📄 ধোঁকার জলে ডুব দিয়ো না
আবদুল্লাহ রহিমাহুল্লাহ বলেন, আবু জা'ফর আল কুরাশি রহিমাহুল্লাহ একটি কবিতায় বলেন-
أَيُّهَا الْآمِنُ الَّذِي * عَيْنُهُ الدَّهْرُ نَائِمَهُ
أَيْقِظِ الْعَيْنَ إِنَّهَا * بِالْأَمَانِي حَالِمَهْ
لَا تَغُرَّنَّكَ الْحَيَاةُ * بِدُنْيَا مُسَالِمَهُ
إِنَّهَا بَعْدَ سِلْمِهَا * ذَاتَ يَوْمٍ مُرَاغِمَهُ
দুনিয়াকে নিরাপদ ভেবে কাটছে যার ঘুমের বেলা,
ঘুম থেকে জেগে উঠো দুনিয়া এক আশার পেয়ালা।
ধোঁকার জলে ডুব দিয়ো না দুনিয়ার সুখ দেখে,
এই দুনিয়াই সুখের পথটি করে দেবে বেঁকে।
📄 দুনিয়া একটি মধুময় স্বপ্ন
আবু বকর রহিমাহুল্লাহু বলেন, একদিন আবু জা'ফর রহিমাহুল্লাহু আমাকে দুনিয়া সম্পর্কে একটি কবিতা পাঠ করে শোনান। কবিতার সারাংশ হলো—'দুনিয়া মধুময় স্বপ্নের মতো। মানুষ যেমন গভীর রাতে ঘুমের ঘোরে সুন্দর সুন্দর স্বপ্ন দেখে; এরপর সকাল হতে না হতেই সেই স্বপ্ন ভেঙে খানখান হয়ে যায়, দুনিয়াও ঠিক তেমনি। এই আছে; এই নেই। কিছুক্ষণ পূর্বে যে-মানুষটি সুন্দর সুন্দর স্বপ্নের কথা বলছিল, একটু পরেই মৃত্যু সংবাদ ভেসে আসে। তখন বুঝে ওঠা যায় না যে, তার স্বপ্নের সংবাদ আগে এসেছিল, নাকি মৃত্যু সংবাদ। কবির ভাষায়—
وَكَمْ نَائِم نَامَ فِي غِبْطَةٍ * أَتَتْهُ الْمَنِيَّةُ فِي نَوْمَتِهِ
وَكَمْ مِنْ مُقِيمٍ عَلَى لَذَّةٍ * دَهَتْهُ الْحَوَادِثُ فِي لَذَّتِهِ
وَكُلُّ جَدِيدٍ عَلَى ظَهْرِهَا * سَيَأْتِي الزَّمَانُ عَلَى جِدَّتِهِ
কত মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে সুখ কামনা করে,
ঘুমের ঘোরে কামনারা আসে দলে দলে।
কত মানুষ সুখের ছোঁয়ায় কাটায় দিবস-কাল,
সুখগুলো সব করে যে দূর যুগেরই হালচাল।
দুনিয়ার বুকে এখন যারা দিব্যি হাসে খেলে,
একদিন তারা যাবে চলে নতুন প্রজন্ম এলে
📄 একদিন বিদায়-ঘন্টা বেজে উঠবে
আবদুল্লাহ রহিমাহুল্লাহ বলেন, মাহমুদ ইবনুল হাসান রহিমাহুল্লাহ একবার আমাকে নিচের কবিতাটি শোনান—
يَا أَيُّهَا الشَّيْخُ الْمُعَلِّلُ نَفْسَهُ وَالشَّيْبُ شَامِل
اعْلَمْ بِأَنَّكَ نَائِمُ فَوْقَ الْفِرَاشِ وَأَنْتَ رَاحِلْ
وَاللَّيْلُ يَطْوِي لَا يُفَتَّرُ وَالنَّهَارُ بِكَ الْمَنَازِلُ
হে বৃদ্ধ, বলছি তোমায় মনে রেখো তুমি,
ঘিরে ধরেছে বার্ধক্য তোমায় জানো সে কি তুমি?
হঠাৎ তোমার যেতে হবে এই দুনিয়া ছাড়ি,
ঘুম-সফরে থাকলেও তবু বাজবে বিদায়-ঘড়ি
দিন-রাত্রির অদল-বদল সতর্ক করছে বারবার,
সমাধির দিকে নিয়ে যাচ্ছে মঞ্জিল করছে পার। [১০২]
টিকাঃ
[১৩২] 'ভাবলেশহীন আর অলসতায় দিন কাটিও না ভাই, নয়তো তোমার পরকালের সুখের জায়গা হবে ছাই।'
📄 দুনিয়া নিয়ে গুচ্ছকবিতা
আবদুল্লাহ রহিমাহুল্লাহ বলেন, ইয়াসকুর গোত্রের জনৈক কবি একটি কবিতায় দুনিয়া সম্পর্কে বলেন—
إِنَّمَا الدُّنْيَا وَإِنْ سَرَّتْ * قَلِيلٌ مِنْ قَلِيلٍ
لَيْسَ يَخْلُو أَنْ تَبَدَّى * لَكَ فِي زِيِّ جَمِيلِ
ثُمَّ تَرْمِيكَ مِنَ الْمَأْمَنِ * بِالْخَطْبِ الْجَلِيلِ
إِنَّمَا الْعَيْشُ جِوَارُ اللهِ * فِي ظِلَّ ظليل
حَيْثُ لَا تَسْمَعُ مَا * يُؤْذِيكَ مَنْ قَالٍ وَقِيلِ
এই দুনিয়া যদিও অল্প—
খুশিতে রাখে বেশ,
তার সৌন্দর্যে আটকে রাখে
থাকে না দুঃখের লেশ।
খুব শীঘ্রই এই দুনিয়া মারবে তোমায় ছুড়ে,
তার আঘাতেই পড়বে ঝরে দূর থেকে সুদূরে।
আখিরাতে যার প্রতিবেশী হবেন মহান রব,
রহমতেরই ছায়ায় তার সুখ থাকবে সব।
সেখানেতে থাকবে সুখে বলবে না কেউ কিছু
কষ্ট দিতে লাগবে না কেউ তোমার পিছু।