📄 দুনিয়া খরগোশের একটি লাফ মাত্র
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন- মহান রবের শপথ! আখিরাতের বিবেচনায় মরীচিকাময় এই দুনিয়া হলো খরগোশের এক লাফের মতো।[১০]
টিকাঃ
[১০] বাহজাতুল মাজালিস: ২/২৯৫।
📄 দুনিয়া আখিরাতের জন্য গনিমত
সাইদ ইবনু আবদুল আজিজ রহিমাহুল্লাহু বলেন, দুনিয়া হলো আখিরাতের জন্য গনিমতস্বরূপ। সুতরাং এই গনিমত কাজে লাগিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত।
📄 দুনিয়া প্রাণঘাতী
মুখাল্লাদ ইবনু হুসাইন রহিমাহুল্লাহু বলেন, আবু হামযা রহিমাহুল্লাহু বৃদ্ধ হয়ে যাওয়ার পর তাকে কেউ জিজ্ঞাসা করল, 'আচ্ছা, দুনিয়ার সাথে আপনার ভালোবাসা কেমন?' জবাবে তিনি বললেন- 'দুনিয়ার ভালোবাসা আমাকে টুকরো টুকরো করে দিয়েছে।'
📄 দুনিয়া গাছের ছায়ার মতো
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হন। নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন একটি চাটাইয়ে শুয়ে ছিলেন। চাটাই শক্ত হওয়ার কারণে তার গায়ে চাটাইয়ের দাগ বসে গিয়েছিল। এ দৃশ্য দেখে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন,
'ইয়া রাসুলাল্লাহ! আপনি যদি একটু নরম বিছানায় ঘুমাতেন, তাহলে আপনার জন্য ভালো হতো।' উত্তরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
وَمَا لِلدُّنْيَا وَمَالِي، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا مَثَلِي وَمَثَلُ الدُّنْيَا إِلَّا كَرَاكِبٍ سَارَ فِي يَوْمٍ صَائِفٍ، فَاسْتَظَلَّ تَحْتَ شَجَرَةٍ سَاعَةً مِنْ نَهَارٍ، ثُمَّ رَاحَ وَتَرَكَهَا .
'দুনিয়া ও তার বিলাসিতার সাথে আমার কীসের সম্পর্ক? দুনিয়ার সাথে আমার সম্পর্ক পথচারী ও বৃক্ষছায়ার ন্যায়। প্রচণ্ড গরম ও রোদের সময় পথচারী বৃক্ষছায়ায় কিছু সময় বিশ্রাম নেয়। বিশ্রাম শেষ হলে ছায়াটি পেছনে ফেলে সামনে চলে যায়।' [১১]
টিকাঃ
[১১] সুনানুত তিরমিজি, ইমাম আহমাদ রহিমাহুল্লাহু- যুহুদ: ১/৩০১। সনদ: সহিহ।