📄 তোমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে
মুহাম্মাদ ইবনু ইসহাক আস সাকাফি রহিমাহুল্লাহু বলেন- একবার বনু কায়সের এক ব্যক্তি আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে! তোমরা তো জানো না যে, মৃত্যু অতি সন্তর্পণে তোমাদের পিছু নিচ্ছে। তোমাদের রূহকে ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চিরস্থায়ী আখিরাতে নিয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিলাসিতায় মত্ত এই দেহকে প্রচণ্ড গতিতে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে。
টিকাঃ
[২২১] হিলইয়াতুল আওলিয়া: ১০/১৫১।
📄 মৃত্যু-রোগ কখনো ভালো হবে না
আবু মারহুম রহিমাহুল্লাহু বলেন, একবার আমরা হাসান বসরি রহিমাহুল্লাহুর সাথে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই। সেখানে গিয়ে হাসান বসরি রহিমাহুল্লাহু অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করেন, 'আচ্ছা, এখন তুমি কেমন অনুভব করছ?' সে বলে, 'খেতে মনে চাইছে; কিন্তু খেতে পারছি না। পান করতে ইচ্ছে করছে; কিন্তু পান করতে পারছি না।' তার এ কথা শুনে হাসান বসরি রহিমাহুল্লাহু কেঁদে ফেলেন। কেঁদে কেঁদে বলেন, 'দুনিয়ার ভিত্তিই রোগ-বালাইর ওপর। যদি ধরেও নিই, এ রোগ থেকে তুমি মুক্তি পাবে। কিন্তু মৃত্যু নামক রোগ থেকে কিছুতেই মুক্তি পাবে না।' একথা বলে তিনি আরও জোরে জোরে কাঁদতে থাকেন। তাঁর কান্না দেখে উপস্থিত সবাই কেঁদে ফেলে।
📄 দুনিয়া নিয়ে লোকেরা ব্যস্ত
আহমাদ ইবনু সাহল রহিমাহুল্লাহু বলেন, একদিন যামরাতা ইবনু রাবিয়া রহিমাহুল্লাহু বর্ণনা করেন, একবার 'আসকালানে' একজন শাইখের সঙ্গে আমার দেখা হয়। তখন তিনি বলেন, 'মানুষের চরিত্র দেখে আমার খুব অবাক লাগে। তারা জানে, দিবস-রজনীর পালাবদলের মাধ্যমে তারা প্রতিনিয়ত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। কিন্তু এরপরও সতর্ক হচ্ছে না। তারা দুনিয়ার খেল-তামাশায় ব্যস্ত থাকে। অথচ এই দুনিয়ায় ও খেলতামাশাই তাদের বিপদের কারণ হবে।' এতটুকু বলে শাইখ বেহুঁশ হয়ে পড়ে যান।
📄 মৃত্যুকে স্মরণ করো
রাবি ইবনু আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
كَفَى بِذِكْرِ الْمَوْتِ مُزَهّدًا فِي الدُّنْيَا، وَمُرَغَبًا فِي الْآخِرَةِ .
'দুনিয়া ত্যাগ করে আখিরাতমুখী হওয়ার জন্য মৃত্যুর স্মরণই যথেষ্ট。
টিকাঃ
[২২২] মুসান্নাফ ইবনু আবি শাইবা: ১৩/২২৬।