📄 দুনিয়ার ভালোবাসা অন্তরে থাকলে দ্বীনের ভালোবাসা চলে যায়
ফুদাইল রহিমাহুল্লাহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—
إِذَا عَظُمَتْ أُمَّتِي الدُّنْيَا نُزِعَ مِنْهَا هَيْبَةُ الْإِسْلَامِ، وَإِذَا تَرَكَتِ الْأَمْرَ بِالْمَعْرُوفِ وَالنَّهْيَ عَنِ الْمُنْكَرِ حُرِمَتْ بَرَكَةُ الْوَحْيِ .
'আমার উম্মত যখন দুনিয়াকে অনেক বড় মনে করবে, তখন তাদের হৃদয় থেকে ইসলামের সম্মান ও বড়ত্ব চলে যাবে। আর যখন তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ছেড়ে দেবে, তখন তাদের জীবন থেকে ওহির বরকত হারিয়ে যাবে。
ফুদাইল ইবনু ইয়াজ রহিমাহুল্লাহু বলেন- 'বান্দা ঠিক ততটুকু পরিমাণ আল্লাহকে ভয় করে, যতটুকু পরিমাণ সে আল্লাহর সম্পর্কে জানে এবং বুঝে। অনুরূপ বান্দা দুনিয়াতে ঠিক ততটুকু পরিমাণ যুহুদ অবলম্বন করে, যতটুকু আখিরাতের প্রতি তার আকর্ষণ থাকে।’
টিকাঃ
[২৩৯] ইহইয়াউ উলুমুদ্দিন: ১/২৮৫। হাদিস, মুরসাল।
📄 দুনিয়ার প্রতি মানুষের মোহ
সাহাবি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন- 'দুনিয়ার প্রতি মানুষের মোহ ও মহব্বত চির নবীন থাকে। মানুষ বয়সের ভারে নুয়ে পড়লেও এই মোহ ও মহব্বতে ভাটা পড়ে না। তবে আল্লাহ যাদেরকে আখিরাতের জন্য বিশেষভাবে মনোনীত করেছেন; তারা এর ব্যতিক্রম। অবশ্য এরা সংখ্যায় খুবই কম。
টিকাঃ
[২৪০] হিলইয়াতুল আউলিয়া: ১/২২৩
📄 দুনিয়া ও আখিরাত—দুটোই কঠিন
আবু হাযেম রহিমাহুল্লাহু বলেন- 'দুনিয়া ও আখিরাত-দুটোই কঠিন। আখিরাত কঠিন হওয়ার কারণ হলো, আখিরাতের কাজ করতে গেলে তুমি কাউকেই তোমার পাশে পাবে না। আখিরাতের কাজ তোমাকে একাই করতে হবে। আর দুনিয়া কঠিন হওয়ার কারণ হলো, তুমি দুনিয়ার যে-পথ ধরেই হাঁটবে, দেখবে, পাপাচারীদের পদচারণায় সে পথ পঙ্কিল হয়ে আছে。
টিকাঃ
[২৪১] হিলয়িয়া: ২/২৩৮।
📄 দুনিয়ার ব্যাপারে সাহাবিদের দোয়া
হজরত আলি ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু প্রায়শই এই দোয়াটি করতেন-
اللَّهُمَّ إِنَّكَ جَعَلْتَ الدُّنْيَا فِتْنَةٌ وَنَكَالًا، فَاجْعَلْ حَظَّي مِنْ جَمِيعِهَا، وَنَصِيبِي مِنْ قَسْمِهَا، وَشَرَفِي مِنْ سُلْطَانِهَا سُلُوا عَنْهَا، وَعَمَلًا بِمَا تَرْضَى بِهِ عَنِّي .
'হে আল্লাহ, আপনি তো দুনিয়াকে শিক্ষা ও পরীক্ষার স্থান বানিয়েছেন। আমি আপনার কাছে হাতজোড় করে আবেদন করছি, আপনি আমার হৃদয় থেকে দুনিয়ার খ্যাতি ও সম্পদ-লিপ্সা বিদূরীত করুন। সেই সঙ্গে আমাকে আপনার পছন্দনীয় আমল করার তাওফিক দান করুন।’