📄 মুমিন যেন একজন মুসাফির
আবু কা'ব রহিমাহুল্লাহু বলেন, আমি হাসান বসরি রহিমাহুল্লাহুকে বলতে শুনেছি, তিনি বলতেন—
প্রকৃত মুমিন দুনিয়ার জীবনে নিজেকে পরদেশি মুসাফির মনে করে। তাই সে সম্মান পাওয়ার জন্য মানুষের পেছনে-পেছনে ঘুরে বেড়ায় না। আবার কেউ তাকে অযথা অপদস্থ করলেও লজ্জিত হয় না। বিচলিত বোধ করে না। কারণ, সে জানে, দুনিয়া চূড়ান্ত সম্মান কিংবা চূড়ান্ত অপদস্থতার জায়গা নয়।[১১০]
টিকাঃ
[১১০] রাবিউল আবরার: ১/৮৫।
📄 দুনিয়ায় মুমিনের মৌলিক প্রয়োজন চারটি
উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—
لَيْسَ لِابْنِ آدَمَ حَقٌّ فِيمَا سِوَى هَذِهِ الْخِصَالِ: بَيْتُ يَسْتُرُهُ، وَثَوْبُ يُوَارِي عَوْرَتَهُ غَلِيظٌ، وَجِلْفٌ مِنَ الْخُبْزِ وَالْمَاءِ .
(দুনিয়ায় মানুষের মৌলিক প্রয়োজন চারটি)- 'এক. থাকার মত একটি ঘর। দুই. লজ্জাস্থান ঢেকে রাখার মতো কাপড়। তিন. শুকনো কয়েক টুকরো রুটি। চার. পিপাসা নিবারণের জন্য সামান্য পানি। এ ছাড়া যা কিছু রয়েছে, সেগুলোর মধ্যে বনি আদমের কোনো অধিকার নেই।'[১১১]
টিকাঃ
[১১১] সুনানুত তিরমিজি, হাদিস নং-২৪৪২।
📄 দুনিয়াবিমুখতা হৃদয়ে প্রশান্তির ঢেউ তুলে
মালেক ইবনু দিনার বলেন, আমি আবদুল্লাহ ইবনু দাররি রহিমাহুল্লাহুকে বলতে শুনেছি-
إِنَّ الزُّهْدَ فِي الدُّنْيَا يُرِيحُ الْقَلْبَ وَالْبَدَنَ، وَإِنَّ الرَّغْبَةَ فِي الدُّنْيَا تُكْثِرُ الْهَمَّ وَالْحَزَنَ .
'দুনিয়াবিমুখতা হৃদয়ে প্রশান্তি বয়ে আনে। দেহ-মন সতেজ করে। অপর দিকে দুনিয়া প্রীতি দুঃখ ও দুশ্চিন্তা বৃদ্ধি করে। অন্তরে দুঃখের ঢেউ তুলে।'
📄 জান্নাতে বাড়ি
বিশর ইবনুল হারিস রহিমাহুল্লাহু বলেন-
যে দুনিয়াবিমুখ হবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে রাখবেন।[১১২]
টিকাঃ
[১১২] হিলইয়াতুল আওলিয়া: ৮/৩৩৮।