📘 সালাফদের চোখে দুনিয়া 📄 রাত-দিন দুটি আলমারির মতো

📄 রাত-দিন দুটি আলমারির মতো


মালেক ইবনু দিনার রহিমাহুল্লাহু বলেন, ইসা আলাইহিস সালাম বলেছেন-
'রাত-দিন মূলত দুটি আলমারির মতো। তোমার দৈনন্দিন আমলগুলো এই আলমারিতে সংরক্ষিত থাকে। সুতরাং তুমি ভেবে দেখো এই আলমারিতে কী সংরক্ষণ করছ? রাতকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, রাতে সেই কাজই করো। দিনকে যে কাজের সৃষ্টি করা হয়েছে, দিনে সেই কাজই করো।’

টিকাঃ
[১৯১] তারিখে দিমাশক: ২০/১২০১

📘 সালাফদের চোখে দুনিয়া 📄 দিন মানুষের আমলের সাক্ষী হয়ে থাকে

📄 দিন মানুষের আমলের সাক্ষী হয়ে থাকে


হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন-
প্রতিটি দিন মানুষকে এই বলে সতর্ক করে যে, হে আদম সন্তান! আমি আজ তোমার মেহমান। আমি তোমার জীবনে থাকা অবস্থায় তুমি যত কাজ করবে, আমি তার সাক্ষী হয়ে থাকব। আজকের সূর্যাস্ত পর্যন্ত আমি তোমার জীবনে আলো ছড়াব। এরপর বিদায় নেব। কিয়ামত অবধি আর ফিরে আসব না।’

📘 সালাফদের চোখে দুনিয়া 📄 দিন-রাতের বার্তা

📄 দিন-রাতের বার্তা


আবি শাইবা আল মাহদি রহিমাহুল্লাহু বলেন- 'দিন-রাতের পরিবর্তন মানুষের কর্ম ও জীবন পরিবর্তনের বার্তা দেয়। সুতরাং এখনই নিজেকে গুছিয়ে নিতে হবে। আখিরাতকে সাজিয়ে তুলতে হবে।’

📘 সালাফদের চোখে দুনিয়া 📄 একদিন তুমি শেষ হয়ে যাবে

📄 একদিন তুমি শেষ হয়ে যাবে


আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন- 'হে আদম সন্তান, যে মাটিতে এখন তোমার দিবস-কাল কাটছে, সে মাটিতেই একদিন তোমার কবর রচিত হবে। যে-মাটির ওপর দিয়ে আজ হাঁটছ, সে মাটিই একদিন তোমার ওপরে থাকবে। দুনিয়াটা এমনই। এখানে চিরকাল থাকার সুযোগ নেই। দুনিয়া নিজেও চিরকাল থাকতে পারবে না。
তুমি অস্থায়ী দুনিয়ায় কয়েক দিনের মেহমান মাত্র। কাজেই একটি দিন অতীত হয়ে গেলে মনে করবে, তোমার জীবনের একটি অংশ খসে পড়েছে। তুমি পৃথিবীতে আসার পর থেকেই দুনিয়া তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। একদিন তুমি একেবারেই শেষ হয়ে যাবে। তাই শেষ হওয়ার আগে নিজেকে পরিশুদ্ধ করে নাও。

টিকাঃ
[১৯২] যুহুদ, আবদুল্লাহ ইবনুল মুবারক রহিমাহুল্লাহু: ২০৪।

ফন্ট সাইজ
15px
17px