📄 গুনাহ বান্দাকে নবীজির অভিশাপের পাত্র বানায়
গুনাহ বান্দাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অভিসম্পাতের পাত্র বানায়। বিভিন্ন গুনাহের জন্য নবীজি অভিসম্পাত করেছেন। যেসব দুর্ভাগা বান্দা-বান্দী এসব গুনাহ করে থাকে তারাও এই লানত ও অভিসম্পাতের ভাগিদার হয়। তাদের তালিকা-
১. যেসব নারী নিজেদের শরীরে ট্যাটু বা উল্কা অংকন করে, যারা সেই ট্যাটু লাগিয়ে দেয় এবং যেসকল নারী পরচুল বা নকল চুল ব্যবহার করে ও যারা সেই নকল চুল লাগিয়ে দেয়।
২. যারা সুদী লেনদেন করে, যারা সেই লেনদেন লিখে দেয় এবং যারা এর ওপর সাক্ষী থাকে।
৩. তিন তালাকপ্রাপ্তা নারীর সাথে পুনরায় সংসার করার নিমিত্তে যে স্বামী 'হীলা বিবাহ' করায় এবং যে হীলা বিবাহ করে। [১]
৪. অপরের সম্পদ যে চুরি করে।
৫. মদ্যপায়ী, মদ প্রস্তুতকারক, মদের ব্যবসায়ী, মদ বিক্রির অর্থভোগকারী এবং মদের পরিবেশক।
৬. যে ব্যক্তি নিজ পিতা-মাতার ধ্বংস কামনা করে।
৭. যে ব্যক্তি আল্লাহ তাআলা ব্যতীত অন্যকারো নামে পশু জবাই করে।
৮. জীবন্ত পশু ধরে চিত্তবিনোদনের জন্য সেটাকে যে ব্যক্তি তির নিক্ষেপ করে হত্যা করে।
৯. যে-সকল পুরুষ নারীর বেশ ধারণ করে এবং যে-সকল নারী পুরুষের সাদৃশ্য গ্রহণ করে।
১০. যে ব্যক্তি সমাজে কোনো বিদআত শুরু করে অথবা কোনো বিদআতকে প্রশ্রয় দেয়।
১১. জীব ও প্রাণির চিত্রাংকনকারী।
১২. সমকামী।
১৩. বিকৃত রুচির যেসকল মানুষ পশুকাম করে।
১৪. যে ব্যক্তি নিজের পিতা-মাতাকে গালি দেয়।
১৫. যে ব্যক্তি পশুর মুখে আঘাত করে।
১৬. যে ব্যক্তি কোনো মুসলমানের ক্ষতি করে কিংবা কোনো ষড়যন্ত্র করে।
১৭. যেসকল নারী কবর যিয়ারত করে, যারা কবরে সিজদা দেয় বা মোমবাতি জ্বালায়।
১৮. যে ব্যক্তি স্বামী-স্ত্রী কিংবা মনিব ও তার দাসীর মাঝে দূরত্ব সৃষ্টি করে দেয়।
১৯. স্ত্রীর পশ্চাদ্দেশে যৌন সম্ভোগকারী।
২০. যে ব্যক্তি নিজ পিতার বাইরে অন্যকারো দিকে নিজেকে সম্পৃক্ত করে।
২১. সাহাবীদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে।
২২. যে ব্যক্তি নারীদের পোষাক পরে অথবা যে নারী পুরুষদের পোষাক পরে।
২৩. ঘুষখোর, ঘুষদাতা ও ঘুষের মধ্যস্থতাকারী। উল্লিখিত এ সকল প্রকারের লোকের জন্য আল্লাহর রাসূল ﷺ বদদুআ ও অভিসম্পাত করেছেন।
২৪. এ ছাড়া নবীজি ﷺ ইরশাদ করেছেন, যেই স্ত্রী স্বামীর সাথে রাগ করে তার সাথে এক বিছানায় রাত্রি যাপন করে না, আল্লাহর ফিরিশতা রাতভর সেই নারীকে লানত করতে থাকেন।
২৫. আল্লাহর রাসূল ﷺ আমাদেরকে জানিয়েছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি ধারালো কোনো অস্ত্র দিয়ে ইশারা করে কথা বলে, ফিরিশতারা তার ওপর লানত বর্ষণ করেন।
টিকাঃ
[১] তিন তালাকের পর স্ত্রীকে পুনরায় নিজের নিকট ফিরিয়ে নিতে ইচ্ছাকৃতভাবে যারা শরীয়তের পোষাকি বিধান গ্রহণ করে।
📄 গুনাহ বান্দাকে আল্লাহ তাআলার কাছেও অভিশপ্ত বানায়
কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের গুনাহগারকে অভিসম্পাত করেছেন। যেমন-
* আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উপর, আত্মীয়তার বন্ধন বিনষ্টকারীদের উপর, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয় তার উপর।
* অভিসম্পাত করেছেন ঐ ব্যক্তির উপর যে হিদায়াত ও হকের বাণী মানুষের কাছে গোপন করে।
* যে ব্যক্তি বিধর্মীদের জীবনাচারকে মুসলমানদের জীবনাচার থেকে অধিক সঠিক ও হিদায়াতমুখী বলে প্রমাণ করে, আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন তার উপরও।
* সতীসাধ্বী সরলমনা মুমিন নারীদের ব্যাপারে যারা কুৎসা রটায়, আল্লাহ তাআলা তাদেরকে লানত করেছেন।
এ ছাড়াও যারা জুলুম করে, অন্যকে কষ্ট দেয়, আল্লাহকে অস্বীকার করে, মিথ্যা কথা বলে এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন।
📄 গুনাহ মুমিনকে রাসূলের দুআ থেকে বঞ্চিত করে
গুনাহ আর নাফরমানির একটি ভয়ংকর পরিণতি হলো গুনাহগার ব্যক্তি নবীজি ও ফিরিশতাদের দুআ থেকে বঞ্চিত হয়। নবীজি ও ফিরিশতাগণ মুমিন ব্যক্তির জন্য যে দুআ করেছেন, গুনাহগার ব্যক্তি সেই দুআর অন্তর্ভুক্ত থাকে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
الَّذِينَ يَحْمِلُونَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ - رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدْتَهُمْ وَمَنْ صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ - وَقِهِمُ السَّيِّئَاتِ وَمَنْ تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
'যারা আরশ বহন করে এবং যারা আরশের চারপাশে থাকে তারা তাদের রবের পবিত্রতা বর্ণনা করতে থাকে এবং তাঁর প্রতি রাখে অগাধ বিশ্বাস। এবং যারা আল্লাহর প্রতি ঈমান আনে তাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে দুআ করতে থাকে—হে আমাদের রব! আপনার রহমত ও জ্ঞান জগতের সবকিছুকে পরিব্যপ্ত করে আছে। যারা আপনার নিকট তাওবা করে এবং আপনার পথে চলে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আপনি তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে নিরাপত্তা দিন। হে আমাদের প্রভু! আপনি তাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করান, যেই জান্নাতের প্রতিশ্রুতি আপনি দিয়েছেন তাদের নেক ও সৎ পূর্বপুরুষ, তাদের নেক স্ত্রী-পরিজন ও বংশধরদের জন্য। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী ও চির প্রজ্ঞাময়। একইসাথে যাবতীয় মন্দ ও অকল্যাণ থেকে আপনি তাদেরকে নিরাপত্তা দিন। আর সেদিন আপনি যাকে অমঙ্গল থেকে নিরাপত্তা দেবেন তাকেই তো আপনি করুণা করবেন। আর এটাই হবে মহাসাফল্য।।১।
উল্লিখিত আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফিরিশতাগণ ওই মুমিনদের জন্য ক্ষমার দুআ করেন, যারা আল্লাহ তাআলার কিতাব ও নবীজির সুন্নাহর অনুসারী হয়। সুতরাং কুরআন ও সুন্নাহর অনুসারী হওয়া ছাড়া ফিরিশতাদের এই দুআর অন্তর্ভুক্ত হওয়ার কোনো আশা করা যায় না।
📄 পাপাচারী ব্যক্তির শাস্তি ও নবীজির একটি স্বপ্ন
ইমাম বুখারী তাঁর প্রসিদ্ধ হাদীসের কিতাবে সামুরাহ ইবনু জুন্দুব সূত্রে একটি হাদীস বর্ণনা করেছেন। সামুরাহ বলেন, 'আল্লাহর রাসূল তাঁর সাহাবীদেরকে ফজরের নামাযের পর প্রায় সময়ই জিজ্ঞেস করতেন, “তোমাদের মধ্য কি কেউ স্বপ্ন দেখেছে?" তখন সাহাবীদের কেউ রাতের বেলা স্বপ্ন দেখলে নবীজির নিকট বর্ণনা করলে নবীজি স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। একদিন ভোরে তিনি আমাদেরকে বললেন, “গতকাল রাতে দুইজন ব্যক্তি এসে আমাকে ডেকে বলল, 'আপনি আমাদের সাথে চলুন।' আমি তাদের সাথে চলতে শুরু করলাম। আমরা চলতে চলতে এক ব্যক্তির নিকট আসলাম, যে কাত হয়ে শুয়ে আছে। তার পাশেই আরেক ব্যক্তি হাতে বড় একটি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে তার মাথায় পাথর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দিচ্ছে। আঘাতের তীব্রতায় পাথরও ফেটে চৌচির হয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ছে। লোকটি পাথরের টুকরোগুলি কুড়িয়ে এনে একত্রিত করতে করতেই শুয়ে থাকা লোকটির ফাটা-মাথা আবার আগের মতো জোড়া লেগে যাচ্ছে। এরপর আবার তাকে পাথর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে। আমি এই বিভৎস দৃশ্য দেখে অবাক হয়ে আমার সঙ্গীদ্বয়কে বললাম, 'সুবহানাল্লাহ! এসব কী হচ্ছে এখানে!' তারা আমার কথার উত্তর না দিয়ে আমাকে বলল, 'আপনি সোজা যেতে থাকুন।' আমরা যেতে থাকলাম। এরপর আমরা চিৎ হয়ে শোয়া এক লোকের কাছে আসলাম। এখানেও দেখলাম, তার নিকট এক লোক লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর সে তার চেহারার একদিকে এসে এটা দ্বারা মুখমণ্ডলের একদিক মাথার পেছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে নাসারন্ধ্র, চোখ ও মাথার পেছন দিক পর্যন্ত চিরে ফেলছে। এরপর ঐ লোকটি শায়িত লোকটির অপরদিকে যায় এবং প্রথম দিকের সঙ্গে যেমন আচরণ করেছে তেমনি আচরণ অপরদিকের সঙ্গেও করে। ঐ দিক হতে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো সুস্থ হয়ে যায়। তারপর আবার প্রথমবারের মতো আচরণ করে। আমি বললাম, 'সুবহানাল্লাহ! এরা কারা? তারা এবারও আমার কথার উত্তর না দিয়ে বলল, 'চলুন, সামনে চলুন।' আমরা চললাম এবং চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছলাম। গর্তে উঁকি মেরে দেখলাম, বেশ কিছু উলঙ্গ নারী ও পুরুষ রয়েছে। আর নিচ থেকে বের হওয়া আগুনের লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে।
যখনই লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করে, তখনই তারা উচ্চস্বরে চিৎকার করে ওঠে। আমি সঙ্গীদেরকে জিজ্ঞেস করলাম, 'এরা কারা?' তারা এবারও বলল, 'চলুন, সামনে চলুন।' আমরা চললাম এবং একটা নদীর তীরে গিয়ে পৌঁছলাম। নদীর পানি ছিল রক্তের মতো লাল। দেখলাম, সেখানে এক ব্যক্তি সাঁতার কাটছে। আর নদীর তীরে অন্য এক লোক আছে এবং সে তার কাছে অনেকগুলো পাথর একত্রিত করে রেখেছে। আর ঐ সাঁতারকাটা লোকটি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর পাথর একত্রিত করে রাখা-লোকের কাছে এসে পৌঁছে। এবং নিজের মুখ খুলে দেয়। ঐ লোক তার মুখে একটি পাথর ঢুকিয়ে দেয়। এরপর সে চলে যায়, সাঁতার কাটতে থাকে; আবার তার কাছে ফিরে আসে, যখনই সে তার কাছে ফিরে আসে, তখনই সে তার মুখ খুলে দেয়, আর ঐ ব্যক্তি তার মুখে একটা পাথর ঢুকিয়ে দেয়। আমি জিজ্ঞেস করলাম, 'এরা কারা?' তারা বলল, 'চলুন, সামনে চলুন।' আমরা চললাম এবং এমন একজন কুশ্রী লোকের কাছে এসে পৌঁছলাম, যাকে দেখলেই বিশ্রী লাগে। দেখলাম, তার নিকট রয়েছে আগুন। তা সে প্রজ্বলিত করছে এবং এর চতুর্দিকে দৌড়াচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, 'ঐ লোকটি কে?' তারা বলল, 'চলুন, সামনে চলুন। আমরা চললাম এবং একটা সজীব-শ্যামল বাগানে হাজির হলাম, যেখানে বসন্তের হরেক রকম ফুলের কলি রয়েছে। আর বাগানের মাঝে আসমান থেকে অধিক উঁচু দীর্ঘকায় একজন পুরুষ রয়েছেন, যাঁর মাথা যেন আমি দেখতেই পাচ্ছি না। তাঁর চারপাশে এত বিপুল সংখ্যক বালক-বালিকা দেখলাম যে, এত অধিক আর কখনো আমি দেখিনি। আমি তাদেরকে বললাম, 'উনি কে? এরা কারা?' তারা এবারও বলল, 'চলুন, সামনে চলুন।' আমরা চললাম এবং একটা বিরাট বাগানে গিয়ে পৌঁছলাম। এমন বড় এবং সুন্দর বাগান আমি আর কখনো দেখিনি। সঙ্গীরা আমাকে বলল, 'এর ওপরে চড়ুন।' আমরা ওপরে চড়লাম।
শেষ পর্যন্ত সোনা-রুপার ইটের তৈরি একটি শহরে গিয়ে হাজির হলাম। আমরা শহরের দরজায় পৌঁছলাম এবং দরজা খুলতে বললাম। আমাদের জন্য দরজা খুলে দেয়া হলো, আমরা তাতে প্রবেশ করলাম। তখন সেখানে আমাদের সঙ্গে এমন কিছু লোক সাক্ষাৎ করল, যাদের শরীরের অর্ধেক খুবই সুন্দর, বাকি অর্ধেক খুব কুশ্রী। সাথীদ্বয় ওদেরকে বলল, 'যাও ঐ নদীতে গিয়ে নেমে পড়ো।'
সেটা ছিল প্রশস্ত প্রবাহিত নদী, যার পানি ছিল দুধের মতো সাদা। ওরা তাতে নেমে পড়ল। অতঃপর এরা আমাদের কাছে ফিরে এল, দেখা গেল তাদের এ শ্রীহীনতা দূর হয়ে গেছে এবং তারা খুবই সুন্দর আকৃতির হয়ে গেছে। সঙ্গে থাকা লোক দুজন আমাকে বলল, 'এটা জান্নাতে আদন এবং এটা আপনার বাসস্থান।'
আমি বেশ উপরের দিকে তাকালাম, দেখলাম, ধবধবে সাদা মেঘের মতো একটি প্রাসাদ আছে। তারা আমাকে বলল, 'এটা আপনার বাসগৃহ।' আমি তাদেরকে বললাম, 'আল্লাহ তোমাদের মাঝে বরকত দিন! আমাকে ছেড়ে দাও। আমি এতে প্রবেশ করি।' তারা বলল, 'আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন। তবে এখন নয়।' বললাম, 'পেছনে যে বিস্ময়কর বিষয়গুলো দেখে এলাম, সেগুলোর তাৎপর্য কী?' তারা বলল, 'আচ্ছা! আমরা আপনাকে বলে দিচ্ছি। ঐ যে প্রথম ব্যক্তিকে যার কাছে আপনি পৌঁছেছিলেন, যার মাথা পাথর দিয়ে চূর্ণ-বিচূর্ণ করা হচ্ছিল, সে হলো ঐ ব্যক্তি, যে কুরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে। আর ফরয সালাত ছেড়ে ঘুমিয়ে থেকেছে। আর যার কাছে গিয়ে দেখেছেন যে, তার মুখের এক ভাগ মাথার পেছন দিক পর্যন্ত, এমনিভাবে নাসারদ্র ও চোখ মাথার পেছন দিক পর্যন্ত চিরে ফেলা হচ্ছিল, সে হলো ঐ ব্যক্তি, যে সকালে নিজ ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা বলে যা চারদিকে ছড়িয়ে পড়ে। আর উলঙ্গ নারী-পুরুষেরা হলো ব্যভিচারী ও ব্যভিচারিণীর দল। আর যার কাছে পৌঁছে দেখেছিলেন যে, সে নদীতে সাঁতার কাটছে ও তার মুখে পাথর ঢুকিয়ে দেয়া হচ্ছে সে হলো সুদখোর।
কুশ্রী ব্যক্তি, যে আগুন জ্বালাচ্ছিল আর এর চারপাশে দৌড়াচ্ছিল, সে হলো জাহান্নামের দারোগা, মালিক ফিরিশতা। আর যে দীর্ঘকায় ব্যক্তিকে দেখলেন, তিনি ইবরাহীম আলাইহিস সালাম। তাঁর আশপাশের বালক-বালিকারা হলো ঐসব শিশু, যারা ফিতরাতের (স্বভাবধর্মের) ওপর মৃত্যুবরণ করেছে।”
'এ পর্যায়ে কয়েকজন সাহাবী জিজ্ঞেস করলেন, “আল্লাহর রাসূল! মুশরিকদের শিশু-সন্তানরাও কি সেখানে আছে?” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “হ্যাঁ, মুশরিকদের শিশু-সন্তানরাও আছে।” (প্রশ্নের জবাব দিয়ে নবীজি পুনরায় সঙ্গী দুই ফিরিশতার কথায় ফিরে গেলেন। ফিরিশতারা বললেন,) 'আর ঐসব লোক, যাদের অর্ধাংশ অতি সুন্দর ও অর্ধাংশ অতি কুশ্রী, তারা হলো ঐ সম্প্রদায়, যারা সৎ-অসৎ উভয় কাজ মিশ্রিতভাবে করেছে। আল্লাহ্ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন.'”'।[১]
টিকাঃ
[১] সূরা গাফির, আয়াত-ক্রম: ৭-৯
[১] বুখারী, হাদীস-ক্রম: ৭০৪৭