📄 দুনিয়ার ব্যাপারে সাহাবিদের দোয়া
হজরত আলি ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু প্রায়শই এই দোয়াটি করতেন-
اللَّهُمَّ إِنَّكَ جَعَلْتَ الدُّنْيَا فِتْنَةٌ وَنَكَالًا، فَاجْعَلْ حَظَّي مِنْ جَمِيعِهَا، وَنَصِيبِي مِنْ قَسْمِهَا، وَشَرَفِي مِنْ سُلْطَانِهَا سُلُوا عَنْهَا، وَعَمَلًا بِمَا تَرْضَى بِهِ عَنِّي .
'হে আল্লাহ, আপনি তো দুনিয়াকে শিক্ষা ও পরীক্ষার স্থান বানিয়েছেন। আমি আপনার কাছে হাতজোড় করে আবেদন করছি, আপনি আমার হৃদয় থেকে দুনিয়ার খ্যাতি ও সম্পদ-লিপ্সা বিদূরীত করুন। সেই সঙ্গে আমাকে আপনার পছন্দনীয় আমল করার তাওফিক দান করুন।’
📄 দুনিয়া নাও অর্জিত হতে পারে
আবু উমার আল আযদি রহিমাহুল্লাহু বলেন-
'জনৈক ব্যক্তি তার দুনিয়াদার ভাইকে উপদেশ দিয়ে বলেন, ভাই আমার! আপনি যেমন দুনিয়াকে তালাশ করছেন; তেমনি মৃত্যুও আপনাকে তালাশ করছে। মনে রাখবেন, আপনি যাকে তালাশ করছেন, সে আপনার কাছে নাও ধরা দিতে পারে। কিন্তু আপনাকে যে তালাশ করছে, সে কিন্তু যথা সময়েই ঠিকই আপনার কাছে পৌঁছে যাবে!'
📄 এই দুনিয়া সাপের মতো
আবু উমার আল আযদি রহিমাহুল্লাহু বলেন-
'আরবের এক পিতা তার পুত্রকে উপদেশ দিয়ে বলেন, বৎস! মনে রাখবে, কেউ দুনিয়ার পেছনে ছুটলে, দুনিয়াও তার পেছনে ছুটে। কখনো কি সাপ দেখেছ? সাপের পিছু নিলে, সাপ সুযোগ পেলেই তাকে দংশন করে! দুনিয়াও ঠিক তেমনি; দুনিয়ার পিছু নিলে, সে সুযোগ পেলেই তোমাকে ধ্বংস করবে। তোমার বিপর্যয় ডেকে আনবে। তাই দুনিয়া নামক বিষধর সাপ থেকে সব সময় দূরে থাকবে.’
📄 আখিরাতের ব্যাপারে আমরা উদাসীন
ইবনু সাম্মাক রহিমাহুল্লাহু একবার খলিফা হারুনুর রশিদের কাছে গেলে হারুনুর রশিদ তাকে সংক্ষিপ্তাকারে কিছু নসিহত করার আবেদন করেন। তখন ইবনু সাম্মাক রহিমাহুল্লাহু বলেন, 'মাননীয় খলিফা, পরিতাপের বিষয় এই যে, আমরা অনন্ত ও অনিবার্য আখিরাতকে উপেক্ষা করে মিছে ও নশ্বর দুনিয়ার পেছনে ছুটছি!'