📄 মানুষের উপর বদনজর
এটা যে কোন মানুষের দ্বারা হতে পারে। নিকটতম প্রিয় মানুষের দ্বারাও হতে পারে কিংবা শত্রুর দ্বারাও হতে পারে। যেমন, আপনি রাস্তায় পায়চারী করতে বের হয়েছেন। তখন কেউ আপনাকে দেখে বললো যে, আপনি তো অনেক মোটা হয়ে গেছেন। এই কথার দ্বারা আপনার শরীরে বদনজর লাগতে পারে।
আবার আপনি সামাজিক কোন অনুষ্ঠানে বা কোথাও মানুষের সামনে খেতে বসলেন; তখন আপনার খাওয়া দেখে আশ্চর্য হয়ে কেউ বলেই ফেললো, আপনি তো অনেক খেতে পারেন। নজর লাগার এটাও একটা কারণ।
অথবা আপনি কোথাও যাবেন এজন্য পরিপাটি করে সাজগোজ করলেন; তখন আপনার ভাই বা বোন বা অন্যকেউ আপনাকে বললো যে, দারুন লাগছে তোমাকে! এখানেও নজর লেগে যেতে পারে। এখানে একটি বিষয় লক্ষণীয় তা হলো, মন্দ বাক্য দ্বারা নয়, প্রশংসা বা ভালো বাক্যই বদনজর লাগার কারণ।
সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যে, নিজের বদনজর নিজের উপর লাগা! যেমন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে পোষাক পড়ছেন, তখন নিজেকে দেখে বললেন বাহ! আমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে! এখানেও নজর লেগে যেতে পারে। আপনি একাকী নির্জনে নিজের দৈহিক পরিবর্তন দেখে মনের অজান্তেই নিজের প্রশংসা করে ফেললেন। এখানেও নজর লাগার আশংকা রয়েছে। শিশু বা ছোট বাচ্চাদের ব্যাপারও এর ব্যতিক্রম নয়। বদনজরের শিকার! গড়পরতায় সাধারণত শিশুরাই বেশি হয়। এজন্য অভিভাবকগণের শিশুদের ব্যাপারে খেয়াল রাখা জরুরী। এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, বদনজর মানুষের থেকে মানুষের লাগবে শুধু এমনটি নয়! বরং জিনের বদনজরও মানুষের লাগতে পারে; যা একটি বাস্তবিক ব্যাপার। আর একটি ব্যাপার তা হলো হিংসা। হিংসা আর বদনজর এক না হলেও কাছাকাছি। কারণ যারা বদনজর দেয়, তাদের দৃষ্টিতে হিংসা মিশ্রিত থাকে, আর সব হিংসুকই বদনজরকারী নয়। যা আমরা আলোচনা করবো। আল্লামা হাফিজ ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ বলেন, “বদনজর হলো হিংসুকের দৃষ্টি থেকে নিক্ষেপ করা একটি তীর, যা কখনো লক্ষভেদ হয় কখনো হয় না,”।
টিকাঃ
[৩১] যাদুল মাআদ,৪/১৭০
📄 বস্তু বা জ্বিনিসের উপর বদনজর
নিজের ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষেত খামার, গবাদিপশু এমননি সহায় সম্পত্তির উপরও নজর লাগতে পারে। এ ব্যাপারে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর একটি প্রাসঙ্গিক হাদীস আছে। হাদীসটি মুসতাদরাক আল হাকেমে বর্ণিত হয়েছে।
ইবনে আব্বাস (রাযি.) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "বদনযর সত্য। এমনকি তা পাহাড়কে নিচে নামিয়ে আনতে পারে।"
টিকাঃ
[৩২] মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৭৪৯৮
عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْعَيْنُ حَقٌّ تَسْتَنْزِلُ الْحَالِقَ»