির সময় নাবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর উম্মতের জন্য আদর্শ রেখে গেছেন যে, তারা স্বীয় পদব্রজে অথবা আরোহী অবস্থায়, ক্বিবলামুখী হয়ে অথবা অন্যমুখী হয়ে ছলাত পড়তে পারবে। (১) তিনি আরো বলেছেনঃ
হুম ইযাখতলাতূ ফাইন্নামা-হুওয়াত্ তাকবীরু অল ইশা-রাতু বিররা'সি
অর্থ: যখন তারা (দু'পক্ষ) সংঘর্ষে লিপ্ত হয় তখন কেবল তাকবীর ও মস্তকের ইঙ্গিতই যথেষ্ট। (২) তিনি আরো বলেন:
মা বায়নাল মাশরিকি অল মাগরিব ক্বিবলাহ
অর্থ: পূর্ব ও পশ্চিম এর মাঝেই ক্বিবলা রয়েছে। (৩) জাবির (রাযিয়াল্লাহু আনহু) বলেন: "আমরা রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে কোন সফর বা জিহাদী কাফেলায় ছিলাম। অতঃপর আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে আমরা ক্বিবলা নিয়ে মতানৈক্যে পড়ে যাই। প্রত্যেকে পৃথকভাবে ছলাত আদায় করি এবং ছলাতের অবস্থান জানার জন্য আমাদের একেকজন নিজের সম্মুখে দাগ কেটে রাখে। পরক্ষণে যখন প্রভাত হল তখন দাগ দেখলাম তাতে প্রমাণিত হল যে, আমরা ক্বিবলা ভুল করে অন্যদিকে ছলাত পড়েছি। আমরা এ ঘটনা নাবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে জানালাম, (তিনি আমাদেরকে পুনরায় ছলাত পড়তে বলেননি) বরং বললেন: (তোমাদের ছলাত যথেষ্ট হয়েছে)"। (৪) তিনি (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) (কাবাকে সামনে রেখে) বাইতুল মাকুদিসের দিকে ছলাত পড়তেন যে পর্যন্ত এই আয়াত অবতীর্ণ হয়নি:
ক্বাদ নারা- তাক্বাল্লুবা ওয়াজহিকা ফিছ ছামায়ি ফালানুবাল্লিয়্যান্নাকা ক্বিবলাতান তারযা-হা- ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্বরাল মাসজিদিল হারা-মি
অর্থ: অবশ্যই (হে নবী) আমি তোমার মুখমণ্ডলকে আকাশ পানে বারবার ফিরাতে দেখছি, আমি অবশ্য অবশ্যই তোমাকে তোমার পছন্দনীয় ক্বিবলার দিকে ফিরিয়ে দিব। অতএব, তোমার মুখমণ্ডলকে মাসজিদুল হারামের অভিমুখে ফিরিয়ে দাও। (৫)
যখন এ আয়াত নাযিল হল তখন তিনি কাবামুখী হয়ে গেলেন। কুবাবাসীরা মসজিদে ফজরের ছলাত আদায়রত ছিল এমতাবস্থায় হঠাৎ এক আগন্তুক এসে বলল: আল্লাহর রাসূলের উপর গত রাতে কুরআন অবতীর্ণ হয়েছে, যাতে তাঁকে কাবামুখী হওয়ার জন্য আদেশ করা হয়েছে। সুতরাং তোমরাও তার দিকে মুখ ফিরাও। তাদের মুখগুলো তখন সিরিয়ার দিকে ছিল। খবর শ্রবণান্তে তারা সবাই ঘুরে গেল আর ইমামই তাদেরকে নিয়ে (বর্তমান) ক্বিবলার দিকে ঘুরেছিলেন। (১)

টিকাঃ
(১) এ বিষয়টি বহু সূত্রে অব্যাহত ধারায় চূড়ান্তরূপে জানাশুনা, বিধায় উদ্ধৃতি নিষ্প্রয়োজন; এ ছাড়া যে তথ্য আসছে তাতে এর নির্দেশ রয়েছে।
(২) বুখারী, মুসলিম, সাররাজ। প্রথমটি الإرواء কিতাবে এসেছে (২৮৭)।
(৩) ইমাম মুসলিম এটা বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিযী একে ছহীহ বলেছেন।
(৪) আবু দাউদ, ইবনু হিব্বান الثقات এর (১/১২) পৃষ্ঠায়, যিয়া المختارة তে হাসান সনদে এটা বর্ণনা করেছেন আর ইবনুস্ সাকান একে ছহীহ বলেছেন, ইবনুল মুলাক্বিনও خلاصة البدر المنير এর (১/২২) তে একে ছহীহ বলেছেন। আবার আব্দুল হক্ব আল ইশবীলী তাদের পূর্বেই তাঁর لأحكام কিতাবে ছহীহ বলে রেখেছেন যা আমার যাচাইকৃত মুদ্রণের (১৩৯৪নং হাদীছ) ইবনু হানী ইমাম আহমাদ থেকে তাঁর مسائل গ্রন্থের (১/৬৭) পৃষ্ঠায় বর্ণনা করেছেন তাতে ইমাম আহমাদের মতও এটাই।
(৫) আহমাদ, তিরমিযী; তিরমিযী একে ছহীহ বলেছেন।
(৬) বুখারী ও আহমাদ।
(১) বুখারী ও মুসলিম। এ হাদীছটি لإرواء। ৫৮৮ পৃষ্ঠায় উদ্ধৃত হয়েছে।
(২) বুখারী ও মুসলিমের সনদে বাইহাক্বী।
(৩) তিরমিযী, হাকিম; তারা উভয়ে একে ছহীহ বলেছেন। আমি মানারুস্ সাবীল কিতাবের )تخریج তাখরীজ) বা হাদীছ যাচাইমূলক উদ্ধৃতি গ্রন্থ إرواء الغليل এর ২৯২ নং হাদীছে উল্লেখ করেছি।
(৪) দারাকুতনী, হাকিম, বায়হাক্বী, তিরমিযী ও ইবনু মাজাহতে এর সাক্ষ্য মূলক বর্ণনা রয়েছে, অপর আরেক সাক্ষ্য ত্বাবরানীতে রয়েছে الإرواء ২৯৬।
(৫) সূরা আল-বাক্বারা ১৪৪ আয়াত।

📘 সালাত সম্পাদনের পদ্ধতি > 📄 ক্বিয়াম বা দাঁড়ানো

📄 ক্বিয়াম বা দাঁড়ানো


নাবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফরয ও নফল ছলাতে সোজা হয়ে দাঁড়াতেন আল্লাহ তা'আলার এই বাণীর অনুসরণে: وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ ﴾
অর্থ: তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনয় ভরে দাঁড়াও। (২)
তবে সফরে নফল ছলাত তিনি বাহনের উপর পড়তেন এবং স্বীয় উম্মতের জন্য প্রচণ্ড ভীতির সময় পায়ে হাঁটা অথবা আরোহী অবস্থায় ছলাত পড়ার রীতি রেখে যান। যেমনটি ইতিপূর্বে উল্লেখ হয়েছে। আর তা হচ্ছে আল্লাহর এ বাণী অবলম্বনে- حفِظُوا عَلَى الصَّلَوَٰتِ وَالصَّلوةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ فَنِتِينَ فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا فَإِذَا أَمِنْتُمْ فَاذْكُرُوا اللهَ كَمَا عَلَّمَكُمْ مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ ﴾
অর্থ: তোমরা ছলাতসমূহ, বিশেষ করে মধ্যবর্তী ছলাত (৩) পূর্ণ নিয়মানুবর্তিতার সাথে পালন কর এবং আল্লাহর উদ্দেশ্যে বিনয় সহকারে দাঁড়াও, যদি ভীতিগ্রস্ত হও তবে পদব্রজে অথবা আরোহী অবস্থায় (ছলাত পড়)। অতঃপর যখন নিরাপদ হও তখন তোমরা আল্লাহকে স্মরণ কর যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা তোমরা (আগে) জানতে না। (৪)
নাবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মৃত্যুর রোগকালীন অবস্থায় বসে ছলাত আদায় করেছেন। (১)
ইতিপূর্বেও তিনি যখন অসুস্থ হয়েছিলেন তখন আরো একবার বসে ছলাত আদায় করেন। লোকেরা তাঁর পিছনে দাঁড়িয়ে ছলাত পড়ছিল তিনি তাদেরকে ইঙ্গিতে বললেন বস, তখন তারা সবাই বসে যায়। ছলাত শেষ করে বললেন: إن كدتم آنفا لتفعلون فعل فارس والروم يقومون على ملوكهم وهم قعود فلا تفعلوا إنما جعل الإمام ليؤتم به فإذا ركع فاركعوا وإذا رفع فارفعوا وإذا صلى جالساً فصلوا جلوسا ( أجمعون ) )
কিছুক্ষণ পূর্বে তোমরা পারস্য ও রোম সম্প্রদায়ের কাজ করতে শুরু করেছিলে। তারা তাদের রাজা-বাদশাদেরকে উপবিষ্ট অবস্থায় রেখে নিজেরা দাঁড়িয়ে থাকে। তোমরা এমনটি করো না। ইমামকে কেবল অনুকরণের জন্যই নিয়োগ করা হয়। তাই তিনি যখন রুকু করেন তখন তোমরা রুকু কর, আর তিনি যখন মাথা উঠান তখন তোমরাও মাথা উঠাও, তিনি যখন বসে ছলাত আদায় করেন তখন তোমরা সবাই বসে ছলাত আদায় কর। (২)

টিকাঃ
(১) বুখারী, মুসলিম, আহমাদ, আস্সাররাজ ও তাবরানী (৩/১০৮/২), ইবনু সা'দ (১/২৪৩), এটা الإرواء (২৯০) রয়েছে।
(২) সূরা আল-বাকারাহ ২৩৮ আয়াত।
(৩) অধিকাংশ উলামার বিশুদ্ধ মত অনুযায়ী সে ছলাতটি হচ্ছে আছরের ছলাত। তাদের মধ্যে রয়েছেন ইমাম আবু হানীফা এবং তাঁর সাথীদ্বয়, এ বিষয়ে অনেক হাদীছ রয়েছে। হাফিয ইবনু কাছীর এগুলোকে তাঁর তাফসীর গ্রন্থে উল্লেখ করেছেন।
(৪) সূরা আল-বাকারাহ ২৩৮-২৩৯ আয়াত।
(১) তিরমিযী একে বর্ণনা করে ছহীহ বলেছেন, আহমাদও এটি বর্ণনা করেন।
(২) বুখারী, মুসলিম; এটি আমার কিতাব إرواء الغليل এর ৩৯৪নং হাদীছের আওতায় উদ্ধৃত হয়েছে।

📘 সালাত সম্পাদনের পদ্ধতি > 📄 পীড়িত ব্যক্তির বসে ছালাত আদায়

📄 পীড়িত ব্যক্তির বসে ছালাত আদায়


'ইমরান বিন হুছাইন (রাযিয়াল্লাহু আনহু) বলেন: আমি অর্শ (৩) রোগে আক্রান্ত ছিলাম, রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে জিজ্ঞাসা করলে তিনি বললেন: صل قائما فإن لم تستطع فقاعدا فإن لم تستطع فعلى جنب )
"দাঁড়িয়ে ছলাত পড়, যদি তা না পার তবে বসে পড়বে। যদি তাও না পার তবে কাত হয়ে দেহের পার্শ্বদেশের ভরে শুয়ে পড়বে। (৪)
তিনি আরো বলেন: আমি নাবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বসে ছলাত আদায় সম্পর্কে জিজ্ঞাসা করলাম? তিনি বললেন: من صلى قائما فهو أفضل ومن صلى قاعدا فله نصف أجر القائم ومن صلى نائما
) وفي رواية : مضطجعا ) فله نصف أجر القاعد )
যে কোন ব্যক্তির দাঁড়িয়ে ছলাত পড়াই উত্তম। যে ব্যক্তি বসে ছলাত পড়বে সে দাঁড়িয়ে ছলাত আদায়কারীর অর্ধেক ছওয়াব পাবে, আর যে শুয়ে (অপর বর্ণনায় পার্শ্ব দেশের উপর) ছলাত পড়বে সে বসে ছলাত আদায়কারীর অর্ধেক ছওয়াব পাবে। (১)
এ হাদীছে পীড়িত ব্যক্তির কথাই বুঝানো হয়েছে। আনাস (রাযিয়াল্লাহু আনহু) বলেন: خرج رسول الله ﷺ على ناس وهم يصلون قعودا من مرض، فقال : « إن صلاة القاعد على النصف من صلاة القائم »
রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একদল লোকের নিকট গমন করে দেখলেন তারা অসুস্থতার দরুণ বসে ছলাত পড়ছে। এদেখে তিনি বললেন- বসে ছলাত আদায়কারীর ছওয়াব দাঁড়িয়ে ছলাত আদায়কারীর অর্ধেক। (২)
নাবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এক পীড়িত ব্যক্তিকে পরিদর্শন করতে গিয়ে তাকে বালিশের উপর ছলাত আদায় করতে দেখে তিনি তা টেনে নিয়ে দূরে নিক্ষেপ করেন। অতঃপর সে ব্যক্তি একখণ্ড কাঠ (৩) নিলেন এর উপর ছলাত পড়ার জন্য। তিনি তাও টেনে নিয়ে ফেলে দেন এবং বলেন: যদি সম্ভব হয় তবে মাটির উপর ছলাত পড়বে তা না হলে ইশারা করে পড়বে এবং সাজদাকে রুকু অপেক্ষা বেশী নিচু করবে। (৪)

টিকাঃ
(৩) যে শব্দ দ্বারা অর্শরোগ বুঝানো হয়েছে তাকে এক বচনে باسور বলা হয়। শেষের অক্ষর তখন হবে, রা। এর অর্থ নিতম্বের অভ্যন্তরীণ ফোড়া বিশেষ। আবার একে باسون ও বলা হয়, শেষের অক্ষর নুন সহকারে যার অর্থ এমন ফোড়া বিশেষ যাতে দূষিত রক্ত থাকা পর্যন্ত আরোগ্য লাভ হয় না। (ফতহুল বারী)
(৪) বুখারী, আবু দাউদ ও আহমাদ।
(১) বুখারী, আবূ দাউদ ও আহমাদ। ইমাম খাত্ত্বাবী বলেন: ইমরান (রাযিআল্লাহু আনহু)-এর হাদীছ দ্বারা ঐ পীড়িত ফরয আদায়কারী ব্যক্তিকে বুঝানো হয়েছে, যে কষ্ট করে হলেও দাঁড়াতে পারে। এমতাবস্থায় বসা ব্যক্তির ছওয়াব দাড়ানো ব্যক্তির ছওয়াব অপেক্ষা অর্ধেক করা হয়েছে তাকে দাঁড়ানোর প্রতি প্রেরণা দান করার উদ্দেশ্যে যদিও (এ অবস্থায়) বসা জাইয রয়েছে। হাফিয ইবনু হাজর ফতহুল বারীতে বলেছেন (২/৪৬৮): এটি যুক্তি সঙ্গত ব্যাখ্যা।
(২) আহমাদ ও ইবnu মাজাহ, সনদ ছহীহ।
(৩) "লিসানুন আরব" অভিধানে রয়েছে, (উদ) কাঠ বলতে চিকন কাঠ বুঝায়। আবার এও বলা হয়েছে যে, যে কোন বৃক্ষের কাঠ চাই তা চিকন হোক বা মোটা হোক। আমি বলবো: হাদীছ দ্বিতীয় অর্থকেই সমর্থন করে। কেননা প্রথম অর্থ দ্বারা ব্যাখ্যা করা দুর্বোধ্য হবে।
(৪) তাবরানী, বায্যার, ইবনুস্ সাম্মাক স্বীয় হাদীছ গ্রন্থে (২/৬৭) বাইহাক্বী, এর সনদ ছহীহ যেমনটি আমি বর্ণনা করেছি "ছহীহা" (৬২৩ হাঃ)।

📘 সালাত সম্পাদনের পদ্ধতি > 📄 যৌযানে ছালাত

📄 যৌযানে ছালাত


নাবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নৌযানে ছলাত আদায় সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন « صل فيها قائما إلا أن تخاف الغرق » অর্থাৎ যদি ডুবে যাওয়ার আশঙ্কা না করলে তার উপর দাঁড়িয়ে ছলাত আদায় করবে। (১)
বয়স বেশী হলে ও বার্ধক্যে উপনীত হলে তিনি (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার ছলাতের স্থানে স্তম্ভ বানিয়ে নেন যার উপর তিনি ভর দিতেন। (২)

টিকাঃ
(১) বায্যার (৬৮) দারাকুত্বনী, আব্দুল গনী আল মাকদিসী "সুনান” এর (২/৮২) পৃষ্ঠায় হাকিম একে ছহীহ বলেছেন এবং যাহাবী তার সাথে ঐকমত্য পোষণ করেছেন। (ফায়েদাহ): বিমানে ছলাত পড়ার বিধান নৌযানে ছলাত পড়ার মতই। যদি সম্ভব হয় তবে দাঁড়িয়ে ছলাত পড়বে, তা না হলে বসেই ইশারার মাধ্যমে রুকু সাজদা করে পূর্বোল্লিখিত পদ্ধতি অনুযায়ী ছলাত পড়বে।
(২) আবূ দাউদ, হাকিম, তিনি ও যাহাবী একে ছহীহ বলেছেন। আমি একে “ছহীহা" (৩১৯) ও "ইরওয়া” এর (৩৮৩) নং হাদীছে উদ্ধৃত করেছি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00