📄 নবম মাসআলা: কী কী কারণে কবরবাসীরা 'আযাব ভোগ করবে?
উত্তর: এ মাসআলার উত্তর সংক্ষিপ্ত ও বিস্তারিত দু'ভাবে দেওয়া যায়:
সংক্ষেপে বললে, আল্লাহকে না চেনা, তাঁর আদেশ অমান্য করা এবং গুনাহের কাজে লিপ্ত হওয়া কবরের 'আযাবের অন্যতম কারণ।
বিস্তারিতভাবে বলতে গেলে বলা যায়, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত লোেকদের সম্পর্কে কবরের 'আযাব ভোগের কথা বলেছেন। তাদের মধ্যে অন্যতম হলো:
১- কুৎসাকারী, পরনিন্দুক।
২- যে ব্যক্তি পেশাব করা থেকে উত্তমরূপে পবিত্র হয় না।
৩- মিথ্যুক।
৪- যিনাকারী।
৫- সুদখোর।
এ ছাড়াও অনেকের কথা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ আমাদেরকে কবরের 'আযাব থেকে রক্ষা করুন।
📄 দশম মাসআলা: কবরের 'আযাব থেকে নাজাত পাওয়ার উপায় কী?
উত্তর: এ প্রশ্নের উত্তরও সংক্ষিপ্ত ও বিস্তারিত দু'ভাবে দেওয়া যায়:
সংক্ষেপে বললে বলা যায়, কবরের 'আযাবের কারণগুলো থেকে বিরত থাকাই কবরের 'আযাব থেকে নিরাপদ থাকা ও নাজাত পাওয়ার উপায়। কবরের 'আযাব থেকে মুক্ত থাকার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে একনিষ্ঠভাবে তাওবা করা এবং আত্ম-সমালোচনা করা।
বিস্তারিতভাবে বললে, অসংখ্য সহীহ হাদীসে কবরের 'আযাব থেকে নাজাত পাওয়ার উপায় উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে কয়েকটি হচ্ছে:
১- আল্লাহর রাস্তায় নিজেকে বেঁধে রাখা (সর্বদা আল্লাহর রাস্তায় অটল থাকা)।
২- আল্লাহর পথে শহীদ হওয়া।
৩- সূরা মুলক (তাবারাকাল্লাযী) (বুঝে-শুনে) তিলাওয়াত করা।
৪- জুম'আর দিনে বা রাতে মারা যাওয়া।
📄 একাদশতম মাসআলা: কবরের প্রশ্ন কি মুসলিম, মুনাফিক ও কাফির সকলের জন্য সমান? নাকি মুসলিম ও মুনাফিকের জন্য আলাদা?
উত্তর: কবরে সকলের জন্যই একই প্রশ্ন করা হবে। বারা ইবন 'আযিব রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত হাদীসে এসেছে,
«فإذا كان كافراً جاءه ملك الموت فجلس عند رأسه».
“অতঃপর কাফির ব্যক্তির মৃত্যুর সময় মালাকুল মাউত এসে তার মাথার কাছে বসবে।” এ হাদীসে এরপরে এসেছে,
«وَيَأْتِيهِ مَلَكَانِ شَدِيدًا الانْتِهَارِ فَيَنْتَهِرَانِهِ وَيُجْلِسَانِهِ، فَيَقُولَانِ: مَنْ رَبُّكَ».
“তার কাছে ভয়ংকর চেহারার ধমকদানকারী দুজন ফিরিশতা আসবে, তারা ভর্ৎসনা করবে, তারা তাকে বসাবে, অতঃপর বলবে, তোমার রব কে?”⁷
আল্লাহ তা'আলা তাঁর কিতাবে বলেছেন যে, তিনি কিয়ামতের দিনে কাফিরদেরকে জিজ্ঞেস করবেন,
﴿وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ مَاذَا أَجَبْتُمُ الْمُرْسَلِينَ ﴾ [القصص: ٦٥]
“আর সেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা রাসূলদেরকে কী জবাব দিয়েছিলে?” [সূরা আল-কাসাস, আয়াত: ৬৫]
﴿فَوَرَبِّكَ لَنَسْلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ ﴾ [الحجر: ٩٢، ٩٣]
“অতএব তোমার রবের কসম, আমি তাদের সকলকে অবশ্যই জেরা করব, তারা যা করত, সে সম্পর্কে”। [সূরা আল-হিজর, আয়াত: ৯২-৯৩]
কিয়ামতের দিনে যেহেতু আল্লাহ কাফিরদেরকে জিজ্ঞেস করবেন, সেহেতু কবরে কীভাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে না? (অবশ্যই জিজ্ঞাসা করা হবে)
টিকাঃ
⁷ ইসবাতু আযাবিল কবর, বাইহাকী, পৃষ্ঠা ৩৭; মুসনাদ আবু দাউদ ত্বয়ালিসী, হাদীস নং ৭৮৯।
📄 দ্বাদশতম মাসআলা: মুনকার ও নাকীরের প্রশ্ন কি এ উম্মতের জন্যই খাস নাকি অন্যান্য উম্মতেও জিজ্ঞাসা করে হয়েছিল?
উত্তর: আল্লাহই সর্বাধিক জ্ঞাত। প্রত্যেক জাতিই তাদের নবী সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তাদেরকে প্রশ্ন করে ও তাদের বিরুদ্ধে দলীল প্রমাণিত হওয়ার পরেই কবরে শাস্তি দেওয়া হবে, যেভাবে কিয়ামতের দিনে তাদেরকে জেরা করা ও দলীল-প্রমাণ সাব্যস্ত করার পরে শাস্তি দেওয়া হবে।