📄 কিয়ামতের দিন দুনিয়াবিমুখগণ পোশাক পরিহিত থাকবে
হাসান বসরি রহিমাহুল্লাহু-
'কিয়ামতের দিন সবাইকে বিবস্ত্র অবস্থায় সমবেত করা হবে। কেবল যাহিদগণ ব্যতীত। [১১৮]
টিকাঃ
[১১৮] হাসান বসরি, ইবনুল জাওযি, পৃ: ৩৯
📄 দুনিয়াবিমুখতার সুখ
আবু ওয়াকিদ আল লাইছি রহিমাহুল্লাহু বলেন-
تَابَعْنَا الْأَعْمَالَ وَلَمْ نَجِدْ شَيْئًا أَبْلَغَ فِي طَلَبِ الْآخِرَةِ مِنَ الزُّهْدِ فِي الدُّنْيَا .
'ছোট্ট এই জীবনে আমি অনেক আমল করেছি। সেগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় আমলটি খুঁজে বের করার চেষ্টা করেছি। কিন্তু আখিরাত কামনায় এই দুনিয়া ত্যাগ করার চেয়ে বড় কোনো আমল আমি খুঁজে পাইনি।[১১৯]
টিকাঃ
[১১৯] ইমাম ওয়াকি রহিমাহুল্লাহু যুহুদ: ১/২১৯।
📄 এক কথায় সুখের সন্ধান
নজর ইবনু ইসমাইল রহিমাহুল্লাহু বলেন, একবার আমার কয়েকজন শাইখ আবদুল্লাহ ইবনু উতবা রহিমাহুল্লাহুর সঙ্গে দেখা করতে যান। তাদেরকে দেখে তিনি দীর্ঘ সময় চুপ করে থাকেন। এরপর বলেন, 'আমি কি তোমাদেরকে এক কথায় সমস্ত কল্যাণের সন্ধান দেবো?' উত্তরে শাইখগণ বলেন, 'জি, আপনি এক কথায় আমাদেরকে পরকালের সুখের সন্ধান দিন।।' তখন তিনি বলেন, 'দুনিয়াবিমুখতার মধ্যেই পরকালীন সমস্ত সুখ নিহিত। অতএব, তোমরা যদি দুনিয়াবিমুখতার গুণ নিয়ে আখিরাতে যেতে পারো, তবে তোমাদের কোনো ভয় নেই। তোমরা সেখানে সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিন্ত থাকবে।'
📄 দুনিয়াবিমুখতার উপকার
আলি রাদিয়াল্লাহু আনহু বলেন- যে-ব্যক্তি দুনিয়াবিমুখ হবে, তার জন্য দুনিয়ার সব কষ্ট সহ্য করা এবং বিপদাপদে ধৈর্যধারণ করা অপেক্ষাকৃত সহজ হবে। আর যে-ব্যক্তি সব সময় মৃত্যুকে স্মরণ করবে, সে ধারণার চেয়েও দ্রুত নেক আমল করতে সক্ষম হবে।