📄 সম্পদের অজিফা এবং মনের দাসত্বের সঙ্গে এর সম্পর্ক
এরপর শাইখ একটু থামলেন; তিনি ভেবেছিলেন, কেউ হয়তো এতক্ষণের আলোচনা আরও স্পষ্টভাবে বোঝার জন্য কিছু জিজ্ঞেস করবে। তার এই মনোভাব বুঝতে পেরে আমি বললাম-'শাইখ, পদ ও নেতৃত্বের ক্ষেত্রে অন্তরের দাসত্বের এই যদি হাল হয়; তাহলে সম্পদের মোহে পড়লেও কি একই হাল হবে? এ ব্যাপারটা জানার জন্য আমরা উদ্বিগ্ন হয়ে আছি; কারণ, এ সময়ের মানুষ তো সাধারণভাবে প্রায় সকলেই সম্পদের মোহে পড়ে যায়।'
তিনি বললেন-'উপস্থিত বন্ধুগণ, অনেক সময় সম্পদের নেশা সম্পদ-অন্বেষী ব্যক্তির মনকে দাস ও গোলাম বানিয়ে ফেলে। এটা আবার দুরকম; একটু খুলেই বলি আপনাদেরকে।'
'দেখুন, কিছু সম্পদ তো এমন, যেগুলো মানুষের নিত্যপ্রয়োজনীয়; যেমন- খাবার, পানীয়, বাসস্থান, শ্বশুরালয়; এগুলো মানুষ পেতে চায় এবং রবের কাছ থেকে চেয়ে নেয়; নিজের প্রয়োজনে ব্যবহার করে; কিন্তু এসবের গোলাম হয় না সে। তার কাছে এসবকে, আরোহণের গাধা, শয়নের বিছানা, বরং প্রয়োজন সারার টয়লেটের মতো মনে হয়। ফলে সে ভীতু হয়ে জীবন কাটায়; বিপদে পড়লে হা-হুতাশ করে; আর স্বাচ্ছন্দ্যে থাকলে কৃপণ হয়ে যায়।'
'কিছু সম্পদ এমন, যেগুলো মানুষের নিত্যকার প্রয়োজনের অন্তর্ভুক্ত নয়। (সম্ভবত শাইখ এটা বলে ওই সম্পদ বোঝাতে চাচ্ছেন, যা মানুষের জন্য আবশ্যক পর্যায়ের নয়; যেমন, বিরাট বিত্তশালী হওয়া; ওরকম সম্পদ অন্বেষণের সুযোগ আছে, যতক্ষণ পর্যন্ত অন্তর সেই সম্পদের মোহে না-পড়ে; কারণ, মোহে পড়ে গেলেই সম্পদের দাসে পরিণত হবে অন্তর।) এমন সম্পদের প্রতি বেশি আগ্রহী হওয়া যাবে না; কারণ, বেশি আগ্রহী হলেই অন্তর সেই সম্পদের গোলামে পরিণত হবে।'
'এ কারণেই অনেক সময় দেখা যায় যে, গাইরুল্লাহর (অর্থাৎ, সৃষ্টিকুলের কারও) প্রতি ব্যক্তির আস্থা ও ভরসা বেড়ে যায়; ফলে তার মধ্যে আল্লাহর ইবাদত ও তাওয়াক্কুলের বাস্তবতা অবশিষ্ট থাকে না; বরং তার মধ্যে একধরনের গাইরুল্লাহ পূজা এবং গাইরুল্লাহর প্রতি তাওয়াক্কুল দেখা দেয়।'
'আসলে এমন লোকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সেই কথার উপযুক্ত, তিনি যে বলেছিলেন—
تَعِسَ عَبْدُ الدِّينَارِ ، وَ عَبْدُ الدِّرْهَم ، وَ عَبْد القَطِيفَةِ ، وَ عَبْد الخَمِيصَةِ
"দিনার-দিরহামের দাসেরা ধ্বংস হোক; ধ্বংস হোক সুদৃশ্য ও কারুকার্যময় চাদরের গোলামেরাও।"[১]
'আমাদের আলোচিত সম্পদের মোহে-পড়া লোকটাও এসবের দাস; আল্লাহ তাকে এগুলো দিলে সে সন্তুষ্ট হয়, নতুবা রাগ করে বসে থাকে।'
টিকাঃ
[১] বুখারি, হাদিস-ক্রম: ২৮৮৭; ইবনে হিব্বান, হাদিস-ক্রম: ৩২১৮। হাদিসটিতে শব্দগত সামান্য তারতম্য আছে।
📄 আল্লাহপ্রেমের প্রকৃতি ও তাৎপর্য
'আল্লাহর সত্যিকার দাস তো সে, আল্লাহর সন্তুষ্টির বিষয়ে যে সন্তুষ্ট হয়; তাঁর অসন্তোষজনক ব্যাপারে যে অসন্তুষ্ট হয়; আল্লাহ ও তাঁর রাসূলের পছন্দের জিনিস যে পছন্দ করে; এবং তাঁদের অপছন্দ-উদ্রেককারী বস্তু যে অপছন্দ করে; আল্লাহর বন্ধুকে যে বন্ধু হিসেবে এবং তাঁর শত্রুকে শত্রু হিসেবে যে গ্রহণ করতে পারে। আসলে এমন ব্যক্তির ঈমানই পূর্ণতা পেয়েছে। হাদিসে যেমনটি এসেছে
مَنْ أَحَبَّ الله ، وأبْغَضَ الله ، وأعطى لله ومنع اللَّهِ ، فَقَدْ اسْتَكْمَلَ الْإِيْمَانَ
"যার পছন্দ-অপছন্দ আল্লাহর জন্য; এবং দান করা ও বিরত থাকাও আল্লাহর জন্য; তার ঈমানই আসলে পূর্ণতা পেয়েছে।"[১]
'আরেক হাদিসে এসেছে-
أوثق عرى الإِيمَانِ الْحُبُّ فِي اللَّهِ وَالْبُغْضُ فِيهِ
"ঈমানের অন্যতম মজবুত খুঁটি হলো আল্লাহর জন্য ভালোবাসা এবং তাঁরই জন্য অপছন্দ করা।"[২]
'সহিহ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে-
ثَلَاثَ مَنْ كُنَّ فِيْهِ وَجَدَ حَلَاوَةَ الْإِيْمَانِ : مَنْ كَانَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ mimmā siwāhumā, wa man aḥabba 'abdan lā yuḥibbuhu illā lillāhi 'azza wa jalla, wa man yakrahu an ya'ūda fil-kufri, ba'da idh anqadhahullāhu, minhu kamā yakrahu an yulqā fin-nār
“যার মধ্যে তিনটি বিষয় থাকবে, সে ঈমানের স্বাদ অনুভব করবে। এক. যার কাছে আল্লাহ ও তাঁর রাসূল সব কিছুর চেয়ে প্রিয় হবেন; দুই. যে কেবল আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবে; তিন, যে আল্লাহর রহমে কুফর থেকে বেঁচে যাওয়ার পর, আবার তাতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করবে।"[৩]
'মানে, যে ব্যক্তি নিজের পছন্দ-অপছন্দের ক্ষেত্রে আল্লাহর বিধানের অনুগত হয়েছে; ফলে, তার কাছে আল্লাহ ও তাঁর রাসূল সবচেয়ে প্রিয় হয়ে গেছেন। এরপর, মাখলুককে সে অন্য কোনো উদ্দেশ্য ছাড়া কেবল আল্লাহর জন্যই ভালোবেসেছে; এতে আল্লাহর প্রতি তার ভালোবাসার পূর্ণতা ফুটে উঠেছে; কারণ, প্রিয়তমের প্রিয়জনকে ভালোবাসা তো প্রিয়তমেরই ভালোবাসার পূর্ণতার অংশ। তো, এই ব্যক্তি যখন আল্লাহর নবী ও ওলিদেরকে, আল্লাহর প্রিয় বিষয় (দ্বীনের বিধিবিধান) বাস্তবায়নের কারণে ভালোবাসে; তখন সে তাঁদেরকে কেবল আল্লাহর জন্যই ভালোবাসে; অন্য কোনো উদ্দেশ্যে নয়। আল্লাহ্ তো এমন লোকের কথাই বলেছেন কুরআনে-
فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ
"তো, অতি শিগগির তিনি এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন; যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও ভালোবাসবে তাঁকে; তারা মুমিনদের প্রতি হবে কোমল, কাফিরদের ওপর হবে কঠোর...।" [১]
টিকাঃ
[১] সুনানু আবি দাউদ, হাদিস-ক্রম: ৪৬৮১; তাবরানি, হাদিস-ক্রম: ৭৬১৩; জামিউল উসুল: ১/২৩৯
[২] মুসনাদু আহমাদ, হাদিস-ক্রম: ১৮৫২৪; তয়ালিসি, হাদিস-ক্রম: ৭৮৩; সিলসিলাতুস সহিহাহ, হাদিস-ক্রম: ৯৯৮; হাদিসটি যঈফ।
[৩] বুখারি, হাদিস-ক্রম: ১৬; মুসলিম, হাদিস-ক্রম: ৪৩; নাসায়ি, হাদিস-ক্রম: ৪৯৮৭; ইবনু মাজাহ ৪০৩৩; জামিউল উসুল ১/২৩৭
[১] সূরা মায়িদা, আয়াত-ক্রম: ৫৪
📄 আল্লাহপ্রেমের আলামত
এরপর শাইখ তাঁর এতক্ষণের আলোচনার সম্পূরক বিষয়টি উপস্থাপন করতে চাইলেন, যেন কেউ নিজে নিজে না বুঝে থাকলে এখন তা বুঝে নিতে পারে; সেই সম্পূরকটি হলো-ভালোবাসার আলামত।
'এজন্য আল্লাহ তাআলা বলেন-
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ
"বলুন, তোমরা আল্লাহকে ভালোবাসলে আমার অনুসরণ করো; তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন।"[২]
'কারণ, রাসুল তো আল্লাহর পছন্দের বিষয়ে আদেশ করেন; আল্লাহর অপছন্দের ব্যাপারে নিষেধ করেন; তাঁর ভালোবাসার কাজই তিনি করেন; এবং তিনি যা সত্যায়ন করতে চান, রাসূল তা-ই মানুষকে বলেন; এজন্য আল্লাহকে যে ভালোবাসবে, সে অবশ্যই রাসূলের অনুসরণ করবে; তাঁর কথা সত্য বলে মেনে নেবে; তাঁর আদেশের আনুগত্য করবে; এবং সব কাজে তাঁর অনুসরণ করবে। আর, এমনটাই মূলত আল্লাহর পছন্দের কাজ; এবং এর পরিণামেই তাকে ভালোবাসবেন আল্লাহ।'
এরপর তিনি বললেন-'বন্ধুগণ, আল্লাহ তাআলা তাঁর প্রেমিকদের দুটি আলামত নির্ধারণ করেছেন; ১. রাসূলের অনুসরণ; ২. আল্লাহর পথে জিহাদ। কারণ, ঈমান ও নেককাজের মতো আল্লাহর পছন্দের বিষয় অর্জন এবং কুফর, গুনাহ ও অবাধ্যতার মতো আল্লাহর অপছন্দের ব্যাপার বর্জন করার যে প্রচেষ্টা, সেটার মূল রূপই হলো আল্লাহর রাহে জিহাদ।'
'আল্লাহ তাআলা তো বলেছেন— قُلْ إِن كَانَ ءَابَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَلٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجْرَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسْكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ ، وَجِهَادٍ فِي سَبِيلِهِ - فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ *
“বলুন, তোমাদের বাপ-দাদা, সন্তান-সন্ততি, ভাই-বেরাদর, স্ত্রী, পরিজন, অর্জিত সম্পদ, ক্ষতির শঙ্কাযুক্ত ব্যবসা ও ভালোলাগার বাসস্থান যদি তোমাদের কাছে আল্লাহ, তাঁর রাসুল ও আল্লাহর রাহে জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহর বিধান (তথা, শাস্তি) আসা পর্যন্ত অপেক্ষা করো...।”[১]
'তাহলে যে ব্যক্তির কাছে তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ বেশি প্রিয় হবে আল্লাহ, রাসূল ও জিহাদের চেয়ে, আল্লাহ তাআলা তাকে এই ভয়ানক হুমকি দিয়েছেন।'
'বরং সহিহ হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন— لَا يُؤْمِنُ أَحَدُكُمْ ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِن وَالِدِهِ وَوَلَدِهِ والنَّاسِ أَجْمَعِينَ
"তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা, সন্তান ও সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হব।””
'সহিহ হাদিসে এসেছে যে, উমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন—
يَا رَسُولَ اللهِ ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ كُلِّ شَيْءٍ إِلَّا مِنْ نَفْسِي ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَا ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ فَقَالَ لَهُ عُمَرُ : فَإِنَّهُ الْآنَ ، وَاللهِ ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْآنَ يَا عُمَرُ
"ইয়া রাসূলাল্লাহ! আপনি আমার কাছে আমার জান ব্যতীত সবচেয়ে প্রিয়।" নবীজি বললেন, "উমর! যাঁর হাতে আমার প্রাণ, তাঁর শপথ— আমি তোমার কাছে তোমার জানের চেয়েও প্রিয় না হলে (তোমার ঈমান পূর্ণ) হবে না।” তখন উমর বললেন, "আল্লাহর কসম! আপনি আমার কাছে আমার জানের চেয়েও বেশি প্রিয়।” নবীজি বললেন, "উমর! এখন (তোমার ঈমান পূর্ণ) হয়েছে।””[১]
'প্রিয়তমের সঙ্গে হৃদয়ের বাঁধন ছাড়া মহব্বত বা ভালোবাসার পূর্ণতা আসে না। এই বাঁধন হলো—প্রিয়তমের পছন্দের বিষয় পছন্দ করা; এবং তাঁর অপছন্দের বস্তু অপছন্দ করা। এখন, আল্লাহ তাআলা পছন্দ করেন ঈমান ও তাকওয়া, আর অপছন্দ করেন কুফর, গুনাহ ও অবাধ্যতা।'
'তাছাড়া এ তো জানা কথাই যে, মানুষের ভালোবাসাই তার মনের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে। তাই, মনের মধ্যে ভালোবাসা দৃঢ় হয়ে গেলে, এটা মনকে ভালোবাসার কাজ করতে উদ্বুদ্ধ করে; আর, ভালোবাসা পূর্ণতা পেলে, এটা ভালোবাসার কাজের জন্য মনের ইচ্ছাকে দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে। এরপর, বান্দা সেই কাজে সক্ষম হলে তো কাজটি করে ফেলে; নতুবা, সাধ্যানুযায়ী সেপথে চেষ্টা করে যায়। এতে কাজটি যে পুরোপুরি করতে পেরেছে তার মতোই সে প্রতিদান পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—
مَنْ دَعَا إِلَى هُدًى ، كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا ، وَمَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ ، كَانَ عَلَيْهِ مِنَ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا
“যে ব্যক্তি কাউকে হিদায়াতের পথ প্রদর্শন করল, সে তার (হিদায়াতের) অনুসারীদের মতোই সওয়াব পাবে; তবে সেই অনুসারীদের সওয়াবে কোনো কমতি করা হবে না। আবার, যে ব্যক্তি কোনো ভ্রষ্টতার রাস্তা দেখাল, সে তার (ভ্রষ্টতার) অনুসারীদের মতোই পাপের ভাগী হবে; তবে সেই অনুসারীদের পাপে কোনো কমতি করা হবে না।”[১]
'আরেক হাদিসে এসেছে— إِنَّ بِالْمَدِينَةِ لَقَوْمًا مَا سِرْتُمْ مِنْ مَسِيرٍ ، وَلَا قَطَعْتُمْ وَادِيًا ، إِلَّا كَانُوْا مَعَكُمْ. قَالُوا: يَا رَسُوْلَ اللهِ ، وَهُمْ بِالْمَدِينَةِ ؟ قَالَ وَهُمْ بِالْمَدِينَةِ حَبَسَهُمُ الْعُذْرُ “মদিনায় এমন কিছু লোক আছে, যারা (জিহাদের) প্রতিটি পথে ও উপত্যকায় তোমাদের সঙ্গে আছে।” সাহাবারা বললেন, “তারা তো মদিনায়!” নবীজি বললেন, “তারা তো অপারগতার কারণে মদিনায় আটকা পড়ে গেছে; (নইলে অন্তরের বিবেচনায় তারা তোমাদের সঙ্গেই আছে)।"[২]
'জিহাদ হলো চেষ্টা-প্রচেষ্টা চালানোর নাম। আল্লাহর পছন্দের বিষয় অর্জন এবং তাঁর অপছন্দের বস্তু বর্জন করার শক্তি হলো এই জিহাদ। তাই, বান্দা যখন তার সাধ্যের অধীন জিহাদও ছেড়ে দেয়, তখন বোঝা যায় যে, তার অন্তরে আল্লাহ ও রাসূলের মহব্বত দুর্বল হয়ে পড়েছে।'
'আরেকটি স্বীকৃত ব্যাপার হলো যে, সাধারণত কষ্ট সওয়া ছাড়া ভালোবাসার বস্তু লাভ করা যায় না। সেই ভালোবাসা ভালো হোক বা মন্দ। যেমন—ক্ষমতা, সম্পদ ও সুন্দর চেহারার মোহে আচ্ছন্ন লোকেরা দুনিয়ার বাহ্যিক কিছু ক্ষতি মেনে নেওয়ার পরেই কেবল কাঙ্ক্ষিত বস্তু অর্জন করে; বাকি, ওসব ছাড়াও তো ইহ-পরকালে তারা বহুভাবেই ক্ষতিগ্রস্ত হয়।'
'গাইরুল্লাহর বিবেকবান প্রেমিকরা যৌক্তিক পদ্ধতি অবলম্বনের পর তাদের ভালোবাসার বস্তু অর্জনে যতটা কষ্ট সহ্য করে; আল্লাহ ও তাঁর রাসূলের ভালোবাসার দাবিদার ব্যক্তি যদি তাদের সমান কষ্টও সইতে না পারে, তাহলে এটা তার দুর্বল ভালোবাসার প্রমাণ।'
'কিন্তু মুমিন তো অমন কষ্ট সইতে না পারার কোনো কারণ নেই; যেহেতু আল্লাহকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ যেমনটি বলেছেন—
وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ ءَامَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ
"মানুষের মধ্যে কতক এমন, যারা আল্লাহকে ছেড়ে কিছু শরিককে (ইলাহরূপে) গ্রহণ করেছে; তারা এগুলোকে আল্লাহর মতো ভালোবাসে; কিন্তু মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে।”[১]
'তবে এটা ঠিক যে, অনেক সময় প্রেমিক তার বুদ্ধির স্বল্পতা ও বুঝের ভ্রান্তির কারণে এমন পন্থা অবলম্বন করে, যে পন্থায় আসলে তার কাঙ্ক্ষিত বস্তু অর্জিত হয় না। এমন ক্ষেত্রে তার ভালোবাসা শুদ্ধ-পবিত্র হলেও তা নিন্দাযোগ্য হয়ে যায়; আর, পন্থা ও ভালোবাসা দুটোই অশুদ্ধ-অপবিত্র হলে তো কথাই নেই। ক্ষমতা সম্পদ ও সম্মানের মোহে-পড়া লোকেরা অনেক সময় এই ভুল করে। এমনসব কর্মকাণ্ডে তারা ডুবে যায় যেগুলোর ফলে তাদের উদ্দেশ্য তো অর্জিত হয়ই না, উল্টো বহু ক্ষতির সম্মুখীন হতে হয়। অথচ উচিত তো ছিল—যৌক্তিক পন্থা অবলম্বন করে উদ্দেশ্য অর্জনে সচেষ্ট হওয়া।'
টিকাঃ
[২] সূরা আলি ইমরান, আয়াত-ক্রম: ৩১
[১] সূরা তাওবা; আয়াত-ক্রম: ২৪
[২] বুখারি, হাদিস-ক্রম: ১৪-১৫; মুসলিম, হাদিস-ক্রম: ৪৪;
[১] বুখারি, হাদিস-ক্রম: ৬৬৩২
[১] মুসলিম, হাদিস-ক্রম: ২৬৭৪; মুখতাসারু সহিহি মুসলিম, হাদিস-ক্রম: ১৮৬০
[২] বুখারি, হাদিস-ক্রম: ৪৪২৩; তবে, কিছুটা শব্দের তারতম্য আছে。
[১] সূরা বাকারা; আয়াত-ক্রম: ১৬৫
📄 আল্লাহর পরিপূর্ণ দাসত্ব
এরপর শাইখ একটু থামলেন, যেন কেউ কিছু জিজ্ঞেস করতে চাইলে, জিজ্ঞেস করতে পারে। আমি বললাম, 'শাইখ, আমরা সম্ভবত এখন এই আলাপ করতে পারি যে, মহব্বত ও ইবাদত একটি আরেকটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ, অন্তরে আল্লাহর মহব্বত বৃদ্ধি পেলে তাঁর দাসত্বও (ইবাদত) বেড়ে যায়; আবার, মহব্বত কমে গেলে দাসত্বও কমে যায়। এ কথা কি ঠিক?'
শাইখ বললেন-'হাঁ, আমি এটাই বলতে চেয়েছি; কারণ, অন্তরে আল্লাহর মহব্বত বাড়লেই তাঁর দাসত্ব বাড়ে; তাঁর দাসত্ব বাড়লেই অন্য সব কিছুর প্রতি বিরাগ ও উদাসীনতা বাড়তে থাকে। অন্তর আসলে সত্তাগতভাবে দুই কারণে আল্লাহর মুখাপেক্ষী। এক. ইবাদতের কারণে; এটাই মৌলিক কারণ। দুই. সাহায্য-কামনা ও তাওয়াক্কুলের কারণে; এর মাধ্যমে অন্তর পরিচালিত হয়।'
'রবের ইবাদতেই অন্তর সুখ শান্তি সফলতা শুদ্ধতা পরিতৃপ্তি ও স্থিরতা লাভ করে। এজন্যই তিনি হয়ে আছেন প্রভু, প্রিয়তম ও বহুকাঙ্ক্ষিত; আবার অন্তর এই সুখ স্বাদ আনন্দ নিয়ামত, প্রশান্তি ও স্থিরতা অনুভব করে তাঁর মাধ্যমেই। অর্থাৎ, এগুলো তাঁর সাহায্যে তাঁর কাছ থেকেই অর্জিত হয়; অন্য কেউ নয়; বরং তিনিই এগুলো দান করেন। ফলে, "আমরা আপনারই ইবাদত করি; এবং আপনার নিকটেই সাহায়্য কামনা করি"[১]-কুরআনের এই আয়াতের বাস্তবতার কাছে সততই ঋণী হয়ে থাকে অন্তর।
'কারণ, বান্দা যা কিছু ভালোবাসে, যা কিছু পছন্দ করে এবং যা কিছু তালাশ করে ও ইচ্ছা করে, সেসবের ক্ষেত্রে যদি সে আল্লাহর সাহায্যপ্রাপ্ত হয়, কিন্তু আল্লাহর এমন ইবাদতের সৌভাগ্য তার না হয়, যেই ইবাদতে আল্লাহই হবেন তার চূড়ান্ত লক্ষ্য-উদ্দেশ্য এবং তিনিই হবেন তার সর্বপ্রথম ও প্রধান প্রিয়জন, সত্তাগতভাবে কেবল তাঁকেই সে ভালোবাসবে, অন্য কারও প্রতি ভালোবাসাটাও তাঁকে ভালোবাসার অনুগামী হবে, তাহলে বোঝা যাবে, সে আসলে 'লা ইলাহা ইল্লাল্লাহ'র মর্ম অনুধাবন ও বাস্তবায়ন করতে পারেনি; এবং তাওহিদ (একত্ববাদ), উবুদিয়্যাত (দাসত্ব) ও মহব্বতও সে দেখাতে পারেনি; তার মধ্যে বহু ত্রুটি ও অপূর্ণতা রয়ে গেছে; বরং বহু দুঃখ, কষ্ট ও আফসোসেই পতিত হয়ে আছে সে।'
'আবার যদি সে আল্লাহকে পাওয়ার কোশেশ করে, কিন্তু আল্লাহর প্রতি ভরসা ও মুখাপেক্ষিতা না দেখায়, তাঁর সাহায্য প্রার্থনা না করে, তাহলে কিছুই অর্জিত হবে না। কারণ, তিনি যা চান তা-ই বান্দা পায়; তিনি যা চান না, বান্দা তা পায় না।'
'তাই, আল্লাহর প্রতি বান্দা মুখাপেক্ষী; কারণ, তিনিই বান্দার অভিষ্ট লক্ষ্য, তিনিই তার কাঙ্ক্ষিত প্রেমাস্পদ ও মাবুদ। আবার তাঁর প্রতি বান্দা এ কারণেও মুখাপেক্ষী যে, তাঁর নিকটেই সাহায্য চাইতে হয়; তাঁর প্রতিই ভরসা করতে হয়। ফলে, তিনি বান্দার এক অদ্বিতীয় ইলাহ (প্রভু ও মাবুদ); এবং তিনিই বান্দার অদ্বিতীয় রব (লালন-পালনকারী, সবকিছুর যোগানদানকারী)।'
'মোটকথা, এই দুটি (তথা, আল্লাহ তাআলাই লক্ষ্য-উদ্দেশ্য হওয়া এবং সাহায্য প্রার্থনাও তাঁর কাছেই হওয়া) ছাড়া আল্লাহর দাসত্ব পূর্ণতা পায় না। তাই, বান্দা সত্তাগতভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভালোবাসলে, কিবা, অন্য কারও প্রতি সাহায্য প্রার্থনার দৃষ্টি দিলে, যাকে সে ভালোবেসেছে, বা যার কাছ থেকে সাহায্যপ্রাপ্তির আশা করেছে, ভালোবাসা ও সাহায্যের আশা-অনুসারে সে তার গোলামে পরিণত হয়।'
'পক্ষান্তরে, সত্তাগতভাবে কেবল আল্লাহকেই ভালোবাসলে; অন্য কিছুকেও কেবল তাঁর জন্যই মহব্বত করলে; কেবল তাঁরই নিকট সাহায্য প্রার্থনা করলে; দুনিয়াবি কোনো উপায়-উপকরণ গ্রহণ এবং কোনো কিছু অর্জনের ক্ষেত্রে এই বিশ্বাস করলে, যে, আল্লাহ তাআলাই একে সৃষ্টি করেছেন এবং এভাবে নির্ধারণ করে দিয়েছেন; আসমান ও জমিনের সব কিছুর রব, মালিক ও স্রষ্টা তিনিই; তাঁরই নিকটে মুখাপেক্ষী সবাই; এমনটা করতে পারলে তবেই বলা যাবে যে, আল্লাহর প্রতি বান্দার পরিপূর্ণ উবুদিয়্যাত (তথা দাসত্ব) অর্জিত হয়েছে।'
টিকাঃ
[১] সূরা ফাতিহা; আয়াত-ক্রম: ০৪