📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 প্রকৃত যাহিদ

📄 প্রকৃত যাহিদ


মুআবিয়া ইবনু আবদুল কারিম রহিমাহুল্লাহু বলেন— একবার কয়েকজন আলিম হাসান বসরি রহিমাহুল্লাহুর নিকট গিয়ে 'যুহুদ' বিষয়ে আলোচনা করেন। তখন কেউ বলেন, যুহুদের ক্ষেত্র হলো পোশাক। আবার কেউ বলেন, যুহুদের ক্ষেত্র হলো আহার-বিহার। সেদিন অনেকেই যুহুদ সম্পর্কে অনেক রকম মন্তব্য করেন। সব শেষে হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন, প্রকৃত যাহিদ কেবল তাকেই বলা যায়, যে অন্যকে দেখে বলে, 'তিনি আমার চেয়ে অনেক ভালো।'[৬০]

টিকাঃ
[৬০] যুহুদ, বাইহাকি: ৭৯।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 আলিমদের প্রতি…

📄 আলিমদের প্রতি…


মুহাম্মাদ ইবনু ইয়াযিদ রহিমাহুল্লাহু বলেন, উহাইব রহিমাহুল্লাহু বলেছেন- 'যদি আমাদের উলামায়ে কেরাম মানুষের মঙ্গল কামনা করতেন এবং বলতেন- আল্লাহর বান্দাগণ! আমরা আপনাদেরকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো হাদিস শোনালে কিংবা পূর্ববর্তীদের যুহুদের কোনো ঘটনা শোনালে, আপনারা তা মনোযোগসহকারে শুনবেন এবং সে অনুযায়ী আমল করবেন; ভুলেও আমাদের ভালোমন্দ আমলের দিকে তাকাবেন না, তবেই আপনারা সফল হতে পারবেন- তাহলে খুব ভালো হতো। কিন্তু তারা সেটা না-করে উল্টো সাধারণ মানুষগুলোকে ফিতনায় লিপ্ত করছে এবং নিজেরাও ফিতনায় জড়িয়ে পড়ছে।'

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 সবকিছু আল্লাহর জন্যই করার নাম ‘যুহদ’

📄 সবকিছু আল্লাহর জন্যই করার নাম ‘যুহদ’


আলি রহিমাহুল্লাহু বলেন, জনৈক বিদ্বানকে 'যুহুদের' পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন-
'তোমার সব কাজ আল্লাহর জন্য হওয়া মানেই 'যুহুদ'। ঘরে বসলে আল্লাহ তাআলার জন্য বসা। বাহিরে গেলে আল্লাহ তাআলার জন্যই যাওয়া। আবার বাহির থেকে ঘরে ফিরলে আল্লাহ তাআলার জন্যই ফিরা। সফরে কোনো কিছু ব্যয় করলে আল্লাহ তাআলার জন্যই ব্যয় করা। কথা বললে আল্লাহ তাআলার জন্যই বলা। নীরব থাকলে আল্লাহ তাআলার জন্যই থাকা।'
যুহুদের এই পরিচয় শোনে তাকে বলা হয়, 'এটাতো অনেক কঠিন কাজ।' উত্তরে তিনি বলেন, 'এটাই আল্লাহর কাছে পৌঁছার সবচেয়ে বড় উপায়।'

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 এ কাল আর সে কাল

📄 এ কাল আর সে কাল


মু'তামির ইবনু সুলাইমান রহিমাহুল্লাহু বলেন, লাইছ রহিমাহুল্লাহু তাঁর ভাইয়ের উদ্দেশ্যে প্রেরিত একটি চিঠিতে লিখেন-
'জনৈক সাহাবি আমাকে বলেছেন, আমরা ইসলাম গ্রহণের পর থেকে শুধু আখিরাত নিয়েই চিন্তা করতাম। দুনিয়াকে কাফির-মুশরিকদের অভয়ারণ্য বলে ভাবতাম। কিন্তু এখন অবস্থা অনেক পাল্টে গেছে। এখন মুসলমানরা আখিরাত ভুলে দুনিয়াকেই তাদের গন্তব্য বানিয়ে ফেলেছে। তুমি তাদের মতো হয়ো না।'

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00