📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়া সম্পর্কে নবিজির ভাষ্য

📄 দুনিয়া সম্পর্কে নবিজির ভাষ্য


আমর ইবনু আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার জিযিয়া উসুলের জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে বাহরাইন প্রেরণ করেন। তিনি বিপুল পরিমাণ জিযিয়া নিয়ে মদিনায় ফিরে আসেন। এ সংবাদ পেয়ে আনসারগণ মসজিদে এসে ফজরের সালাত আদায় করেন। সালাত শেষে নবিজির কাছাকাছি এসে বসেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের দিকে মুচকি হেসে বলেন-
أَظُنُّكُمْ سَمِعْتُمْ أَنَّ أَبَا عُبَيْدَةَ قَدِمَ بِشَيْءٍ؟» قَالُوا: أَجَلْ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «أَبْشِرُوا وَأَمِّلُوا مَا يَسُرُّكُمْ، فَوَاللَّهِ مَا الْفَقْرُ أَخْشَى عَلَيْكُمْ، وَلَكِنِّي أَخْشَى أَنْ تُبْسَطَ الدُّنْيَا عَلَيْكُمْ كَمَا بُسِطَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ، فَتَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا قَبْلَكُمْ، فَتُهْلِكَكُمْ كَمَا أَهْلَكَتْهُمْ .
'মনে হয়, তোমরা জানতে পেরেছ যে, আবু উবাইদা বাহরাইন থেকে কিছু মাল নিয়ে এসেছে।' তাঁরা বলেন, 'জি, হ্যাঁ, ইয়া রাসুলাল্লাহ!' তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'তাহলে সুসংবাদ গ্রহণ করো এবং যা তোমাদেরকে আনন্দিত করবে, তা আশা করো। আল্লাহর শপথ, আমি তোমাদের নিঃস্ব হওয়ার আশঙ্কা করি না। বরং আমি আশঙ্কা করি যে, তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের প্রাচুর্য দেওয়া হবে এবং তোমরা তাদেরই মতো সম্পদ নিয়ে কাড়াকাড়ি করবে। পরিণতিতে তোমরাও একদিন তাদের মতো ধ্বংস হয়ে যাবে。

টিকাঃ
[২৪২] ইবনুল মুবারক, যুহুদ: ৫০২। সনদ সহিহ। ইবনুল মুবারক, যুহুদ: ৫০২। সনদ সহিহ। যুহুদ, ইমাম বাইহাকি রহিমাহুল্লাহু: ১৩৯।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 জীবন যেভাবে সুখময় হয়

📄 জীবন যেভাবে সুখময় হয়


যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
مَنْ كَانَتْ نِيَّتُهُ الْآخِرَةَ جَمَعَ اللَّهُ لَهُ شَمْلَهُ، وَجَعَلَ غِنَاهُ فِي قَلْبِهِ، وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ، وَمَنْ كَانَتْ نِيَّتُهُ الدُّنْيَا فَرَّقَ اللَّهُ عَلَيْهِ أَمْرَهُ، وَجَعَلَ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ، وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا إِلَّا مَا كُتِبَ لَهُ .
'যে ব্যক্তি আখিরাতকে লক্ষ্য বানায়, মহান আল্লাহ তাকে সবকিছুতে স্থিতি দান করেন। হৃদয়ে প্রাণ-প্রাচুর্য ঢেলে দেন। ফলে দুনিয়া তার পদতলে আছড়ে পড়ে। আর যে ব্যক্তি পার্থিব দুনিয়াকে লক্ষ্য বানায়, আল্লাহ তাকে সবকিছুতেই অস্থির চিত্ত করে দেন। তার কপালে দারিদ্রতার তিলক এঁকে দেন এবং তার জন্য দুনিয়ার প্রাপ্তি লিখে রেখেছেন, সেটুকুই কেবল তাকে দান করেন。

টিকাঃ
[২৪৩] আস সুনান ইবনু মাজাহ: ৪২০৫। হাদিস, সনদ সহিহ।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 বুন-ই জকরি হাদিস

📄 বুন-ই জকরি হাদিস


আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
مَا ذِثْبَانِ جَائِعَانِ ضَارِيَانِ فِي غَنْمٍ تَفَرَّقَتْ، أَحَدُهُمَا فِي أَوَّلِهَا، وَالْآخَرُ فِيهَا بِأَسْرَعَ فَسَادًا مِنْ امْرِي فِي دِينِهِ يَبْتَغِي شَرَفَ الدُّنْيَا وَمَا لَهَا .
'একটি বকরির ওপর দুটি ক্ষুধার্ত নেকড়ে হামলে পড়া এবং তার সামনের ও পেছনের পা-জোড়া ছিঁড়ে ফেলা যতটা না ক্ষতিকর, সম্পদ ও খ্যাতির আশায় দ্বীন অর্জন করা মানুষের জন্য তার চেয়েও বেশি ক্ষতিকর。
হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন- 'যে ব্যক্তি দুনিয়া পেয়ে খুশি হয়, তার হৃদয় থেকে আখিরাতের চিন্তা দূর হয়ে যায়.’

টিকাঃ
[২৪৪] মুসনাদু আবু ইয়ালা: ১১/৩৩১। সনদ সহিহ।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 কিয়ামতের দিন দুনিয়াদারের অবস্থা যেমন হবে

📄 কিয়ামতের দিন দুনিয়াদারের অবস্থা যেমন হবে


সুলাইমান রাদিয়াল্লাহু আনহু তাঁর ভাই আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে একটি পত্রে বলেন-
'প্রিয় ভাই, দুনিয়ায় এত বেশি সম্পদ উপার্জন করবেন না, যার শোকর আদায় করা আপনার পক্ষে সম্ভব নয়। কেননা আমি নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি-
يُجَاءُ بِصَاحِبِ الدُّنْيَا الَّذِي قَدْ أَطَاعَ اللَّهَ فِيهَا وَمَالُهُ بَيْنَ يَدَيْهِ، كُلَّمَا تَكَفَّاً بِهِ الصِّرَاطُ قَالَ لَهُ مَالُهُ: امْضِ، فَقَدْ أَدَّيْتَ فِي حَقَّ اللَّهِ عَزَّ وَجَلَّ فِي، ثُمَّ يُجَاءُ بِصَاحِبِ الدُّنْيَا الَّذِي لَمْ يُطِعِ اللَّهَ فِيهَا، وَمَالُهُ بَيْنَ كَتِفَيْهِ، كُلَّمَا تَكَفَّاً بِهِ الصِّرَاطُ قَالَ لَهُ مَالُهُ: وَيْلَكَ أَلَا أَدَّيْتَ حَقَّ اللَّهِ فِي، فَمَا يَزَالُ كَذَلِكَ حَتَّى يَدْعُوَ بِالْوَيْلِ وَالنُّبُورِ.
'দুনিয়ায় যারা সম্পদ পেয়ে সম্পদের হক আদায় করে এবং যথাযথভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আখিরাতে তাদেরকে সম্পদ সমেত উপস্থিত করা হবে। পুলসিরাত পার হওয়ার সময় যখন ভয়ে তাদের পা ফসকে যাবার উপক্রম হবে, তখন সম্পদ তাদেরকে ডেকে বলবে, ভয় পেয়ো না। নিরাপদে পার হয়ে যাও। কারণ, তোমরা দুনিয়ায় আমার যথাযথ হক আদায় করেছ।’
অপর দিকে দুনিয়ায় যারা সম্পদ পেয়ে সম্পদের হক আদায় করেনি এবং আল্লাহর রাস্তায় যথাযথভাবে ব্যয় করেনি, তাদেরকেও আখিরাতে সম্পদসহ উপস্থিত করা হবে। পুলসিরাত পার হওয়ার সময় যখন ভয়ে তাদের টলে যাবে, তখন সম্পদ তাদেরকে ধিক্কার দিয়ে বলবে, আজ তোমাদের ধ্বংস অনিবার্য। কারণ, তোমরা আমার হক আদায় করোনি। আমাকে আল্লাহর রাস্তায় ব্যয় করোনি। দুনিয়াদার ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সম্পদ এই দোয়া করতেই থাকবে。

টিকাঃ
[২৪৫] মুসান্নাফ: ১১/৯৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00