📘 সালাফদের ইলমি শ্রেষ্ঠত্ব > 📄 কদর নিয়ে বেশি চিন্তা-ভাবনা নিষেধ হবার কারণ

📄 কদর নিয়ে বেশি চিন্তা-ভাবনা নিষেধ হবার কারণ


কদর নিয়ে বেশি চিন্তা-ভাবনা করা নিষেধ হবার কয়েকটি দিক হতে পারে।
→ কুরআনের এক অংশকে অপর অংশের মাধ্যমে বাতিল করা। ফলে এক আয়াতের মাধ্যমে কদরকে সাব্যস্তকারী দলিলকে বাদ দেওয়া হবে বা তার উল্টোটা করা হবে। ফলে দুই পক্ষের মধ্যে ঝগড়ার উদ্ভব হবে। এই বিষয়ে বর্ণিত আছে যে, রাসূল-এর যামানায় এমন একটি ঘটনা ঘটেছিল। ফলে তিনি রাগ হয়ে এমন করতে নিষেধ করে দেন। এটা মূলত কুরআন নিয়ে বিবাদ করারই অন্তর্ভুক্ত। এর থেকে আমাদের নিষেধ করা হয়েছে।
→ শুধু বিবেক-বুদ্ধির ওপর অনুমান করে কদরের পক্ষে-বিপক্ষে আলোচনায় লিপ্ত হওয়া। যেমন, কাদরিয়া গোষ্ঠী বলে থাকে, 'যদি সবকিছু পূর্বনির্ধারিত হয়ে থাকে এবং সেভাবেই সব সংঘঠিত হয়ে থাকে তারপর কাউকে শাস্তি প্রদান করা হয় তবে তা অবশ্যই জুলুম বলে বিবেচিত হবে।' এর বিপরীতে কাদরিয়া গোষ্ঠীর বিরোধিতাকারীরা বলে থাকে, 'আল্লাহ তাআলা বান্দাদের কাজ করতে বাধ্য করে থাকেন।'
→ কদর-রহস্যের সমুদ্রে ডুব দেওয়া। আলী সহ আরও অনেক সালাফ থেকে এই বিষয়ে নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে। কারণ, বান্দার পক্ষে এর নিগুঢ় রহস্য উদ্ঘাটন কখনো সম্ভব নয়। মুতাজিলা গোষ্ঠী ও তাদের পদাঙ্ক অনুসরণকারীদের উদ্ভাবিত আরেকটা জিনিস হলো, আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলি বিষয়ে বুদ্ধির সহায়তা নিয়ে কথা বলা। এটি কদর নিয়ে আলোচনা করার চেয়েও বেশি ক্ষতিকর ও মারাত্মক। কারণ, কদর নিয়ে আলোচনা আল্লাহ তাআলার কর্ম সম্পর্কে আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে। আর এটা তো পুরো তাঁর সত্তা ও গুণাবলি বিষয়ে আলোচনা।
দুইটি ভ্রান্ত ফিরকা
এই ধরনের লোকেরা মূলত দুই ভাগে বিভক্ত:
→ যারা কিতাব-সুন্নাহতে বর্ণিত অধিকাংশ গুণাবলিকে অস্বীকার করে। যাতে করে সৃষ্টির সাথে স্রষ্টার সাদৃশ্য না হয়। যেমন মুতাজিলা গোষ্ঠী বলে থাকে, 'আল্লাহকে যদি দেখা যায় তবে তো তিনি শারীরিক সত্তা হয়ে গেলেন। কারণ, দেখার জন্য যেকোনো একটা দিক সাব্যস্ত করা লাগবে।' এমনিভাবে তারা আরও বলে, 'যদি আল্লাহর জন্য শ্রবণযোগ্য কথা সাব্যস্ত করা হয় তাহলেও তিনি শারীরিক সত্তা হন।' এ-জাতীয় সাদৃশ্য থেকে বাঁচার জন্য তারা আল্লাহর জন্য 'ইস্তিওয়া' গুণকে সাব্যস্ত করে না। এটা মূলত জাহমিয়া ও মুতাজিলাদের রীতি। যাদের বিদআতী ও গোমরাহ হওয়ার বিষয়ে সালাফগণ ঐকমত্য পোষণ করেছেন। হাদীস ও সুন্নাহর দিকে সম্বন্ধিত পরবর্তীদের অনেকে কিছু কিছু ক্ষেত্রে তাদের অনুসরণ করেছেন।
• যারা এসব গুণাবলিকে আল্লাহর জন্য সাব্যস্ত করতে চেয়েছেন এমন বুদ্ধিজাত প্রমাণের মাধ্যমে, যা কুরআন-সুন্নাহয় বর্ণিত হয়নি। এক্ষেত্রে মুকাতিল ইবনে সুলাইমান'৷ ও তার অনুসরণকারী নুহ ইবনে আবী মারয়ামের কথা উল্লেখ করা যেতে পারে। পরবর্তী ও পূর্ববর্তী অনেক মুহাদ্দিস তাদের অনুসরণ করেছেন। অথচ এটা কাররামিয়া গোষ্ঠীর রীতি। তাদের মধ্য থেকে কেউ এই গুণাবলি সাব্যস্ত করার জন্য 'জিসম' বা শরীরকে সাব্যস্ত করেছে। হয়তো প্রত্যক্ষভাবে নয়ত পরোক্ষভাবে।
আবার তাদের মধ্য হতে কেউ আল্লাহ তাআলার জন্য এমন গুণাবলি সাব্যস্ত করেছেন, যে বিষয়ে কুরআন-সুন্নাহয় কোনো কিছু বর্ণিত হয়নি। যেমন: হরকত বা নড়াচড়া ও এ-জাতীয় আরও কিছু গুণ। এগুলো তাদের দৃষ্টিতে আল্লাহর ক্ষেত্রে সাব্যস্ত গুণাবলির জন্য অত্যাবশ্যকীয় বিষয়।
বুদ্ধিজাত প্রমাণের মাধ্যমে মুকাতিল ইবনে সুলাইমানের জাহমিয়াদের বিপক্ষে দলিল পেশ করাকে সালাফগণ অপছন্দ করেছেন এবং তার খুব সমালোচনা করেছেন। অনেকে তো তাকে হত্যা করা বৈধ বলে মত প্রকাশ করেছেন। তাদের মধ্যে ইমাম বুখারী এর উস্তাদ মাক্কী ইবনে ইবরাহীম এর নাম সবিশেষ উল্লেখযোগ্য।

টিকাঃ
[১] লেখক মূলত আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত একটি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। তা হলো, একবার রাসূল দুই ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন যারা একটি আয়াত নিয়ে বিবাদে লিপ্ত হয়েছিল। তখন তিনি রাগত চেহারায় আমাদের কাছে এসে বললেন, "কেবল আল্লাহর কিতাব নিয়ে বিবাদে লিপ্ত হবার কারণেই তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে।" সহীহ মুসলিম, হাদীস নং: ২৬৬৬
[২] অর্থাৎ বান্দা হলো পুতুলের মতো। তার নিজের স্বাধীন ইচ্ছাশক্তি বলতে কিছু নেই। তাকে যেভাবে নাচানো হয় সে সেভাবে নাচে।
[১] মুকাতিল ইবনে সুলিমান ছিলেন তাফসীরের বড় একজন ইমাম। কিন্তু তিনি 'মুশাব্বিহা' ফিরকার অন্যতম নেতা ছিলেন। যারা আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করত। সে জন্যই অনেকে তার কঠোর সমালোচনা করেছেন। ইমাম আবু ইউসুফ বলেছেন, ইমাম আবু হানিফা এ এর কাছে তার কথা বর্ণনা করা হলে তিনি তার বিষয়ে মন্তব্য করেছেন, 'সে বাড়াবাড়ি করেছে। এমনকি আল্লাহকে তাঁর সৃষ্টির মতো সাব্যস্ত করেছে।' (তাহযিবুল কামাল, ২৮/৪৪৩) -অনুবাদক

📘 সালাফদের ইলমি শ্রেষ্ঠত্ব > 📄 মুতাশাবিহাত সর্ম্পকে সালাফদের অবস্থান

📄 মুতাশাবিহাত সর্ম্পকে সালাফদের অবস্থান


এই বিষয়ে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হলো সালাফে সালেহীনের অনুসৃত পদ্ধতি। তা হলো, সিফাত বা আল্লহর গুণাবলি ও এ-সংক্রান্ত হাদীসকে কোনো ধরনের ব্যাখ্যা বা অবস্থা ও সাদৃশ্য বর্ণনা করা ছাড়াই যেভাবে বর্ণিত হয়েছে সে অবস্থাথায় রেখে দেওয়া। তাদের কারও থেকে এর বিপরীত কিছু বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। ইমাম আহমাদ ইবনে হাম্বল এর ক্ষেত্রে কথাটি বিশেষভাবে প্রযোজ্য।
এমনিভাবে এগুলোর অর্থ নিয়ে বেশি চিন্তা-ভাবনা করা এবং এগুলোর জন্য কোনো দৃষ্টান্ত স্থাপন করা কোনোটাই তাদের থেকে প্রমাণিত নয়। যদিও তাদের কেউ কেউ ইমাম আহমাদ ইবনে হাম্বল এর যামানার কাছাকাছি। তাদের অনেকে মুকাতিল ইবনে সুলাইমানের অনুসরণে এমনটি করেছেন।
সুতরাং এই বিষয়ে তাদের অনুসরণ করা যাবে না। বরং অনুসরণ করতে হবে ইসলামের মহান ইমামদের। যেমন: আবদুল্লাহ ইবনে মুবারক, মালেক ইবনে আনাস, সুফিয়ান সাওরী, আওযায়ী, মুহাম্মাদ ইবনে ইদরীস শাফেয়ী, আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহুয়াহ, আবু উবাইদ প্রমুখ।
এই সমস্ত ইমামদের কারও কথাতেই কালামশাস্ত্রবিদদের আলোচনা পাওয়া যায় না। দার্শনিকদের আলোচনা পাওয়া যাওয়া তো আরও দুরূহ ব্যাপার। আবু যুরআ রাযী বলেছেন, 'যাদের কাছে ইলম রয়েছে এবং তারা নিজের ইলমের হেফাজত করতে পারল না, তা প্রচার করার জন্য ইলমে কালামের মুখাপেক্ষী হলো তোমরা তাদের অন্তর্ভুক্ত হোয়ো না।'

টিকাঃ
[১] মুতাশাবিহ বলা হয় এমন-সব আয়াত ও হাদীসকে, যার অর্থ সাধারণভাবে বোধগম্য হয় না। -অনুবাদক

📘 সালাফদের ইলমি শ্রেষ্ঠত্ব > 📄 ফুকাহা ও মুহাদ্দিসদের অনুসৃত নীতির পার্থক্য

📄 ফুকাহা ও মুহাদ্দিসদের অনুসৃত নীতির পার্থক্য


এ-জাতীয় নতুন জ্ঞানের মধ্যে আরও আছে, আহলে রায় ফুকাহায়ে কেরামের উদ্ভাবিত বিভিন্ন বুদ্ধিজাত নিয়ম-নীতি ও কায়দা-কানুন। শাখাগত ফিকহী মাসআলাকে সেগুলোর আলোকে রচনা করা হয়ে থাকে। চাই তা সুন্নাহের সাথে মিলুক বা না মিলুক। যদিও সেসব বানানো কায়দা-কানুন কুরআন-সুন্নাহর মূলনীতির আলোকে ব্যাখ্যা করা হয়। কিন্তু সেই ব্যাখ্যাটা অন্যদের ব্যাখ্যার চেয়ে ভিন্ন হয়ে থাকে। এটি হলো সেই বিষয়, যার কারণে অনেক ইমাম হেজাজ ও ইরাকের আহলে রায় ফুকাহায়ে কেরামদের সমালোচনা করেছেন।
অপরদিকে মুহাদ্দিস ফুকাহায়ে কেরাম সহীহ হাদীসের অনুসরণ করে থাকেন। যেগুলোর ওপর সাহাবায়ে কেরাম ও তাদের পরবর্তীরা কিংবা তাদের মধ্য হতে এক জামাত আমল করেছেন। যেসব হাদীসের ওপর আমল করাকে সালাফরা ঐকমত্যের ভিত্তিতে পরিত্যাগ করেছেন সেগুলোর ওপর আমল করা জায়েয নয়। কেননা, সেগুলোর ওপর আমল করা যাবে না জানা আছে বিধায় তারা তা পরিত্যাগ করেছেন।
উমর ইবনে আবদুল আযীয বলেছেন,
তোমাদের পূর্ববর্তীদের সাথে সামঞ্জস্যপূর্ণ মত তোমরা গ্রহণ করো। কারণ, তারা তোমাদের চেয়ে বেশি জ্ঞানী।
মদীনাবাসীর আমলের সাথে যদি হাদীস না মেলে তবে ইমাম মালেক এর মত হলো, এমন ক্ষেত্রে মদীনাবাসীর আমলকেই গ্রহণ করা হবে। তবে অন্যান্য অধিকাংশ আলেমের মত হলো, এমন ক্ষেত্রেও হাদীসকেই গ্রহণ করা হবে।

টিকাঃ
১. এই বিষয়টি আরেকটু সবিস্তারে আলোচনার দাবি রাখে। নয়তো পাঠকমহলের ভুল বোঝার আশঙ্কা রয়েছে। কিছু কিছু মুহাদ্দিসীনে কেরাম ও ফকীহদের হাদীস গ্রহণ-বর্জনের নীতিমালায় ভিন্নতা রয়েছে। সেই ভিন্নতার সূত্র ধরে এই দুই শ্রেণীর মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রচিত হয়েছে। ফলে এক পক্ষ থেকে অন্য পক্ষের প্রতি অভিযোগের তির ছোড়া হয়েছে। যা সর্বক্ষেত্রে সর্বাংশে যথার্থ নয়। এই বিষয়টি সবচে সুন্দরভারে তুলে ধরেছেন বিখ্যাত উসূলে হাদীস বিশারদ আল্লামা তাহের আলজাযায়েরী (১৩৩৮ হি.)। প্রথমে তিনি আল্লামা সামআনী থেকে একটা মূলনীতি বর্ণনা করেছেন। তা হলো শুধু বিশ্বস্ত ব্যক্তিদের বর্ণনা হলেই তা সহীহ বলে স্বীকৃত হয় না। বরং এর জন্য দরকার গভীর বুঝ, ব্যাপক জানাশোনা ও অধিক হারে শ্রবণ ও আলোচনা-পর্যালোচনা।' এরপর তিনি এই বিষয়টিকে সবিস্তারে লম্বা আলোচনা করেছেন। তাঁর বক্তব্যের প্রয়োজনীয় অংশটি হুবহু তুলে ধরা হলো। "জেনে রাখুন, এই বিষয়টি (অর্থাৎ কেবল সনদ সহীহ হওয়াটাই কোনো হাদীস আমলযোগ্য হবার জন্য যথেষ্ট নয়) মর্যাদাময় হাদীসশাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ক্ষেত্রে তিন রকমের দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ পাওয়া যায়। এক. এমন মানুষেরা, যাদের মূল মনোযোগ থাকে কেবল সনদের দিকে লক্ষ করা। যখন দেখে সনদটি মুত্তাসিল তথা অবিচ্ছিন্ন এবং তার এই অবিচ্ছিন্নতার ক্ষেত্রে কোনোরূপ সন্দেহেরও অবকাশ নেই এবং সনদের বর্ণনাকারীগণও বিশ্বস্ততার বিচারে উত্তীর্ণ তখন তারা হাদীসটিকে সহীহ বলে ঘোষণা দিয়ে দেয়। অন্য বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে না। ফলে দেখা যায় তারা কোনো একটা হাদীসকে সহীহ বলছে অথচ সেই হাদীসটি অন্য আরেকটি অগ্রগণ্য বর্ণনাকারীদের সূত্রে বর্ণিত হাদীসের বিপরীত। এক্ষেত্রে তারা বলে থাকে, সবগুলোই সহীহ। আবার অনেক সময় বলে, একটা সহীহ অন্যটা অধিক সহীহ। অথচ অধিকাংশ সময়ই দেখা যায় উভয় হাদীসের মধ্যে সমন্বয়সাধন সম্ভবপর হয় না। তো এমন ক্ষেত্রে যখন কেউ সিদ্ধান্ত প্রদান থেকে বিরত থাকে তখন তারা তাকে সুন্নাহবিরোধী বলে আখ্যায়িত করে থাকে। অনেক সময় তাকে বিপদে ফেলতেও কুণ্ঠাবোধ করে না। অথচ এই শাস্ত্রের বিচক্ষণ ব্যক্তিরা সিদ্ধান্ত দিয়েছেন যে, কেবল সনদ সহীহ হওয়া মতন সহীহ হওয়াকে অত্যাবশ্যক করে না। সে জন্যই তারা বলেছেন, শুধু সনদ সহীহ দেখেই কোনো হাদীসকে সহীহ বলে দেওয়া কারও জন্য বৈধ নয় যতক্ষণ না সে এই শাস্ত্রের বিশেষজ্ঞ হবেন। কারণ, আশঙ্কা রয়ে যায় যে, হাদীসটির এমন গোপন ত্রুটি থাকতে পারে যা তার কাছে অজানা। এই জাতীয় মুহাদ্দিসদের বাড়াবাড়ি অনেক সময় এই পর্যায়ে গিয়ে পৌঁছে যে, (অনেক সময়) তারা অগ্রহণযোগ্য দুর্বল হাদীস গ্রহণ করাকে মানুষের জন্য জরুরি সাব্যস্ত করে। এভাবে তারা মানুষকে বিপদে ফেলে দেয়। এরাই হল মূলত সীমালঙ্ঘনকারী গোষ্ঠী। এদের অধিকাংশই হয়ে থাকে মুহাদ্দিসদের মধ্য হতে। যাদের মধ্যে তীক্ষ্ণ দৃষ্টি থাকে অনুপস্থিত... (তাওযীহুন নজর ইলা উসুলিল আসার, ১/১৯০-৯১, আগ্রহী পাঠক পুরো আলোচনাটা দেখে নিতে পারেন। আমাদের আলোচ্য বিষয়ের সাথে যতটুকু সম্পৃক্ত আমরা শুধু সেটুকুই উদ্ধৃত করলাম।) তো সনদের বাইরে আরও অন্য জিনিসগুলো গভীরভাবে পর্যবেক্ষণে ফুকাহায়ে কেরামের জামাত বেশি মনোযোগী। তারা কেবল সনদের ওপর নির্ভর করেই কোনো হাদীস আমলযোগ্য হবার ঘোষণা দেন না। ফলে দেখা যায় মুহাদ্দিসদের মধ্য হতে অনেকে তাদের প্রতি সহীহ হাদীসের বিরোধিতা করার অভিযোগ উত্থাপন করে থাকেন। দৃষ্টিভঙ্গিগত এই মতপার্থক্য প্রাচীনকাল থেকেই চলে আসছে। এই বিষয়টি বিস্তারিত আলোচনার দাবি রাখে। যা এখানে করা সম্ভব নয়। আগ্রহীগণ বিস্তারিত জানতে চাইলে পড়ুন: শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রচিত হুজ্জাতুল্লাহিল বালিগাহ, ১/৪৭৮-৫০৩ পৃ.; ড. মুহাম্মাদ আবদুল লতীফ রচিত তারীখুল ফিকহিল ইসলামী, ১৭-৫৩ পৃ.; ড. মুস্তফা সাইদ রচিত দিরাসাতুন তারীখিইয়াতুন লিল ফিকহি ওয়া উসূলিহী, ৪৯-১০৫ পৃ.
২. এটাই ছিল সালাফে সালেহীনের রীতি। যেসব হাদীসের ওপর সাহাবা-তাবেয়ীরা আমল করতেন না তারা সেগুলো পরিহার করতেন। এই বিষয়ে কাযী ইয়ায তার বিখ্যাত গ্রন্থ তারতীবুল মাদারিক এর মধ্যে অনেকগুলো বর্ণনা এনেছেন। সেখান থেকে কিছু উদ্ধৃত করছি। এক. দ্বিতীয় খলীফা উমর ইবনুল খাত্তাব মিম্বরে দাঁড়িয়ে বলেছেন, 'আমি আল্লাহর নামে সে ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি যে আমলের বিপরীত হাদীস বর্ণনা করে।' দুই. ইমাম মালেক বলেন, অনেক তাবেয়ী আলেম হাদীস বর্ণনা করতেন। সেগুলো অন্যদের থেকেও যখন তাদের কাছে পৌঁছত তখন তারা বলত, 'এগুলো আমাদের অজানা নয়। তবে আমল এর বিপরীত চলে আসছে।' (তারতীবুল মাদারিক, ১/৬৬) উল্লেখ্য, এখানে আমল বলতে খাইরুল কুরুন থেকে প্রজন্মপরম্পরায় চলে আসা আমল বোঝানো হয়েছে। পরবর্তীতে আবিষ্কৃত কোনো আমল নয়। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে যে গ্রন্থগুলো পড়তে পারেন তা হলো: ১. তারীখুল মাযাহিবিল ইসলামিইয়া, ইমাম আবু যুহরা ২. রিসালাতুল ইমাম লাইস ইবনে সাদ ইলাল ইমাম মালেক ৩. আসারুল হাদীসিশ শরীফ, শায়খ মুহাম্মাদ আওয়ামাহ ৪. অনুবাদকের রচিত 'আলআমালুল মুতাওয়ারাস ওয়া আসারুহু ফি নকদিল হাদীস' (অপ্রকাশিত পান্ডুলিপি)

📘 সালাফদের ইলমি শ্রেষ্ঠত্ব > 📄 বিতর্কে সালাফদের অনীহা

📄 বিতর্কে সালাফদের অনীহা


সালাফরা আরও যেসব বিষয় অপছন্দ করেছেন তার মধ্যে আছে, হালাল-হারামের মাসআলা নিয়ে ঝগড়া-বিবাদ ও তর্ক-বিতর্কে লিপ্ত হওয়া। ইসলামের মহান ইমামদের রীতি এমনটা ছিল না। পরবর্তীতে এসবের জন্ম হয়েছে। যেমন: শাফেয়ী ও হানাফীদের মাঝে সৃষ্টি হওয়া মতানৈক্যপূর্ণ মাসআলা ও এই বিষয়ে রচিত বিভিন্ন গ্রন্থাবলি ও নানান ধরনের তর্ক-বিতর্ক।
এ সবগুলোই পরবর্তীতে সৃষ্ট, যার কোনো মৌলিক ভিত্তি নেই। এভাবে একটা সময় এসব বিষয় ইলম বলে আখ্যা পেয়েছে এবং মানুষকে এরচেয়ে আরও উপকারী ইলম থেকে বঞ্চিত করেছে। সে জন্যই সালাফে সালেহীন তর্ক-বিতর্কমূলক ইলমকে অপছন্দ করেছেন। হাদীসে এসেছে, রাসূল বলেছেন,
مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ إِلَّا
أُوتُوا الْجَدَلَ، ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ
তর্ক-বিতর্কে লিপ্ত হবার দরুনই কেবল মানুষ হেদায়াত পাবার পরও আবার গোমরাহ হয়ে যায়।
তারপর তিনি এই আয়াত তেলাওয়াত করেছেন,
مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ
তারা আপনার সামনে যে উদাহরণই পেশ করে তা কেবল বিতর্কের জন্যই করে। বস্তুত তারা হলো এক বিতর্ককারী সম্প্রদায়।
কোনো এক সালাফ বলেছেন,
আল্লাহ তাআলা যখন কোনো বান্দার মঙ্গল চান, তখন তার জন্য আমল করার রাস্তা উন্মুক্ত করে দেন এবং বিবাদের দরজাকে বন্ধ করে দেন। আর যখন কোনো বান্দার অকল্যাণ চান, তখন তার আমল করার দরজাকে বন্ধ করে দেন এবং বিবাদের দরজা খুলে দেন।
ইমাম মালেক বলেছেন,
বর্তমানে মানুষ যে অতিরিক্ত কথনে লিপ্ত, আমি এই অঞ্চলের (মদীনার) মানুষদের তা অপছন্দ করতে দেখেছি।
এই কথার মাধ্যমে তিনি মাসআলা-মাসায়েলের প্রতি ইঙ্গিত করেছেন। তিনি বেশি কথা বলা ও বেশি ফতওয়া দেওয়াকে অপছন্দ করতেন। তিনি বলতেন,
অনেকে এমনভাবে কথা বলতে থাকে, যেন সে উত্তেজিত উট। এটা এমন ওটা অমন বলতে বলতে কথা চালিয়েই যেতে থাকে।
তিনি অধিক মাসআলার উত্তরপ্রদানকে অপছন্দ করে বলতেন, আল্লাহ তাআলা বলেছেন,
وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي
তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলুন, রুহ আমার প্রভুর একটি আদেশ।
অর্থাৎ প্রশ্নে জিজ্ঞাসিত বিষয়ে রাসূল-এর কাছে কোনো জবাব আসেনি।
একবার ইমাম মালেক কে জিজ্ঞাসা করা হলো, 'বিবাদে লিপ্ত হবার জন্য কেউ সুন্নাহর ইলম অর্জন করতে পারবে?'
তিনি উত্তরে বললেন, 'না, বরং সে সঠিক বিষয়টি অবগত করাবে। যদি তার কথা গ্রহণ করা হয় তবে ভালো, অন্যথায় চুপ করে থাকবে।'
ইমাম মালেক থেকে এই কথাটিও বর্ণিত আছে যে, 'ইলমী বিষয়ে ঝগড়া-বিবাদ ইলমের নূর ছিনিয়ে নেয়।'
তিনি আরও বলেন, 'ইলমি বিষয়ে বিতর্ক অন্তরকে কঠিন করে দেয় এবং বিদ্বেষের জন্ম দেয়।'
অধিকাংশ জিজ্ঞাসিত মাসআলার বিষয়ে তিনি বলতেন, 'লা আদরি'। মানে হলো আমার জানা নাই।
ইমাম আহমাদ ইবনে হাম্বলও এই বিষয়ে তাঁর অনুসরণ করতেন। অহেতুক প্রশ্ন ও ঘটনা ঘটার আগেই সেই বিষয়ের মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করার বিষয়ে শরীয়তেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই বিষয়ে এত বেশি পরিমাণ বর্ণনা পাওয়া যায়, যার উল্লেখ করলে আলোচনা দীর্ঘ হয়ে যাবে।

টিকাঃ
১. সুনানে তিরমিজী, হাদীস নং: ৩২৫৩
২. সুরা ইসরা, (১৭): ৮৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00