📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 পরকালের জন্য সঞ্চয় করো

📄 পরকালের জন্য সঞ্চয় করো


হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন- দুনিয়া হলো আখিরাতের পুঁজি সংগ্রহের জায়গা। একজন মুমিন দুনিয়ায় যা আমল করে, আখিরাতে সেটাই তার একমাত্র পুঁজি হয়। ভরসার শেষ অবলম্বন হয়। তার আমল ভালো হলে, আখিরাত নিরাপদ ও সুখময় হয়। আর আমল মন্দ হলে, আখিরাত অনিরাপদ ও দুঃখময় হয়।
সুতরাং প্রিয় বন্ধু, দুনিয়ায় পুঁজি সংগ্রহের যে-সুযোগ পেয়েছ, সেটা হাতছাড়া করো না।[১০৫]

টিকাঃ
[১০৫] কাসরুল আমাল: ১৪০। সনদ যয়িফ।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 পরকালের প্রস্তুতি গ্রহণ করো

📄 পরকালের প্রস্তুতি গ্রহণ করো


আবদুল ইবনু সাফওয়ান রহিমাহুল্লাহু বলেন, আমরা একবার হাসান বসরি রহিমাহুল্লাহুর সাথে এক জানাযায় উপস্থিত ছিলাম। তখন তিনি বলেন-
আল্লাহ ওই ব্যক্তির ওপর রহম করুন-যে এমন বিদায়ের দিন আসার পূর্বেই বিদায়ের প্রস্তুতি নিয়ে রাখে। এখন আমরা যার জানাযা পড়তে যাচ্ছি, সে যে আমল করতে পারে না, তোমরা সেই আমল করতে পারো। তাই এইদিন আসার পূর্বেই তোমরা সুস্থতা ও অবসরকে গনিমত হিসেবে গ্রহণ করো। আখিরাতের পাথেয় যোগাও।[১০৬] (কারণ ঠিক এভাবেই একদিন তোমার জানাযা পড়ানো হবে। প্রিয়জনেরা কাঁধে করে তোমাকে দূরের কোনো গোরস্থানে রেখে আসবে। সেদিন তুমি বড় একা হয়ে যাবে। কেউ থাকবে না তোমার সাথে। যাদেরকে তুমি খুব আপন ভাবতে, বুকে আগলে রাখতে এবং দিন-রাত যাদের জন্য মেহনত করতে, মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করতে তারাও না। তারা সেদিন তোমার সমাধিতে দু-মুঠো মাটি দেবে। কবরের নেমে তোমাকে মাটির বিছানায় শোয়াবে। তোমার বিয়োগ-ব্যথায় দু-দিন কান্না করবে। ব্যস, এতটুকুই।
এরপর সবাই তোমাকে এমনভাবে ভুলে যাবে, যেন এই দুনিয়ায় তোমার জন্মই হয়নি। যে যার মতো করে সংসার সাজাবে। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তোমার প্রয়াণে দুনিয়ার চিরাচরিত নিয়মে কোনো ব্যত্যয় ঘটবে না। এটাই নিয়ম। এটাই প্রকৃতি এবং এটাই স্বাভাবিক।
তাই তুমি দুনিয়ার সামনে নতজানু হয়ে বসে থেকো না। বিদায়ের আগেই সফরের পাথেয় যোগাড় করো। দুনিয়ার সামান্য সময়কে গনিমত মনে করো। আখিরাতে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর পূর্বে সবকিছু ঠিক করে নাও। কাগজ-পত্র গুছিয়ে নাও।)
জাফর ইবনু সুলাইমান রহিমাহুল্লাহু বলেন, আমি আবু মুহাম্মাদ হাবিব রহিমাহুল্লাহুকে বলতে শুনেছি, তিনি বলেন, তোমরা অযথা সময় নষ্ট করো না। কবরের প্রস্তুতি নাও। এই রঙিন দুনিয়ায় তুমি চিরদিন থাকতে পারবে না। কারণ, মৃত্যু ও মৃত্যুর ফেরেশতা তোমাকে প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছে।[১০৭]

টিকাঃ
[১০৬] কাসরুল আমাল: ১৪১। সনদ সহিহ。
[১০৭] সাফওয়াতুস সাফওয়াহ: ৩/২৩৭১।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 সালাফরা কোনো অবস্থায় ইবাদত ছাড়তেন না

📄 সালাফরা কোনো অবস্থায় ইবাদত ছাড়তেন না


বিশর ইবনু আবদুল্লাহ রহিমাহুল্লাহু বলেন- আমরা একবার আবু বকর নাহশালি রহিমাহুল্লাহুকে দেখতে তার বাড়ি যাই। তিনি তখন মুমূর্ষু। আমরা গিয়ে দেখি, তিনি মাথা দিয়ে বিশেষ ভঙ্গিতে ইশারা করছেন। আমাদের একজন তাকে জিজ্ঞেস করলেন, 'আল্লাহ আপনাকে রহমতের চাদরে জড়িয়ে নিন। আপনি কি সালাত আদায় করছিলেন?' তিনি বললেন— 'হ্যাঁ। জীবনের এই পড়ন্ত বেলায় আমি আমার রবের কদমে সিজদাহ করে নিলাম—যাতে আমলনামা বন্ধ হয়ে যাওয়ার পূর্বে আখিরাতের জন্য আরেকটু প্রস্তুতি হয়ে যায়। [১০৮]

টিকাঃ
[১০৮] সিয়ারে আলামুন নুবালা: ৭/৩৩৩।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়া ও আখিরাত কখনো সহাবস্থান করে না

📄 দুনিয়া ও আখিরাত কখনো সহাবস্থান করে না


আবুল হাকাম সাইয়ার রহিমাহুল্লাহ বলেন—
যদি কারও হৃদয়ে দুনিয়া এবং আখিরাত একত্রিত হয়, আর সেখানে কোনো একটি প্রাধান্য লাভ করে, তাহলে অন্যটি তার অধীন হয়ে যায়। [১০৯]

টিকাঃ
[১০৯] ইহইয়াউ উলুমুদ্দিন: ৩/২২৪।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00