📄 বিদায় বেলায় দিনও শুকরিয়া আদায় করে
মুজাহিদ রহিমাহুল্লাহু বলেন-
পড়ন্ত বিকেলে যখন দিন বিদায়ের প্রস্তুতি নেয়, তখন মানুষকে শেষ বারের মতো ডেকে বলে-
'হে আদম সন্তান, আমি আজ প্রত্যুষে তোমাদের কাছে এসেছিলাম। এখন চলে যাচ্ছি। আমার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। আমি আর কখনো তোমার কাছে আসব না। বিদায়বেলা তোমাকে বলে যাই, শোনো! আজ তুমি কী আমল করেছ, সে ব্যাপারে একটু ভেবে দেখো।' একথা বলে দিন চলে যায়। যেতে যেতে বলে-
'আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ আমাকে দুনিয়া ও দুনিয়াবাসীদের হাত থেকে রক্ষা করেছেন।’
টিকাঃ
[১৯০] রাবিউল আবরার: ১/৫৯।
📄 দিন-রাত্রির অনুরোধটুকু
বাকর ইবনু আবদুল্লাহ আল মুযানি রহিমাহুল্লাহু বলেন, প্রতিটি দিন প্রত্যুষে ঘোষণা করে-
'হে আদম সন্তান, আমাকে গনিমত হিসেবে গ্রহণ করো। আখিরাতের পাথেয় সংগ্রহের সুবর্ণ সুযোগ মনে করো। হতে পারে, আমি চলে যাওয়ার পর তোমার জীবনে আর কোনো ভোরের উদয় হবে না। এতটুকু সময়ের মাঝেই হয়তো তুমি দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি জমাবে。
দিনের মতো রাতও সাঁঝের বেলায় এসে একই ঘোষণা করে। বলে, আমাকে গনিমত হিসেবে গ্রহণ করো। আখিরাতের পাথেয় সংগ্রহের সুবর্ণ সুযোগ মনে করো। হতে পারে, আমি চলে যাওয়ার পর তোমার জীবনে আর কোনো রাত আসবে না। এতটুকু সময়ের মাঝেই হয়তো তুমি দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি জমাবে।’
📄 দিন-রাত তোমাকে ঠেলে নিয়ে যাচ্ছে
আমের রহিমাহুল্লাহু বলেন, জনৈক ব্যক্তি আমাকে বলেছেন, 'রাত-দিন তোমার বাহন বিশেষ। এই বাহন তোমাকে ক্রমশ মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। কয়েক দিনের সকাল-সন্ধ্যা পার করে তারা তোমাকে এক সময় মৃত্যুর ঘাঁটিতে পৌঁছে দেবে।’
📄 দিনের প্রকার
আবু আবদুল্লাহ আদ দিমাশকি রহিমাহুল্লাহু বলেন, হজরত ইসা আলাইহিস সালাম বলতেন—
'দিন তিন ধরনের। এক. অতীত। দুই. বর্তমান। তিন. ভবিষ্যৎ। অতীত মানুষের জন্য শিক্ষা রেখে যায়। বর্তমান মানুষ যাপন করে। আর ভবিষ্যতের ব্যাপারে অনিশ্চয়তায় থাকে।’
খলিল ইবনু আহমাদ রহিমাহুল্লাহু বলেন—
'দিন তিন প্রকার। এক. অতীত—যা আর কখনো ফিরে আসবে না। দুই. বর্তমান—যা তুমি যাপন করছ এবং আখিরাতের পাথেয় সংগ্রহের সর্বশেষ সময়। তিন. ভবিষ্যৎ—যা তোমার জীবনে আসতে পারে; আবার নাও আসতে পারে। সুতরাং ভবিষ্যতের হাতে কোনো কাজ সঁপে দিয়ো না。
মুহাম্মাদ ইবনুল ওয়ালিদ রহিমাহুল্লাহু বলেন, লোকেরা একবার হাসান বসরি রহিমাহুল্লাহুকে বলে, আপনি আমাদের সামনে দুনিয়ার রহস্য ও তাৎপর্য তুলে ধরুন। তখন তিনি বলেন—
'অতীত কখনো ফিরে আসবে না। বর্তমান তোমার আমলের মোক্ষম সময়। ভবিষ্যৎ তোমার আশা-নিরাশার দোলাচল। পেতে পারো; আবার হারাতেও পারো।’