📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 সালাফদের কয়েকটি অমীয় বচন

📄 সালাফদের কয়েকটি অমীয় বচন


খালেদ ইবনু ইয়াযিদ ইবনু মুআবিয়া রহিমাহুল্লাহু বলেন- 'হে আদম সন্তান, তোমার পরিবারপরিজন যেন তোমাকে আল্লাহর ইবাদতের ব্যাপারে গাফিল না করে। দুনিয়ায় তুমি দু-দিনের মেহমান মাত্র। দুনিয়ার জীবন শেষ করে তুমি যে-জীবনে প্রবেশ করবে, তা হবে অনন্তকালের। তবে সেই অনন্তকালীন জীবনের জন্য তোমাকে এখনই ব্যবস্থা নিতে হবে। বসবাসের জন্য নেক আমলের সাহায্যে সুরোম্য প্রাসাদ নির্মাণ করতে হবে। কাজেই তুমি আখিরাতের অন্তহীন জীবনের জন্য এখনই গৃহ নির্মাণ শুরু করো। অন্যথায় তোমাকে সেখানে গৃহহীন থাকতে হবে।’
মাদান রহিমাহুল্লাহু বলেন- 'তুমি দুনিয়ার জন্য ততটুকু পরিশ্রম করবে, যতটুকু দুনিয়ার জীবনের জন্য প্রয়োজন। অনুরূপ আখিরাতের জন্য ততটুকু আমল করবে, যতটুকু আখিরাতের জন্য প্রয়োজন। আর মনে রেখো, আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই তুচ্ছ।’
ইউসুফ ইবনু আসবাত রহিমাহুল্লাহু বলেন, আমাকে আবু যুরআ রহিমাহুল্লাহু বলেন- 'যার চোখে দুনিয়া তুচ্ছ; আখিরাত মহান, সে কীভাবে দুনিয়ার তালাশে মগ্ন হয়ে থাকে!'
জা'ফর আল কুরাশি রহিমাহুল্লাহু বলেন, ইসা আল আহমার রহিমাহুল্লাহু বলেছেন, মৃত্যু বিচ্ছিন্নতা ও ধ্বংসের প্রতীক। মায়ামমতা ও প্রেম-ভালোবাসার শত্রু। একসময় আমাদের অনেক বন্ধু ছিল। এখন তারা নেই। মৃত্যু তাদেরকে আমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। যুগ আমাদের মাঝে বিদায়ের রেখা টেনে দিয়েছে। তাদের নাম- নিশানা এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে যে, মনে হয়, তারা কোনো কালেই এই দুনিয়ার বাসিন্দা ছিল না。

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 যাকে সবাই ঘৃণা করে

📄 যাকে সবাই ঘৃণা করে


উরওয়াহ ইবনু যুবাইর রহিমাহুল্লাহু বলেন-
'আমার গোপন দোষের ব্যাপারে আমি মহান রবের কাছে ক্ষমা চাই। যেসকল গুণ না- থাকা সত্ত্বেও মানুষ আমাকে গুণী মনে করে, সেসকল গুণ ভিক্ষা চাই। তবে আমাদের সবচেয়ে বড় দোষ হলো, আমরা দ্বীনের মাধ্যমে দুনিয়া তালাশ করি।’
আবু তাইবা আল জুরজানি রহিমাহুল্লাহু বলেন, আমি রুকজ ইবনু ওবরা রহিমাহুল্লাহুকে একবার জিজ্ঞেস করি, সর্বস্তরের মানুষ সাধারণত কাকে ঘৃণা করে? উত্তরে তিনি বলেন, 'যে একসময় আখিরাতমুখী ছিল; কিন্তু এখন দুনিয়ামুখি হয়ে পড়েছে, তাকে।’

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 যুহদের মূলনীতি

📄 যুহদের মূলনীতি


উমারা রহিমাহুল্লাহু বলেন, জনৈক ব্যক্তি একবার রাবিয়া রহিমাহুল্লাহুকে জিজ্ঞাসা করেন, শাইখ! যুহুদের মূলনীতি কী? উত্তরে তিনি বলেন, বৈধ উপায়ে সম্পদ উপার্জন করা, বৈধ খাতে ব্যয় করা এবং দুনিয়ার ব্যাপারে সর্বদা নির্মোহ।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 আখিরাতের তুলনায় দুনিয়া সামান্য

📄 আখিরাতের তুলনায় দুনিয়া সামান্য


সুফিয়ান ইবনু উয়াইনাহ রহিমাহুল্লাহু বলেন-
'যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়ার অর্থ-সম্পদ ও ভোগসামগ্রী গ্রহণ করবে, তাদের আখিরাত বরবাদ হয়ে যাবে।’

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00