📄 আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করা কবীরা গুনাহ
আল্লাহ তাআলার প্রতি খারাপ ধারণা পোষণ করা ধারণাতীত বড় গুনাহ। আল্লাহর প্রতি মন্দ ধারণা করে তাঁর মর্যাদা-পরিপন্থী একটি অবস্থান তৈরি করা বান্দার জন্য কোনো অবস্থাতেই বৈধ নয়। আল্লাহ তাআলা খারাপ-ধারণা-পোষণকারীদের ব্যাপারে এতটা কঠোর ক্রোধ ও লানতের কথা বলেছেন, যা অন্য কোনো গুনাহের ক্ষেত্রে বলেননি।
পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে-
عَلَيْهِمْ دَائِرَةُ السَّوْءِ وَغَضِبَ اللَّهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَأَعَدَّ لَهُمْ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا
'তারা অকল্যাণে নিমজ্জিত। আর আল্লাহ তাদের ওপর রাগান্বিত হয়েছেন, তাদের ওপর লানত বর্ষণ করেছেন এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নام। তাদের ঠিকানা কত নিকৃষ্ট![১]
পবিত্র কুরআনে আরও ইরশাদ হয়েছে-
وَذَلِكُمْ ظَنُّكُمُ الَّذِي ظَنَنْتُمْ بِرَبِّكُمْ أَرْدَاكُمْ فَأَصْبَحْتُمْ مِنَ الْخَاسِرِينَ
'তোমরা যারা তোমাদের প্রতিপালকের ব্যাপারে মন্দ ধারণা পোষণ করো, এ ধারণাই তোমাদের ধ্বংস করে দিয়েছে। পরিণতিতে তোমরা কেবল ক্ষতিগ্রস্তই হবে।' [২]
পবিত্র কুরআনের অপর এক স্থানে আল্লাহ তাআলা তাঁর প্রিয় বন্ধু ইবরাহীম আলাইহিস সালামের একটি কথা উল্লেখ করেন, যা ইবরাহীম তাঁর জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন-
مَاذَا تَعْبُدُونَ - أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ - فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعَالَمِين
'তোমরা কার উপাসনা করো? তোমরা কি আল্লাহকে ছেড়ে মিথ্যা উপাস্যদেরকেই কামনা করো? তাহলে সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ তাআলার ব্যাপারে তোমাদের কী ধারণা?'[১]
আয়াতের উদ্দেশ্য হলো, আজ তোমরা আল্লাহকে ছেড়ে অন্য কিছুর উপাসনা করছ, কিন্তু হাশরের দিবসে তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন তোমাদের কী পরিণতি হবে? তোমাদের ক্ষুদ্র চোখে তোমরা আল্লাহর ত্রুটি খুঁজে পেলে এবং আল্লাহর সঙ্গে শরীক করলে। কিন্তু তোমরা তোমাদের জ্ঞানের ত্রুটির কথা ভাবলে না। আল্লাহর বড়ত্ব ও মহত্ব সম্পর্কেও পুনরায় ভেবে দেখার প্রয়োজন বোধ করলে না। আল্লাহ তাআলা তো সেই ইচ্ছাধারী সত্তা, যাঁর ইচ্ছার কখনো ব্যতিক্রম হয় না। তিনি সর্বজ্ঞানী, সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। তিনি ধনী। তিনি মালিক। কারো মুখাপেক্ষী নন। সমস্ত সৃষ্টিজগত তাঁর অনুগ্রহের মুখাপেক্ষী। তিনি ন্যায়বিচারক। বান্দার সঙ্গে ইনসাফের বিচার করেন। জগতের সকল বিষয় সম্পর্কে সবিস্তার অবগত। কোথাও তাঁর আড়াল বলে কিছু নেই। জগতের আর কোনো রাজা-বাদশাহ তাঁর মতো নয়। আল্লাহ তাআলা নিজ ক্ষমতায় তাঁর সকল ইচ্ছা পূর্ণ করতে পারেন।
ধরা যাক, কোনো এক জাগতিক বাদশাহর কথা। তিনি তাঁর রাজ্য খুব ভালোভাবে পরিচালনা করছেন। কিন্তু প্রজাদের দুঃখ-দুর্দশা কিংবা আনন্দ তিনি নিজ চোখে দেখতে পারেন না। অন্যদের মাধ্যমে গৃহীত সংবাদ তাঁর কানে পৌঁছায়। তিনি চাইলেই প্রজাদের ঘরে ঘরে নিজ হাতে সহযোগিতা পৌঁছে দিতে পারেন না। তাঁর চারপাশের একটি বিশাল মন্ত্রীপরিষদ এবং প্রশাসন তাঁকে সহযোগিতা করে। তাদের সাহায্য নিতে তিনি বাধ্য। তাঁর একার পক্ষে রাজ্য পরিচালনা সম্ভব নয়। সকলেই কোথাও না কোথাও বাঁধা। অপারগতা, দুর্বলতা সকলেরই থাকে। কিন্তু আল্লাহ তাআলার কোনো দুর্বলতা নেই। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি অসীম দয়ালু। তাঁর রহমত এ বিশাল ব্রহ্মাণ্ডকে ঘিরে আছে। যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। ফিরিয়েও নিতে পারেন। বান্দা এবং তাঁর মাঝে কোনো মধ্যসূত্রের প্রয়োজন নেই। কোনো মধ্যসূত্র স্বীকার করার অর্থ আল্লাহপাকের সক্ষমতাকে খাটো করা। এটা প্রকারান্তরে আল্লাহর প্রতি খারাপ ধারণার শামিল। বান্দার জন্য নিজের মালিকের প্রতি মন্দ ধারণা পোষণ করার চেয়ে দুঃসাহসিক কাজ আর হতে পারে না। এ শুধু গুনাহই নয়, ভয়ানক ধৃষ্টতাও বটে। বান্দা কখনই স্রষ্টা হতে পারে না। তাঁর একজন স্রষ্টা ও প্রতিপালক আছেন; যাঁর ইবাদাত করতে হয়। তাঁর সামনে গিয়ে মাথা অবনত করতে হয়। নিজের দুর্বলতা ও অক্ষমতার কথা প্রকাশ করতে হয়। সর্বোপরি তাঁকে সিজদা করতে হয়। এ সকল আরাধনা ও উপাসনা পাওয়ার একমাত্র উপযুক্ত মালিক হলেন আল্লাহ তাআলা। আর কেউ নয়। ফলে, তাঁর প্রাপ্য উপাসনা অপর কোনো বস্তুর পদতলে অর্পণ করা একধরনের জুলুম। হক যার প্রাপ্য, তাকেই তা দিতে হবে। এতে কোনো হেরফের করা যাবে না। কুরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন-
ضَرَبَ لَكُمْ مَّثَلًا مِّنْ اَنْفُسِكُمْ هَلْ لَّكُمْ مِّنْ مَّا مَلَكَتْ أَيْمَانُكُمْ مِّنْ شُرَكَاءَ فِيْ مَا رَزَقْنَاكُمْ فَاَنْتُمْ فِيْهِ سَوَاءٌ تَخَافُوْنَهُمْ كَخِيفَتِكُمْ اَنْفُسَكُمْ كَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَّعْقِلُوْنَ
'তিনি তোমাদের ভেতর থেকেই তোমাদেরকে একটি উদাহরণ দিয়েছেন যে, আমি তোমাদেরকে যেসকল রিযিক দান করেছি, সেসকল ক্ষেত্রে তোমাদের গোলামদের মধ্যে কেউ কি তোমাদের এমন শরীক আছে যে, তোমরা এক্ষেত্রে একজন আরেকজনের বরাবর? তোমরাও তাদেরকে ভয় করো, যেভাবে তোমরা নিজেদেরকে ভয় করো! বিচক্ষণ লোকদের জন্য আমি এভাবেই আয়াতসমূহ বিস্তারিত উল্লেখ করে থাকি। [১]
আয়াতের উদ্দেশ্য হলো, আল্লাহপ্রদত্ত রিযিকের মধ্যেই বান্দা তার গোলামকে অংশীদার করে না, তাহলে রাজাধিরাজ আল্লাহ তাআলা, সকল কিছুর যিনি সৃষ্টিকর্তা, তাঁরই সৃষ্ট কোনো এক গোলামকে তাঁর অংশীদার করা কীভাবে সঠিক হতে পারে? এমন কাজ যে করে, সে আল্লাহ তাআলার যথাযথ হক আদায় করে না। এদের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন-
يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلُ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ مَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ
'হে লোক সকল! একটি উদাহরণ পেশ করা হলো, তোমরা তা ভালোভাবে শুনে নাও। তোমরা আল্লাহর বিপরীতে যাদের ইবাদাত করো, তারা একটি মাছিও সৃষ্টি করতে পারবে না; যদিও তারা এই উদ্দেশ্য নিয়ে সকলেই একত্রিত হয়। এমনকি যদি মাছি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায়, তারা সেটাও ফিরিয়ে আনতে পারবে না। উপাস্য এবং উপাসক উভয়ই দুর্বল। তারা আল্লাহর যথোপযুক্ত হক আদায় করেনি। নিশ্চয় আল্লাহ শক্তিমান, মর্যাদার অধিকারী।[১]
যেসকল মূর্তি, নক্ষত্র ও প্রতীকের উপাসনা মানুষ করে থাকে, তারা এতটাই দুর্বল ও হীন যে, তাদের গায়ে একটি মাছি বসলেও তারা তা তাড়িয়ে দিতে পারে না। আর এমন অবান্তর বিশ্বাসী কী করে আল্লাহর মর্যাদার হক আদায় করবে, এটা সম্ভব না। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন-
وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ
'তারা আল্লাহর মর্যাদার হক আদায় করেনি, অথচ কিয়ামতের দিন জমিন আল্লাহর করায়ত্তে থাকবে। আর দুমড়ানো আকাশ থাকবে তাঁর ডান হাতে। তারা আল্লাহর সাথে যেসকল বস্তুকে শরীক করে, তিনি তা থেকে পবিত্র ও মহান।'[২]
যেই হতভাগা এমন মহৎ গুণাগুণের অধিকারী অবিনশ্বর সত্তা আল্লাহ তাআলার ইবাদাত করে না, অথবা করলেও তাঁর সঙ্গে তাঁরই কোনো সৃষ্টিকে শরীক করে, তাহলে এমন মানুষের চিন্তা ভঙ্গুর ও ক্ষয়িষ্ণু বলে বিবেচিত হয়। প্রজ্ঞাপূর্ণ চিন্তাশক্তির অধিকারী তো ওই ব্যক্তি, যে একবাক্যে আল্লাহকে মেনে নেয় এবং তাঁর সামনে মাথা নত করে দেয়। এমনিভাবে সেসকল মানুষও আল্লাহর হক পরিপূর্ণ আদায় করে না, যারা কিতাব ও নবী-রাসূলে বিশ্বাস করে না। আল্লাহ কোনো কিতাব এবং নবী-রাসূল প্রেরণ করেননি—আল্লাহর ব্যাপারে এমন ধারণা করা অবাঞ্ছনীয়। আল্লাহ কি তবে মানুষকে অযথা সৃষ্টি করেছেন? শুধু এজন্যই কি সৃষ্টি করেছেন যে, মানুষ পৃথিবীতে ঘুরে ফিরে খেয়ে দেয়ে একদিন মরে যাবে? আল্লাহ কখনো অপ্রয়োজনীয় কাজ করেন না। পৃথিবীতে বহু মানুষ আল্লাহর অনুগ্রহের ছায়ায় বসে থেকেও আল্লাহর হক সম্পর্কে উদাসীন। যারা আল্লাহ তাআলার কোনো গুণবাচক নামকে অস্বীকার করে, অথবা অর্থহীন মনে করে, তাদের দ্বারাও আল্লাহর হক যথাযথ আদায় হয় না। যারা মনে করে, বান্দাই তার কর্মের স্রষ্টা, এ সকল মানুষ একই সঙ্গে আল্লাহর অনেকগুলো গুণকে অস্বীকার করে। কর্ম সৃষ্টির পেছনে শ্রবণ, দর্শন, ইচ্ছা, মর্যাদা, কালাম—ইত্যাদি গুণের অবদান থাকে। সুতরাং কোনো ব্যক্তি যখন কাউকে কোনো কাজের স্রষ্টা বানিয়ে দেয়, তখন আল্লাহপাকের পূর্বোক্ত গুণাবলির সঙ্গে শিরক করা হয়। পৃথিবীতে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না। যখন কেউ কাউকে স্রষ্টা বানিয়ে দেয়, তখন মনে হয়, যেন আল্লাহর রাজত্বে আল্লাহর অনিচ্ছায়ও কোনো কিছু সৃষ্টি করা সম্ভব, যা প্রকাশ্যই শিরক। আল্লাহ তাআলা সকল শিরক থেকে পবিত্র।
আর সেসকল লোকও আল্লাহর হক আদায় করে না, যারা মনে করে আল্লাহ মানুষকে এমন সব বিষয়ের জন্য জবাবদিহি করবেন এবং শাস্তি দেবেন, যা মানুষের সামর্থ্যে ছিল না। মূলত মানুষ আল্লাহর হুকুম পালনে অপারগ। আল্লাহ তাআলাই যাবতীয় কাজের মালিক। তিনিই তাঁর বান্দাদের দ্বারা কাজ করিয়ে নেন। তাদেরকে বাধ্য করেন। যেভাবে পৃথিবীতে একজন আরেকজন থেকে অনেকসময় বাধ্যতামূলকভাবে কোনো কাজ আদায় করে নেয়। আল্লাহ তাআলার ব্যাপারে এ ধরনের ভাবনা পোষণ করা বেশ শক্ত বেয়াদবি। কেননা দুনিয়াতেই যদি কোনো মনিব তার গোলামের ওপর এমন কাজ চাপিয়ে দেয়, যা সে করতে অক্ষম এবং গোলামকে সে এজন্য শাস্তিও দেয়, তাহলে সে সমাজের চোখে একজন খারাপ মনিব বলে বিবেচিত হবে। সাধারণ বিবেচনা-বোধসম্পন্ন মানুষের কাছেই যা খারাপ, আহকামুল হাকিমীন মহান আল্লাহর কাছে তা কী করে ভাল হয়! এবং তিনি নিজের জন্য তা কীভাবে পছন্দ করেন! এমন ধারণা পোষণ করা নেহায়েত অন্যায়। অগ্নি-উপাসক এবং তাদের মিত্ররা এমন নিন্দনীয় মতবাদের ধারক। এমন চিন্তাভাবনা লালনকারী লোকেরাও আল্লাহর হকের যথাযথ মর্যাদা আদায় করে না।
এ ছাড়াও তাদের আরেকটি ভ্রান্তি হলো, ফিরিশতারা এখনো পৃথিবীতে যাতায়াত করেন, তা তারা বিশ্বাস করে না।
আরও এক ধরনের মতাদর্শের মানুষ আছে, যারা মনে করে, আল্লাহর পুত্র-পরিজন রয়েছে। এরাও ভ্রান্ত।
আরেকদল মনে করে, আল্লাহ সকল বান্দার ভেতরে বসবাস করেন, অথবা আল্লাহ হলেন বান্দার প্রকৃত অস্তিত্ব। বলা বাহুল্য, তারা ভ্রান্ত মতের অনুসারী। এরা কেউই আল্লাহ তাআলার মর্যাদাকে যথাযথভাবে রক্ষা করতে সক্ষম হয়নি।
একইভাবে যারা আল্লাহ তাআলার রহমত, দয়া, অনুগ্রহ, ভালোবাসা, করুণা, সন্তুষ্টি, ক্রোধ, অসন্তোষ—ইত্যাদির বাস্তবতাকে অস্বীকার করে তারাও আল্লাহ তাআলার প্রকৃত মর্যাদার হক আদায় করতে সক্ষম হয়নি।
আরও একটি দল মনে করে, আল্লাহ ইসলামের দুশমনদের ইজ্জত ও ধন-সম্পদ দান করেছেন। তাদেরকে ক্ষমতা ও খ্যাতি দিয়ে পৃথিবীর সকলের ওপর প্রভাব বিস্তার করার ক্ষমতা দিয়েছেন। অপরদিকে আল্লাহ ও রাসূলের অনুরাগীদেরকে দরিদ্র ও সহায়হীন করেছেন। তাদের ভাগ্যে লাঞ্ছনার সিলমোহর মেরে দিয়েছেন। তারা পৃথিবীর যেখানেই উপনীত হবে, শুধু লাঞ্ছিতই হবে। আল্লাহর ব্যাপারে এমন ধারণা লালন করা ঠিক নয় তো বটেই, বরং ভারি অন্যায়ও। এটা ইহুদী-নাসারাদের কাছ থেকে ধার করা রাফেজীদের মতামত।
আল্লাহ তাআলার যথাযথ হক আদায় করে না, এমন আরও একটি ভ্রান্ত দলের মত হলো, কুরআন ও হাদীসে জান্নাত-জাহান্নামের যেসকল বিবরণ ও শর্ত প্রদান করা হয়েছে, এগুলি স্রেফ সংবাদ-জাতীয় কিছু বাণী। সারাজীবন আল্লাহকে না-মানা ভয়ংকর গুনাহগার ব্যক্তিও জান্নাতে যেতে পারে, এবং কখনো আল্লাহর নাফরমানি না করা ব্যক্তিও জাহান্নামে যেতে পারে। মানুষকে জান্নাত-জাহান্নামের কথা যা কিছু বলা হয়েছে, সবই মানুষকে সন্ত্রস্ত করার জন্য। এরচেয়ে বেশি কিছু নয়। অর্থাৎ হাশরের ময়দানে আল্লাহ তাআলা নির্বিচারে যাকে ইচ্ছা তাকে বেহেশত ও দোযখ দেবেন। আল্লাহর নিকট এ সব কিছুই সমান।
আল্লাহ তাআলা তাদের এই ভ্রান্ত ধারণার বিপরীতে কুরআনের আয়াত নাযিল করেছেন। তাদের এ ধরনের মনোভাব ও সিদ্ধান্তকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সিদ্ধান্ত বলে চিহ্নিত করেছেন। ইরশাদ করেন-
وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا ذَلِكَ ظَنُّ الَّذِينَ كَفَرُوا فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنَ النَّارِ - أَمْ نَجْعَلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَالْمُفْسِدِينَ فِي الْأَرْضِ أَمْ نَجْعَلُ الْمُتَّقِينَ كَالْفُجَّارِ
'আর আমি আসমান ও জমিন এবং এর মধ্যবর্তী কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি। এ তো কাফিরদের নিছক এক ধারণা। অবিশ্বাসীদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ। যারা ঈমান এনেছে তাদেরকে কি আমি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মতো বানিয়ে দেব? মুত্তাকীদেরকে পাপাচারীদের কাতারে রাখব?' [১]
অন্য আয়াতে বলেন-
أَمْ حَسِبَ الَّذِينَ اجْتَرَحُوا السَّيِّئَاتِ أَنْ نَجْعَلَهُمْ كَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَوَاءٌ مَحْيَاهُمْ وَمَمَاتُهُمْ سَاءَ مَا يَحْكُمُونَ - وَخَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزَى كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
'যারা মন্দ কাজে লিপ্ত হয়েছে, তারা কি এই ধারণা পোষণ করেছে যে, আমি তাদেরকে ঐ ব্যক্তিদের মতো করে দেব, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে! তাদের উভয় শ্রেণির জন্ম-মৃত্যু কি এক পর্যায়ের হবে? তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট! আর আল্লাহ তাআলাই আসমানসমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন। প্রতিটি ব্যক্তিই নিজ কর্মের প্রতিদান বুঝে পাবে। আর তাদের প্রতি কোনো অবিচার করা হবে না।[১]
আল্লাহ তাআলার যথাযথ মর্যাদা অনুধাবন করতে না পারা আরেকটি দল হলো, যারা দাবি করে মৃত্যর পর আর কোনো জীবন নেই। যাদের দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা মৃতদেরকে জীবিত করবেন না। কবরের অধিবাসীদেরকে পুনরুত্থিত করবেন না। এমন কোনো দিন আসলে নেই, যেদিন আল্লাহ তাআলা বিশ্ববাসীকে একত্রিত করে তাদেরকে প্রতিদান দেবেন, সৎকর্মশীলদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেবেন। দুষ্কৃতিকারীদেরকে জাহান্নামের ফায়সালা করবেন-এমন কোনো মুহূর্ত আদৌ আসবে না কোনোদিন।
একইসাথে আল্লাহ তাআলার প্রকৃত হক আদায় করতে পারে না ঐ সমস্ত লোক, যারা আল্লাহ তাআলার আদেশকে গুরুত্বহীন তুচ্ছ মনে করে তার নাফরমানিতে লিপ্ত হয়। শরীয়তের নিষিদ্ধ কাজকে হেয় মনে করে তাতে জড়িত হয়। ইসলামের অবশ্য-পালনীয় কর্তব্যকে অবহেলা করে। মহান রবের স্মরণ থেকে নিজেকে উদাসীন করে রাখে। তার নিকট নিজের মনোবাসনা মহান আল্লাহর আনুগত্যের তুলনায় গুরুত্বপূর্ণ হয়ে যায়। মাখলুকের অনুসরণ রবের অনুসরণের তুলনায় প্রাধান্য বিস্তার করে তার জীবনে। সে চক্ষুলজ্জায় নিজের অপকর্ম মানুষের কাছ থেকে গোপন করলেও আল্লাহ তাআলাকে সে ভ্রুক্ষেপ করে না। অথচ আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। সমগ্র জগতের ত্রাণকর্তা ও একমাত্র প্রতিপালক তিনি। অসংখ্য নিয়ামতের ভেতর তাকে ডুবিয়ে রেখেছেন। সৎ কাজের বিনিময়ে অনন্ত সুখের জান্নাত দানের ওয়াদা করেছেন। পাশাপাশি তার ওপর কিছু দায়িত্ব অর্পণ করেছেন। আল্লাহ তাআলার কিছু হক বান্দার উপর রয়ে গেছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত সেসব হক আদায়ে ত্রুটি না করা বান্দার কর্তব্য। আল্লাহ তাআলা যেসকল বিধিনিষেধ বান্দার উপর আরোপ করেছেন সেগুলো বোঝা এবং মেনে চলা তার একান্ত কর্তব্য।
এক ধরনের মানুষ নিজেদেরকে মুমিন মনে করে। কিন্তু আল্লাহর বিধানের প্রতি উদাসীন। তাদের দ্বারা আল্লাহর হক আদায় হয় না। বস্তুত উদাসীনতাই একটি পাপ। এর ফলে অন্তর থেকে বিধিনিষেধের গুরুত্ব লাঘব হয়ে যায়। মানুষ তখন অবলীলায় হারাম কাজে লিপ্ত হতে পারে। আল্লাহর সন্তুষ্টির বিপরীতে প্রবৃত্তির সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে বসে। আল্লাহর আনুগত্যের বিপরীতে বান্দার আনুগত্য করে। আল্লাহ সবকিছু দেখছেন—এমন বিশ্বাসকে একসময় গুরুত্বহীন মনে হয়। বরং নিজের দেখাশোনা ও পার্থিব লাভ-লোকসানই মুখ্য হয়ে ওঠে। নিজের ইলম, আমল ও ব্যক্তিজীবনে আল্লাহর সন্তুষ্টির কোনো তাড়া থাকে না। ইহজগতই তাদের একমাত্র লক্ষ্যে পরিণত হয়। পার্থিব মর্যাদা রক্ষার্থে নিজের খারাপ কাজগুলো মানুষের কাছে লুকিয়ে রাখে, কিন্তু আল্লাহর কাছে লুকানোর কোনো ব্যস্ততা থাকে না। মানুষকে ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। মানুষের সঙ্গে সদাচরণ করে, কিন্তু আল্লাহর বিধানের ব্যাপারে উদাসীন থাকে। নিজের সুনাম-সুখ্যাতি ও বিলাসিতার পেছনে পর্বত পরিমাণ অর্থ ব্যয় করে, কিন্তু অথচ আল্লাহর রাস্তায় দানের ব্যাপারে এত অল্প দান করে যে, একজন সাধারণ মানুষকে তা দেয়া হলেও সে লজ্জিত হবে।
বান্দার জন্য প্রথম এবং প্রধান কর্তব্য হলো, তাঁর মনিবের সন্তুষ্টিকে প্রাধান্য দেয়া। মনিবের মর্যাদার ব্যাপারে সচেতন থাকা। তাঁর সামনে নিজেকে ছোট ও হীন করে রাখা। বহুসংখ্যক মানুষ এমন তো করেই না, বরং আল্লাহর সঙ্গে আল্লাহর দুশমনদের শরীক করে। স্বয়ং আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে শরীক করাই বৈধ নয়, এমতাবস্থায় দুশমনদের শরীক করা হলে, তা হবে চূড়ান্ত মাত্রার স্পর্ধা-প্রদর্শন, আল্লাহপাকের পবিত্র সত্তাকে ছোট করে দেখার প্রয়াস এবং এক আল্লাহর দাসত্ব ছেড়ে বিতাড়িত শয়তানের উপাসনা।
আল্লাহ তাআলা ইরশাদ করেন-
أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَابَنِي آدَمَ أَنْ لَا تَعْبُدُوا الشَّيْطَانَ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ - وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ مُسْتَقِيمُ
'হে আদম সন্তান! আমি কি তোমাদের কাছ থেকে এই অঙ্গীকার গ্রহণ করিনি যে, তোমরা শয়তানের ইবাদত করবে না? নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। বরং তোমরা আমারই ইবাদত করবে, এটাই সঠিক পথ।[১]
মুশরিকরা তাদের ইচ্ছা ও পছন্দমতো ফিরিশতাদের ইবাদাত করত। আল্লাহ তাআলা এটাকেও শয়তানের ইবাদাত বলে অভিহিত করেছেন।
কুরআনে ইরশাদ হয়েছে-
وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ يَقُولُ لِلْمَلَائِكَةِ أَهَؤُلَاءِ إِيَّاكُمْ كَانُوا يَعْبُدُونَ - قَالُوا سُبْحَانَكَ أَنْتَ وَلِيُّنَا مِنْ دُونِهِمْ بَلْ كَانُوا يَعْبُدُونَ الْجِنَّ أَكْثَرُهُمْ بِهِمْ مُؤْمِنُونَ
'যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন এবং ফিরিশতাদেরকে বলবেন, "এরা কি তোমাদেরই পূজা করত?" ফিরিশতারা বলবেন, "আপনি পবিত্র, আমরা আপনার পক্ষে, তাদের পক্ষে নই, বরং তারা জীনদের পূজা করত। তাদের অধিকাংশই শয়তানে বিশ্বাসী।"[২]
প্রকৃতপক্ষে ফিরিশতাদের উপাসনা করলে শয়তানের উপাসনাই করা হয়। এটা শয়তানের একটি সূক্ষ্ম ফাঁদ। সে এভাবে মানুষকে নিজের দিকে ডাকে। যেন মানুষ ফিরিশতাদের কথা শুনে সহজেই ধোঁকায় পড়তে পারে।
চাঁদ-সূর্য ও নক্ষত্র-পূজারিদেরও একই অবস্থা। শয়তান তাদেরকে চাঁদ-সূর্য ও নক্ষত্রকে রূহানী বিষয় বলে ভাবতে প্ররোচনা দেয়। এবং ভেবেও বসে, এই চাঁদ-সূর্যই পৃথিবীর নিয়ন্ত্রক ও ভাগ্যবিধাতা। তারা ভুল করে সারাজীবন এদের উপাসনা করে যায়, আর শয়তান প্রতিদিন সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় সূর্যের কাছাকাছি গিয়ে বসে, যেন মানুষ তার সামনেই মাথানত করে। আর যারা এসবের উদ্দেশ্যে সিজদা করে, তারা নিজের অজান্তেই আমৃত্যু শয়তানকে সিজদা করে যায়।
এমনিভাবে যারা নবী ঈসা ও তাঁর মাতা মারইয়াম আলাইহিমাস সালামের ইবাদাত করে, তারাও প্রকৃতপক্ষে শয়তানেরই ইবাদাত করে। কেননা তাদের ইবাদাত করার আদেশ আল্লাহ তাআলা দেননি। বরং পবিত্র কুরআনে তিনি এর বিরোধিতা করেছেন। ঈসা তাঁর মহীয়সী মাতা মারইয়ামের ইবাদাত করাকে প্রশ্নবিদ্ধ করা সাধারণ মানুষের পক্ষে কঠিন। মানুষকে বিভ্রান্ত করতে আপাত মঙ্গলময় এমন বহু জাল শয়তান পথে পথে বিছিয়ে রেখেছে। সেসকল ধোঁকায় পতিত না হয়ে শিরকমুক্ত ইবাদাত করতে পারলেই কোনো ব্যক্তি সকল পরীক্ষায় উত্তীর্ণ প্রকৃত মুমিন বলে বিবেচিত হবে।
শিরকের পরিশিষ্ট হলো, আল্লাহ ছাড়া অন্য যে কারো ইবাদাত যেখানে, যে অবস্থাতেই করা হোক না কেন, পরিশেষে তা শয়তানের ইবাদাতেই পরিণত হবে। শয়তান কেন নবী-রাসূল ও ফিরিশতাদের ইবাদাতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে? কারণ শয়তানের মূল কাজ হলো, মানুষকে আল্লাহর ইবাদাত থেকে বিমুখ করা এবং আল্লাহর ইবাদাতে শরীক সৃষ্টি করা। সরাসরি শয়তানের ইবাদাতের দিকে আহ্বান করার পরিবর্তে নবী-রাসূল ও ফিরিশতাদের ইবাদাত করানোর মাধ্যমে তার লক্ষ্যে পৌঁছানো অনেক সহজ হয়ে যায়।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন-
وَیَوْمَ یَحْشُرُهُمْ جَمِیعًا یَا مَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِنَ الْإِنْسِ وَقَالَ أَوْلِيَاؤُهُمْ مِنَ الْإِنْسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَبَلَغْنَا أَجَلَنَا الَّذِي أَجَّلْتَ لَنَا قَالَ النَّارُ مَثْوَاكُمْ خَالِدِينَ فِيهَا إِلَّا مَا شَاءَ اللَّهُ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ
'আর যেদিন আল্লাহ তাদের সবাইকে সমবেত করবেন, সেদিন বলবেন, “হে জীনের দল! মানুষের অনেককে তোমরা বিভ্রান্ত করেছিলে।" আর মানুষদের মধ্য থেকে তাদের অভিভাবকরা বলবে, "হে আমাদের রব! আমরা একে অপরের দ্বারা লাভবান হয়েছি এবং আমরা সে সময়ে উপনীত হয়েছি, যা আপনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন।” তিনি বলবেন, "আগুন তোমাদের ঠিকানা, তোমরা সেখানে স্থায়ী হবে। তবে আল্লাহ যা চান (তা ছাড়া)।" নিশ্চয় তোমার রব প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। [১]
এই আয়াতটি হলো আল্লাহর পক্ষ থেকে শিরকের ব্যাপারে একটি সূক্ষ্ম ইশারা। শিরক বড় বিপজ্জনক গুনাহ। তাওবা ছাড়া মাফ হবে না। জাহান্নাম চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে। ধরা যাক, শরীয়ত যদি শিরককে হারাম ঘোষণা না করত, তারপরও শিরক কোনোদিন হালাল হতো না। কেননা সমস্ত জগতের মালিক আল্লাহর ইজ্জতকে খাটো করে অপর এক মাখলুককে তাঁর সঙ্গে শরীক করা কখনোই বৈধ হওয়ার মতো বিষয় নয়।
টিকাঃ
[১] সূরা ফাতহ, আয়াত-ক্রম: ৬
[২] সূরা ফুসসিলাত, আয়াত-ক্রম: ২৩
[১] সূরা সাফফাত, আয়াত-ক্রম: ৮৫-৮৭
[১] সূরা হজ, আয়াত-ক্রম: ২৮
[১] সূরা হজ, আয়াত-ক্রম: ৭৩, ৭৪
[২] সূরা যুমার, আয়াত-ক্রম: ৬৭
[১] সূরা সোয়াদ, আয়াত-ক্রম: ২৭, ২৮
[১] সূরা জাসিয়া, আয়াত-ক্রম: ২১-২২
[১] সূরা ইয়াসীন, আয়াত-ক্রম: ৬০, ৬১
[২] সূরা সাবা, আয়াতা-ক্রম: ৪০, ৪১
[১] সূরা আনআম, আয়াত-ক্রম: ১২৮
📄 শিরক ও অহংকার
শিরক ও অহংকার-জাতীয় গুনাহগুলো আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আল্লাহ জীন ও মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র তাঁর ইবাদাতের জন্য। এই উদ্দেশ্যেই কিতাব অবতীর্ণ করেছেন এবং নবী-রাসূলগণকে প্রেরণ করেছেন। সৃষ্টজীব-জীন ও মানুষের শিরক ও অহংকার আল্লাহর এ ইচ্ছার বিপরীতে চলে যায়। আল্লাহ তাআলা এমনটা পছন্দ করেন না। মুশরিক এবং অহংকারী-উভয়েই জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করেছেন। এমনকি যার অন্তরে বিন্দু-পরিমাণ অহংকার থাকবে, সেও জান্নাতে যেতে পারবে না।
📄 আল্লাহর সিফাত ও আহকামের ওপর কথা বলার আদব
পর্যাপ্ত জানাশোনা ছাড়া আল্লাহর আহকাম ও সিফাতের ব্যাপারে বিতর্কে লিপ্ত হওয়া শিরকের নিকটবর্তী কবীরা গুনাহ। আল্লাহ তাআলা নিজের যেসকল গুণবাচক নাম উল্লেখ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যেসকল গুণবাচক নামে ডেকেছেন, তার বিপরীত গুণের অন্য কোনো নামে ডাকা আল্লাহ তাআলার কর্তৃত্বের জগতে অবৈধ অনুপ্রবেশের শামিল। আর যদি কেউ স্বীয় জ্ঞানের দ্বারা আল্লাহপাকের এ ধরনের কোনো গুণাবলি প্রমাণ করার চেষ্টা করে, তবে সেটা শিরকের চেয়েও বড় ধৃষ্টতা বলে গণ্য হবে।
শিরকে লিপ্ত হবার দুটি ধরন আছে :
১. আল্লাহকে স্বীকার না করে শুধুমাত্র মাখলুক তথা সৃষ্ট জিনিসের উপাসনা করা।
২. আল্লাহকে স্বীকার করলেও তাঁর পাশপাশি অন্যকে শরীকও করা।
দ্বিতীয় প্রকারের শিরক প্রথম প্রকারের তুলনায় লঘু। উদাহরণস্বরূপ-কোনো ব্যক্তি তার দেশের ক্ষমতাসীন বাদশাহকে অস্বীকার করে। পক্ষান্তরে আরেকজন বাদশাহকে স্বীকার করে এবং তাঁর সহানুভূতি লাভের জন্য অন্য কোনো উজির বা উচ্চপদস্থ ব্যক্তির মধ্যস্থতা গ্রহণ করে। নিঃসন্দেহে দ্বিতীয় প্রকারের লোকটি বাদশার নৈকট্য পাবে। তবে আল্লাহপাকের ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন। তিনি নিজেই কোনো মধ্যসূত্র গ্রহণ করতে নিষেধ করেছেন। তাই সেটা করা যাবে না। আল্লাহকে অস্বীকারকারী মুশরিকদের মধ্য থেকে নেতৃস্থানীয় মুশরিক হলো ফিরআউন। পবিত্র কুরআনে ঘটনা বর্ণিত আছে-
يَا هَامَانُ ابْنِ لِي صَرْحًا لَعَلَّى أَبْلُغُ الْأَسْبَابَ - أَسْبَابَ السَّمَاوَاتِ فَأَطَّلِعَ إِلَى إِلَهِ مُوسَى وَإِنِّي لَأَظُنُّهُ كَاذِبًا
'ফিরআউন আরও বলল, "হে হামান! আমার জন্য একটি উঁচু ইমারত বানাও, যাতে আমি অবলম্বন পাই। আসমানে আরোহণের অবলম্বন, যাতে আমি মুসার ইলাহকে দেখতে পাই, আর আমি কেবল তাকে মিথ্যাবাদীই মনে করি।"[১]
আর দ্বিতীয় প্রকারের শিরক-অর্থাৎ আল্লাহকে পরিপূর্ণভাবে অস্বীকার না করে তাঁর পাশে অন্য কোনো মাখলুক বা সৃষ্টজীবকে শরীক করা-এটাকে শয়তান বেশি পছন্দ করে। কেননা এটা বিদআত। আর বিদআতের ব্যাপারে পূর্বসূরি কয়েকজন আলিমের মন্তব্য হলো-
الْبِدْعَةُ أَحَبُّ إِلَى إِبْلِيسَ مِنَ الْمَعْصِيَةِ: لِأَنَّ الْمَعْصِيَةَ يُتَابُ مِنْهَا وَالْبِدْعَةَ لَا يُتَابُ مِنْهَا
'অন্যান্য গুনাহের চেয়ে শয়তানের কাছে বিদআত বেশি পছন্দ। কারণ হলো, অন্য গুনাহ থেকে তাওবা করা যায়, বিদআত থেকে তাওবা করা হয় না।
ইবলিস বলে থাকে, 'আদম সন্তানকে আমি গুনাহের মাধ্যমে ধ্বংস করেছি। আর তারা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ধ্বংস করে দিয়েছে। এমন অবস্থা দেখে আমি তাদেরকে এমন গুনাহে লিপ্ত করে দিলাম, যাকে তারা নেকি ভেবে করতে থাকবে। ফলে কোনোদিন তাওবা করার কথা তাদের মনেও আসবে না।'
অন্যান্য গুনাহ শুধুমাত্র গুনাহে লিপ্ত ব্যক্তিকেই ক্ষতিগ্রস্ত করে। কিন্তু বিদআত শুধুমাত্র একজনকেই নয়, বিদআতের প্রভাব সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে। এবং অপরকেও উৎসাহিত করে। বিদআতে লিপ্ত ব্যক্তি অন্যান্য কবীরা গুনাহে লিপ্ত ব্যক্তি থেকে অধিক নিকৃষ্ট। কেননা, বিদআত আল্লাহর সিফাতের মধ্যে বিকৃতি ঘটায়, কিন্তু অন্য গুনাহে তা হয় না। অন্য গুনাহে লিপ্ত ব্যক্তি আখিরাতের সঠিক পথে থেকেই ভুলভ্রান্তি করে। কিন্তু বিদআতে লিপ্ত ব্যক্তির আখিরাতের পথই ভুল হয়ে যায়।
টিকাঃ
[১] সূরা মুমিন, আয়াত-ক্রম: ৩৬, ৩৭
📄 মানবহত্যা ও জুলুম-নির্যাতন
শিরকের পর সবচেয়ে বড় গুনাহ হলো, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এবং জুলুম করা। ইনসাফ ও ন্যায়বিচারের ওপর সারা পৃথিবী টিকে আছে। জুলুম ইনসাফের বিপরীত বিষয়। মানুষকে ইনসাফের কথা স্মরণ করিয়ে দিতে আল্লাহ তাআলা নবী-রাসূলদেরকে প্রেরণ করেছেন। আসমানী কিতাব সমূহেও বহুবার জুলুমের কথা উল্লেখ করেছেন। জুলুম করতে নিষেধ করেছেন। ইনসাফের নীতি প্রতিষ্ঠার আদেশ করেছেন। জুলুম নৈরাজ্যের পথ খুলে দেয়। অতএব যে জুলুমের প্রতিক্রিয়ায় যতটা নৈরাজ্য সৃষ্টি হবে, সে জুলুম ততটা ভয়ংকর বলে বিবেচিত হবে।
হত্যাকাণ্ডের মধ্যে নিজের শিশু সন্তানকে হত্যা করা এবং সন্তানের দিক থেকে পিতামাতাকে হত্যা করা সর্বাপেক্ষা নিকৃষ্টতর জুলুম। আল্লাহ শিশুদের এমনভাবে সৃষ্টি করেন, সকলেই তাদেরকে ভালোবাসে। বিশেষত, সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসার তুলনা হয় না। তবু কেউ যদি এই ভয়ে হত্যা করে যে, সন্তান আগামীতে দারিদ্র্যের কারণ হবে, তার সম্পদের অংশীদার হবে, তাহলে এর চেয়ে নিকৃষ্ট জুলুম আর হতে পারে না। অপরদিকে পিতামাতা হলেন মানুষের পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম। কেউ যদি তার পিতামাতাকে হত্যা করে, সেটাও অতি নিকৃষ্ট জুলুম হিসেবে বিবেচিত হবে।
নিহত ব্যক্তির অবস্থা ভেদে হত্যার স্তর নির্ণিত হয়। নিহত ব্যক্তি যদি নবী, সাহাবী অথবা দ্বীনের দাঈ আলিম হন, তাহলে পিতামাতা ও সন্তান হত্যার পরে এটাই সর্বাপেক্ষা বড় জুলুম। এবং কিয়ামতের দিন হত্যাকারীকে কঠিন জিজ্ঞাসাবাদ ও শাস্তির মুখোমুখি হতে হবে।
আল্লাহ তাআলা কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যার শাস্তি হিসেবে চিরস্থায়ী জাহান্নামের বিধান করেছেন। ইচ্ছাকৃত হত্যাকারীর ওপর আল্লাহর ক্রোধ ও লানত বর্ষিত হয়। কোনো ব্যক্তি যদি অমুসলিম থাকা অবস্থায় কোনো মুমিনকে হত্যা করে, অতঃপর ইসলাম গ্রহণ করে, তাহলে মুসলিম শাসক ইসলামের স্বার্থে রক্তপাত ছাড়াই ক্ষতিপূরণ গ্রহণ করে তাকে ক্ষমা করে দিতে পারেন। তবে মুসলিম ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অপর মুসলমানকে হত্যা করলে তাকে কোনোভাবে ক্ষমা করা যাবে কিনা, এ বিষয়ে ইমামদের মধ্যে মতানৈক্য রয়েছে। ইমাম আহমাদ ইবনু হাম্বল থেকেই দুটি মত বর্ণিত আছে।
যাঁরা মনে করেন হত্যাকারীর তাওবা কবুল হবে না, ক্ষতিপূরণ আদায় করলেও তাকে ক্ষমা করা যাবে না, তাঁদের যুক্তি হলো, হত্যাকারীর হয়তো আরো দীর্ঘদিন হায়াত পাওয়ার সম্ভাবনা ছিল। হত্যাকারী তার সেই হায়াত ছিনিয়ে নিয়েছে। মৃতব্যক্তির ক্ষতিপূরণ গ্রহণের সম্ভাবনাও শেষ হয়ে গেছে। ফলে ইনসাফ হলো, আইনের মাধ্যমে হত্যাকারীকেও একই শাস্তি প্রদান করা। এখানে ক্ষতিপূরণের কোনো সুযোগ নেই। নিহতের হক কেবলই তার নিজের। তার উত্তারাধিকারগণ সে হক গ্রহণ করলে নিহত ব্যক্তির কিছু যায়-আসে না। আর ওয়ারিশরা হত্যাকারীর কাছ থেকে যে ক্ষতিপূরণ পাবে তা হলো ওই জিনিসের বিনিময়, যা নিহত ব্যক্তি ওয়ারিশদেরকে দিত। ক্ষতিপূরণের মাধ্যমে ওয়ারিশদের হক আদায় হলেও নিহত ব্যক্তির জীবনের ঋণ থেকেই যায়। তা আদায় করার বিকল্প কোনো সুযোগ নেই। যদি ওয়ারিশদের ক্ষতিপূরণ আদায়ের মাধ্যমে হত্যাকারীর সঙ্গে কোনো সমঝোতা হয়, তারপরেও হাশরের ময়দানে হত্যাকারীকে নিহতের হক নষ্ট করার অপরাধে কাঠগড়ায় দাঁড়াতে হবে।
অন্যান্য ইমামগণ বলেন, ক্ষতিপূরণ এবং তাওবা-ইস্তিগফারের মাধ্যমে তার তাওবা কবুল করা হবে। কেননা হত্যাকারী শরয়ী বিধান অনুযায়ী ক্ষতিপূরণ দিচ্ছে। এবং কৃত অপরাধের জন্য ক্ষমাপ্রার্থনাও করেছে।
তাঁরা আরও বলেন, যেহেতু কুফর-শিরক এবং যাদুটোনার মতো বড় বড় গুনাহ তাওবা করার দ্বারা মাফ হয়ে যায়, সুতরাং হত্যাকাণ্ডের অপরাধও তাওবা-ইস্তিগফারের মাধ্যমে মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা তো সেসব কাফিরকেও ক্ষমা করে দিয়েছেন, যারা তাঁর প্রিয় ব্যক্তিদের হত্যা করেছে। ইসলাম গ্রহণের পর তাদেরকে শুধু ক্ষমা করেননি, বরং প্রিয়ভাজনেও পরিণত করেছেন। পবিত্র কুরআনে বর্ণিত আছে-
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا
'আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন।' [১]
এই আয়াতটি ব্যাপকার্থে ব্যবহৃত হয়েছে। কুফর-শিরকসহ সবরকমের গুনাহ তাওবার মাধ্যমে মাফ হয়ে যায়।
ইমামগণ বলেন, তাওবা দ্বারা সকল গুনাহ মাফ হয়ে যাওয়ার পর নিষ্পাপ একটি মানুষকে শাস্তি দেয়া শরীয়ত-বিরুদ্ধ। এ ক্ষেত্রে তাওবা করার অর্থ হলো, হত্যাকারী ব্যক্তি তার প্রাণ নিহতের হাতে তুলে দেয়া। যেহেতু নিহতের হাতে তুলে দেয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে, তাই নিহতের স্থলে তার প্রাণের মালিকানা চলে যাবে নিহতের ওয়ারিশদের হাতে। তারা তাকে কিসাসের জন্য শাসকের হাতে তুলে দিতে পারে অথবা ক্ষতিপূরণ গ্রহণ করতে পারে। অথবা চাইলে সম্পূর্ণ মাফ করে দিতে পারে। তাদের মতামতকেই নিহতের মতামত বলে বিবেচনা করা হবে।
টিকাঃ
[১] সূরা যুমার, আয়াত-ক্রম: ৫৩