📄 যুহদের পরিচয়
[৭৮] আবু আবদুল্লাহ আর রাযি রহিমাহুল্লাহু বলেন, বিজ্ঞজনদের কাছে 'যুহুদ' হলো এমন কাজে লেগে থাকা, যে কাজের মাধ্যমে আল্লাহর প্রতি মনোনিবেশ করা যায়। [৪৭]
[৭৯] হুসাইন ইবনু আবদুর রহমান রহিমাহুল্লাহু বলেন—
জনৈক বিদ্বানকে যুহুদের পরিচয় জিজ্ঞেস করা হলে তিনি বলেন—
'যুহুদ হলো ওই জ্ঞান যা অর্জিত হলে, দুনিয়া ও আখিরাতের মধ্যকার পার্থক্য স্পষ্ট হয়ে যায়। আর এই জ্ঞান অর্জনের উপায় হলো, দুনিয়ার চিন্তা মনে জায়গা না দেওয়া এবং সব সময় আখিরাতের চিন্তায় বিভোর থাকা।'
[৮০] হুসাইন ইবনু আবদুর রহমান রহিমাহুল্লাহু বলেন, জনৈক বিদ্বানের কাছে যুহুদের পরিচয় জানতে চাওয়া হলে তিনি বলেন—
'মহান রবের শপথ! মলিন বদনে জীর্ণ পোশাক জড়িয়ে রাখার নাম যুহুদ নয়। যুহুদ হলো, মনের চাহিদা দমন করা ও প্রবৃত্তির লাগাম টেনে ধরা।'
টিকাঃ
[৪৭] যুহুদ, ইমাম বাইহাকি রহিমাহুল্লাহু: ৭১।
📄 যুহদের প্রাথমিক সংজ্ঞা
[৮১] সুফিয়ান ইবনু উইয়ানাহ রহিমাহুল্লাহু বলেন, একবার কয়েক জন আলিম ইমাম যুহুরি রহিমাহুল্লাহুর কাছে 'যুহুদ'-এর সংজ্ঞা জানতে চাইলে তিনি বলেন, 'যুহুদ হলো, ধৈর্য সহকারে হারাম থেকে বিরত থাকা এবং কৃতজ্ঞতার সঙ্গে হালাল গ্রহণ করা।'
📄 যুহদ বা দুনিয়াবিমুখতার অর্থ
[৮২] ইউনুস ইবনু মাইসারা রহিমাহুল্লাহু বলেন- দুনিয়াবিমুখতার অর্থ এই নয় যে, হালাল বস্তুকে হারাম মনে করতে হবে কিংবা সমস্ত সম্পদ জলে ফেলে দিতে হবে। বরং দুনিয়াবিমুখতার অর্থ হলো, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার চেয়ে, যা দেননি-তার ওপর বেশি বিশ্বাস রাখা। সুখে-দুঃখে সব সময় একই আচরণ করা। হকের ক্ষেত্রে কেউ নিন্দা বা প্রশংসা করলে নিজের মধ্যে কোনো প্রকার ভাবান্তর ঘটতে না-দেওয়া এবং সর্বাবস্থায় স্বাভাবিক ও নির্লিপ্ত থাকা।[৪৮]
টিকাঃ
[৪৮] কাসরুল আমাল: ৩২। এক হাদিসে আছে নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- لَيْسَ الزَّهَادَةُ فِي الدُّنْيَا بِتَحْرِيمِ الْحَلَالِ، وَلَا فِي إِضَاعَةِ الْمَالِ، وَلَكِنِ الزَّهَادَةُ فِي الدُّنْيَا أَنْ لَا تَكُونَ بِمَا فِي يَدَيْكَ أَوْثَقَ مِنْكَ بِمَا فِي يَدِ اللهِ، وَأَنْ تَكُونَ فِي ثَوَابِ الْمُصِيبَةِ، إِذَا أُصِبْتَ بِهَا، أَرْغَبَ مِنْكَ فِيهَا، لَوْ أَنَّهَا أُبْقِيَتْ لَكَ . 'হালালকে হারাম মনে করা এবং সম্পদ ব্যয় করে দেওয়ার নাম দুনিয়াত্যাগ নয়, বরং দুনিয়া ত্যাগ হলো, তোমার হাতে যা আছে তার তুলনায় আল্লাহর হাতে যা কিছু রয়েছে তার প্রতি তুমি অনেক ভরসা রাখবে। এবং মুসিবতে না পড়ার থেকে মুসিবতে পড়াকে অধিক কামনা করবে।' [আস সুনান ইবনু মাজাহ : ৩১০০]
📄 যুহদের ব্যাখ্যা
[৮৩] আবদুল্লাহ ইবনু আবদুল আজিজ রহিমাহুল্লাহু বলেন- 'যুহুদ হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ্য ও তাকদিরে সন্তুষ্ট রাখা।'