📄 যুবাইর ইবনুল আওয়াম—রাদিয়াল্লাহু আনহু-এর চোখে দুনিয়া
তিনি ভূমিকরের কোনো সম্পদ গ্রহণ করতেন না
[২১৯] সাঈদ বিন আবদুল আযিয-রাহিমাহুল্লাহ-বলেন, "যুবাইর ইবনুল আওয়াম-রাদিয়াল্লাহু আনহু-এর এক হাজার মামলুক (তাঁর ক্ষমতাধীন অমুসলিম) ছিলো; তারা তাকে খারাজ (ভূমিকর) দিতো। কিন্তু তিনি প্রতিরাত্রে খারাজের সমস্ত সম্পদ লোকদের মধ্যে বণ্টন করে দিতেন। তারপর বাড়িতে ফিরতেন, তার সঙ্গে ওই সম্পদের কিছুই থাকতো না।"
আঘাত ও মহামারি সহ্য করা
[২২০] হিশাম বিন উরওয়া তাঁর পিতা উরওয়া থেকে বর্ণনা করেছেন যে, যুবাইর ইবনুল আওয়াম-রাদিয়াল্লাহু আনহু-কে মিসরে পাঠানো হলো। মিসরে যাওয়ার পর তাঁকে বলা হলো, মিসরে তো মহামারি ছড়িয়ে পড়েছে। জবাবে তিনি বললেন, "আমি তো এখানে আঘাত ও মহামারি সহ্য করার জন্যই এসেছি।"
তাঁর বুকের অসংখ্য তিরচিহ্ন
[২২১] আলী বিন যায়দ বলেন, আমাকে এমন ব্যক্তি, যিনি যুবাইর ইবনুল আওয়াম-রাদিয়াল্লাহু আনহু-কে দেখেছেন, বর্ণনা করেছেন যে, তাঁর বুকে মানুষের চোখের মতো আঘাত ও তিরের চিহ্ন রয়েছে।"
সৎকাজ গোপনীয়তার সঙ্গে করা
[২২২] কায়স বর্ণনা করেন, আমি যুবাইর ইবনুল আওয়াম-রাদিয়াল্লাহু আনহু- কে বলতে শুনেছি যে, "কারও পক্ষে যদি গোপনীয়তার সঙ্গে সৎকাজ করা সম্ভব হয় সে যেনো তা করে নেয়।"
মহাপুরস্কারের প্রতিশ্রুতি
[২২৩] উরওয়া—রাহিমাহুল্লাহ—থেকে বর্ণিত, আয়েশা—রাদিয়াল্লাহু আনহা—বলেছেন, “তোমার পিতা ছিলেন ওই সকল লোকের অন্তর্ভুক্ত যারা দুঃখ-দুর্দশায় আক্রান্ত হওয়ার পরও আল্লাহ তাআলার ও তাঁর রাসূলের ডাকে সাড়া দিয়েছিলেন। তাঁদের মধ্য থেকে যারা সৎকাজ করেছেন এবং তাকওয়া অবলম্বন করেছেন তাঁদের জন্য রয়েছে মহাপুরস্কার।”
📄 তালহা বিন উবায়দুল্লাহ—রাদিয়াল্লাহু আনহু-এর চোখে দুনিয়া
গোত্রের লোকদের মধ্যে সম্পদ বণ্টন করে দিলেন
[২২৪] তালহা বিন ইয়াহইয়া রাহিমাহুল্লাহ-তাঁর দাদী সু'দা বিনতে আওফ আল-মুররিয়্যাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, "তালহা একদিন ভোরে চিৎকার করে উঠলেন। আমি জিজ্ঞেস করলাম, কী হয়েছে আপনার? আপনি এমন কোনো কারণে দিশেহারা যার জন্য আমি আপনাকে তিরস্কার করবো?” তিনি বললেন, "আরে না, আল্লাহর কসম! তুমি অতি উত্তম স্ত্রী; বরং ব্যাপার হলো, আমার কাছে কিছু সম্পদ জমা হয়েছে। সেটাই আমাকে পেরেশান করছে।” আমি বললাম, "আপনার গোত্রের লোকদের ডেকে আপনি তা দিয়ে দিন।" তিনি গোলামকে ডেকে বললেন, "হে গোলাম, তুমি আমার গোত্রের লোকদের ডেকে নিয়ে আসো।" তারা এলে তিনি তাদের মধ্যে তার সম্পদ বণ্টন করে দিলেন। সু'দা বলেন, আমি খাজাঞ্চিকে জিজ্ঞেস করলাম, "কী পরিমাণ সম্পদ ছিলো?" সে বললো, "চার লাখ।"
সম্পদ থাকার ভয়ে ঘেমে উঠলেন
[২২৫] হাসান বসরি-রাহিমাহুল্লাহ-বলেন, তালহা বিন উবায়দুল্লাহ-রাদিয়াল্লাহু আনহু-সাত লাখ দিরহামের বিনিময়ে একটি জমি বিক্রি করলেন। এই সম্পদ তাঁর কাছে মাত্র এক রাত থাকলো। কিন্তু তিনি এই সম্পদের ভয়ে ঘর্মাক্ত হয়ে রাত্রিযাপন করলেন। সকালে উঠে এই সম্পদ লোকদের মধ্যে বণ্টন করে দিলেন।"
তাঁর চোখে অশ্রু লেগে থাকতো
[২২৬] আবু রাজা আল-উতারিদ-রাহিমাহুল্লাহ-বলেন, "আমি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা-কে দেখেছি এবং তার চোখের নিচে দেখেছি জীর্ণ রশির মতো অশ্রু।"
একনিষ্ঠভাবে নামায আদায়
[২২৭] হিশাম বিন উরওয়া—রাহিমাহুল্লাহ—বলেছেন, আমাকে মুহাম্মদ বিন আল-মুনকাদির বলেছেন, তুমি যদি আবদুল্লাহ বিন যুবাইরকে নামাযে দাঁড়ানো অবস্থায় দেখতে পেতে তাহলে বলতে, ঝড়ো বাতাসের ভেতর ঠায় দাঁড়িয়ে থাকা একটি বৃক্ষ এবং মানজানিকের ইতস্তত পাথর নিক্ষেপের প্রতি ভ্রুক্ষেপহীন একজন মানুষ।”
📄 আবু যর গিফারি—রাদিয়াল্লাহু আনহু-এর চোখে দুনিয়া
তিনি যা জানেন অন্যরা জানে না
[২২৮] আয়িযুল্লাহ-রাহিমাহুল্লাহ-বলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু-বলেছেন, "যার হাতে আমার প্রাণ তার শপথ! আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে কম হাসতে এবং বেশি কাঁদতে; বিছানায় কম বিশ্রাম নিতে এবং স্ত্রীদের সম্ভোগ করতে না; পরিতৃপ্তিসহ খাবার খেতে না; বরং তোমরা আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য পাহাড়ে চলে যেতে।" বর্ণনাকারী বলেন, আবু যর গিফারি-রাদিয়াল্লাহু আনহু-যখন এই হাদিস বর্ণনা করতেন, বলতেন, "হায়, আমি যদি বৃক্ষ হতাম যা কেটে ফেলা হতো!"
সম্পদের কারণে ভয়
[২২২৯] আবু শু'বা-রাহিমাহুল্লাহ-বলেন রাবাযা নামক স্থানে একদল লোক আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু-এর পাশে দিয়ে যাবার সময় তার কাছে কিছু খরচাপাতি পেশ করলো। তিনি বললেন, "আমাদের কাছে কিছু ছাগী আছে, আমরা সেগুলোর দুধ দোহন করি; কিছু গাধা আছে, সেগুলোর ওপর বোঝা বহন করি; কিছু দাস আছে, তারা আমাদের সেবা করে; এবং অতিরিক্ত জামা-কাপড়ও আছে। আমি এসব সম্পদের হিসাবের ব্যাপারে ভয় করছি।"
বৃক্ষ হওয়ার আকাঙ্ক্ষা
[২৩০] মুজাহিদ-রাহিমাহুল্লাহ-বলেন, আবু যর গিফারি-রাদিয়াল্লাহু আনহু- বলতেন, "হায়, আমি যদি বৃক্ষ হতাম যা কেটে ফেলা হতো! হায়, আমাকে যদি সৃষ্টি করা না হতো!"
সততার সঙ্গে অল্প দোয়াই যথেষ্ট
[২৩১] বুকাইর বিন আবদুল্লাহ-রাহিমাহুল্লাহ-বলেন, আবু যর গিফারি-রাদিয়াল্লাহু আনহু-বলেছেন, “সততার সঙ্গে দোয়া ততোটুকুই যথেষ্ট, খাবারের জন্য যতোটুকু লবণ যথেষ্ট।”
মানুষের একটি আয়াতই যথেষ্ট
[২৩২] আবুস সাবিল-রাহিমাহুল্লাহ-আবু যর গিফারি-রাদিয়াল্লাহু আনহু-থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, “আমি এমন একটি আয়াত জানি, যদি লোকেরা তা গ্রহণ করে তবে সেটাই তাদের জন্য যথেষ্ট। তা হলো:
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
“যে-ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তার জন্য উপায় বের করে দেন এবং এমনভাবে রিযিক দান করেন যা সে ভাবতেও পারে না।” আবু যর গিফারি-রাদিয়াল্লাহু আনহু-এই আয়াত বলতেন এবং এর পুনরাবৃত্তি করতেন।
তাঁর গৃহ নির্মাণের ব্যাপারটি পছন্দ করলেন না
[২৩৩] সাবিত-রাহিমাহুল্লাহ-থেকে বর্ণিত, আবু যর গিফারি-রাদিয়াল্লাহু আনহু-আবুদ দারদা-রাদিয়াল্লাহু আনহু-এর পাশ দিয়ে গেলেন, তিনি তখন নিজের জন্য একটি ঘর নির্মাণ করছিলেন। আবু যর গিফারি-রাদিয়াল্লাহু আনহু-তাঁকে বললেন, “আপনি কি লোকদের কাঁধের ওপর পাথর চাপালেন?” আবুদ দারদা-রাদিয়াল্লাহু আনহু-বললেন, “আমি তো কেবল একটি ঘর নির্মাণ করছি।” আবু যর গিফারি-রাদিয়াল্লাহু আনহু-আবারও বললেন, “আপনি কি লোকদের কাঁধের ওপর পাথর চাপালেন?” আবুদ দারদা-রাদিয়াল্লাহু আনহু-বললেন, “ভাই আমার, আপনি সম্ভবত এ-কারণে আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন।” আবু যর গিফারি-রাদিয়াল্লাহু আনহু-বললেন, “আমি যদি আপনার পাশ দিয়ে যেতাম এই অবস্থায় যে, আপনি আপনার স্ত্রীর কোলে বসে রয়েছেন, তবে সেটাও আমার জন্য আপনাকে এই অবস্থায় দেখার চেয়ে প্রিয় হতো।"
মুত্তাকী ও তওবাকারীদের মধ্যে কল্যাণ রয়েছে
[২৩৪] আবু আবদুল্লাহ, অর্থাৎ, আওন-রাহিমাহুল্লাহ-থেকে বর্ণিত, আবু যর গিফারি-রাদিয়াল্লাহু আনহু-তাঁকে জিজ্ঞেস করলেন, "তুমি কি লোকদের লক্ষ করো? তাদের অধিকাংশের মধ্যেই কোনো কল্যাণ নেই। তবে মুত্তাকী ও তাওবাকারী ব্যতীত।"
কুক্ষিগত স্বর্ণ-রুপা কিয়ামতের দিন আগুনের অঙ্গার হবে
[২৩৫] আবদুল্লাহ বিন সামিত-রাহিমাহুল্লাহ-বলেন, আমি আবু যর গিফারি- রাদিয়াল্লাহু আনহু-এর সঙ্গে ছিলাম। তাঁর ভাতা দেওয়া হলো। তখন তার সঙ্গে তার দাসীও ছিল। তিনি প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য তা খরচ করলেন। কিন্তু কিছু দেরহাম অতিরিক্ত হলো। বর্ণনাকারী বলেন, আমার মনে হচ্ছে সাতটা দেরহাম অতিরিক্ত হবার কথা বলা হয়েছে। তখন তিনি দাসীকে দিরহামগুলো দিয়ে কিছু ভাংতি পয়সা খরিদ করে আনতে বললেন। তখন আমি তাঁকে বললাম, দিরহামগুলো রেখে দিন, কোনো প্রয়োজনে কাজে লাগতে পারে বা আপনার কোনো মেহমান এলে তার জন্য খরচ করতে পারবেন। তিনি বললেন, আমার প্রিয় বন্ধু-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-আমাকে বলেছেন, "স্বর্ণ বা রুপা যদি কুক্ষিগত করে রাখা হয় তবে তা কিয়ামতের দিন তার মালিকের জন্য আগুনের অঙ্গার হবে। যতোক্ষণ না সে তা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে।"
দিনারগুলো ফিরিয়ে দিলেন
[২৩৬] আবু বকর বিন মুনকাদির-রাহিমাহুল্লাহ-বলেন, "হাবীব বিন আবু সালামা তখন সিরিয়ার আমীর ছিলেন। তিনি আবু যর গিফারি-রাদিয়াল্লাহু আনহু-এর জন্য তিনশো দিনার পাঠালেন এবং বললেন, "এগুলো দিয়ে আপনার প্রয়োজনপূরণে সাহায্য নিন।" আবু যর গিফারি-রাদিয়াল্লাহু আনহু-বললেন, "এগুলো তাঁর কাছে ফিরিয়ে নিয়ে যাও। তিনি কি আমাদের চেয়ে আল্লাহর ব্যাপারে সম্মানিত কাউকে পাননি? আশ্রয় নেওয়ার মতো ছায়াটুকু আমাদের আছে, কিছু মেষ আছে সেগুলো সন্ধ্যায় আমাদের কাছে ফিরে আসে। একটি দাসী আছে যে আমাদের জন্য খেদমত করে থাকে। এর চেয়ে অতিরিক্ত জিনিসের ব্যাপারে আমি ভয় করি।"
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নৈকট্য লাভ
[২৩৭] ইরাক বিন মালেক—রাহিমাহুল্লাহ—বলেন, আবু যর গিফারি—রাদিয়াল্লাহু আনহু—বলেছেন, কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সবেচেয়ে নিকটে বসবো। তা এই কারণে যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি,
إِنَّ أَقْرَبَكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ مَنْ خَرَجَ مِنَ الدُّنْيَا كَهَيْئَةِ مَا تَرَكْتُهُ فِيهَا، وَأَنَّهُ وَاللَّهِ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ تَشَبَّتَ مِنْهَا بِشَيْءٍ غَيْرِي
"তোমাদের মধ্যে যারা ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে যে-অবস্থায় আমি তাদের রেখে গিয়েছিলাম, তারা কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে বসবে। আল্লাহর কসম! আমি ব্যতীত তোমাদের প্রত্যেকেই দুনিয়াবি কোনো-না-কোনো বিষয়ের সঙ্গে জড়িত থাকবে।"
প্রসিদ্ধ পোশাক ও বাহনের ব্যাপারে সতর্কবাণী
[২৩৮] শাহর বিন হাওশাব—রাহিমাহুল্লাহ—বলেন, আবু যর গিফারি—রাদিয়াল্লাহু আনহু—বলেছেন, "কেউ প্রসিদ্ধ পোশাক পরিধান করলে বা প্রসিদ্ধ বাহনে আরোহণ করলে, যতোক্ষণ সে ওই অবস্থায় থাকে, আল্লাহ তাআলা তার থেকে মুখ ফিরিয়ে নেন, যদিও সে সম্মানিত হয়।"
যার যতো সম্পদ সে ততো কঠিন হিসাবের মুখোমুখি হবে
[২৩৯] ইবরাহিম আত-তাইমি—রাহিমাহুল্লাহ—তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আবু যর গিফারি—রাদিয়াল্লাহু আনহু—বলেছেন, "দুই দিরহামের মালিক এক দিরহামের মালিকের চেয়ে কঠিন হিসাবের মুখোমুখি হবে।"
অবশেষে তিনি রাবাযায় চলে গেলেন
[২৪০] শাহর বিন হাওশাব—রাহিমাহুল্লাহ—বলেন, মুআবিয়া—রাদিয়াল্লাহু আনহু—উসমান বিন আফ্ফান—রাদিয়াল্লাহু আনহু-এর কাছে চিঠি লিখে জানালেন: "সিরিয়ায় যদি আপনার কোনো প্রয়োজন থাকে তবে আবু যরকে আপনার কাছে ফিরিয়ে নিন।" এই সংবাদ শুনে আবুদ দারদা—রাদিয়াল্লাহু আনহু-বললেন, "আবু যর যদি আমার পিঠে আঘাত করে এবং আমার দুই হাত কেটে দেন, তাহলেও আমি তার প্রতি ক্ষুব্ধ হবো না। কারণ, আমি রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি:
مَا أَظَلَّتِ الخَضْرَاءُ وَلَا أَقَلَّتِ الْغَبْرَاءُ لِذِي لَهْجَةٍ أَصْدَقَ مِنْ أَبِي ذَرٍّ
"আবু যরের চেয়ে সত্যবাদী কোনো ভাষাধারীকে পৃথিবীর বৃক্ষরাশি ছায়া দেয়নি এবং পৃথিবীর ভূমি বহন করেনি।” কেউ যদি দুনিয়ার বুকে দুনিয়াবিমুখ কোনো সাধারণ মানুষকে দেখে আনন্দ পেতে চায় সে যেনো আবু যরের দিকে তাকায়। আবু যর-রাদিয়াল্লাহু আনহু-উসমান বিন আফফান-রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এলেন। উসমান-রাদিয়াল্লাহু আনহু-তাঁকে বললেন, "হে আবু যর, আপনি আমাদের কাছে থাকুন। সকাল ও সন্ধ্যায় আপনার জন্য উষ্ট্রীর দুধ পাঠিয়ে দেবো।" আবু যর-রাদিয়াল্লাহু আনহু-বললেন, "তাতে আমার কোনো প্রয়োজন নেই। রাবাযায় আমার একটি ঘর আছে। আমাকে ওখানে চলে যেতে দিন।” ফলে উসমান-রাদিয়াল্লাহু আনহু-তাঁকে অনুমতি দিলেন।
শিরক ছাড়া যে-কোনো পাপ ক্ষমাযোগ্য
[২৪১] মা'রুর-রাহিমাহুল্লাহ-বলেন, আবু যর গিফারি-রাদিয়াল্লাহু আনহু-বলেছেন, "আল্লাহ তাআলা বলেন, হে আদমের সন্তান, তুমি যদি দুনিয়া পরিমাণ পাপ নিয়েও আমার সঙ্গে মিলিত হও এবং আমার সঙ্গে কোনোকিছুকে শরীক করে না থাকো, তবে আমি সমপরিমাণ হেদায়েত নিয়ে তোমার সঙ্গে মিলিত হবো।" (এখানে আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার অর্থ তওবা করে আল্লাহ কাছে ফিরে যাওয়া।)
জমি গ্রহণের তাঁর কোনো প্রয়োজন নেই
[২৪২] ইবরাহিম আত-তাইমি-রাহিমাহুল্লাহ-তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আবু যর গিফারি-রাদিয়াল্লাহু আনহু-কে বলা হলো, "আপনি কি কোনো জমি গ্রহণ করবেন না, যেমন অমুক অমুক গ্রহণ করেছে?” তিনি জবাব দিলেন, “আমি আমীর হয়ে কী করবো?” প্রতিদিন আমার জন্য যা যথেষ্ট তা হলো সামান্য পানি বা দুধ আর জুমআর দিনে এক কফীয গম।”
তিনি সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ছিলেন
[২৪৩] সুফয়ান সাওরি-রাহিমাহুল্লাহ-বলেন, ঈসা ইবনে মারয়াম-আলাইহিস সালাম-এর সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ছিলেন আবু যর গিফারি-রাদিয়াল্লাহু আনহু-।
মানুষের সামনে দুরতিক্রম্য বাধার পাহাড় রয়েছে
[২৪৪] আওফ বিন মালিক আল-আশযায়ি-রাদিয়াল্লাহু আনহু-বলেন, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে, উম্মে যর আবু যর গিফারিকে তাদের জীবনযাপনের ব্যাপারে তিরস্কার করলেন। তখন আবু যর গিফারি-রাদিয়াল্লাহু আনহু-তাঁকে বললেন, “হে উম্মে যর, আমাদের সামনে বাধার দুরতিক্রম্য পাহাড় রয়েছে। ভারী শরীরের অধিকারীর চেয়ে পাতলা শরীরের অধিকারী তা সহজে পেরিয়ে যাবে।” (ভারী শরীরের অধিকারী বলতে ভোগ-বিলাসী বোঝানো হয়েছে।)
তিনি মানুষের কল্যাণকামী, তাদের প্রতি দয়ার্দ্রচিত্ত
[২৪৫] উবায়দুল্লাহ বিন মুহাম্মদ-রাহিমাহুল্লাহ-তাঁর এক শায়খ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু-বলেছেন, “হে লোকসকল, আমি তোমাদের কল্যাণ কামনাকারী, তোমাদের জন্য দয়ার্দ্রচিত্ত; তোমরা কবরের নিঃসঙ্গতা থেকে বাঁচার জন্য রাতের অন্ধকারে নামায আদায় করো; পুনরুত্থান-দিবসের উত্তাপ থেকে বাঁচার জন্য দুনিয়াতে রোযা রাখো; কঠিন দিবসের ভয় থেকে বাঁচার জন্য দান-সাদকা করো। হে লোকসকল, আমি তোমাদের কল্যাণকামী, তোমাদের জন্য দয়ার্দ্রচিত্ত।"
টিকাঃ
৩৫. সূরা তালাক (৬৫) : আয়াত ৩।
৩৬. ইবনে মাজাহ: ৪২২০, মুসনাদে আহমাদ: ২১১৫১, সনদ যঈফ, কারণ, আবুস সালী হাদীসটি সরাসরি আবু যর গিফারি থেকে বর্ণনা করেন, অথচ তিনি তার দেখা পাননি, ফলে সনদে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে। (সম্পাদক)
৩৭. মুসনাদে আহমাদ: ২১৩৮৪ এর সনদ সহীহ। (সম্পাদক)
৩৮. শুআবুল ঈমান, বায়হাকী ৯৯২০; মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৩২২৬৮
৩৯. তিরমিজি: ৩৮০১; মুসনাদে আহমাদ: ৭০৭৮; সনদ হাসান
৪০. কফীয: প্রাচীনকালের একটি পরিমাপ। বিভিন্ন দেশে এর পরিমাণ ভিন্ন ভিন্ন। মিসরে বর্তমানে এক কফীয বলতে ১৬ কেজি বোঝায়।
📄 ইমরান বিন হুসাইন—রাদিয়াল্লাহু আনহু-এর চোখে দুনিয়া
আল্লাহর প্রিয় বিষয়ই তাঁর কাছে প্রিয়
[২৪৬] মুতাররিফ-রাহিমাহুল্লাহ-বলেন, আমি ইমরান বিন হুসাইন-রাদিয়াল্লাহু আনহু-কে বললাম, আপনাকে যে-অবস্থায় দেখি তা আমাকে আপনার সাক্ষাতে আসতে বাধা দেয়। তিনি বললেন, "তুমি তা কোরো না। কারণ, আল্লাহ তাআলার কাছে যা প্রিয় তা-ই আমার কাছে প্রিয়।"
মৃত্যুর আগে ফেরেশতাগণের সালাম
[২৪৭] মুতাররিফ-রাহিমাহুল্লাহ বলেন, ইমরান বিন হুসাইন-রাদিয়াল্লাহু আনহু-বলেছেন, "আমি অনুভব করলাম যে কেউ একজন আমাকে সালাম দিচ্ছেন। কিন্তু যখন আমি সেক নিলাম, সালামের ব্যাপারটা বন্ধ হয়ে গেলো।" আমি তাঁকে জিজ্ঞেস করলাম, "আপনার ওপর সালাম আসে কি আপনার মাথার দিক থেকে, না পায়ের দিক থেকে?” তিনি বললেন, "না, পায়ের দিক থেকে নয়, মাথার দিক থেকে।" আমি বললাম, "আমি জানি না, আপনার মৃত্যুর আগে সালামের ব্যাপারটির পুনরাবৃত্তি ঘটে কি না।" পরে একদিন তিনি আমাকে বললেন, "আমি অনুভব করছি যে, আবারও আমাকে সালাম দেওয়া হচ্ছে।" এরপর তিনি কিছুদিন বেঁচে ছিলেন, তারপর মৃত্যুবরণ করেন।
ছাই হওয়ার আকাঙ্শা
[২৪৮] কাতাদা-রাহিমাহুল্লাহ বলেন, ইমরান বিন হুসাইন-রাদিয়াল্লাহু আনহু-বলেছেন, "হায়, আমি যদি ছাই হতাম, বাতাস আমাকে উড়িয়ে নিয়ে যেতো।"
তিনি ছিলেন বসরার শ্রেষ্ঠ মানুষ
[২৪৯] হাসান বসরি-রাহিমাহুল্লাহ-বলেন, “ইমরান বিন হুসাইন-রাদিয়াল্লাহু আনহু-এর মতো লোক বসরায় বসবাস করেননি।"
ডান হাত দ্বারা কখনো লজ্জাস্থান স্পর্শ করেননি
[২৫০] হাকাম বিন আ'রাজ-রাহিমাহুল্লাহ-বলেন, ইমরান বিন হুসাইন-রাদিয়াল্লাহু আনহু-বলেছেন “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাতে বাইআত গ্রহণ করার পর থেকে এখনো পর্যন্ত ডান হাত দ্বারা আমার লজ্জাস্থান স্পর্শ করিনি।"
নিঃসঙ্গ ব্যক্তিরা আল্লাহর প্রিয়
[২৫১] ইবনে আবু মুলাইকাহ-রাহিমাহুল্লাহ-থেকে বর্ণিত, আবদুল্লাহ বিন আমর-রাদিয়াল্লাহু আনহু-বলেছেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন: أَحَبُّ شَيْءٍ إِلَى اللَّهِ الْغُرَبَاءُ قِيلَ: وَمَنِ الْغُرَبَاءُ؟ قَالَ: الْفَرَّارُونَ بِدِينِهِمْ؛ يَبْعَثُهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ مَعَ عِيسَى ابْنِ مَرْيَمَ عَلَيْهِ السَّلَامُ “আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো অপরিচিত নিঃসঙ্গরা।” জিজ্ঞেস করা হলো, “অপরিচিত নিঃসঙ্গ কারা?” তিনি বললেন, “যারা তাদের দীন নিয়ে পালিয়ে বেড়ায়। আল্লাহ তাআলা তাদের কিয়ামতের দিন ঈসা ইবনে মারইয়াম-আলাইহিস সালাম-এর সঙ্গে উত্থিত করবেন।”
সুফিয়ান বিন ওয়াকি বলেন, "আমি আশা করি যে, আহমদ বিন হাম্বল-রাহিমাহুল্লাহ-এই সকল লোকের অন্তর্ভুক্ত হবেন।"
যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাদের স্মরণ করেন
[২৫২] মুজাহিদ-রাহিমাহুল্লাহ-বলেন, আবদুল্লাহ বিন আমর-রাদিয়াল্লাহু আনহু-বলেছেন, “কোনো মজলিসে যদি আল্লাহ তাআলার যিকির করা হয় তবে আল্লাহ তাআলা তাদেরকে তাদের চেয়েও সম্মানিত ও মর্যাদাবান এক মজলিসে স্মরণ করেন। কোনো মজলিসের লোকেরা যদি আল্লাহ তাআলার নাম যিকির না করেহি ওই মজলিস ত্যাগ করে, তা কিয়ামতের দিন তাদের জন্য দুঃখের কারণ হবে।"
বিনয়ের জন্য দরিদ্র
[২৫৩] আমর বিন মুররাহ-রাহিমাহুল্লাহ-তাঁর এক শায়খ থেকে বর্ণনা করেন, আবুদ দারদা -রাদিয়াল্লাহু আনহু-বলেছেন, "মহান রবের প্রতি বিনীত হওয়ার উদ্দেশ্যে আমি দারিদ্রতা পছন্দ করি। আমার মহান রবের সঙ্গে মিলিত হওয়ার বাসনায় আমি মৃত্যু পছন্দ করি। আমার পাপসমূহের প্রায়শ্চিত্ত করার জন্য আমি অসুস্থতা ভালোবাসি।"
মিথ্যা পাপাচারের দিকে টেনে নেয়
[২৫৪] মালেক বিন আনাস -রাহিমাহুল্লাহ-থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ -রাদিয়াল্লাহু আনহু-বলতেন, "তোমরা সত্য কথা বলবে। কারণ, তা সততার পথ দেখায়। আর সততা জান্নাতে নিয়ে যায়। তোমরা মিথ্যা থেকে দূরে থাকবে। কারণ, মিথ্যা পাপাচারের দিকে টেনে নেয়। আর পাপাচার জাহান্নামে টেনে নেয়।” তিনি আরও বলতেন, “যে-ব্যক্তি সত্য কথা বললো সে সৎকাজ করলো আর যে-ব্যক্তি মিথ্যা কথা বললো সে পাপাচার করলো।"
টিকাঃ
৪১. আবু নুআঈমের হিলয়াতুল আউলিয়াতে এটি উল্লেখিত হয়েছে ইমাম আহমদের সনদে (১/২৫) হাদীসটির সনদ যঈফ। কারণ, এতে সুফিয়ান ইবনে ওকী নামে একজন দুর্বল বর্ণনাকারী রয়েছেন। (সম্পাদক)