📘 রূহের খোরাক > 📄 অগ্নি-পূজারি ও কাদেরিয়াদের শিরক

📄 অগ্নি-পূজারি ও কাদেরিয়াদের শিরক


শিরকের দ্বিতীয় প্রকার ছিল, আল্লাহ তাআলাকে প্রকৃত প্রভু মেনে নিয়েও অপর কোনো উপাস্যকে আল্লাহর সঙ্গে শরীক করা। এতে আল্লাহ তালার গুণাবলিকে অকার্যকর মনে করার প্রয়াস আছে। যেমন-

* খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আল্লাহকে তাদের তিন প্রভুর একজন মনে করে। যেমন-তারা ঈসা ও মারইয়াম আলাইহিমাস সালামকেও খোদা মনে করে থাকে।
* অগ্নি-পূজারিদের শিরক এই প্রকারের অন্তর্ভুক্ত। তারা ভালো কাজকে আলো ও খারাপ কাজকে অন্ধকারের সৃষ্টি মনে করে।
* কাদরিয়াদের শিরকও অগ্নি-উপাসকদের শিরকের অন্তর্ভুক্ত। তারা বলে, মানুষ নিজের ভালো-মন্দ নিজেই সৃষ্টি করে। এর পেছনে অন্য কারো হস্তক্ষেপ নেই।

এ প্রকারের আরেক মুশরিক হলো নমরুদ, ইবরাহীম আলাইহিস সালাম যার নিকট পবিত্র কুরআনের এ আয়াত নিয়ে গিয়েছিলেন-

إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ
'স্মরণ করুন ওই সময়ের কথা, যখন ইবরাহীম বলেছিল, আমার প্রতিপালক জীবন এবং মৃত্যু দান করেন। নমরুদ বলল, আমিও তাই করি।[১]

নমরুদ নিজেকে আল্লাহর সমকক্ষ ভেবেছিল। নিজের অহমিকায় এতটাই ডুবে ছিল যে, সে ভাবত, সেও আল্লাহর মতো জীবন এবং মৃত্যু দান করতে পারে।

ইবরাহীম আলাইহিস সালাম বললেন, 'আমার আল্লাহ আকাশের পূর্ব দিকে সূর্য ওঠান, এবং পশ্চিম দিকে সূর্য ডোবান।' এ কথা শুনে নমরুদ হতভম্ব হয়ে যায়। এ ধরনের মুশরিকদের জন্য ইবরাহীম আলাইহিস সালামের মুখে আল্লাহপ্রদত্ত এই উত্তর একটি তুলনারহিত চ্যালেঞ্জ।

তারকা, সূর্য এবং অগ্নি-পূজারিদের শিরকও এই ধরনের। তারা কিছু বিশেষ তারকা, অথবা বিশেষ সময়ের সূর্য অথবা অগ্নিকে পৃথিবীর ভালো-মন্দে আল্লাহর শরীক ভাবে। 'সায়েবিয়্যাহ' মতাদর্শীরাও এমন। তাদের শিরকের ধরন হলো, কেউ বলে, প্রকৃত উপাস্য কেবল আল্লাহই। তাদের বিশ্বাসেও শিরক আছে। আবার কেউ বলে, সকল উপাস্যদের মধ্যে আল্লাহই সবচেয়ে বড়। এটাও শিরক। কেউ বলে, অনেক অনেক উপাস্যের মধ্যে আল্লাহও একজন।

ইবাদাতের সময় সর্বান্তকরণে আল্লাহর অভিমুখী হতে হবে। তাহলে আল্লাহ বান্দার চাওয়া পূরণ করবেন। এমন ভিন্ন ভিন্ন অনেক মতামত প্রচলিত আছে। এ ধরনের সকল বিশ্বাস ও মত শিরকের অন্তর্ভুক্ত। কেউ কেউ আরও বলেন, প্রতি ছোট উপাস্যেরই অধঃস্তন এবং ঊর্ধ্বতন উপাস্য থাকে। বান্দা যখন প্রার্থনা করে, তখন একজন অপরজনের নিকট বান্দার প্রার্থনা পৌঁছে দেয়। এভাবেই তা আল্লাহর নিকট পৌঁছে। এটাও শিরক। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মধ্যসূত্রের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলার বিধান হলো, বান্দা সরাসরি তাঁর কাছেই প্রার্থনা করতে পারবে।

টিকাঃ
[১] সূরা বাকারা, আয়াত-ক্রম: ২৫৮

📘 রূহের খোরাক > 📄 ইবাদাত এবং লেনদেনের ক্ষেত্রে শিরক

📄 ইবাদাত এবং লেনদেনের ক্ষেত্রে শিরক


ইতিপূর্বে বর্ণিত শিরকসমূহের তুলনায় ইবাদাত এবং লেনদেনের শিরকের পাপ কিছুটা লঘু। বিশেষত ইবাদাতের ক্ষেত্রে শিরকের শাস্তিও অনেক কম। কেননা, এটা এতটাই সুক্ষ্ম যে, কোনো নির্ভেজাল বিশ্বাসী মানুষও যেকোনো সময় মনের অজান্তেই এই শিরকে লিপ্ত হয়ে যেতে পারে। সে নিজেও টের পাবে না। ধরা যাক, এক ব্যক্তি আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে। সে বিশ্বাস করে, সকল লাভ-ক্ষতির মালিক কেবল আল্লাহ। তিনি ব্যতীত ইবাদাতের উপযুক্ত আর কেউ নেই। তিনি সৃষ্টিকর্তা, তিনিই পালনকর্তা। কিন্তু কখনো কখনো বান্দার ভুল হয়। তার ইবাদাত, লেনদেন সব সময়ই একমাত্র আল্লাহর জন্য হয়ে ওঠে না। সে নিজেকে রক্ষা করতে আমল করে। পার্থিব কোনো প্রাপ্তি কিংবা মানুষের মাঝে যশখ্যাতির জন্যেও করে থাকতে পারে। এমতাবস্থায় তার আমল আল্লাহর জন্যই হয়; কিন্তু মস্তিষ্কে বসে থাকে শয়তান আর জাগতিক লোভ। পৃথিবীজুড়ে অধিকাংশ মানুষের ইবাদাতই এমন দোদুল্যমান। এটাও এক প্রকারের শিরক।

📘 রূহের খোরাক > 📄 ইবাদাতের শিরক থেকে বেঁচে থাকার উপায়

📄 ইবাদাতের শিরক থেকে বেঁচে থাকার উপায়


আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ
'তাদেরকে কেবল এটাই আদেশ করা হয়েছে যে, তারা যেন ইখলাসের সঙ্গে, একাগ্র হয়ে আল্লাহর ইবাদাত করে।' যে ব্যক্তি ইখলাস বা একনিষ্ঠতা সহকারে আল্লাহর ইবাদাত করবে না, তাকে আল্লাহর আদেশের বিপরীত কাজের জন্য পাকড়াও হতে হবে। ইখলাস সহকারে আমল করা আল্লাহ তাআলার আদেশ। হাদীসে কুদসীতে বর্ণিত আছে-
أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ، فَمَنْ عَمِلَ عَمَلًا أَشْرَكَ مَعِي فِيهِ غَيْرِي فَهُوَ لِلَّذِي أَشْرَكَ بِهِ، وَأَنَا مِنْهُ بَرِيءٌ
'মুশরিকদের আমলে আমার কিছু যায় আসে না। যদি কোনো ব্যক্তি কোনো আমল করে, এবং তার মধ্যে আমার সঙ্গে অন্য কাউকে শরিক করে, তাহলে এ আমল হবে ওই শরীকের জন্য। আমার মর্যাদা এর চেয়ে অনেক উঁচু।'[১]
ইবাদাতের শিরক দুই প্রকার।
* 'শিরকে আকবার' তথা বড় শিরক।
* 'শিরকে আসগার' তথা ছোট শিরক।
'শিরকে আসগার' অন্যান্য আমলের দ্বারা মাফ করে দেয়া হয়। কিন্তু 'শিরকে আকবার' তাওবা ছাড়া কিছুতেই মাফ করা হয় না। আল্লাহ তাআলার প্রতি শ্রদ্ধা, ভক্তি কিংবা ভালোবাসার ক্ষেত্রে কাউকে শরীক করা 'শিরকে আকবার'। কাউকে শরীক করার অর্থ দাঁড়ায়, আল্লাহ এবং বান্দা একই রকমের ভালোবাসা পাওয়ার যোগ্য, যা স্পষ্টই ধৃষ্টতার লক্ষণ। এ সকল শিরক ক্ষমার অযোগ্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ
'আর কতিপয় লোক এমন রয়েছে, যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষরূপে গ্রহণ করে, আল্লাহকে ভালোবাসার মতোই তাদেরকে ভালোবাসে।'[২]
এ প্রকৃতির মুশরিকরা সারাজীবন যেসকল মিথ্যা উপাস্যদের ইবাদাত করে এসেছে, তারা কিয়ামতের দিন সেসব উপাস্যদের বলবে- (পবিত্র কুরআনের আয়াতা)
تَاللَّهِ إِنْ كُنَّا لَفِي ضَلَالٍ مُبِينٍ إِذْ نُسَوِّيكُمْ بِرَبِّ الْعَالَمِينَ
'আল্লাহর কসম! আমরা স্পষ্ট ভ্রান্তিতে ডুবে ছিলাম, যখন আমরা তোমাদেরকে উভয়জাহানের প্রতিপালক আল্লাহ তাআলার বরাবর মনে করে আসছিলাম'। [১]
কুরআনের আয়াত থেকে বোঝা যায়, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে, তারা কখনোই শরীক উপাস্যদেরকে রিযিকদাতা, পালনকর্তা মনে করে না। বরং ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ও অনুরাগ বশত এ ধরনের শিরকে জড়িয়ে থাকে। এক দৃষ্টিকোণ থেকে এটা অজ্ঞতার চূড়ান্ত প্রকাশ। অপর দৃষ্টিকোণ থেকে এটি ভয়ানক এক জুলুমও বটে। মাটি থেকে সৃষ্ট এক বস্তু কী করে মহাপরাক্রমশালী আল্লাহর সমকক্ষ হতে পারে? দাসানুদাস কীভাবে পালনকর্তার সমান হয়? এক প্রস্থ মাটির কী মূল্য আছে? সে তো একা একা সৃষ্টিও হতে পারেনি। তাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তার মধ্যে গুণাগুণ দান করেছেন তিনি। আল্লাহর সৃষ্টি নৈপুণ্যেই সে জমাটবদ্ধ এবং তরল হতে পারে। আল্লাহ মহান। সর্বময় ক্ষমতার অধিকারী। দয়া অনুগ্রহ, জ্ঞান, ভালোবাসার এক অফুরন্ত ভাণ্ডার তিনি। তাঁর সঙ্গে সামান্য মাটির দলাকে শরীক করা বিবেকের ভয়ানক অমার্জনীয় অপব্যবহার।
আল্লাহ তাআলা ইরশাদ করেন-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّورَ - ثُمَّ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ يَعْدِلُونَ
'সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সমস্ত আকাশ এবং ভূমি সৃষ্টি করেছেন, আলো এবং অন্ধকার সৃষ্টি করেছেন, তথাপি কাফিররা অন্য কাউকে তাঁর সমকক্ষ সাব্যস্ত করে'। [২]
আল্লাহ আসমান-জমিন সৃষ্টি করেছেন, আলো-অন্ধকার সৃষ্টি করেছেন। এমন মহান সত্তাকে কাফিররা এমন কিছু মৃত মাটির ঢেলার সঙ্গে তুলনা করে, যাদের নিজেদেরই নিজ ক্ষমতায় তৈরি হওয়ার শক্তি নেই। নিজেদের লাভ-ক্ষতিও তাদের হাতে নেই। পৃথিবীর ভালো-মন্দে তাদের কোনো অংশগ্রহণ নেই। আফসোস! তাদেরকে আল্লাহর সমকক্ষ মনে করা মানুষের জন্য সবচেয়ে বড় জুলুম।

টিকাঃ
[১] সূরা কাহফ, আয়াত-ক্রম: ১১০
[১] মুসলিম, হাদীস-ক্রম: ২৯৮৫
[২] সূরা বাকারা, আয়াত-ক্রম: ১৬৫
[১] সূরা শুআরা, আয়াত-ক্রম: ৯৭-৯৮
[২] সূরা আনআম, আয়াত-ক্রম: ০১

📘 রূহের খোরাক > 📄 কথা ও কর্মের শিরক

📄 কথা ও কর্মের শিরক


উপরে বিবৃত শিরকের পরে আরও কতিপয় শিরক হলো, বান্দা তার কথা, কাজ ও নিয়তের ক্ষেত্রে অন্য কাউকে আল্লাহর সঙ্গে শরীক করা। কর্মের শিরকের উদাহরণ, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা অবনত করে সিজদা করা। আল্লাহর ঘর পবিত্র কাবা ব্যতীত অন্য কোনো ঘর তওয়াফ করা। হজরে আসওয়াদ ব্যতীত অন্য কোনো পাথর বা কবরে চুম্বন করা। কবরে সিজদা করা। নবীজি ﷺ পূর্ববর্তী নবী-রাসূল এবং নেককার বান্দাদের কবর-কেন্দ্রিক মসজিদ নির্মাতাদেরকে লানত করেছেন। আর যারা স্বয়ং কবরকেই প্রতিমা বানিয়ে উপাসনা করে, তাদের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে!
রাসূল ﷺ ইরশাদ করেন-
لَعَنَ اللَّهُ الْيَهُودَ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ
'ইহুদী ও নাসারাদের ওপর আল্লাহর লানত বর্ষিত হোক, যারা তাদের নবী- রাসূলদের কবরকে মসজিদে পরিণত করেছে।'(১)
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন-
إِنَّ شِرَارَ النَّاسِ مَنْ تُدْرِكُهُمُ السَّاعَةُ وَهُمْ أَحْيَاءُ، وَالَّذِينَ يَتَّخِذُونَ الْقُبُورَ مَسَاجِدَ
'হতভাগা সেসকল মানুষ, যাদের জীবদ্দশায় কিয়ামত সংঘটিত হবে। এবং হতভাগা সেসকল মানুষ, যারা কবরকে সিজদার জায়গা বানিয়ে নেয়।[১]
সহীহ মুসলিমে বর্ণিত আছে-
إِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ الْقُبُورَ مَسَاجِدَ، أَلَا فَلَا تَتَّخِذُوا الْقُبُورَ مَسَاجِدَ، فَإِنِّي أَنْهَاكُمْ عَنْ ذَلِكَ
'তোমাদের পূর্ববর্তীরা কবরকে সিজদার স্থান বানিয়ে ফেলেছিল। খবরদার, তোমরা তা কোরো না। আমি তোমাদেরকে এমন গর্হিত কাজ থেকে সতর্ক করে দিচ্ছি। [২]
মুসনাদু আহমাদ এবং সহীহ ইবনু হিব্বানে বর্ণিত আছে। রাসূল ইরশাদ করেন-
لَعَنَ اللَّهُ زَوَّارَاتِ الْقُبُورِ، وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ
'কবর যিয়ারতকারী নারী, কবরের উপর সিজদাকারী এবং বাতি প্রজ্জ্বলনকারী ব্যক্তিদের ওপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন।[৩]
অপর এক হাদীসে বর্ণিত হয়েছে-
اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى قَوْمِ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ
'আল্লাহ তাআলা এমন সম্প্রদায়ের উপর সবচেয়ে বেশি রাগান্বিত হন, যারা তাদের নবীদের কবরকে সিজদার স্থানে পরিণত করে।[৪]
আরও একটি হাদীস-
إِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ، كَانَ إِذَا مَاتَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، أُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ
'তোমাদের পূর্বে এমন অনেক লোক ছিল, তাদের মধ্য থেকে যখন কোনো নেককার বুযুর্গ ব্যক্তি ইন্তেকাল করত, তারা তার কবরের ওপর মসজিদ নির্মাণ করত। এবং সেখানে তার অংকিত ছবি স্থাপন করত। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সম্মুখে তারা সবচেয়ে নিকৃষ্টতর সৃষ্টি হিসেবে উপস্থিত হবে।[১]
এ তো হলো সেসকল ব্যক্তি বা সম্প্রদায়ের কথা, যারা কবরের ওপর মসজিদ নির্মাণ করে আল্লাহকে সিজদা করবে; কিন্তু যারা স্বয়ং কবরকেই সিজদা করে, তাদের পরিণতি তো হবে আরো ভয়াবহ! নবীজি আল্লাহ তাআলার দরবারে দুআ করেছিলেন-
اللَّهُمَّ لَا تَجْعَلْ قَبْرِي وَثَنَا يُعْبَدُ
'আল্লাহ! আপনি আমার কবরকে পূজারিদের মূর্তিতে পরিণত করবেন না।' [২]
প্রকৃতপক্ষে এসকল হাদীসের মাধ্যমে নবীজি আল্লাহ তাআলার একত্ববাদের চতুর্পাশে এমন এক প্রাচীর স্থাপন করে গিয়েছেন যে, কেউ তা ভেঙে আল্লাহর একত্ববাদকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এমনকি তার কাছেও ভিড়তে পারবে না। খেয়াল করা দরকার, নবীজি সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় নফল নামায পড়তে নিষেধ করেছেন। এভাবে তিনি সূর্যপূজারিদের সঙ্গে মুসলমানদের সাদৃশ্যের সকল পথ বন্ধ করে দিয়েছেন। আর আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদাতের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত কঠোর। হাদীসে বর্ণিত হয়েছে-
لَا يَنْبَغِي لِأَحَدٍ أَنْ يَسْجُدَ لِأَحَدٍ إِلَّا لِلَّهِ
'কেউ যেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা না করে।' [৩]
উল্লিখিত হাদীসে "لا ينبغى" শব্দ ব্যবহার করা হয়েছে। পবিত্র কুরআন ও হাদীস শরীফে উক্ত শব্দ দ্বারা পূর্ণাঙ্গ আদেশ বুঝানো হয়। অর্থাৎ এই শব্দ দ্বারা কৃত আদেশ অথবা নিষেধ অকাট্য পালনীয়।
আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَمَا يَنْبَغِي لِلرَّحْمَنِ أَنْ يَتَّخِذَ وَلَدًا
'সন্তান গ্রহণ করা পরম করুণাময় আল্লাহর শান নয়।[১]
এখানেও 'لا ينبغي' শব্দের ব্যবহার রয়েছে। এবং এ বিধানের কোনো নড়চড় হবে না। 'لا ينبغي' শব্দ ব্যবহৃত এসকল বিধান ইসলামী শরীয়তে অত্যন্ত কঠোরভাবে পালন করা হয়।

টিকাঃ
[১] বুখারী, হাদীস-ক্রম: ১৩০৭
[১] মুসনাদু আহমাদ, হাদীস-ক্রম: ১৬৯৪; সনদ হাসান। সিয়ারু আলামিন নুবালা-১/৪০১
[২] মুসলিম, হাদীস-ক্রম: ৫৩২
[৩] মুসনাদু আহমাদ, হাদীস-ক্রম: ২০৩০; শুয়াইব আরনাউতের মতে হাদীসটির সনদ হাসান লিগাইরিহি। তবে সমস্ত বর্ণনায় হাদীসটি পাওয়া যায় তথা রাসূল লানত বর্ষণ করেন-এই শব্দে।
[৪] মুয়াত্তা মালিক-১/১৭২
[১] বুখারী, হাদীস-ক্রম: ৪২৭
[২] মুসনাদু আহমাদ, হাদীস-ক্রম: ৭৩৫২
[৩] হাদীসটি মুনকার, কাশফুল আসতার-৩/১৩২
[১] সূরা মারইয়াম, আয়াত-ক্রম: ৯২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00