📄 রমাদ্বানে মু'মিনের মুজাহাদা
ইবনু রজব (রহ) বলেন,
"জেনে রাখা উচিত, রমাদ্বান মাসে মুমিনগণ জমায়েত হয় অন্তরের দুইটি মুজাহাদার জন্য। এক, দিনে সিয়াম পালন, আর রাতে কিয়ামুল লাইলের দণ্ডায়মান হওয়া। সুতরাং যে ব্যক্তি এই দুই জিহাদ ও মুজাহাদাকে একত্রিত করবে, এগুলোর হুকুম পুরিপূর্ণভাবে আদায় করবে এবং এ'দুয়ের উপর সবর করবে তাহলে তাকে অগণিত আজর (প্রতিদান) দেওয়া হবে।" (৫৬)
কুরআন এবং সিয়াম কিয়ামতের দিন আল্লাহর নিকট বান্দার জন্য সুপারিশ করবে। এ ব্যাপারে আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ইরশাদ করেন,
الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي رب منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان
"সিয়াম এবং কুরআন কিয়ামতের দিবসে বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে রব! আমি তাকে দিনের বেলায় পানাহার এবং স্ত্রী সম্ভোগ হতে দূরে রেখেছি, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আর কুরআন বলবে, হে রব! আমি তাকে রাতে ঘুম থেকে দূরে রেখেছি, সুতরাং তার পক্ষে আমার সুপারিশ কবুল করুন। রাসূল বলেন, তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে। "(৫৭)
আমি আল্লাহ তা'য়ালার কাছে তাঁর সুন্দরনামসমূহ ও সর্বোচ্চ গুণাবলীর দ্বারা প্রার্থণা করছি, তিনি যেন সকল মুসলিমকে প্রতিটি কল্যাণ কাজ এবং তিনি যাতে রাজিখুশি থাকেন তা করার তাওফীক দান করেন।
এবং নবী এর অনুসরণ করার তাওফীক দান করেন, যেমনটি আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'য়ালা পছন্দ করেন।
আল্লাহ্ তা'আলা আমাদের নবী মুহাম্মাদ ﷺ এর উপর, তাঁর পরিবারবর্গ ও সাহাবাগণের উপর এবং কিয়ামত পর্যন্ত তাঁর সকল অনুসারীদের উপর রহমত বর্ষণ করুন।
আমীন।
টিকাঃ
৫৬। লাতায়েফুল মা'আরেফ: ৩১৮
৫৭। মুসনাদ আহমাদ: ৬১২৬, হাকিম: ১/৫৫৪
📄 গুরুত্ব কথা
নিশ্চয়ই যাবতীয় প্রশংসা একমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আমরা তাঁরই সাহায্য চাই এবং তাঁর কাছেই ক্ষমা প্রার্থণা করি। আমাদের নফসের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেন তাকে পথচ্যুতকারী কেউ নেই। আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে পথে ফিরাবার কেউ নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও প্রেরিত রাসুল। মহান আল্লাহ্ ইরশাদ করেন-
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
হে মানবজাতি! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গীনীকে সৃষ্টি করেছেন; আর বিস্তার করেছেন তাদের দু'জন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা একে অপরের নিকট যাচঞ্চা করে থাক এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। (১)
অপর এক আয়াতের ইরশাদ করেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ
হে ঈমানদারগণ! আল্লাহকে যেমন ভয় করা উচিৎ ঠিক তেমনিভাবে ভয় করতে থাক। এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। (২)
অন্য এক আয়াতের তিনি ইরশাদ করেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল। তিনি তোমাদের আমল-আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। যে কেউ আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। (৩)
মহান আল্লাহ্ কুরআনুল কারীমের এই আয়াতগুলোতে তাকওয়ার বা অন্তরে আল্লাহর ভয়ের ব্যাপারে বলেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। যার অন্তরে আল্লাহর ভয় নেই তাঁর আসলে কোন ভয় নেই। যে তাকওয়ার দিক থেকে যত মিস্কিন তাঁর অবাধ্যতার পরিণام তত বেশী। তাকওয়া বাড়ানোর উপায়ের মধ্যে সিয়াম একটি গুরুত্বপূর্ণ ঢাল।
টিকাঃ
১। সুরা আন-নিসা, আয়াতঃ ১
২। সুরা আলে ইমরান: ১০২
৩। সুরা আহযাব: ৭০-৭১
📄 লেখিকার আরজ
রমাদ্বানুল মুবারক সম্পর্কে অনেক বই, কিতাব ও পুস্তিকা ছাপা হয়েছে। প্রতি বছরই নতুন আঙ্গিকে ছাপা হয়ে থাকে। সবার কথা ভেবে আমিও শুরু করলাম এই নেক কাজে নিজেকে অংশীদার করতে। চাঁদ দেখা, সিয়ামের সংক্ষিপ্ত মাসায়েল, ইফতার, সাহরী, ইতিকাফ, মেয়েলি বিষয়, আমাদের দৃষ্টিভঙ্গি, এবং নতুন নতুন স্বাস্থ্যগত বা ডাক্তারি মাসআলা - এগুলোর ব্যাপারে অনেক কিতাব লেখা হয়েছে। কিন্তু আমার অন্তরের খাহেশ ছিল, সলফে সালিহীন রমাদ্বান মাস কিভাবে কাটিয়েছেন, কিভাবে সিয়াম পালন করতেন, কিয়ামুল লাইলের কতোটা গুরুত্ব দিতেন তা সবার সামনে নিয়ে আসার। কেননা এই সম্মানিত তবকাই তো আমাদের রাহনুমা। পথ চলার পাথেয়। নিজেদের ইবাদত এবং আমলকে বিশুদ্ধভাবে সাজাতে হলে বারবার তাদের দিকেই ফিরে যেতে হবে। মহান আল্লাহ্ তাদের উপর রহম করুন। আমীন।
আলোচ্য সংক্ষিপ্ত এই বইটিতে সালাফদের যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে তা বিশুদ্ধ উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। অবশ্য সালাফদের কিছু ঘটনার ব্যাপারে তাহকিক করা সম্ভব হয় নি। তবে আমি আশাবাদী ইন শা আল্লাহ ওগুলোও সহিহ হবে। আসল মাকসাদ হল আসলাফদের দৃষ্টান্ত সামনে রেখে নিজেদের আমলে ইখলাস বৃদ্ধি করা।
আল্লাহ যেন আমাদেরকে তাদের অনুসরণের মাঝে কামিয়াবি দান করেন এবং আমাদের রোজার মাস এবং রোজাও আল্লাহ তাআলার কাছে ওজনদার এবং মূল্যবান হয়।
কল্যাণকামী
উম্মে আবদ মুনিব
রজব: ১৪৩৪ হিজরি
📄 রমাদ্বানঃ বৈশিষ্ট্য ও তার মর্যাদা
রব্বে কারিমের ইরশাদ করেন,
وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ مَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ
তিনি তোমাদের রব, তিনি যা চান সৃষ্টি করেন এবং যাকে চান মনোনীত করেন। তাদের মাঝে কারোরই কোন ইখতিয়ার নেই। (৪)
রমাদ্বান মাস ঐ পবিত্র মাস যাকে আল্লাহ তাআলা সকল মাস হতে মর্যাদাবান করেছেন। এই বরকতময় মাসকে কুরআনুল কারীম অবতীর্ণ করার জন্য মনোনীত করেছেন। অবশ্য বছর জুড়ে আরও কিছু দিন বা আছে যেগুলোকে অন্যান্য সাধারণ দিনগুলোর তুলনায় ফজিলতপূর্ণ ও বরকতময় করা হয়েছে। যেমন, জুলহিজ্জা মাসের শেষ দশক, আইয়ামে তাশরিক, দুই ঈদের দিন, আশুরার দিন এবং হারাম মাসগুলো। কিন্তু রমাদ্বান মাসের বৈশিষ্ট্য ও পার্থক্য হল এটি পূর্ণ এক মাসের ইবাদতের মাস। এ মাসের বৈশিষ্ট্যাবলী ও মর্যাদার দিকে দৃষ্টিপাত করলে নিম্নলিখিত শিরোনামগুলো হিরের মত ঝলমল করতে থাকে —
এই মুবারক মাসে কুরআনে হাকিম নাজিলের সূচনা ঘটে —
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ ، فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكْبَرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
রমাদ্বান মাস হল সেই মাস, যাতে নাযিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোযা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তা'আলার মহত্ত্ব বর্ণনা কর, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। (৫)
এ পবিত্র ও বরকতময় মাসে লাইলাতুল কদরে লওহে মাহফুজ থেকে আসমান এর উপর কুরআন অবতীর্ণ হয়।
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
আমি একে নাযিল করেছি শবে-কদরে। (৬)
এটা তো ঐ পবিত্র মাস যে মাসে ঈমানের হালতে, সাওয়াবের আশায় রোজা রাখা হলে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। (৭)
এটা ঐ বরকতময় মাস যাতে শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। (৮)
এটা ঐ আলোকিত মাস যে মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। (৯)
এটা ঐ সম্মানিত মাস যাতে রোজাদারকে রব্বে কায়েনাত দুই খুশি দান করেন। এক, ইফতারের সময়; দুই, রব্বুল ইযযতের সামনে হাজির হওয়ার সময় ।(১০)
এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যা হাজার মাস হতে অধিক মর্যাদাপূর্ণ।
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। (১১)
এটা ঐ প্রিয় মাস যাতে রোজাদারদের মুখের দুর্গন্ধ রব্বে কারিমের কাছে মেশক আম্বর ও কস্তুরি হতে অধিক পছন্দনীয়। (১২১)
এটা ঐ বরকতময় মাস যে মাসে উমরাহ করলে হজের বরাবর সাওয়াব হাসিল হয়। (১৩)
এই পবিত্র মাসে সিয়াম পালনকারীর জন্য তাঁর সিয়াম জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ঢাল হয়ে যায় এবং রোজাদারকে জাহান্নামের আগুন হতে বাঁচানোর মাধ্যম হয়ে যায়। (১৪)
এটা ইবাদতের সেই মাস যে মাসে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য দুনিয়া ও দুনিয়ার অন্যান্য ব্যস্ততা থেকে সম্পর্ক ছিন্ন করে মাসজিদে ই'তিকাফ করা হয়। যার ফজিলত অন্যান্য সাধারণ দিনে ইতিকাফ করার চেয়ে কয়েকগুণ বেশি। (১৫)
রমজান ঐ সম্মানিত মাস যে মাসে আল্লাহর রাসুল মুহাম্মদ সা: জিবরীল (আঃ) এর সাথে মিলে কুরআনে কারিমে দাওর [একে অপরকে তিলাওয়াত করে শোনানো] দিতেন। (১৬)
রমজান ঐ আলোকিত মাস যার আলোকিত রাতে আল্লাহর বান্দারা একসাথে মিলে কিয়ামুল লাইল তথা তারাবীর সলাত আদায় করে থাকে। (১৭)
রমজান ঐ কল্যাণময় মাস যাতে নবী করিম দান করার ক্ষেত্রে অন্যান্য সাধারণ মাসের তুলনায় কয়েকগুণ বেড়ে যেত। আনাস (রা.) বলেছেন, 'আমি নবী করিম -এর চেয়ে কাউকে অধিকতর দয়ালু দেখিনি।'(১৮)
এরকমভাবে কুরআন ও হাদীসের আলোকে রমাদ্বানের গুরুত্ব ও মর্যাদা অনেক। অন্য যে কোন মাসের চেয়ে বহুলাংশে বেশী।
আমাদের সম্মানিত সালাফগণ ভাগ্য, কল্যাণ, ইজ্জত ও ইহতিরামে ভরপুর এই মাসে সকল প্রকার আমলে সালেহ করে কাটাতেন। এই বরকতময় মেহমানকে প্রফুল্লতা ও উদ্যমের সাথে স্বাগত জানাতেন।
চলুন আমরা পিছনে ফিরে যাই। সামান্য পিছনে ফিরে দেখি। সোনালি যুগের মানুষেরা কিভাবে রমাদ্বান মাস কাটিয়েছেন। সে দিকে একটু নজর দেই। নিজেরাও রমাদ্বানের প্রতিটি মুহুর্তকে তাকওয়া, সবর ও শোকর দ্বারা ভরপুর করে এ মাসটিকে কাজে লাগাই। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ।
* আসলাফ দ্বারা কাদেরকে উদ্দেশ্য?
আসলাফ হল সালাফ' এর বহুবচন। যার অর্থ হল, প্রথম। আর আসলাফ দ্বারা উদ্দেশ্য পূর্বেকার নেককার মানুষগণ।
ইসলামী শয়িয়তের পরিভাষায় আসলাফ দ্বারা ঐ সকল ব্যক্তিবর্গ উদ্দেশ্য যাদের যুগ নবি কারিম এর যুগের নিকটবর্তী যুগ। উদাহরণসরূপ সাহাবায়ে কিরাম, তাবেইনে ইযাম, তাবে-তাবেইন।
নবী আকরাম এই তিন যুগের ব্যাপারে ইরশাদ করেন - “আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম আমার প্রজন্ম। এরপর তৎসংলগ্ন প্রজন্ম (তাবেইনদের প্রজন্ম)। তারপর তৎসংলগ্ন প্রজন্ম (তাবে-তাবেইনর প্রজন্ম)।"(১৯)
রাসুলুল্লাহ এর এই হাদিস মোতাবেক সাহাবায়ে কিরাম, তাবেইন ও তাবে তাবেইন এই তিন শ্রেনীর মানুষ খায়রুল কুরুনের আলোকোজ্জ্বল ঝর্ণাধারা ও কেন্দ্রবিন্দু।
তাদের মধ্যে প্রথম হল সাহাবায়ে কিরামের যুগ, যাদের ব্যাপারে নবীজি ইরশাদ করেন-
فعليكم بسنتي وسنة الخلفاء المهديين الراشدين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة
তোমাদের জন্য আবশ্যক হল আমার সুন্নত ও আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে মজবুতভাবে, দাঁতের দ্বারা আঁকড়ে ধরা এবং নতুন নতুন আবিষ্কৃত বিষয় ও কাজ হতে বাঁচা। কেননা দ্বীনের মাঝে প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় ও কাজ বিদআত আর প্রত্যেক বিদআত গোমরাহি তথা পথভ্রষ্টতা। (২০)
কুরআন ও সুন্নতের ওপর আমল করার ক্ষেত্রে এই তিন যুগের ব্যক্তিগণ ইসলামের প্রথম সারিতে ছিলেন এবং তাঁরাই আমাদের জন্য রাহনুমা। এই মহান ব্যক্তিগণ হলেন তারা যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন রিসালাতের সূর্য দ্বারা সঠিক পথ দেখিয়েছেন এবং নিকটবর্তী মাধ্যম দ্বারা তাদেরকে তার রহমত দান করেছেন। দ্বিনের সঠিক বুঝ দান করেছেন।
এই তিন যুগের মানুষের দ্বীনের বুঝ ছিল স্বচ্ছ ও নির্ভেজাল। আসলাফদের ইলম অর্জনের ও দ্বীন পালনের চেষ্টা ও কোশেশ এতটাই খাঁটি ছিল যে, যেখানে বিদআত, খাহেশাত এবং বাতিল ও ভ্রান্ত-আকিদার ধুলোবালি লাগেনি। দ্বীনের প্রতি তাদের মুহব্বত, কুরআন ও সুন্নাহ অনুযায়ী দ্বীনের বুঝ, ত্যাগ-তিতিক্ষা, আমল, যুহুদ, আল্লাহভীতি এতটাই প্রবল ও খাঁটি ছিল যে সেখানে একফোঁটা পানিও ঢুকতে দেননি তাঁরা।
খায়রুল কুরুনের পর সে সকল লোক যারা তাদের জীবনকে সাহাবায়ে কেরাম ও তাবেইনদের রঙে রাঙিয়েছেন, ইবাদত ও মুআমালাতের ক্ষেত্রে কুরআন ও সুন্নাহকেই সামনে রেখেছেন, দুনিয়া থেকে দূরে থাকা ও আত্মশুদ্ধির ক্ষেত্রে আসলাফদেরই পদাঙ্ক অনুসরণ করেছেন - এই সকল ব্যক্তিদেরকে সালাফে সালিহীন নামে স্মরণ করা হয়ে থাকে।
উনাদের শত শত আমলের মাঝে আমরা আলোচ্য বইটিতে দেখব, রমাদ্বান মাস আসলে উনারা কী করতেন? কিভাবে কাটত তাদের সিয়াম পালন, রমাদ্বান উদযাপন। কতটা গুরুত্বের সাথে এই মহান মাসের সাথে উনারা নিজেদেরকে জড়িয়ে রেখেছেন।
টিকাঃ
৪। সূরা কাসাস, আয়াতঃ ৬৮
৫। সূরা বাকারা, আয়াতঃ ১৮৫
৬। সূরা কদর, আয়াতঃ ১
৭। সহীহ বুখারি: ৩০১৪
৮। বুখারি: ৩২৭, মুসলিম: ১০৭৯
৯। সহিহ মুসলিম, হাদিস নং: ২৩৬৬
১০। বুখারি ১৯০৪, মুসলিম: ১১৫১
১১। সূরা কদর, আয়াতঃ ৩
১২। সহীহ বুখারি: ১৮০৫
১৩। বুখারি: ৭২৮, মুসলিম: ১৩৫৬, ইবনে মাজাহ: ২৯৯২
১৪। বুখারি: ১৮৯৩
১৫। বুখারী ও মুসলিম।
১৬। সহিহ বুখারি, হাদিস নং: ১৯০২
১৭। মুআত্তা ইমাম মালিক, প্রথম খণ্ড, ১১০ পৃষ্ঠা, হাদিস: ২৮
১৮। সহীহ মুসলিম
১৯। বুখারি: ৩৬৫০, মুসলিম।
২০। আবু দাউদ: ৪৬০৭