📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়ালোভী রহমত থেকে বঞ্চিত হয়

📄 দুনিয়ালোভী রহমত থেকে বঞ্চিত হয়


হাসান বসরি রহিমাহুল্লাহু অনেক সময় বলতেন—
দুনিয়া ও দুনিয়ার রঙ-তামাশা যার ভালো লাগে, তার হৃদয় থেকে আখিরাতের ভয় দূর হয়ে যায়। ইলমে দ্বীন শিক্ষা করার পরও দুনিয়ার প্রতি যার লোভ-লালসা থাকে, সে আল্লাহ তাআলার চোখে ঘৃণার পাত্রে পরিণত হয়; আল্লাহর সাথে তার দূরত্ব সৃষ্টি হয়ে যায়। ফলে সে রহমত থেকে বঞ্চিত হয়। সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে। [৭৩]

টিকাঃ
[৭৩] বাহজাতুল মাজালিস: ২/২৮১।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়ালোভীরা পিপাসার্ত ব্যক্তির মতো

📄 দুনিয়ালোভীরা পিপাসার্ত ব্যক্তির মতো


আবু আবদুল্লাহ রহিমাহুল্লাহু বলেন, হজরত ঈসা আলাইহিস সালাম বলেছেন—
طَالِبُ الدُّنْيَا مِثْلُ شَارِبِ مَاءِ الْبَحْرِ، كُلَّمَا ازْدَادَ شُرْبًا ازْدَادَ عَطَشًا حَتَّى يَقْتُلَهُ .
'দুনিয়ালোভীরা সমুদ্রে ভেসে চলা কাফেলার মতো—যাদের মিঠা পানির মজুদ শেষ হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে সমুদ্রের লোনা পানি দিয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে। কিন্তু এই পানি তাদের তৃষ্ণা আরও বাড়াচ্ছে এবং ক্রমশ তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। [৭৪]
আবুল মুগিরা রহিমাহুল্লাহু বলেন—
কোনো বান্দা যদি নিছক শ্বাস-প্রশ্বাসের বিনিময়েও সমগ্র দুনিয়া পেয়ে যায়, তবুও সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে।

টিকাঃ
[৭৪] তারিখে দিমাশক: ২০/১২০।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়ালোভীরা ধর্মের সওদা করে

📄 দুনিয়ালোভীরা ধর্মের সওদা করে


আবদুল্লাহ রহিমাহুল্লাহু বলেন, একবার আবু সাইদ মাদানি রহিমাহুল্লাহু আমাকে আবদুল্লাহ ইবনু উরওয়াহ রহিমাহুল্লাহুর একটি কবিতা আবৃত্তি করে শুনান। কবিতাটির সারমর্ম হচ্ছে-
'দুনিয়ালোভীরা দ্বীনের সওদা করে বেড়ায়। দ্বীনের বিনিময়ে দুনিয়া ক্রয়ের জন্য উদভ্রান্তের ন্যায় ছুটে বেড়ায়। সবাই আজকে এই রোগে আক্রান্ত। দ্বীনের মাধ্যমে দুনিয়া শিকারে ব্যস্ত। দুনিয়া নিয়ে তারা এতই ব্যস্ত ও মত্ত যে, আখিরাত নিয়ে ভাবার ফুরসতটুকুও তাদের নেই। সকলের লক্ষ্য দুনিয়া অর্জন। এক্ষেত্রে অনুজ-অগ্রজ এবং কর্তা ও অনুসারীর মাঝে কোনো প্রভেদ নেই। ফলে গোটা সমাজই আজ আদর্শ ও লক্ষ্যচ্যুত হয়ে পড়ছে। দ্বীনের সরল পথ থেকে বহুদূরে ছিটকে পড়ছে।'

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়ালোভীরা দুর্ভাগা

📄 দুনিয়ালোভীরা দুর্ভাগা


আবদুর রহমান ইবনু যায়েদ রহিমাহুল্লাহু বলেন- 'যারা আখিরাতকে উজাড় করে দুনিয়াকে সমৃদ্ধ করে, তারা বড় দুর্ভাগা। অনুরূপ যারা দ্বীনের ক্ষতি করে ধনসম্পদ জোগাড় করে, তারা বড় ক্ষতিগ্রস্ত। এরপর তিনি নিচের আয়াতটি তিলাওয়াত করেন-
إِنَّ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا وَرَضُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَاطْمَأَنُّوا بِهَا .
'নিশ্চয় যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনেই সন্তুষ্ট ও পরিতৃপ্ত এবং যারা আমার নিদর্শনাবলি সম্পর্কে গাফিল, তাদের ঠিকানা হবে জাহান্নাম। [সুরা ইউনুস: ৭-৮]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00