📄 অষ্টম মাসআলা: কবরের ভয়াবহ 'আযাব সম্পর্কে জানা এবং এর প্রতি ঈমান আনা যাতে মানুষ এ 'আযাব থেকে পরিত্রাণ পায়, এতো গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আল-কুরআনে এর বর্ণনা উল্লেখ না থাকার হিকমত কী?
উত্তর: এ প্রশ্নের উত্তর সংক্ষেপে ও বিস্তারিত দুভাবেই দেওয়া যায়:
সংক্ষেপে বলতে গেলে, আল্লাহ তাঁর রাসূলের প্রতি দু'ধরণের অহী নাযিল করেছেন এবং তিনি তাঁর বান্দার ওপর এসব অহীর প্রতি ঈমান আনা ও সে অনুযায়ী আমল করা ফরয করে দিয়েছেন। এ দু'ধরণের অহী হলো, আল-কুরআন ও হিকমাহ তথা সুন্নাহ। আল্লাহ তা'আলা বলেছেন,
﴿وَأَنزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ ﴾ [النساء : ١١٣]
“আল্লাহ আপনার প্রতি কিতাব ও হিকমাহ নাযিল করেছেন।” [সূরা আন-নিসা, আয়াত: ১১৩] এ আয়াতে কিতাব দ্বারা আল-কুরআন ও হিকমাহ দ্বারা সুন্নাহকে বুঝানো হয়েছে বলে সব সালাফে সালেহীন তথা সৎপূর্বসূরীগণ মত দিয়েছেন। অতএব, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব সংবাদ দিয়েছেন সেসব সংবাদ সত্যায়ন করা ও এর প্রতি ঈমান আনা ফরয (অর্থাৎ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের 'আযাব সম্পর্কে হাদীসে বর্ণনা করেছেন)।
আর বিস্তারিতভাবে বলতে গেলে বলা যায় যে, কবরের 'আযাব সম্পর্কে কুরআনের অনেক আয়াতে উল্লেখ রয়েছে। তন্মধ্যে,
১- আল্লাহ তা'আলা বলেছেন,
﴿وَلَوْ تَرَى إِذِ الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ وَالْمَلَائِكَةُ بَاسِطُوا أَيْدِيهِمْ أَخْرِجُواْ أَنفُسَكُمُ الْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنتُمْ تَقُولُونَ عَلَى اللَّهِ غَيْرَ الْحَقِّ وَكُنتُمْ عَنْ عَايَتِهِ تَسْتَكْبِرُونَ ﴾ [الانعام: ٩٣]
“আর যদি আপনি দেখতেন, যখন যালিমরা মৃত্যু কষ্টে থাকে, এমতাবস্থায় ফিরিশতারা তাদের হাত প্রসারিত করে আছে (তারা বলে), 'তোমাদের জান বের কর। আজ তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে লাঞ্ছনার 'আযাব, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তোমরা তার আয়াতসমূহ সম্পর্কে অহঙ্কার করতে। [সূরা আল-আন'আম, আয়াত: ৯৩] এ আয়াতে (عذاب الهون) বলতে কবরের 'আযাবকে বুঝানো হয়েছে যা জাহান্নামের কঠিন 'আযাবের আগে ভোেগ করবে।
২- আল্লাহ তা'আলা ফির'আউনের বংশধরদের সম্পর্কে বলেছেন,
﴿النَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيَّا وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا ءَالَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ ﴾ [غافر: ٤٦]
“আগুন, তাদেরকে সকাল-সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয়, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে (সেদিন ঘোষণা করা হবে), 'ফির'আউনের অনুসারীদেরকে কঠোরতম 'আযাবে প্রবেশ করাও।” [সূরা গাফির, আয়াত: ৪৬]
📄 নবম মাসআলা: কী কী কারণে কবরবাসীরা 'আযাব ভোগ করবে?
উত্তর: এ মাসআলার উত্তর সংক্ষিপ্ত ও বিস্তারিত দু'ভাবে দেওয়া যায়:
সংক্ষেপে বললে, আল্লাহকে না চেনা, তাঁর আদেশ অমান্য করা এবং গুনাহের কাজে লিপ্ত হওয়া কবরের 'আযাবের অন্যতম কারণ।
বিস্তারিতভাবে বলতে গেলে বলা যায়, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত লোেকদের সম্পর্কে কবরের 'আযাব ভোগের কথা বলেছেন। তাদের মধ্যে অন্যতম হলো:
১- কুৎসাকারী, পরনিন্দুক।
২- যে ব্যক্তি পেশাব করা থেকে উত্তমরূপে পবিত্র হয় না।
৩- মিথ্যুক।
৪- যিনাকারী।
৫- সুদখোর।
এ ছাড়াও অনেকের কথা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ আমাদেরকে কবরের 'আযাব থেকে রক্ষা করুন।
📄 দশম মাসআলা: কবরের 'আযাব থেকে নাজাত পাওয়ার উপায় কী?
উত্তর: এ প্রশ্নের উত্তরও সংক্ষিপ্ত ও বিস্তারিত দু'ভাবে দেওয়া যায়:
সংক্ষেপে বললে বলা যায়, কবরের 'আযাবের কারণগুলো থেকে বিরত থাকাই কবরের 'আযাব থেকে নিরাপদ থাকা ও নাজাত পাওয়ার উপায়। কবরের 'আযাব থেকে মুক্ত থাকার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে একনিষ্ঠভাবে তাওবা করা এবং আত্ম-সমালোচনা করা।
বিস্তারিতভাবে বললে, অসংখ্য সহীহ হাদীসে কবরের 'আযাব থেকে নাজাত পাওয়ার উপায় উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে কয়েকটি হচ্ছে:
১- আল্লাহর রাস্তায় নিজেকে বেঁধে রাখা (সর্বদা আল্লাহর রাস্তায় অটল থাকা)।
২- আল্লাহর পথে শহীদ হওয়া।
৩- সূরা মুলক (তাবারাকাল্লাযী) (বুঝে-শুনে) তিলাওয়াত করা।
৪- জুম'আর দিনে বা রাতে মারা যাওয়া।
📄 একাদশতম মাসআলা: কবরের প্রশ্ন কি মুসলিম, মুনাফিক ও কাফির সকলের জন্য সমান? নাকি মুসলিম ও মুনাফিকের জন্য আলাদা?
উত্তর: কবরে সকলের জন্যই একই প্রশ্ন করা হবে। বারা ইবন 'আযিব রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত হাদীসে এসেছে,
«فإذا كان كافراً جاءه ملك الموت فجلس عند رأسه».
“অতঃপর কাফির ব্যক্তির মৃত্যুর সময় মালাকুল মাউত এসে তার মাথার কাছে বসবে।” এ হাদীসে এরপরে এসেছে,
«وَيَأْتِيهِ مَلَكَانِ شَدِيدًا الانْتِهَارِ فَيَنْتَهِرَانِهِ وَيُجْلِسَانِهِ، فَيَقُولَانِ: مَنْ رَبُّكَ».
“তার কাছে ভয়ংকর চেহারার ধমকদানকারী দুজন ফিরিশতা আসবে, তারা ভর্ৎসনা করবে, তারা তাকে বসাবে, অতঃপর বলবে, তোমার রব কে?”⁷
আল্লাহ তা'আলা তাঁর কিতাবে বলেছেন যে, তিনি কিয়ামতের দিনে কাফিরদেরকে জিজ্ঞেস করবেন,
﴿وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ مَاذَا أَجَبْتُمُ الْمُرْسَلِينَ ﴾ [القصص: ٦٥]
“আর সেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা রাসূলদেরকে কী জবাব দিয়েছিলে?” [সূরা আল-কাসাস, আয়াত: ৬৫]
﴿فَوَرَبِّكَ لَنَسْلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ ﴾ [الحجر: ٩٢، ٩٣]
“অতএব তোমার রবের কসম, আমি তাদের সকলকে অবশ্যই জেরা করব, তারা যা করত, সে সম্পর্কে”। [সূরা আল-হিজর, আয়াত: ৯২-৯৩]
কিয়ামতের দিনে যেহেতু আল্লাহ কাফিরদেরকে জিজ্ঞেস করবেন, সেহেতু কবরে কীভাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে না? (অবশ্যই জিজ্ঞাসা করা হবে)
টিকাঃ
⁷ ইসবাতু আযাবিল কবর, বাইহাকী, পৃষ্ঠা ৩৭; মুসনাদ আবু দাউদ ত্বয়ালিসী, হাদীস নং ৭৮৯।