📄 আবু যর গিফারির যুহদ
জা'ফর ইবনু সুলাইমান রহিমাহুল্লাহু বলেন- এক ব্যক্তি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর গৃহে প্রবেশ করে তেমন কোনো আসবাবপত্র না দেখে তাঁকে জিজ্ঞেস করেন, 'আপনার গৃহের আসবাবপত্র কোথায়?' উত্তরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, 'আমার অনেক দামি একটি বাড়ি আছে। মূল্যবান আসবাবগুলো ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি।' লোকটি আবার জানতে চায়, 'তাহলে ওই বাড়িতে উঠার আগে আপাতত এখানে কিছু আসবাব রেখে দিতেন।' এ কথার জবাবে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, 'ওই ঘরের মালিক তো আমাকে এই ঘরে বেশি দিন থাকতে দেবে না। (তো দামি আসবাবগুলো এখানে রেখে লাভ কী?)'
📄 মুসাফিরদের কি বিলাসিতা সাজে?
ইবরাহিম আত তাইমি রহিমাহুল্লাহ বলেন—
একবার কয়েকজন কুরাইশ যুবক আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলেন, ‘আপনি তো দুনিয়াকে চূড়ান্তরূপে অপদস্থ করেছেন।’ তাদের কথায় রেগে গিয়ে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘তোমরা কী বলছ! এই দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? সারা সপ্তাহে এক সা’ পরিমাণ খাবার এবং দু-তিন ঢোক পানি হলেই আমার যথেষ্ট হয়ে যায়। এই দুনিয়ায় আমি বিলাসিতা করতে আসিনি। মুসাফিররা কি কখনো বিলাসিতা করে?’ [৫৬]
টিকাঃ
[৫৬] ইমাম আহমাদ রহিমাহুল্লাহু, যুহুদ: ১৮৪।
📄 যুহদের ফলাফল
আবদুল আজিজ আল কুরাশি রহিমাহুল্লাহু বলেন, আমি সুফিয়ান সাওরি রহিমাহুল্লাহুকে বলতে শুনেছি, তিনি বলেন—
* তুমি দুনিয়াবিমুখ হয়ে চলবে, আল্লাহ তাআলা দুনিয়ার ত্রুটিগুলো তোমার সামনে তুলে ধরবেন。
* আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তোমার হিসাব-নিকাশ সহজ করে দেবেন。
* হালাল-হারাম বিষয়ে সন্দেহ থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা তোমার দ্বীন ঝুঁকিমুক্ত রাখবেন। [৫৭]
টিকাঃ
[৫৭] বাইহাকি: ৩১৫।
📄 সর্বোত্তম ইবাদত
আম্মার ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন— مَا عُبِدَ اللَّهُ بِشَيْءٍ أَفْضَلَ مِنَ الزُّهْدِ فِي الدُّنْيَا . ‘এই দুনিয়ায় যত প্রকার ইবাদাত করা হয়, তার মধ্যে সবচেয়ে উত্তম ইবাদাত হলো—‘যুহুদ’ বা দুনিয়াবিমুখতা। [৫৮]
টিকাঃ
[৫৮] কানযুল উম্মাল: ৬১৭৬। সনদ যয়িফ।