📄 পাপাচারের সাজা ও দণ্ডবিধির প্রকার
পাপাচারী ব্যক্তিকে দুইভাবে শাস্তি দেওয়া হয়—
শরীয়তকর্তৃক নির্ধারিত দণ্ডবিধির মাধ্যমে জাগতিক শাস্তি।
অথবা আল্লাহ তাআলা সরাসরি নিজ কুদরতে তাকে তার অপরাধের শাস্তি প্রদান করেন।
গুনাহগার ব্যক্তিকে যখন শরীয়তকর্তৃক নির্ধারিত শাস্তির মাধ্যমে দণ্ডিত করা হয়, তখন সাধারণত আল্লাহ তাআলার শাস্তি বা আযাবকে তার জন্য রহিত করা হয় অথবা লঘু করে দেয়া হয়। যদি বান্দার অপরাধের শাস্তির মাত্রা অনুযায়ী সে তার প্রাপ্য সাজা ভোগ করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা তাকে পুনরায় শাস্তির সম্মুখীন করবেন না। আর শরয়ী দণ্ডবিধি যদি তার জন্য যথেষ্ট না হয়, বান্দার আত্মার ব্যাধি যদি দণ্ডগ্রস্ত হওয়ার পরও তার মাঝে বিদ্যমান থাকে, তাহলে তার উপর আল্লাহ তাআলার আযাব ও শাস্তি নেমে আসে। বান্দার অনেক গুনাহ এমন আছে, যেখানে আল্লাহ তাআলা কোনো জাগতিক দণ্ডকে শরয়ী শাস্তি হিসেবে নির্ধারণ করেননি; সেসকল ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দাকে নিজ কুদরতি আযাব দিয়ে পাকড়াও করেন। এই আযাব প্রদান কখনো শরয়ী শাস্তির তুলনায় কম হয়, আবার কখনো বেশি ও তীব্র হয়ে যায়। শরীয়ত কর্তৃক নির্ধারিত শাস্তির প্রয়োগক্ষেত্র নির্দিষ্ট ও সীমিত। আর আল্লাহ তাআলা সাধারণভাবে গুনাহের কারণে বান্দাকে যেই শাস্তি দিয়ে থাকেন, তার প্রয়োগক্ষেত্র ব্যাপক ও বিস্তৃত হয়ে থাকে। কেননা আল্লাহ তাআলার অবাধ্যতা যদি গোপনে করা হয় তখন শুধুমাত্র গুনাহগার ব্যক্তি একাই ক্ষতিগ্রস্ত হয়, আর যখন আল্লাহর নাফরমানি প্রকাশ্যে করা হয় তখন সমাজের সবাই এর দ্বারা প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত হয়। মানুষের চোখের সামনে যদি কোনো খারাপ কাজ হয়, আর সবাই যদি সম্মিলিতভাবে সেই কাজে বাধা না দেয়, বরং এতে আরও অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা খুব দ্রুতই তাদেরকে আযাবগ্রস্ত করেন।
আল্লাহ তাআলা বান্দার গুনাহ ও অপরাধের মাত্রা অনুযায়ী শরয়ী দণ্ডবিধি প্রণয়ন করেছেন। এই দণ্ডবিধির প্রয়োগক্ষেত্র তিনভাবে হয়ে থাকে。
* হত্যা
* অঙ্গহানি
* বেত্রাঘাত
প্রাণদণ্ডে দণ্ডিত করার মতো অপরাধ হলো কুফর বা আল্লাহ তাআলাকে অস্বীকার করা, ব্যভিচার ও সমকামিতায় লিপ্ত হওয়া। এ ধরনের অপরাধ মানুষের ধর্মীয় মূল্যবোধ, বংশধারা ও সামাজিক ভারসাম্য নষ্ট করে।
📄 শাস্তি বিবেচনায় গুনাহের প্রকার
শাস্তির বিবেচনায় বান্দার গুনাহ বা অপরাধ তিন প্রকার-
১. এমন অপরাধ বা গুনাহ, যার শাস্তি হিসাবে বান্দার ওপর হদ বা শারীরিক দণ্ড প্রয়োগ করা হয়। এই অপরাধের জন্য অপরাধীকে প্রহার, অঙ্গহানি বা প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়। যেমন, মদপান, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা ইত্যাদি।
২. এমন গুনাহ বা অপরাধ, যার প্রায়শ্চিত্তে বান্দাকে মাশুল গুনতে হয়। কাফফারা আদায়ের মাধ্যমে সে গুনাহ বা অপরাধের মার্জনা প্রার্থনা করতে হয়। যেমন, রামাদানের দিনে স্ত্রীর সাথে ইচ্ছাকৃত সহবাস কিংবা ইচ্ছাকৃত পানাহার করা।
৩. এমন অপরাধ ও গুনাহ, যার জন্য বান্দার উপর কোনো দণ্ডবিধি আরোপিত হয় না, কাফফারাও আদায় করার প্রয়োজন হয় না। এই তালিকায় আছে রক্তপান করা, গালমন্দ করা, অশ্লীল দৃষ্টি দেওয়া।
📄 যিনা বা ব্যভিচারের শাস্তি
ইমাম মালিক বলেন, 'মানব-হত্যার পর সবচেয়ে জঘন্যতম অপরাধ হলো ব্যভিচার করা। আবদুল্লাহ ইবনু মাসউদ সূত্রে বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন, "আল্লাহর রাসূল! সবচেয়ে বড় অপরাধ কোনটি?” নবীজি উত্তর দিলেন, “আল্লাহ তাআলার সাথে কাউকে তুলনা করা." ইবনু মাসউদ বলেন, "আমি জিজ্ঞেস করলাম, এরপর কোন অপরাধ?" নবীজি উত্তর দিলেন, "ভরণ-পোষণের খরচের ভয়ে নিজ সন্তানকে হত্যা করা." আবদুল্লাহ বলেন, "আমি বললাম, এরপরের অপরাধ কোনটি?" নবীজি উত্তর দিলেন, "প্রতিবেশী নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া." [১]
নবীজি সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের এই হাদীসের সত্যায়নে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন-
وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهَا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ
আর যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্যকোনো উপাস্যের ইবাদাত করে না এবং আল্লাহ তাআলা যাকে হত্যা করা অবৈধ ঘোষণা করেছেন, সঙ্গত কারণ ব্যতীত তারা তাকে হত্যা করে না এবং যিনা করে না। আর যারা এমন করবে, “তারা আমার আযাবের সম্মুখীন হবে।”[১]
আলোচ্য হাদীসে নবীজি জঘন্যতম তিন প্রকারের অপরাধের সবচেয়ে মারাত্মকটির কথা বলে দিয়েছেন。
* সবচেয়ে মারাত্মক শিরক হলো, কাউকে আল্লাহ তাআলার সমকক্ষ স্থির করা。
* সবচেয়ে ভয়াবহ হত্যা হলো, সম্পদ খরচ হয়ে যাওয়ার ভয়ে নিজ সন্তানকে হত্যা করা。
* সবচেয়ে কদর্যপূর্ণ ব্যভিচার হলো, আপন প্রতিবেশীর স্ত্রীর সাথে পরকীয়া করা。
হাদীসের আলোকে বোঝা যায়, বিবাহিত নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হওয়া অবিবাহিত নারীর সাথে ব্যভিচার করার চেয়ে জঘন্যতম অপরাধ। বিবাহিত নারীর সাথে পরকীয়ার কারণে নারীর পাশাপাশি স্বামীর অধিকার ও সম্মান খর্ব করা হয়। নারীর গর্ভে পরপুরুষের সন্তান জন্ম নেওয়ার পথ তৈরি হয়। এ ছাড়াও স্বামী-স্ত্রীর দাম্পত্য-জীবনে বিশৃঙ্খলা তৈরি হয়। সাজানো-গোছানো সংসারে জাহান্নামের অশান্তি নেমে আসে। এইজন্য সবচেয়ে কদর্যপূর্ণ ব্যভিচার হিসেবে বিবাহিত নারীর সাথে পরকীয়াকে চিহ্নিত করা হয়েছে। একইসাথে বিবাহিত নারী যদি প্রতিবেশীর স্ত্রী হয় তাহলে ব্যভিচারের পাশাপাশি প্রতিবেশীর হক, অধিকার ও সম্মান নষ্ট করা হয়। প্রতিবেশীকে কষ্ট দেয়ার মতো কঠিন হারাম কাজ সংঘটিত হয়। নবীজি থেকে বর্ণিত আছে-
لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ
‘যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।’[২]
আর প্রতিবেশীর স্ত্রীর সাথে পরকীয়া হলো জঘন্যতম অত্যাচার। পাশাপাশি প্রতিবেশী যদি তার ভাই কিংবা আত্মীয় হয়, তাহলে আত্মীয়ের হক, অধিকার ও সম্মান খর্ব করার হারাম দিকটিও এখানে চলে আসে। ফলে গুনাহের মাত্রা আরো তীব্রতর হয়। সাধারণত প্রতিবেশীর অনুপস্থিতির সুযোগে বদ-চরিত্রের লোকেরা এমন গুনাহের সুযোগ নিয়ে থাকে। প্রতিবেশী যদি ইবাদাতের জন্য; নামায, হজ, জ্ঞানার্জন, জিহাদ-ইত্যাদি কাজে পরিবার-পরিজন থেকে দূরে যায় আর প্রতিবেশীর অনুপস্থিতির সুযোগের সে অপব্যবহার করে থাকে, তাহলে তার থেকে দুশ্চরিত্রবান কোনো ব্যক্তি আর হতে পারে না। সে নিকৃষ্টতম গুনাহগার হিসেবে বিবেচিত হবে। আল্লাহর রাস্তায় জিহাদে থাকার কারণে অনুপস্থিত থাকাকালে যদি কেউ তার স্ত্রীর সাথে পরকীয়া করে, তাহলে কিয়ামতের দিন মুজাহিদ ব্যক্তিকে বলা হবে-
خُذْ مِنْ حَسَنَاتِهِ مَا شِئْتَ
'যে তোমার স্ত্রীর সাথে তোমার অনুপস্থিতিতে অপকর্মে লিপ্ত হয়েছে, তুমি তার নেক আমল যত ইচ্ছা তোমার আমলনামায় নিয়ে নাও।'
কিয়ামতের বিভীষিকাময় দিনে, যেদিন পিতা তার আপন সন্তানকে চিনতে পারবে না, একটি মাত্র নেকী বা সাওয়াব একজন আরেকজনকে দিতে অস্বীকার জানাবে যেদিন, সেই মুহূর্তে আল্লাহ তাআলা পরকীয়াকারী ব্যক্তির বিরুদ্ধে এমন কঠিনতম সাজা আরোপ করবেন। এই কঠিন শাস্তির দিকেই ইশারা করে নবীজি বলেন-
فَمَا ظَنُّكُمْ؟
| '(এই শাস্তির ব্যাপারে) তোমরা কী মনে করছ?'
অর্থাৎ, আল্লাহ তাআলা যখন তাকে বলে দিবেন, যত ইচ্ছা তার নেক আমলের সওয়াব তোমার আমলনামায় নিয়ে নাও, তখন সে তার কোনো নেক আমল কি আর ঐ ব্যক্তির জন্য রেখে দেবে? সব নেক আমলই তো নিজ আমলনামায় নিয়ে নেবে।
টিকাঃ
[১] বুখারী, ৪/১৮৫
[১] সূরা ফুরকান, আয়াত-ক্রম: ৬৮
[২] মুসলিম, হাদীস-ক্রম: ৪৬
[১] মুসলিম, হাদীস-ক্রম: ১৮৯৭
📄 অন্যায্যভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করার শাস্তি
অন্যায়ভাবে অন্যের সম্পদ জোরপূর্বক ছিনিয়ে নিলে বা চুরি করলে শরীয়ত অপরাধীর হাত কাটার দণ্ডবিধি আরোপ করেছে। চুরির অপরাধ করতে গিয়ে চোর কুকুর, বেড়াল বা সাপের মতো অন্যের ঘরে অনুমতি ব্যতীত, গোপনে, সিঁধ কেটে, দরজা-জানালা ভেঙে প্রবেশ করে। চোর যেহেতু অন্যের ঘরে চৌর্যবৃত্তি করার জন্য হাত ব্যবহার করে, হাতের দ্বারা অন্যের সম্পদ আত্মসাৎ করে, তাই তার হাতের উপর শাস্তি প্রয়োগ করা হয়।
অনুরূপ ডাকাতি করতে গিয়েও অপরাধীরা যেহেতু হাত ও পা ব্যবহার করে থাকে, তাই তাদের হাত ও পায়ের উপর ইসলামী দণ্ডবিধি প্রয়োগ করা হয়।