📄 দুনিয়ার স্বরূপ
মায়মূন আল লাখমি রহিমাহুল্লাহু বলেন, একবার নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন সাহাবিদেরকে বললেন—
هَلُمُّوا إِلَى الدُّنْيَا
'এসো, আমি তোমাদেরকে দুনিয়ার স্বরূপ দেখাই।'
একথা বলে তিনি একটি কবর থেকে কয়েক টুকরো ছেঁড়া কাপড় এবং ক্ষয়ে যাওয়া হাড় হাতে নিয়ে বললেন—
'এই হলো 'দুনিয়া'।[১৯]
টিকাঃ
[১৯] আল ইতহাফ: ২/৮২। হাদিস, মুরসাল।
📄 দুনিয়া একটি পরীক্ষাগার
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—
إِنَّ الدُّنْيَا حُلْوَةٌ خَضِرَةٌ، وَإِنَّ اللهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا فَنَاظِرُ كَيْفَ تَعْمَلُونَ.
'দুনিয়া বড়ই মনোহরী ও আবেদনময়ী। আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার প্রতিনিধি করবেন। অতঃপর দেখবেন, তোমরা দুনিয়ার সঙ্গে কেমন আচরণ করো (এবং মহান আল্লাহর কতটুকু ইবাদাত করো!) [২০]
টিকাঃ
[২০] ইহইয়াউ উলুমুদ্দিন: ৩/২২৩। মুরসাল। এই বর্ণনাটিই আস সুনানুত তিরিজিযিতে মুত্তাসিল সনদে সহিহ হাদিস আছে।
📄 দুনিয়া সাময়িক স্বপ্নমাত্র
ইউনুস ইবনু উবাইদ রহিমাহুল্লাহু বলেন, দুনিয়া সাময়িক স্বপ্নমাত্র। যেমন ধরো, তুমি ঘুমের ঘোরে সুখ-দুঃখের নানা স্বপ্ন দেখো। স্বপ্নের জগতে একেবারে হারিয়ে যাও। কিন্তু ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে স্বপ্নটি ভেঙে খানখান হয়ে যায়। সারাটা দিন একটা অতৃপ্তি তোমাকে তাড়া করে বেড়ায়। দুনিয়াও ঠিক তেমনই। দুনিয়ার ভাগ ও ভোগে মজতে না- মজতেই প্রাণবায়ু ফুরিয়ে যায়। পার্থিব অতৃপ্তি ও পরকালীন শান্তি তখন কষ্ট বাড়ায়। [২১]
ইবরাহিম ইবনু উইয়ানাহ রহিমাহুল্লাহু বলেন, একবার এক বিজ্ঞজনকে জিজ্ঞেস করা হলো, 'আচ্ছা! আপনি এই রহস্যঘেরা দুনিয়াকে কিসের সঙ্গে তুলনা করেন?' উত্তরে তিনি বলেন, 'ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের সঙ্গে। কারণ, কোনোটিরই স্থিতি ও বিশ্বাসযোগ্যতা নেই। [২২]
টিকাঃ
[২১] সাফওয়াতুস সাফওয়া: ৩/৩০৭।
[২২] আল ইতহাফ: ৮/১০৭।