📘 রুকইয়াহ > 📄 রুকইয়ার অডিও নিয়ে জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর

📄 রুকইয়ার অডিও নিয়ে জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর


সাধারণত রুকইয়ার অডিও বা অডিও রুকইয়াহ বলতে সেসব রেকর্ডিংকে বোঝানো হয়, যাতে সাধারণভাবে ব্যবহৃত রুকইয়ার আয়াত এবং দুআ থাকে।
তবে ব্যাপারটা এমন না যে, আমরা মুসলমানরাই শুধু শরঈ রুকইয়ার অডিও শুনি; বরং অন্যান্য ধর্মের লোকেরাও এক্সোর্সিজমের অডিও ব্যবহার করে।
যেমন: বিখ্যাত একটি ডিসি কমিকসে একজনকে অডিও টেপ দিয়ে সেলফ-এক্সোর্সিজম করতে দেখা যায়, কিন্তু শক্তপোক্ত জিনের সমস্যা বিধায় নিজে নিজে করা রুকইয়াহ যথেষ্ট হয় না। এতো গেল খ্রিষ্টানদের গল্প। অনেকে ইউটিউব থেকে রুকইয়াহ শোনে, ইউটিউবেও বহু কিসিমের রুকইয়াহ আছে। মুসলমানদের রুকইয়াহ যেমন আছে, শিয়া ধর্মানুসারী বা বিদআতিদের শিরকি রুকইয়াও ভুরি ভুরি আছে। আবার অর্থ উপার্জনের জন্য প্রস্তুতকৃত আকর্ষণীয় শিরোনামের অনর্থক অডিওর অভাব নেই। অধিকাংশ মানুষ যেহেতু এত সব পার্থক্য বোঝে না, তাই আমরা কোনো বিজ্ঞ ব্যক্তিকে দিয়ে যাচাই না করিয়ে ইউটিউব থেকে ইচ্ছেমত রুকইয়াহ শোনার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করে থাকি।
রুকইয়ার অডিও নিয়ে প্রায়শ জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর:

১. রুকইয়ার জন্য রুকইয়ার অডিও শোনাই কি যথেষ্ট?
- না, অডিও হচ্ছে রুকইয়ার একটা সাপ্লিমেন্ট মাত্র; এটাই সব নয়। বরং পাগলের মতো শুধু অডিও শুনতে থাকলে ফায়দা কম এবং কষ্ট অনেক বেশি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, কেউ যদি নিজে তিলাওয়াত করতে পারে, তাহলে অডিও না শুনে নিজে পড়াটাই উত্তম। তিলাওয়াত করলে সোনার চেয়ে অনেক বেশি উপকার হয়।

২. তাহলে রুকইয়াহ অডিও কেন দরকার?
- ক্ষেত্র বিশেষে অডিওর বিকল্প নেই। যেমন: মেয়েদের পিরিয়ডের সময়; তখন তারা নিজেরা তিলাওয়াত করতে পারবে না। অন্য কেউ প্রতিদিন রুকইয়াহ করবে, এমন মানুষ খুঁজে পাওয়াও তো মুশকিল ব্যাপার। তাই বাধ্য হয়েই এমন ক্ষেত্রে সেরা অপশন হচ্ছে রুকইয়ার অডিও। অনেকের কোরআন তিলাওয়াত একদমই শুদ্ধ না। তারা রুকইয়ার জন্য নিশ্চিন্তে রুকইয়ার অডিও ব্যবহার করতে পারেন।
এছাড়া সবসময় তিলাওয়াত করা সম্ভবও হয় না। যেমন: কেউ গাড়িতে করে সফরে যাচ্ছে, অথবা সারাদিন চাকরিতে সময় দিতে হচ্ছে। তার রুকইয়াহ করা দরকার প্রতিদিন ৩ ঘণ্টা। এক্ষেত্রে সময়ের সদ্ব্যবহার করতে চাইলে তার জন্য অডিওর বিকল্প নেই। ঘুমের সমস্যায় ঘুমের আগে এক ঘণ্টা ধরে লাইট জ্বালিয়ে সূরা ইয়াসীন, সফফাত, দুখান, জিন তিলাওয়াত করা বেশির ভাগ মানুষের পক্ষেই সম্ভব না; তাই এক্ষেত্রেও অপশন হচ্ছে অডিও। কোন অমুসলিমের রুকইয়াহ করানো দরকার, কিন্তু সহায়তার জন্য কোন মুসলমানকে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রেও অডিওর সহায়তা নেয়া যায়। অনেক সময় জিনের সমস্যার জন্য নিজে নিজে রুকইয়াহ করার প্রয়োজন পড়ে। তখন দেখা যায় শয়তান গলা চেপে ধরে বাঁধা দেয়ার চেষ্টা করে। এক্ষেত্রে অডিও চালু করে দিয়ে রুকইয়াহ করা যায়। মোটকথা, রুকইয়ার অডিও বিভিন্ন সময়ে আমাদের প্রয়োজন পড়ে এবং বলা যায়, এটি আমাদের জন্য আল্লাহর রহমত।
লক্ষণীয়: ড্রাইভিং অথবা এমন ঝুঁকিপূর্ণ কাজ করার সময় রুকইয়াহ শোনা উচিত না।

৩. অডিও তিলাওয়াত শোনা বিদআত হবে কি?
কখনোই নয়। অজ্ঞতার কারণে কেউ হয়তো এটাকে বিদআত বলে দিতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে, রুকইয়াহ বিষয়ে তাদের না যথেষ্ট ধারণা আছে, আর না তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীস সম্পর্কে জ্ঞান রাখে। একটু বিস্তারিত বলা যাক।
প্রথম বিষয়, এটা নামায-রোজা ইত্যাদির মতো নিরেট ইবাদাত (ইবাদাতে মাখসুসাহ) কিসিমের কিছু নয়। এটা একটা চিকিৎসা পদ্ধতি। সুতরাং অন্যান্য চিকিৎসার মতো এক্ষেত্রেও শরীয়তের নির্ধারিত সীমা লঙ্ঘন না হলে এটা বৈধ হিসেবে বিবেচিত হবে।
এ ব্যাপারে মূলনীতি পাওয়া যায় দু'টি হাদীসে-
"আওফ ইবনু মালিক আল-আশজায়ী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জাহিলিয়াতের সময়েও রুকইয়াহ করতাম। তাই এ ব্যাপারে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললাম, ইয়া রাসূলুল্লাহ! আপনি এ বিষয়টা কীভাবে দেখেন? তখন তিনি বললেন, তোমাদের ঝাড়ফুঁকগুলো আমাকে দেখাও; রুকইয়াতে যদি শিরক না থাকে তাহলে কোনো সমস্যা নেই।" ৪৬
“আবূ দারদা রা. থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ রোগ এবং ঔষধ নাযিল করেছেন। আর তিনি প্রত্যেক রোগের জন্য ঔষধ সৃষ্টি করেছেন। তাই তোমরা ঔষধ ব্যবহার করবে, তবে হারাম বস্তুর ঔষধ ব্যবহার করবে না।” ৪৭
সুতরাং এ ব্যাপারে মানদণ্ড হচ্ছে হারাম অথবা শিরকি কোনো কিছু না থাকা। শিরক না থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের মন্ত্র দিয়েও রুকইয়ার অনুমতি দিয়েছেন। আর এটা তো সরাসরি কুরআনুল কারীম! সুতরাং রুকইয়াতে কোন সমস্যা নেই, যদি তাতে শিরক না থাকে, এটা হোক অডিও কিংবা প্রত্যক্ষ কোনো মাধ্যম। তবে হ্যাঁ, এর পাশাপাশি উলামায়ে কিরাম ঝাড়ফুঁক বৈধ হওয়ার জন্য যে শর্তগুলো বলেছেন, সেগুলোর প্রতি পুরোপুরি খেয়াল রাখা আবশ্যক। যেমন: কোনো কুফর- শিরকের সংমিশ্রণ না থাকা। বাক্যগুলো এমন স্পষ্ট হওয়া, যার অর্থ বোধগম্য। আর এই বিশ্বাস থাকা যে, ঝাড়ফুঁকের নিজস্ব কোনো প্রভাব নেই, আরোগ্য কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। ইমাম সুয়ূতী রহ., ইমাম নববী রহ. এবং ইবনু হাজার রহ. এ ব্যাপারে উম্মতের ইজমা উদ্ধৃত করেছেন।
দ্বিতীয়ত: আমরা প্রথম অধ্যায়ে দীর্ঘ হাদীস উল্লেখ করেছি, যেখানে আমরা দেখেছি, সাহাবায়ে কিরাম রা. ঝাড়ফুঁক করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবগতির প্রত্যুত্তরে হেসে বলেছেন, 'তুমি কিভাবে জানলে সূরা ফাতিহা একটি রুকইয়াহ!' ৪৮ এছাড়া এই হাদীসটিও লক্ষণীয়:
"আয়িশা রা. থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরে প্রবেশ করলেন। তখন এক মহিলার চিকিৎসা বা ঝাড়ফুঁক করা হচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'কুরআন দ্বারা তার চিকিৎসা করো।” ৪৯
এ থেকেও বোঝা যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকইয়াকে বিশেষ কিছু পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ করে দেননি; বরং তিনি মূলনীতি বলে গিয়েছেন। আর কুরআন দ্বারা রুকইয়াহ করতে উৎসাহিত করেছেন। সাহাবায়ে কিরামও সে অনুযায়ী রুকইয়াহ করেছেন, সন্দেহ লাগলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে নিশ্চিত হয়েছেন।
সুতরাং যেহেতু রুকইয়ার অডিও শরীয়তের মূলনীতি লঙ্ঘন করছে না, অতএব এটা বৈধ।
তৃতীয়ত: কুরআন তিলাওয়াত করা হচ্ছে সর্বোত্তম ইবাদাতগুলোর একটি। ৫০ আর আল্লাহ তাআলা নিজে কুরআন মনোযোগ দিয়ে শুনতে নির্দেশ দিয়েছেন। এছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.-এর হাদীসটি উল্লেখযোগ্য:
“আব্দুল্লাহ রা. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উদ্দেশে বললেন, আমাকে কুরআন পড়ে শোনাও। তিনি বললেন, আপনার ওপরই তো কুরআন নাজিল হয়েছে, আর আমি কিনা আপনাকেই তিলাওয়াত করে শোনাবো! তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আমি অন্যের থেকে তিলাওয়াত শুনতে পছন্দ করি।” ৫১
সুতরাং এ থেকে বুঝতে পারছি, কুরআন শোনাও একটি উত্তম আমল। কিন্তু বিজ্ঞ উলামায়ে কিরাম কখনোই বলেন না, ইলেকট্রনিক ডিভাইসে কুরআন শোনা বিদআত। এই একই কুরআন রুকইয়াহ হিসেবে শুনলে কোনোভাবেই বিদআত হবে না। যেখানে রুকইয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতোটা প্রশস্ততা রেখেছেন, সেখানে এটাকে সংকীর্ণ পরিধির মধ্যে সীমাবদ্ধ করার অধিকার আছে আর কার!
'আম' (ব্যাপক) বিষয়কে 'খাস' (সীমাবদ্ধ) করার অধিকার না ফিকহ কাউকে দেয়, আর না ইসলামের ভাবধারার সাথে এটা কোনো অবস্থায় মানানসই।
বিখ্যাত আরব শাইখ সালিহ আল মুনাজ্জিদ হাফিযাহুল্লাহ-কে গাড়িতে কুরআন তিলাওয়াতের অডিও শোনার বৈধতার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে তিনি বলেছেন,
'কুরআন তিলাওয়াত শোনা মুস্তাহাব'। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কুরআন তিলাওয়াত শোনা বিষয়ক কিছু হাদীস উল্লেখ করে বলেছেন –
'হে প্রশ্নকারী ভাই, একইভাবে সিডি থেকে কুরআন শোনা-যেমনটা আপনি জিজ্ঞেস করেছেন-অথবা টেপরেকর্ডার, রেডিও বা টিভি থেকে কুরআন শোনা সব একই হুকুমে পড়বে। অর্থাৎ এসবই মুস্তাহাব। সেটা বাড়িতে শুনেন, অথবা কার, বাস কিংবা উপযুক্ত যেকোনো স্থানেই শুনেন, এসব কিছুর একই বিধান। তবে তিলাওয়াত এমন সময় শোনা উচিত নয়, যখন আপনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন। আর আপনি এভাবে (অডিও বা ভিডিও থেকে) তিলাওয়াত শুনলেও সওয়াব পাবেন। আল্লাহই সর্বাধিক জ্ঞাত।” ৫২

৪. মোবাইলে কুরআন শুনলে সওয়াব হবে?
একটু আগেই আমরা শাইখ সালিহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ-এর ফাতাওয়া উল্লেখ করেছি। কুরআনের আদব ঠিক রেখে অডিও তিলাওয়াত শুনলেও সওয়াব হবে। এ ছাড়া এই হাদীসটি খেয়াল করুন-
আবু যর গিফারি রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অনেকগুলো সওয়াবের কাজ নিয়ে বলছিলেন। এক পর্যায়ে তিনি বললেন, '..আর তোমাদের নিজের স্ত্রীর সাথে সহবাস করাও সদকা।' সাহাবায়ে কিরাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, 'ইয়া রাসূলাল্লাহ, আমাদের কারও যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হলো, আর সে স্ত্রীর সাথে সহবাস করল, এতেও সওয়াব হবে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'কেন? সে যদি এই চাহিদা হারাম পন্থায় (যিনার মাধ্যমে) পূরণ করত তবে কি তার গুনাহ হতো না?' ৫০
সুতরাং মোবাইলে গান কিংবা অশ্লীল কিছু শুনলে বা দেখলে যদি গুনাহ হয়, তবে আপনি নিশ্চিত থাকুন, কুরআন তিলাওয়াত শুনলে সওয়াবও হবে ইনশাআল্লাহ!

৫. কোন অডিওটা সবচেয়ে ভালো?
নির্দিষ্ট কোন অডিওকে সেরা বলা মুশকিল, উপরন্তু সবার ক্ষেত্রে একই অডিও সমান কার্যকরী হয় না। তবে এ বিষয়ের উসূল বা মূলনীতি বলা যায় এরকম -
এক. সবচেয়ে ভালো হচ্ছে, নিজের রুকইয়ার অডিও শোনা। উদাহরণ হিসেবে বলা যায়, আপনার ওপর রুকইয়াহ করা হলো, অথবা আপনি নিজেই রুকইয়ার জন্য তিলাওয়াত করলেন, পরবর্তীতে আপনি যদি সেটার অডিও রেকর্ডটা শোনেন, তবে ইনশাআল্লাহ সবচেয়ে বেশি উপকার হবে।
দুই. রুকইয়ার অডিও হিসেবেই যেটা রেকর্ড করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, www.ruqyahbd.org ওয়েবসাইটে শেয়ার করা 'বদনজর, সিহর এবং আয়াতুল হারকের অডিওগুলো। শাইখ লুহাইদান এবং খালিদ হিবশির অডিও।' এগুলোতে অন্য অডিওর চেয়ে তুলনামূলক বেশি প্রভাব হয়।
তিন. এছাড়াও অন্যান্য সাধারণ কুরআন তিলাওয়াতের অডিও, যেগুলো রুকইয়ার নিয়তে বিশেষভাবে রেকর্ড করা হয়নি, বরং স্বাভাবিক কুরআন তিলাওয়াত হিসেবে রেকর্ড করা হয়েছে। আল্লাহর ইচ্ছায় সেগুলোতেও অনেক উপকার হবে। যেমন- সূরা তাগাবুনের অডিও, সূরা ইয়াসীন, সফফাত, দুখান, জিনের অডিও। এছাড়া সূরা বাক্কারার তিলাওয়াত অনেক শক্তিশালী রুকইয়াহ।
আল্লাহ যেন আমাদের রুকইয়ার অডিওর সদ্ব্যবহার করার তাওফীক দেন। আমীন।

টিকাঃ
৪৬. মুসলিম: ৪০৭৯। এছাড়া হাদীসটি আবূ দাউদ এবং আল-মুজামুল আওসাতেও বর্ণিত হয়েছে।
৪৭. আবূ দাউদ: ৩৮৭৪
৪৮. বুখারী: ৫৩৩৫
৪৯. ইবনু হিব্বান: ৬২৩২
৫০. শুআবুল ইমান; বাইহাকি: ১৮৬৯
৫১. বুখারী: ৪৭৬২
৫২. উৎসঃ ইসলাম কিউএ, ফাতাওয়া নং ১৪৫৯০
৫০. মুসলিম: ১৬৭৪

📘 রুকইয়াহ > 📄 রুকইয়ার গোসল

📄 রুকইয়ার গোসল


রুকইয়ার গোসল খুবই উপকারি এবং জরুরি অনুষঙ্গ। রুকইয়াহ শেষ করে রুকইয়ার গোসল করলে অনেকটা স্বস্তি পাওয়া যায়। এছাড়া জিনের রোগীর ক্ষেত্রে প্রতিদিন রুকইয়ার পর গোসল করিয়ে দিলে জিনের ওপর বেশ ধকল যায়, আর রোগী তাৎক্ষনিকভাবে ঠাণ্ডা হয়ে যায়। আর জাদু এবং বদনজরের চিকিৎসাতে তো রুকইয়ার গোসল খুবই গুরুত্বপূর্ণ। রুকইয়ার গোসলের বেশ কিছু পদ্ধতির বিবরণ হাদীস, আকাবির-আসলাফের বর্ণনা ও অন্যান্য আলিমদের থেকে পাওয়া যায়।

ক. হাদীসে নববীতে রুকইয়ার গোসল
১. বদনজর বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'ভাগ্যের চেয়েও আগে বেড়ে যায় এমন কিছু যদি থাকত তবে সেটা হতো বদনজর। যদি (বদনজরের জন্য) তোমাদের গোসল করতে বলা হয়, তবে এর জন্য গোসল করো।' ৫৪
২. আয়িশা রা. থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, যে ব্যক্তির বদনজর অন্যের ওপর লাগত, তাকে ওযু করার জন্য নির্দেশ দেওয়া হতো। এরপর ওই পানি দিয়ে সেই ব্যক্তিকে গোসল করানো হতো, যার ওপর বদনজর লেগেছে। ৫৫ এভাবে একবার গোসল করলেই সাধারণত বদনজর দূর হয়ে যায়।
৩. অন্য দুআ পড়ে পানিতে ফুঁ দিয়ে গোসল করার উদাহরণও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম থেকে পাওয়া যায়। যেমন: সাবিত ইবনু কাইস ইবনু শামমাস রা. থেকে বর্ণিত, তিনি একবার অসুস্থ ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে আসলেন। এরপর এই দুআটি পড়লেন:
اكْشِفِ الْبَاسَ رَبَّ النَّاسِ (হে মানুষের প্রভু, রোগমুক্ত করুন) এরপর একটি পাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনার বাত্বহান প্রান্তরের এক মুঠ মাটি রাখলেন, এরপর সেখানে পানি ঢাললেন এবং তাতে ফুঁ দিলেন। তারপর ওই পানি তার (সাবিত রা.-এর) ওপর ঢেলে দেওয়া হলো। ৫৬
বিন বায রহ. রুকইয়ার গোসলের নিয়ম বর্ণনা করার সময় উপরিউক্ত হাদীসটি উল্লেখ করেছেন দলিল হিসেবে।

খ. বিভিন্ন যুগের আলিমদের মতে রুকইয়ার গোসল
১. জাদুর চিকিৎসায় রুকইয়ার বিখ্যাত গোসল হচ্ছে, বরই পাতা বেটে পানিতে মিশ্রিত করা, এরপর কিছু দুআ পড়ে পানিতে ফুঁ দিয়ে সেটা খাওয়া এবং গোসল করা। পূর্ববর্তী আলিমদের অনেক বর্ণনাতে এই গোসলের কথা পাওয়া যায়। তবে এই গোসলের সময় পড়ার দুআগুলো কী হবে—সে বিষয়ে একাধিক মত রয়েছে। ইমাম কুরতুবী রহ. জাদুর চিকিৎসা বর্ণনা করতে গিয়ে এই গোসলে শুধু আয়াতুল কুরসী পড়তে বলেছেন। আর ইবনু কাসীর রহ. সূরা ফালাক, সূরা নাস পড়ার প্রতি গুরুত্বারোপ করেছেন। ৫৭
২. ওয়াহাব ইবনুল মুনাব্বিহ রহ. থেকে গোসলের নিয়মটি বর্ণিত আছে এরকমভাবে: সাতটি বরইয়ের পাতা পিষে পানিতে ঢেলে নাড়তে থাকুন এবং আয়াতুল কুরসী, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে পড়ে ফুঁ দিতে থাকুন। এরপর সেই পানি তিন ঢোক পান করুন এবং বাকিটা দিয়ে গোসল করুন। ৫৮
শাইখ ওয়াহিদ বিন আবদুস সালামও এভাবেই বলেছেন। তবে এর সাথে আরও বলেছেন, 'সেই পানি গরম করবে না বা সেখানে অন্য পানি মেশাবে না। আশা করা যায়, প্রথম গোসলেই জাদু নষ্ট হয়ে যাবে। আর এভাবে কয়েকদিন গোসল করলে ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে উঠবে।' ৫৯
৩. শাইখ আব্দুল আযীয বিন বায রহ. এই বরই পাতার গোসলের নিয়ম বর্ণনা করেছেন শাইখ আবদুর রহমান বিন হাসানের ফাতহুল মাজীদ গ্রন্থ থেকে, তবে সেখানে পানিতে বরই পাতা গুলিয়ে অনেক কিছু পড়তে বলা হয়েছে। যথা:
১. সূরা ফাতিহা ২. আয়াতুল কুরসী ৩. সূরা আরাফের ১০৬-১২২ নং আয়াত ৪. সূরা ইউনুসের ৭৯-৮২ নং আয়াত ৫. সূরা ত্বহা এর ৬৫-৬৯ নং আয়াত ৬. সূরা কাফিরুন ৭. সূরা ইখলাস [৩বার] ৮. সূরা ফালাক [৩বার] ৯. সূরা নাস [৩বার]
সাথে কিছু দুআ যেমন-
১০. 'আল্লাহুম্মা রব্বান নাস, আযহিবিল বা'স। ওয়াশফি, আনতাশ শাফি। লা শিফাআ ইল্লা শিফাউক। শিফাআন লা ইয়ুগা-দিরু সাকামা।' [৩বার]
১১. 'বিসমিল্লাহি আরক্কীক মিন কুল্লি শাইয়িন ইয়ু'যীক। মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন; আল্লাহু ইয়াশফীক। বিসমিল্লাহি আরক্বীক।' [৩ বার]
সেই ফাতাওয়াতে বিন বায রহ. অবশ্য একটি সহজ নিয়মের কথাও বলেছেন- জাদুতে আক্রান্ত রোগীর ওপর অথবা কোনো একটি পাত্রে পানি নিয়ে 'উপরে উল্লিখিত' আয়াত এবং দুআ সমূহ পড়ে ফুঁ দেবে। এরপর জাদুতে আক্রান্ত ব্যক্তি সে পানি পান করবে, আর অবশিষ্ট পানি দিয়ে গোসল করবে। প্রয়োজন মতো এক বা একাধিকবার এরকম করলে আল্লাহর ইচ্ছায় রোগী আরোগ্য লাভ করবে। ৬০

গ. আমরা আরও যেসব গোসলের পরামর্শ দিই
১. জাদুর সাধারণ রুকইয়াহ (এটি মূলত শাইখ ওয়াহিদ আব্দুস সালামের একটি পদ্ধতি এবং বিন বায রহ.-এর পদ্ধতির সারসংক্ষেপ)
'...একটি বোতলে পানি নিন, এরপর ক. সূরা আরাফ: ১১৭-১২২ খ. সূরা ইউনুস: ৮১-৮২ গ. সূরা ত্বহা: ৬৯ নম্বর আয়াত ঘ. সূরা ফালাক, সূরা নাস সব তিন বার করে পড়ে পানিতে ফুঁ দিন।
এই পানি দুই বেলা খাবেন, আর প্রতিদিন গোসলের পানিতে মিশিয়ে গোসল করবেন।' ৬১
তবে এভাবে একবারে বোতলে না পড়ে যদি প্রতি বার খাওয়া বা গোসলের পানিতে আয়াতগুলো পড়ে ফুঁ দেওয়া হয় তবে সেটা আরও উত্তম।
২. বদনজরের রুকইয়ার গোসল
'একটা বালতিতে পানি নিয়ে তাতে দুই হাত ডুবিয়ে যেকোনো দরুদ শরীফ, সূরা ফাতিহা, আয়াতুল কুরসী, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস শেষে আবার কোনো দরুদ শরীফ—সব ৭বার করে পড়া, এরপর এই পানি দিয়ে গোসল করা।'
এটা মুম্বাইয়ের মুফতী জুনাইদ সাহেবের লেকচার থেকে নেওয়া। তবে যদিও সাধারণত এটা বদনজরের রোগীকে করতে বলা হলেও জাদু ও জিনের রোগীর জন্যও এটা অনেক উপকারি।
তবে খেয়াল করার বিষয় হচ্ছে, এসব গোসলের হুবহু নিয়ম হাদীস থেকে নেওয়া নয়; বরং হাদীস থেকে মূলনীতি গ্রহণ করে আলিমদের অভিজ্ঞতালব্ধ গবেষণা থেকে উদ্ধৃত। তাই সময় কম থাকলে সংক্ষেপ করে সাত বারের জায়গায় তিন বার পড়তে পারে, দুরুদ শরীফ চাইলে এক বারও পড়তে পারে। চাইলে সূরা কাফিরুন বাদ দেওয়া যায়। চাইলে এসবের সাথে আরও কিছু দুআ এবং আয়াত পড়া যায়। আর পানিতে হাত ডুবিয়ে বসে থাকার সুযোগ না পাওয়া গেলে পড়ার পর পানিতে ফুঁ দিয়ে গোসল করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। বরই পাতার গোসলের ক্ষেত্রে ওই পানি খেতে না পারলে আলাদা গ্লাসে বিশুদ্ধ পানি নিয়ে সেখানে ফু দিয়ে পান করা যেতে পারে।
এখানে মূলনীতি হচ্ছে, যা সরাসরি হাদীস থেকে নেয়া হবে, সেটা হুবহু ওই সংখ্যাতেই বা ওই পরিমাণেই করতে হবে। আর যদি এটা ইজতিহাদ হয় তবে অভিজ্ঞ কাউকে জিজ্ঞেস করে সংখ্যা (এক, তিন, সাত এরকম) কমবেশি করতে পারেন। এ ক্ষেত্রে বেশি পড়লে বেশি ফায়দা, কম পড়লে কম। তবে আপনার জন্য সর্বনিম্ন কতটুকু পড়া উচিৎ, এ বিষয়ে অভিজ্ঞ কারও সাথে কথা বলে নেওয়া ভালো। উল্লেখ্য, রুকইয়ার গোসলের জন্য পানি স্বাভাবিক ঠাণ্ডা হওয়াই উত্তম, তবে একান্ত প্রয়োজন হলে গরম পানিও ব্যবহার করা যায়।
৩. এছাড়া রুকইয়ার গোসলে বাথ সল্ট ব্যবহার করা যায়।
এমনিতেই বাথ সল্ট বা গোসলের লবণের অনেক উপকারিতা রয়েছে। যেমন: ব্যথা কমানো, রক্ত সঞ্চালন বৃদ্ধি, ঘুমের সমস্যা কমানো, ত্বকের দাগ দূর হওয়া, ইত্যাদি। এছাড়াও আমরা চাইলে এটাকে রুকইয়ার গোসলে ব্যবহার করতে পারি।
গোসলটা এভাবে হতে পারে: একটি ছোট পাত্রে গরম পানি নিয়ে সেখানে এক টেবিল চামচ বাথ সল্ট এবং (সম্ভব হলে) সাতটি বরই পাতা পিষে গুলিয়ে নিন। আর সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস তিন বার করে পড়ুন এবং ফুঁ দিন। (চাইলে আরও কিছু আয়াত বা দুআ পড়তে পারেন) পড়া শেষে এটা গোসলের হালকা গরম পানিতে মিশিয়ে গোসল করে নিন।
১৫. অন্যান্য
এ ছাড়া আরও কিছু সাপ্লিমেন্টারি আছে, যেগুলো রুকইয়ার সাথে বিভিন্নভাবে ব্যবহার হয়। যেমন: Tuffle (কন্দক জাতীয় ছত্রাক), Asafoetida (হিং), Rhubarb (রেউচিনি), আপেলের সিরকা, জিরাপানি, যষ্টিমধু, কড়া সুগন্ধি অথবা আতর, গোলাপজল, জাফরান ইত্যাদি। সবগুলো এখানে উল্লেখ করা মুশকিল, আর ভালোমতো না জেনে এতকিছু ব্যবহারের দরকারও নেই। শুধু সরাসরি রুকইয়াহ করা, রুকইয়ার পানি খাওয়া আর রুকইয়ার গোসল-এতটুকুই অনেক!

টিকাঃ
৫৪. মুসলিম: ৪০৬৫
৫৫. মুসলিম
৫৬. আবূ দাউদ: ৩৮৮৫
৫৭. তাফসীরে ইবনু কাসীর: ১/৬১৯
৫৮. ফাতহুল বারী: ১০/২৩৩
৫৯. আস-সারিমুল বাত্তার: ২১৪
৬০. মাজমুউল ফাতওয়া ওয়া মাক্কালাত: ৩:৮/১৪৪৩
৬১. ওয়াক্বাইয়াতুল ইনসান: ৮৮

📘 রুকইয়াহ > 📄 রুকইয়াহ শারইয়্যাহর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা

📄 রুকইয়াহ শারইয়্যাহর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা


প্রশ্ন উঠতে পারে, এই রুকইয়াহ নিয়ে আলোচনার কী দরকার? এর পেছনে এতো সময়, পরিশ্রম আর মেধা ব্যয় করার লক্ষ্য বা উদ্দেশ্য কী? আর এতে লাভটাই বা কী?
আমাদের লক্ষ্য হচ্ছে, আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠিত করা, সমাজ থেকে কুফরী জাদু-ফিতনা নির্মূল করা, কবিরাজ নামের শয়তান জাদুকরদের থেকে উম্মাতকে দূরে রাখা এবং প্রায় ভুলে যাওয়া রুকইয়াহ শারইয়্যাহর সুন্নাতকে পনর্জীবিত করা। আর অবশ্যই এসবের পেছনে উদ্দেশ্য হচ্ছে, আমাদের রবের সন্তুষ্টি অর্জন!
এখানে ইবনুল কায়্যিম রহ.-এর কথাটি বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি বলেন—
‘আল কুরআন হচ্ছে পরিপূর্ণ চিকিৎসা। মানসিক কিংবা শারীরিক; দুনিয়ার কিংবা আখিরাতের যাবতীয় রোগব্যাধির জন্য কুরআনে রয়েছে পরিপূর্ণ আরোগ্য।
তবে এ থেকে নিরাময় লাভের তাওফীক সবাইকে দেওয়া হয় না; সবাই এর উপযুক্তও নয়। রোগী সততা, আস্থা, পূর্ণ গ্রহণযোগ্যতা, অকাট্য বিশ্বাস এবং চিকিৎসার যাবতীয় শর্ত পূরণের মাধ্যমে যদি এই কুরআনকে কেউ তার রোগের ওপর উত্তমভাবে প্রয়োগ করে, তাহলে কোন ব্যাধিই এর মোকাবিলা করতে পারবে না। কীভাবে রোগ-ব্যাধি আসমান- জমিনের মালিকের ওই কথার মোকাবিলা করবে, যা তিনি পাহাড়ের ওপর নাজিল করলে তা পাহাড়কে চূর্ণ-বিচূর্ণ করে ফেলত, ভূমির উপর নাজিল করলে ভূমিকে বিদীর্ণ করে দিত!
সুতরাং শরীর ও মনের এমন কোনো রোগ নেই, যার চিকিৎসা আল-কুরআনে নেই। উপরন্তু এর প্রতিকার এবং তা থেকে বেঁচে থাকার ব্যবস্থাও রয়েছে। যাকে আল্লাহ তাআলা তাঁর কিতাবের বুঝ দান করেছেন, সেই কেবল এ থেকে সার্বিক সুস্থতা লাভ করে ধন্য হয়। কুরআন যাকে নিরাময় করবে না, আল্লাহও তাকে নিরাময় করবেন না। আর কুরআন যার জন্য যথেষ্ট নয়, আল্লাহও তার জন্য যথেষ্ট হবেন না।' ৬২

সেলফ রুকইয়ার প্রয়োজনীয়তা
সেলফ রুকইয়াহ অর্থাৎ নিজের জন্য বা নিজের পরিবারের জন্য নিজেই রুকইয়াহ করার প্রয়োজনীয়তা অপরিসীম। যে কোনো সমস্যা শুরুর আগেই যদি এর সমাধান জানা থাকে, তাহলে এটা বেশি দূর গড়ায় না। কয়েক যুগ আগেও শুধু ডায়রিয়ায় কত মানুষ মারা গেছে; কিন্তু এখন? এখন আমরা সবাই জানি, কারও ডায়রিয়া হলে লবণ-পানির শরবত খেলেই যথেষ্ট উপকার পাওয়া যায়।
একইভাবে আমি যদি জানি আমার স্ত্রীকে কেউ জাদু করলে আমার কী করা উচিত, আমার বাচ্চার ওপর কারও নজর লাগলে অথবা শরীরের কোথাও ব্যথা হলে আমার কী করা উচিত তাহলে পরিবারের সাধারণ সমস্যাগুলোও ডিভোের্স পর্যন্ত গড়াবে না। বাচ্চাকে হয়তো অপ্রয়োজনীয় ওষুধপত্র খাওয়ানো লাগবে না।
আর নিজের জন্য রুকইয়াতে ভয়ের কিছু নেই। এর কারণ হচ্ছে-
প্রথমত: রুকইয়াহ করলে আপনি আর ডাক্তারের চিকিৎসা নিতে পারবেন না-বিষয়টা কিন্তু মোটেই এমন নয়। বরং প্রয়োজন মোতাবেক ওষুধ এবং রুকইয়াহ দুটোই গ্রহণ করা সুন্নাত।
দ্বিতীয়ত: কুরআনে ক্ষতিকর কিছু নেই-উপকার ছাড়া। কুরআন শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক রোগের প্রতিষেধক। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রেখে যাওয়া জীবন্ত মুজিযা। এই মুজিযা আপনার হাতের কাছে থাকতেও কেন আপনি তার যথাযথ ব্যবহার করবেন না?
তৃতীয়ত: এজন্য আপনার সম্পূর্ণ কুরআন মুখস্থ করার প্রয়োজন নেই। আপনি দেখে দেখে তিলাওয়াত করতে পারবেন, অথবা শুধু সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস দিয়েও রুকইয়াহ করতে পারবেন। আর আপনার তিলাওয়াত বিশ্ববিখ্যাত ক্বারীদের মতো হওয়ারও দরকার নেই। আপনার যতদূর সম্ভব হয় শুদ্ধ করে পড়বেন। আর একদমই শুদ্ধ না হলে ধীরে ধীরে শিখে নেবেন। কুরআন পড়তে জানা তো এমনিতেও আবশ্যক।
সেলফ রুকইয়াহকে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা হিসেবে নেয়া যায়, যেমনটা সাধারণ রোগের ক্ষেত্রে আমরা করে থাকি। কোনো সমস্যা হলে প্রথমে ফার্মেসী থেকে বা ঘরের ওষুধের বাক্স থেকে একটা ওষুধ নিয়ে খাই। এরপর প্রয়োজন হলে এলাকার ডাক্তার বা অন্য কারও পরামর্শ নিই। এরপরও ভালো না হলে তখন বড় ডাক্তার দেখাই।
একইভাবে রুকইয়ার ক্ষেত্রেও প্রথমে এই গ্রন্থের নিয়মকানুন দেখে নিজেই রুকইয়াহ করুন। এরপর প্রয়োজন হলে আপনার চেয়ে ভালো জানে-এমন কারও পরামর্শ নিন। এসব কিছু যথেষ্ট না হলে তখন অভিজ্ঞ কাউকে দিয়ে রুকইয়াহ করান।

টিকাঃ
৬২. যাদুল মাআদ, ইবনুল কায়্যিম, খণ্ড-৩, পৃ.১

📘 রুকইয়াহ > 📄 কেন অন্যের জন্য রুকইয়াহ করবেন?

📄 কেন অন্যের জন্য রুকইয়াহ করবেন?


কেউ কেউ প্রশ্ন করতে পারে, কত শত দরকারি বিষয় আছে! ফিকহ, জিহাদ, আকাইদ, ইসলাহ-তাযকিয়া থেকে শুরু করে হাজারো গুরুত্বপূর্ণ বিষয় পড়ে রয়েছে। ইলমের খিদমত করেন, আল্লাহর রাস্তায় সময় দেন-এসব না করে কেন এই রুকইয়াহ নিয়ে কষ্ট করছেন? কেউ আবার বলেন, এসব কাজ ছোটখাটো মোল্লাদের হাতে ছেড়ে দেন, আহলে ইলমরা কেন মূল্যবান সময় ব্যয় করে এসব করবে?
তাদের জন্য সহজ কথা, আমরা খুব ভালোভাবেই জানি, জাদু, বদনজর, জিন ইত্যাদি সমস্যাগুলো মানুষের মাঝে যতটা ব্যাপক, এর সমাধানের ব্যাপারে মানুষ ততটাই অজ্ঞ। এ সকল সমস্যায় মানুষ যে পরিমাণে আক্রান্ত, বিষয়টা তার চেয়ে বহুগুণ বেশি অবহেলিত।
আর শরঈ সমাধানের সাথে তো আমাদের দেশের ৯৯.৯৯% মানুষই পরিচিত নয়; বরং বাস্তবতা হলো, অধিকাংশ মানুষের ভ্রান্ত বিশ্বাস হচ্ছে, 'কুফরী জাদু কাটতে কুফরীই করা লাগবে'। (নাউজুবিল্লাহ) এজন্য তারা কবিরাজ-বৈদ্যদের কাছে যায়, আর এভাবে দুনিয়া এবং আখিরাতের শুধু ধ্বংসই অর্জন করে।
আমাদের চারপাশে অসংখ্য মানুষ এসব সমস্যায় আক্রান্ত, আমরা কেউ নিজেই ভিকটিম, কারও পরিবারস্থ লোক, আর কারও বা আত্মীয়স্বজন। বহু বৈদ্য-কবিরাজের কাছে ঘুরে ঘুরে, বহু পরিশ্রম করে তারা প্রচুর টাকা পয়সা নষ্ট করে ফেলে। এর পেছনে মেধা, শ্রম এবং সময় ব্যয় করে। অবশেষে কেউ-বা সুস্থ জীবনের আশা ছেড়ে দেয়, আর কেউ-বা স্ত্রীকে তালাক দিয়ে জীবনকে চির বিষণ্ণতার চাদরে ঢেকে দেয়। আর কবিরাজের কাজগুলো কুফরী-শিরকী হওয়ার কারণে নষ্ট হয় আখিরাতের পুঁজিও।
আমার-আপনার চারপাশে এমন মানুষের অভাব নেই। আমাদের দেশে হয়তো এমন একটা প্রাপ্তবয়স্ক লোকও পাওয়া যাবে না, যার নিজের পরিবার অথবা আত্মীয়স্বজনের মাঝে কেউই এ জাতীয় সমস্যায় ভুগছে না। এদের দুনিয়া এবং আখিরাতে ধ্বংস থেকে বাঁচানোর জন্যই রুকইয়াহ শারইয়্যাহ একান্ত অপরিহার্য একটি বিষয়।
তবে আমি বলছি না, আপনি সব ছেড়ে রুকইয়ার জন্য নিবেদিত হয়ে যান; বরং আপনি যা করছেন সেটাই করতে থাকুন। তবে সম্ভব হলে মাঝেমধ্যে এ বিষয়ে অল্প স্বল্প সময় দেন, কেউ সমস্যায় আক্রান্ত হলে তাকে এ বিষয়ে স্বচ্ছ ধারণা দেন। এতে ব্যক্তি, পরিবার, সমাজ—সবারই উপকার।
উপরন্তু এর বিনিময়স্বরূপ নিচের ফজিলতগুলোও লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। নিম্নে রুকইয়ার কিছু উপকারিতা তুলে ধরা হলো।

১. দ্বীনের দাওয়াত দেওয়ার সুযোগ
একজন রাক্বী মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার চমৎকার সুযোগ পেয়ে থাকেন, যা রুকইয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আর জিন, জাদু ইত্যাদি সমস্যাগুলো নিয়ে যারা আসে, তাদের অনেকেই থাকে এমন, যারা দ্বীন পালনের ব্যাপারে উদাসীন। রুকইয়াহ করার সময় তাদের কাছে দাওয়াত পৌঁছানোর সুযোগ পাওয়া যায়। আর এদের বিরাট অংশ হয় এমন, যারা সুস্থতা লাভের আশায় কবিরাজ-বৈদ্যদের কাছে ঘুরে ঘুরে ইতিমধ্যে কুফরী বা শিরকী কাজকর্মে লিপ্ত থেকেছে। ফলে এ মোক্ষম সুযোগকে কাজে লাগিয়ে তাদেরকে এ সকল কুফরীর থাবা থেকে রক্ষা করা এবং তাদের কাছে তাওহীদের বার্তা পৌঁছানো যায়।
অবশ্যই রাক্বীদের এই সুযোগ কাজে লাগানো উচিত। কারণ, যুগে যুগে এটা নবীদের সুন্নাহ। মানুষ তাদের কাছে দুনিয়াবি প্রয়োজন নিয়ে আসলেও তাঁরা আখিরাতের দীর্ঘস্থায়ী কল্যাণকেই প্রাধান্য দিতেন। এ ক্ষেত্রে ইউসুফ আ.-এর ঘটনা লক্ষণীয়। দুজন লোক তাঁর কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছিল, তিনি তাদের সমস্যা এবং সময়ের প্রতি লক্ষ রেখে অল্প কথায় তাওহীদের দাওয়াত পৌছে দিয়েছেন, এরপর তাদের স্বপ্নের ব্যাখ্যা জানিয়েছেন।
এছাড়াও খাইবার যুদ্ধের ঘটনা লক্ষ করুন-রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রা.-কে নির্দেশ দিয়েছিলেন-তুমি তোমার পথ ধরে তাদের মাঝে পৌঁছে যাও, এরপর তাদের ইসলামের দিকে আহ্বান করো, আর তাদেরকে তাদের ওপর আল্লাহর হকগুলোর ব্যাপারে অবগত করো। কারণ, আল্লাহর কসম, তোমার মাধ্যমে যদি একটা মানুষকেও আল্লাহ হিদায়াত দেন, তবে তা তোমার জন্য অসংখ্য লাল উট প্রাপ্তি থেকেও উত্তম হবে। ৬৩

২. কুরআনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি
যিনি রুকইয়াহ করবেন, প্রতিদিন তাকে দীর্ঘক্ষণ কুরআন তিলাওয়াত করতে হয়। এতে কুরআনের সাথে সম্পর্ক দিন দিন বৃদ্ধি পায়।
এর পাশাপাশি কুরআন পাঠের বিবিধ ফজিলত তো রয়েছেই। যেমন: কুরআন তিলাওয়াতের প্রতিটি হরফে সওয়াব! আপনি যদি প্রতিদিন এক ঘন্টাও রুকইয়াহ করেন, এই এক ঘণ্টায় আপনার ঝুলিতে অনেকগুলো সওয়াব জমে যাবে।
এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরআন পাঠ করো। কারণ, কিয়ামাতের দিন কুরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হবে।' ৬৪

৩. মুসলিম ভাই-বোনদের বিপদে সহায়তা করা
প্রথমে একটি হাদীস খেয়াল করি, জাবির ইবনু আবদিল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ঝাড়ফুঁক নিষিদ্ধ করে দিয়েছিলেন। পরে আমর ইবনু হাজমের বংশের লোকেরা এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাদের নিকট একটি রুকইয়াহ ছিল, যা দিয়ে আমরা বিচ্ছুর ছোবলে ঝাড়ফুঁক করতাম। এখন আপনি তো ঝাড়ফুঁক নিষিদ্ধ করে দিয়েছেন। বর্ণনাকারী বলেন, তারা সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থাপন করল। তখন তিনি বললেন, কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তোমাদের কেউ যদি তার ভাইয়ের কোনো উপকার করতে সমর্থ হয় তাহলে সে যেন তা করে। ৬৫
এই হাদীসে আমরা দেখলাম, রুকইয়ার মাধ্যমে যে মানুষের উপকার করা যায়, এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন এবং এতে উৎসাহিত করেছেন।
আর একজন মুসলিম ভাইকে সাহায্য করার অসংখ্য উপকারিতা রয়েছে। যেমন: আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুমিনের যেকোনো বিপদ দূর করে দেবে, আল্লাহ তাআলা কিয়ামাতের দিন তার বিপদ দূর করবেন। ৬৬
হাদীসের গ্রন্থসমূহে বিপদগ্রস্ত ভাই-বোনদের সহায়তা করার আরও অনেক ফজীলত বর্ণিত হয়েছে। রুকইয়াহ করার মাধ্যমে আপনি সেসব লুফে নিতে পারেন।

৪. কুফরের বিরুদ্ধে এবং তাওহীদের পক্ষে সংগ্রাম করা
ইবনু তাইমিয়া রহ. এজন্য মুখলিস রাক্বীদের ব্যাপারে বলেছেন-
“রাক্বীর উচিত গুনাহ থেকে দূরে থাকা, যেন এই সুযোগে জিন তার ওপর প্রভাব বিস্তার না করতে পারে। সে তো আল্লাহর পথে একজন জিহাদকারী ব্যক্তি। আর রুকইয়াহ চর্চা করাও জিহাদের একটি উত্তম পদ্ধতি। তাই যতদূর পারা যায়, সতর্ক থাকা উচিত, যেন তার পাপ তার শত্রুকে বিজয়ী হতে সহায়তা না করে।” ৬৭
হাকিকী জিহাদের সঙ্গে রুকইয়াহ চর্চার কোনো তুলনা যদিও হয় না, তবুও ইবনু তাইমিয়া রহ.-এর কথাটি অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ, একজন রাক্কী সমাজ থেকে কুফর-শিরক দূর করার জন্য নিজের প্রাণ ঝুঁকিতে ফেলে মেহনত করে। আর যখন কুফরী জাদু আক্রান্ত কারও চিকিৎসা করে অথবা শয়তান ভর করা ব্যক্তির ওপর রুকইয়াহ করে তখন সে আল্লাহর কালামের সাহায্যে সরাসরি শয়তানী শক্তির বিরুদ্ধে লড়াই করে।

৫. তাওয়াক্কুল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদীসে বলেন, 'আমার উম্মতের মধ্যে সত্তর হাজার লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে।' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদীসের মধ্যে এসব ব্যক্তিদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, আর বলেছেন 'এরা শুধু আল্লাহর ওপর ভরসা করে।' আর এমন লোকদের উদাহরণ দিতে গিয়ে বলেছেন, 'যারা রুকইয়ার জন্য অনুরোধ করে না, শুভ-অশুভ লক্ষণ নির্ণয় করায় না, ছ্যাকা দিয়ে চিকিৎসা করে না বরং শুধু তাদের রবের উপরই ভরসা করে। '৬৮
একজন রাক্বী এই হাদীসে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য দাবিদার। কারণ, সে নিজেই রুকইয়াহ করে, অন্যের কাছে গিয়ে রুকইয়াহ করানোর প্রয়োজন তার নেই। আর সে যখন আল্লাহর অনুগ্রহে জটিল জটিল সমস্যা সামাল দেয়, শক্তিশালী শয়তানদের শায়েস্তা করে, ভয়ঙ্কর সব জাদু নষ্ট করে। আর এতো সব অদৃশ্য শক্তির বিরুদ্ধে স্রেফ আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ভরসা রেখে লড়াই চালিয়ে যায়। একের পর এক নুসরত প্রত্যক্ষ করে মুখলিস রাক্বীর ঈমান এক অনন্য স্তরে পৌঁছে যায়। বস্তুতঃ এটা এমন এক মেহনত, যেখানে আল্লাহ ওপর তাওয়াককুল ব্যতীত কোন দুনিয়াবি সাহায্য উপকারে আসে না।
মোটকথা, এভাবেই একজন রাক্বী তাওয়াককুলে পূর্ণতা লাভ করে। সুতরাং তার জন্য খুবই যৌক্তিক, সে এই পুরস্কার আশা করতে পারে।
প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায়, রুকইয়াহ নিয়ে পড়াশোনা করতে বললে অনেকে ভাবে, 'পুরো সমাজে শিরক-কুফর মিশ্রিত কবিরাজির ছড়াছড়ি। আমি একা রুকইয়াহ শিখে কী-ই বা করব!' আমি তাদের আল্লাহর বাণী মনে করিয়ে দিতে চাই-
“বলে দিন, ভালো এবং মন্দ সমান নয়; যদিও মন্দের প্রাচুর্য তোমাকে বিস্মিত করে। অতএব হে বুদ্ধিমানগণ, আল্লাহকে ভয় করো; যাতে তোমরা সফল হও।” ৬৯
এবং দাউদ আ.-এর ঘটনা স্মরণ করুন:
“...যাদের ধারণা ছিল যে, আল্লাহর সামনে তাদের একদিন উপস্থিত হতে হবে, তারা বারবার বলতে লাগল, কত সামান্য দলই আল্লাহর হুকুমে বিরাট দলকে পরাজিত করেছে। আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।” ৭০

হাদীসে সাবউন এবং একটি সংশয় নিরসন
একটি বিষয় পরিষ্কার করা দরকার। রুকইয়াহ করলে কি মানুষ জান্নাতে যেতে পারবে না? প্রশ্নটি অদ্ভুত মনে হলেও অনেক মানুষ সত্যিই এমন ধারণা রাখে। ফলে সমস্যাক্রান্ত হওয়ার পরেও ভয়ে প্রতিকার করে না।
কেউ যদি কোনো মুহাদ্দিস বা অভিজ্ঞ কারও সহায়তা ছাড়াই বাংলা বই থেকে হাদীসে সাবউন অধ্যয়ন করেন, তখন সাধারণত এই ভুল ধারণার উৎপত্তি হয়। এই হাদীসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, উম্মতের ৭০ হাজার লোক কোনো হিসাব বা আযাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। আর তাদের বৈশিষ্ট্য হিসেবে বলেছেন-
هم الذين لا يسترقون, ولا يتطيرون, ولا يكتوون, وعلى ربهم يتوكلون “অর্থাৎ তাঁরা ওই সব লোক, যারা অন্যকে রুকইয়ার জন্য অনুরোধ করে না, শুভ-অশুভ নির্ণয় করে না, দাগ দিয়ে চিকিৎসা করায় না; বরং তাদের রবের ওপর ভরসা করে।” ৭১
এখানে প্রথম সমস্যা হচ্ছে, হাদীসের لایسترقون কথাটির ভুল অনুবাদ করা হয়। এর অর্থ হচ্ছে, 'যারা কারও কাছে রুকইয়াহ করার জন্য আবেদন করে না।' অথচ এর ভুল অনুবাদ করা হয়, 'যারা রুকইয়াহ করে না!'
আরেকটু বিস্তারিত বলতে চাইলে বলব, এটা বাবে ইস্তিফআলের শব্দ। আর ইস্তিফআলের একটি বৈশিষ্ট্য হচ্ছে ইসতিগাসা, তথা প্রার্থনা বোঝানো। যেমন: ইসতিগফার : ক্ষমা চাওয়া, ইসতিফতা : ফাতাওয়া চাওয়া। সুতরাং ইসতিরকা অর্থ হচ্ছে, কারও কাছে রুকইয়াহ চাওয়া। যেমন: আরবের বিখ্যাত শাইখ বিন বায রহ. বলেছেন- لا يسترقون, يعني لا يسألون الناس أن يرقوهم লা-ইয়াসতারকুন, অর্থাৎ তাঁরা মানুষের কাছে তাদের রুকইয়াহ করানোর জন্য আবেদন করে না। ৭২
দ্বিতীয়ত: এই হাদীস পড়ার পর অনেকে মনে করেন, রুকইয়াহ করলে জান্নাতে যাওয়া যাবে না। আর এ কারনেই রুকইয়াহ করা নিষিদ্ধ। এটাও নিরেট ভুল। কারণ, এখানে বলা হচ্ছে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কথা। অর্থাৎ এই সত্তর হাজার লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। এটা তাদের একটা স্বকীয় বৈশিষ্ট্য। উপরন্তু এটা ছাড়াও বিনা হিসেবে জান্নাতে যাওয়ার অন্য পথও রয়েছে। যেমন: আল্লাহর রাস্তায় জিহাদ করে শহিদ হওয়া। আর এখানে আযিমতের কথা বলা হচ্ছে; রুখসতের নয়। তাই এটা আবশ্যক কোনো বিষয়ও নয়।
সারকথা হচ্ছে, 'অন্যকে দিয়ে রুকইয়াহ না করানো'-মানে কখনোই এটা নয় যে, একদমই রুকইয়াহ করানোই যাবে না। বরং এর অর্থ হচ্ছে, কেউ যদি এ থেকে বেঁচে থাকতে পারে তাহলে সে উল্লিখিত পুরস্কার পাবে। আর যদি কারও প্রয়োজন হয় তাহলে অন্যের কাছে গিয়ে রুকইয়াহ করানোর অনুমতিও রয়েছে। তখন সে সাধারণ মুসলমানদের মাঝেই গণ্য হবে। কারণ, এই সত্তর হাজারের বাইরেও তো মানুষ জান্নাতে যাবে। এটা তো অস্বীকারের কোনো জো নেই।
তৃতীয়ত: এখানে বলা হচ্ছে অন্যের কাছে রুকইয়াহ করার জন্য আবেদন করার কথা। সুতরাং কেউ যদি নিজেই নিজের ওপর রুকইয়াহ (অর্থাৎ সেলফ রুকইয়াহ) করে, কিংবা কেউ যদি অন্যের ওপর রুকইয়াহ করে তাহলে সে এই ফজিলত থেকে বঞ্চিত হবে না। যেমন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই নিজের জন্য বা পরিবারের জন্য রুকইয়াহ করতেন এবং তাঁর সাহাবীদেরও রুকইয়াহ করার জন্য বলতেন।
এমনকি কেউ যদি অন্যের কাছে গিয়ে পরামর্শ চায়, আমার এই এই সমস্যা, সেই সমস্যা। আর তিনি যদি বলেন, 'তুমি এদিকে আসো, আমি তোমার রুকইয়াহ করছি।' এক্ষেত্রেও উক্ত ব্যক্তি এ থেকে বাদ যাবে না। যেমনটা জিন বিষয়ক উদাহরণে ইয়ালা ইবনু মুররা এবং উসমান ইবনু আবিল আস রা.-এর হাদীসে আমরা দেখব।
যাহোক, তিনটি বিষয় আমাদের সামনে আসছে—
১. রুকইয়াহ করা;
২. রুকইয়াহ করানো;
৩. রুকইয়াহ করতে বাধা দেওয়া।
প্রথমটি হচ্ছে রুকইয়াহ করা—নিজের জন্য বা অন্যের জন্য। এটা জিবরীল আ. করেছেন, পূর্বের নবীরা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীগণ করেছেন, এবং অন্যান্য সালাফে সালেহিনও করেছেন। সুতরাং শরীয়তের সীমারেখা ঠিক রেখে রুকইয়াহ করাতে আপত্তির কিছু নাই এবং এতে কোনো ধরনের সংশয়েরও অবকাশ নেই।
দ্বিতীয়টি হলো রুকইয়াহ করানো। এটা অবস্থার ওপর নির্ভর করবে। যদি আপনি নিজে রুকইয়াহ করতে সক্ষম হন তাহলে আপনার জন্য অন্য কাউকে দিয়ে রুকইয়াহ করানো উচিত হবে না। যদি কোন ওজর ছাড়াই অন্যকে গিয়ে বলেন, 'ভাই, আমার ওপর রুকইয়াহ করেন প্লিজ।' তাহলে আপনি এই সত্তর হাজার থেকে বাদ পড়ে যাবেন।
কিন্তু যদি আপনার প্রয়োজন থাকে তাহলে অন্যের সহায়তা নেওয়া যেতেই পারে। যেমন: কেউ জিন দ্বারা আক্রান্ত হয়েছে, তাই সে সালাত আদায় বা তিলাওয়াত করতে পারে না। অথবা কেউ জাদুতে আক্রান্ত হয়ে এতটা অসুস্থ বা দুর্বল হয়ে পড়েছে যে, এখন আর নামায পড়তে বা রোজা রাখতে পারছে না। এ ধরনের পরিস্থিতিতে যদি সে নিজে রুকইয়াহ করতে না পারে তাহলে অন্য কাউকে দিয়ে রুকইয়াহ করানো তার জন্য ওয়াজিব। কারণ, এই জাদু বা জিন তাকে আল্লাহর ইবাদাত থেকে দূরে রাখছে, আর আল্লাহর ইবাদাতের জন্যই আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে। সুতরাং ইবাদাতের ক্ষেত্রে কোনো প্রতিবদ্ধকতা সৃষ্টি হলে সেটার প্রতিকার করা ওয়াজিব, যদি বিষয়টা মানুষের সাধ্যে থাকে।
এছাড়াও যদি ব্যাপারটা এমন হয়, নিজে রুকইয়াহ করতে গেলে অনেক কষ্ট হচ্ছে অথবা আপনি ঠিক মতো বুঝে উঠতে পারছেন না, কীভাবে রুকইয়াহ করতে হয়—এমন ক্ষেত্রেও অন্যকে দিয়ে রুকইয়াহ করানো জায়িস। কারণ আল্লাহ তাআলা বলেছেন—
“আল্লাহ কারও ওপর সাধ্যের বেশি চাপিয়ে দেন না।” ৭৩
সুতরাং যদি আসলেই অন্যকে দিয়ে রুকইয়াহ করানোর প্রয়োজন হয় তবে সেক্ষেত্রেও আপনি সত্তর হাজার থেকে বাদ পড়বেন না, ইনশাআল্লাহ।
তৃতীয় বিষয়টি হচ্ছে রুকইয়াহ করতে বাধা দেওয়া। অর্থাৎ কেউ কোনো সমস্যাগ্রস্থ ব্যক্তির ওপর রুকইয়াহ করছে, অথবা আপনি আক্রান্ত হয়েছেন আর আপনার ওপর কেউ রুকইয়াহ করতে চাইছে—এমন কাউকে বাধা দেওয়া। এটা অপরাধকর্মের অন্তর্ভুক্ত। কারণ, সমস্যাগ্রস্থ ব্যক্তির ওপর রুকইয়াহ করার নির্দেশ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং নিজেও সাহাবীদের ওপর, নিজ পরিবারের ওপর রুকইয়াহ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যায় আক্রান্ত হলে আল্লাহ তাআলা জিবরিল আ.-কে পাঠিয়েছেন রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওপর রুকইয়াহ করার জন্য। ৭৪
সুতরাং আপনি যদি কাউকে রুকইয়াহ করতে বাধা দেন তাহলে আপনি গুনাহগার হবেন। এমনকি আপনি অসুস্থ হলে কেউ যদি আপনার ওপর রুকইয়াহ করতে চায় তাহলে আপনি তাকে বাধা দিবেন না। এটা সুন্নাহর খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ সময়ে অসুস্থ হয়েছিলেন, সে সময়ে আয়িশা রা. রাসূলের ওপর রুকইয়াহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বাধা দেননি। সুতরাং আপনারও উচিত হবে না, কেউ রুকইয়াহ করতে চাইলে তাকে বাধা দেওয়া। আপনি যেই হন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেয়ে বড় পরহেজগার হওয়ার দাবি তো কখনো করবেন না। তাই নয় কি?
আশা করছি, ব্যাপারটি পাঠকদের সামনে কিছুটা হলেও পরিষ্কার করতে সক্ষম হয়েছি।

টিকাঃ
৬৩. মুসলিম: ৪৪২৩
৬৪. মুসলিম: ১৩৩৭
৬৫. মুসলিম: ৪০৭৮
৬৬. মুসলিম: ৪৮৬৭
৬৭. মাজমুউল ফাতওয়া: ১৯/৫৩, রিসালাতুল জিন, পৃ. ৬৫। সম্পূর্ণ উক্তি দেখুন "জিন কি রাকীর ক্ষতি করবে?" অনুচ্ছেদে।
৬৮. বুখারী: ৫৪২০, মুসলিম: ৩২৩
৬৯. সূরা মায়িদা, আয়াত: ১০০
৭০. সূরা বাকারা: ২৪৯
৭১. বুখারী: ৬১৭৫, ইফা: ৬০৯৮
৭২. এ প্রসঙ্গে বিন বায রহ.-এর নিবন্ধ দেখুন এই লিংকে- http://bit.ly/yastarqoon
৭৩. সূরা বাকারা, আয়াত: ২৮৬
৭৪. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের রুকইয়াহ করা প্রসঙ্গে উল্লেখযোগ্য বেশ কিছু হাদীস ‘সুন্নাহ সম্মত যত রুকইয়াহ’ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00