📄 দুনিয়ায় কেউ চিরস্থায়ী হয় না; হবেও না
আমর আন নাজদি রহিমাহুল্লাহু বলেন, সালেহ আল মুররি রহিমাহুল্লাহু বলেন-
'মনে রেখো, আজ পর্যন্ত দুনিয়ায় কেউ চিরস্থায়ী হতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। তুমি আজ আছ; কাল হয়তো থাকবে না। দিন গড়িয়ে রাত কিংবা রাত গড়িয়ে সকাল হতেই কবরের ডাক চলে আসবে। কাজেই এখনই প্রস্তুতি নাও। অনন্ত সফরের পাথেয় জোগাড় করে নাও। মৃত্যু তোমার অতি নিকটেই অবস্থান করছে。
টিকাঃ
[১৫১] হিলইয়াতুল আওলিয়া: ৬/১৬৭।
📄 দুনিয়ার ভালোবাসা থাকলে হৃদয়ে পাপেরা বাসা বাঁধে
আবদুল্লাহ ইবনুল মুবারক রহিমাহুল্লাহ বলেন- 'হৃদয়ে দুনিয়ার ভালোবাসার অনুপ্রবেশ ঘটলে, পাপেরা সেখানে জায়গা করে নেয়। তখন আর শান্তির বাণী সেখানে পৌঁছে না।’
📄 দুনিয়া মানুষকে ধ্বংস করে
মুহাম্মাদ ইবনু মুয়াবিয়া রহিমাহুল্লাহ বলেন-
দুনিয়াকে এই মর্মে নির্দেশ করা হয়েছে যে, 'হে দুনিয়া! যারা তোমার অনুসরণ করবে, তুমি তাদের ধ্বংস ও অপদস্থ করবে। আর যারা আমার অনুসরণ করবে, তুমি তাদের খেদমত করবে। তাকে বিভিন্ন উপায়ে সাহায্য-সহযোগিতা করবে。
টিকাঃ
[১৫২] যুহুদ, ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ: ৬৫।
📄 দুনিয়া নিন্দিত
ইবনু আবিল হাওয়ারি রহিমাহুল্লাহ বলেন, সুফিয়ান ইবনু উয়াইনাহ রহিমাহুল্লাহ বলেন- 'দুনিয়া অর্জনের জন্য যত মাধ্যম গ্রহণ করা হয়, তার সবই নিন্দিত। আর আখিরাত অর্জনের জন্য যত মাধ্যম গ্রহণ করা হয়, তার সবই নন্দিত。
টিকাঃ
[১৫৩] হিলইয়াতুল আওলিয়া: ১০/৫।