📄 সালাফদের দরবারবিমুখতা
রাওহা ইবনু হাতিম রহিমাহুল্লাহু বলেন—
আমি একবার বসরার এক আমিরের দরোজার সামনে দাঁড়িয়ে ছিলাম। তখন খালেদ ইবনু সাফওয়ান রহিমাহুল্লাহু আমাকে দেখে এগিয়ে আসেন। এরপর ঘোড়া থেকে নেমে বলেন, 'কী খবর ভাতিজা! আমি তো কোনো দিন কোনো আমিরের দরোজায় গিয়ে দাঁড়াইনি। তুমি কেন দাঁড়ালে! তুমি কি কেবল দুনিয়াবি স্বার্থেই এখানে এসেছ? তোমার সাথে যারা আছে, তারাও কি একই উদ্দেশ্যে এসেছে? আমি তাকে সঠিক উত্তরে দিতে ভয় পাচ্ছিলাম। তাই বললাম, 'চাচা, আপনার ধারণাই ঠিক।' তখন তিনি বললেন 'ভাতিজা, এই দুনিয়া একদিন তোমাদের ধ্বংস করে ছাড়বে। আজকাল আমরা তো দুনিয়াকে একটু বেশিই গুরুত্ব দিচ্ছি।' একথা বলে তিনি ঘোড়া ছুটিয়ে চলে যান。
টিকাঃ
[২২৫] তারিখে দিমাশক: ৬/২৯৫।
📄 যুহদ নিয়ে আরও কিছু কথা
আবি সুলাইমান রহিমাহুল্লাহু বলেন—
'যার হৃদয়ে আখিরাতের চিন্তা থাকে, সে দুনিয়াকে উপেক্ষা করে চলতে পারে।'
আবদুল্লাহ রহিমাহুল্লাহু বলেন—
'যে ব্যক্তি দুনিয়ার প্রতি বিমুখ থাকে, সে দুনিয়ার মালিক হয়ে যায়। আর যে ব্যক্তি দুনিয়ামুখী হয়, সে দুনিয়া থেকে বঞ্চিত হয়।'
দুআইদ ইবনু নাফে রহিমাহুল্লাহু বলেন-
'হজরত ঈসা আলাইহিস সালাম বলেন, তোমরা জানো, দুনিয়া খুবই তুচ্ছ ও নগণ্য; অপর দিকে আখিরাত অত্যন্ত মহান ও অনন্ত। কিন্তু এরপরও তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো। আখিরাতকে উপেক্ষা করে চলো। মনে রাখবে, একসময় এই দুনিয়াই তোমাদেরকে মৃত্যুর ঘাঁটিতে পৌঁছে দেবে।'
ইউসুফ ইবনু আসবাত রহিমাহুল্লাহু বলেন-
যুর'আ রহিমাহুল্লাহু আমাকে বলেছেন, যে দুনিয়াকে যত বেশি অবজ্ঞা করতে পারবে, সে ততবেশি আখিরাতমুখী হতে পারবে। আমার অবাক লাগে যখন দেখি, তোমরা দুনিয়া ও আখিরাত এক সঙ্গে পেতে চাও। বিপরীতমুখী দুটি জিনস একত্রিত হওয়া কী করে সম্ভব?
📄 ফিরে দেখা সোনালি অতীত
হাসান রহিমাহুল্লাহু বলেন-
প্রচণ্ড গরমের সময় একবার হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাতলা একটি চাদর মাথায় দিয়ে ঘর থেকে বের হন। ঘটনাক্রমে তাঁর পাশ দিয়ে তখন গাধায় চড়ে একজন গোলাম যাচ্ছিল। তিনি গোলামকে ডেকে বলেন, 'বৎস, আমাকে তোমার গাধায় করে কিছু দূর নিয়ে যাবে? রোদে আমার খুব কষ্ট হচ্ছে।' গোলাম তখন গাধার পিঠ থেকে লাফিয়ে পড়ে বলল, 'একি বলছেন, আমিরুল মুমিনিন! আপনি একাই গাধার পিঠে আরোহণ করুন এবং গন্তব্যে চলে যান।' উমর রাদিয়াল্লাহু আনহু তাকে থামিয়ে দিয়ে বলেন, 'না, আমি একা আরোহণ করব না। তুমি গাধার সামনে বসো। আমি পেছনে বসছি। কারণ, আমি সামনেই নেমে পড়ব। একথা বলে তিনি গাধার পেছনে চড়ে বসেন। মদিনার লোকেরা অবাক-বিস্ময়ে এই দৃশ্য দেখতে থাকে।’
📄 যুহদ দেহ-মনে আনন্দ বয়ে আনে
ফুদাইল ইবনু ইয়াজ রহিমাহুল্লাহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
الزُّهْدُ في الدُّنْيَا يُرِيحُ الْقَلْبَ وَالْبَدَنَ، وَالرَّغْبَةُ فِي الدُّنْيَا تُكْثِرُ الْهَمَّ وَالْحَزَنَ .
'দুনিয়াবিমুখতা দেহ-মনে প্রশান্তি বয়ে আনে। আর দুনিয়াবিমুখতা দুঃখ ও দুশ্চিন্তা বৃদ্ধি করে。
টিকাঃ
[২২৬] কানযুল উম্মাল: ৬০৬০। হাদিস, মুরসাল।