📄 দ্বাবিংশ পদক্ষেপ : ভুলকারীর সাথে রহমত প্রদর্শন
“যে মানুষের রহস্য সম্পর্কে জানে কিন্তু ঐশী করুণার গুণে গুণান্বিত হতে পারেনি তার এই অবগতি তার জন্য পরীক্ষা ও দুর্ভাগ্য আপতনের কারণ হতে পারে।”
ব্যক্তি যখন আল্লাহর পথে অগ্রসর হতে থাকে স্বাভাবিকভাবেই তার মাঝে জ্ঞানের প্রবৃদ্ধি ঘটতে থাকে, প্রজ্ঞা প্রস্ফুটিত হতে থাকে, বোধ পরিশুদ্ধ হতে থাকে, এমন সূক্ষ্মতা আসতে থাকে যা অন্য কারো মাঝে পাওয়া যায় না। তখন সে অন্যদের অবস্থা- দুরবস্থা, পরিস্থিতি, অন্তরের হালত, দুর্বলতা-সবলতা ইত্যাদি সম্পর্কে জানতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক ফযীলত বা মর্যাদা। আল্লাহর পথের পথিকদের উচিত এক্ষেত্রে রহমতে ইলাহিয়্যাহ বা ঐশী করুণার ভিত্তিতে কাজ করা। কীভাবে?
প্রথমত, আল্লাহর রহমতের দাবী হচ্ছে মানুষের দোষত্রুটি গোপন করে রাখা। আল্লাহ হচ্ছেন আস-সাত্তার বা আচ্ছাদনকারী, অর্থাৎ, তিনি বান্দার দোষত্রুটি গোপন করে রাখেন, লুক্কায়িত করেন।
إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَبِيٌّ سِتِّيرُ يُحِبُّ الْحَيَاءَ وَالسَّتْرَ.
“আল্লাহ হচ্ছেন হাইয়্যি বা পরম লজ্জাশীল ও আস-সিত্তির বা আচ্ছাদনকারী। তিনি লজ্জাশীলতা ও (দোষত্রুটি) গোপন রাখাকে ভালোবাসেন।”১
এ কারণে মানুষের গোপন ত্রুটি প্রকাশ করা, অপমানিত করা ও কষ্ট দেওয়া ইসলামে কবীরা গুনাহ বলে সাব্যস্ত। দোষত্রুটি গোপন রাখার ফযীলত যেমন বর্ণিত হয়েছে তেমনি তা প্রকাশ করার মারাত্মক শাস্তির কথাও বর্ণনায় এসেছে।
নবী ﷺ বলেছেন, “যে তার মুসলিম ভাইয়ের গোপনীয়তা বজায় রাখে আল্লাহ কিয়ামতের দিন তার দোষত্রুটি গোপন রাখবেন। যে মুসলিম ভাইয়ের গোপনীয়তা ফাঁস করে দেয় আল্লাহ কিয়ামতের দিন তার গোপনীয়তা ফাঁস করে দেবেন। এমনকি সে বাড়ীতে থাকলেও আল্লাহ তাকে অপমানিত করে ছাড়বেন।”১
দ্বিতীয়ত, রহমতের দাবী হচ্ছে দোষত্রুটি গোপন রেখে তাদের সংস্কার ও সংশোধনের চেষ্টা করা, তাদেরকে কল্যাণের পথ দেখিয়ে দেওয়া-উত্তম কথা, নসীহত ও উপদেশ দেওয়ার মাধ্যমে। নবী ﷺ এর সাধারণ নীতি এমনই ছিলো। এমনকি মুনাফিক, যাদের কুফর ও বিভ্রান্তির ব্যাপারে নবীজীর নিশ্চিত অবগতি ছিলো, তাদের ক্ষেত্রেও আল্লাহ তাকে একই নির্দেশ দিয়েছেন।
أُولَئِكَ الَّذِينَ يَعْلَمُ اللهُ مَا فِي قُلُوبِهِمْ فَأَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُلْ لَّهُمْ فِي أَنفُسِهِمْ قَوْلًا بَلِيْخًا
এরাই তারা, যাদের অন্তরে কী আছে আল্লাহ তা জানেন। সুতরাং তুমি তাদেরকে উপেক্ষা করো, তাদেরকে সদুপদেশ দাও এবং তাদেরকে তাদের মর্ম স্পর্শ করে এমন কথা বলো।২
তৃতীয়ত, মানুষের ব্যাপারে সূক্ষ্ম জ্ঞান তাদের ওপর এক ধরণের অদৃশ্য কর্তৃত্বের মত। এই জ্ঞান অনেককে নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য মানুষকে ব্যবহারের দিকে প্রলুব্ধ করতে পারে বা উৎসাহিত করতে পারে। কিন্তু রহমতের দাবী হচ্ছে নিজস্ব কল্যাণ বা স্বার্থসিদ্ধির জন্য নয়; বরং সৃষ্টির কল্যাণ ও তাদের সংশোধনের নিয়্যাতে এই জ্ঞানকে ব্যবহার করা।
যে ব্যক্তি এ জ্ঞান পাওয়ার পর নিজেকে ঐশী দয়ার গুণে সজ্জিত করবে না এই জ্ঞান তার জন্য পরীক্ষায় পরিণত হতে পারে। এই পরীক্ষা তাদের ওপর মানুষের ওপর অনর্থক কর্তৃত্ব ও দখল স্থাপনের বাসনা, দম্ভ-অহংকার, হিংসাবিদ্বেষ, নিজের ব্যাপারে ভালো ধারণা ও অন্যের ব্যাপারে বদধারণা রাখাসহ নানাভাবেই প্রকাশিত হতে পারে। তার দ্বারা এমন যুলুম প্রকাশ পেতে পারে যার জন্যে তাকে দুনিয়া কিংবা আখিরাতে অথবা দু জগতেই শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। হাদীছে এসেছে যুলুম দুনিয়ার বুকে ও আখিরাতের ময়দানে সবচেয়ে দ্রুত শাস্তি টেনে আনে।১
আল্লাহ আমাদের এ পাপ থেকে হেফাযত করুন। আল্লাহর পথের পথিকদের এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। অন্তর যত সূক্ষ্মতা লাভ করতে থাকে বিপদের আশঙ্কাও ততই বাড়তে থাকে। ওপরে উঠতে সময় লাগে, পরিশ্রম করতে হয়, কিন্তু নিচে পতিত হওয়ার জন্য সময় কিংবা পরিশ্রম কোনোটারই প্রয়োজন হয় না।
টিকাঃ
১. (আবু দাউদ)
১. (ইবনু মাজাহ)
২. (সূরা নিসা, ৪:৬৩)
১. (আদাবুল মুফরাদ)
📄 ত্রিবিংশ পদক্ষেপ : অগ্রাধিকার ভিত্তিতে কাজ সম্পাদন
“প্রবৃত্তির অনুসরণের নিদর্শন হচ্ছে ওয়াজিব প্রতিষ্ঠার ব্যাপারে আলস্য করে নফলের দিকে দ্রুতধাবন করা।"
নবী বলেছেন, “আল্লাহ যার কল্যাণ চান তাকে দীনের ফিকহ দান করেন।" (বুখারী)
এখানে 'ফিকহ' অর্থ দীনের বুঝ বা সমঝ, যাকে ফাহমও বলা হয়ে থাকে। তবে এখানে বুঝ বা ফিকহ-এর দ্বারা প্রচলিত অর্থে কেবল শাখাগত কিছু মাসআলা- মাসায়েল জানাই উদ্দিষ্ট নয়; বরং এর মূল মর্ম, তত্ত্ব সম্পর্কেও জানা, গভীরভাবে দীনের হাকীকত উপলব্ধি করতে পারাও উদ্দিষ্ট। এই হাকীকত উপলব্ধির একটি অংশ দীনের বিভিন্ন বিধানের পারস্পরিক সম্পর্ক এবং এদের ক্রমধারা সম্পর্কে জানা। কোনটি আগে কোনটি পরে, কোন বিধানটি বিলম্বে পালন করা যেতে পারে, কোনটির মাঝে কোনো প্রকারেই বিলম্বের সুযোগ নেই ইত্যাদি সম্পর্কে জানা।
আমাদের দীন সর্বক্ষেত্রেই ক্রমধারার প্রতি লক্ষ রাখে এবং প্রত্যাশা করে যে এর অনুসারীরাও এ ব্যাপারে সজাগ থাকবে। আগে মূল তারপর শাখা, আগে উসূল তারপর ফুরু, বাহ্যিকতার আগে অভ্যন্তর, বহিঃস্থের পূর্বে অন্তঃস্থ, নফলের আগে ওয়াজিব, সুন্নাতের আগে ফরয, সবার আগে ঈমান-এর সবগুলোই ক্রমধারা। ক্রমধারার ভিত্তিতে আমলসমূহকে প্রাধান্য ও অগ্রাধিকার দেওয়া দীনের সঠিক ও যুৎসই বুঝের জন্য একান্তই জরুরী বিবেচ্য।
নফলের ফযীলত যতই বর্ণিত থাক তা কখনোই একটি ফরযের সমানও নয়। যেমন-কেউ তাহিয়্যাতুল মসজিদের ফযীলতের কথা জানতে পারলো। ফরযের সময় ইমাম সাহেব মুক্তাদীদেরকে নিয়ে সালাতে দাঁড়িয়ে গেলো, আর এই সাহেব তাহিয়্যাতুল মসজিদের ফযীলত লাভের আশায় তাহিয়্যাতুল মসজিদ পড়ে ফরয পড়তে গেলো। নিঃসন্দেহে এমনটা করা জায়েজ নয়। কেননা, সাধারণাবস্থায় ফরয সালাতের ইকামত হয়ে গেলে আর ওই নির্দিষ্ট ফরয ছাড়া কোনো প্রকার সালাত পড়া জায়েজ নয়।
প্রত্যেক শাখা মূলের দিকে প্রত্যাবর্তন করে মূল শাখার দিকে নয়। যেমন-শাখাগত মাসআলার সাথে সম্পৃক্ত দলীল বা নস অবশ্যই সংশ্লিষ্ট মূলনীতি ও ইসলানে সামগ্রিক মাকসাদ বা উদ্দেশ্যের আলোকেই বুঝতে হবে। শাখাকে মূল থেকে পৃথক করে কিংবা শাখাকে মূল ধরে, ফুরু-কে উসূল ধরে দীন বুঝতে গেলে মূলের সাথে সাংঘর্ষিক হয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে পারে। যার ফলে দীনের সঠিক বুঝ যেমন সম্ভব নয় তেমনি মানুষের কাছে ইসলাম সম্পর্কে নেতিবাচকভাবে উপস্থাপনের সম্ভাবনা তৈরী হয়। তাই ইসলামের প্রতিটি ক্ষেত্রেই প্রাধান্যতা হবে ক্রমধারা অনুযায়ী, (তথা প্রথমে মূলনীতি বুঝতে হবে এরপর শাখাগত বিষয়গুলো একেরপর এক আসবে।) এটাই দীনে ফিতরাতের মৌলিকতা ও এর সাধারণ দাবী।
কিন্তু আমরা উম্মাহকে অনেকক্ষেত্রেই এই ক্রমধারার দিকে লক্ষ রাখতে দেখি না। তারা অন্তরের পরিবর্তন ও অন্তরে ঈমানের যথাযথ বিকাশের আগে পাঞ্জাবী-টুপির দিকে অধিক মনোযোগ দেখায়; বাহ্যিক পোষাক-পরিচ্ছদও গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা অবশ্যই অন্তরের ঈমান পরিস্ফুটনের আগে স্থান পাবে না। অনেককে দেখা যায় দীনের মাকসাদ বা উদ্দেশ্যের চাইতে বাহ্যিকতার দিকেই অধিক নিবিষ্ট। অনেকে ফরয পালন না করেই নফল পালন করতে ব্যস্ত হয়ে যায়। অনেকে সুস্পষ্ট হারামে লিপ্ত, রাতদিন আমানতের খেয়ানত করে, দিবানিশি মা-বাবার সাথে খারাপ আচরণ করে, তাদের সাথে সম্পর্ক ভালো নয়, বোনদের সম্পত্তি নষ্ট করে, অধিকারীকে যথাযথ অধিকার দেয় না কিন্তু তারা মসজিদের কমিটির সভাপতি, ওয়াজ-মাহফিলে আয়োজনে তাদের অত্যধিক আগ্রহ। এগুলো ভালো কাজ নিঃসন্দেহে, কিন্তু হারাম ত্যাগ না করে বা সেদিকে ভ্রুক্ষেপ না করে এসব নফল কাজ করে আল্লাহর নৈকট্য পাওয়া সম্ভব নয়। আবার কেউ কেউ পাঁচ ওয়াক্ত সালাত জীবনেও পড়ে না, কিন্তু শবে বরাত, শবে কদর আর ঈদের সালাতের দিন তারা খুব আগ্রহভরে সালাত পড়ে, রাত জাগরণ করে। এগুলো নফল সালাত, ফযীলতও আছে, কিন্তু তা নিঃসন্দেহে ফরয সালাতের মত নয়।
ক্রমধারার দিকে মনোযোগী না হওয়া সকল মুসলিমের জন্যই কমবেশি ক্ষতিকর, কিন্তু আল্লাহর পথের পথিকদের জন্য এটা আরও বেশি ক্ষতিকর। ইবনু আতা এ কারণেই বলেছেন, “প্রবৃত্তির অনুসরণের নিদর্শন হচ্ছে ওয়াজিব প্রতিষ্ঠার ব্যাপারে আলস্য করে নফলের দিকে দ্রুতধাবন করা।" কারণ, যে শরীয়তের অনুসারী তার জানার কথা ফরয/ওয়াজিব আমলই আল্লাহর কাছে সর্বাগ্রাধিকার পাবে। আল্লাহ এগুলোর হিসাবই আগে নেবেন। এগুলোই আসল, বাকীগুলো অতিরিক্ত। তারপরেও যে এমনটা না করে ক্রমধারাকে উল্টে দিয়ে ফরয/ওয়াজিবের আগেই নফল বা অতিরিক্ত নিয়ে মাতামাতি করে, সে নিঃসন্দেহে পবিত্র শরীয়তের নয় বরং নিজের প্রবৃত্তির অনুসরণ করছে। একটি বিখ্যাত হাদীছে কুদসীতে এসেছে,
"বান্দা আমার নির্ধারিত ফরয বা আবশ্যক দায়িত্ব পালন করার মত আর কোনোভাবেই আমার নিকটবর্তী হতে পারে না। এরপর বান্দা নফল আমলের মাধ্যমে আমার নিকটবর্তী হতেই থাকে, এমনকি আমি তাঁকে ভালোবেসে ফেলি। এক সময় আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, তার পা হয়ে যাই যা দিয়ে সে চলাফেরা করে। সে আমার কাছে চাইলে আমি তাকে তা দেই। সে আশ্রয় চাইলে তাকে আশ্রয় দেই।"১
টিকাঃ
১. (বুখারী)
📄 চতুর্বিংশ পদক্ষেপ : সন্তুষ্টি
আল্লাহর ওপর তোমার নিআমতের পরিপূর্ণতা হচ্ছে তিনি তোমাকে যথেষ্ট পরিমাণ রিযক দান করবেন এবং তোমাকে (সম্ভাব্য) সীমালঙ্ঘন থেকে বাঁচাবেন। আনন্দের জিনিস যত কম পাওয়া যায় তার বিপরীতে দুঃখও তত কম পাওয়া যায়।
জীবনধারণের জন্য রিযক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিযক দেওয়া ও সংকোচনের ক্ষেত্রে আল্লাহর সুন্নাত ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারা আরও জরুরী, বিশেষত আল্লাহর পথের পথিকদের জন্য। আল্লাহ যখন বান্দাকে পর্যাপ্ত পরিমাণে - না বেশি আর না কম- রিযক দেন সেটা আল্লাহর পূর্ণাঙ্গ নিআমতের একটি। কেননা, মানবেতিহাস থেকে প্রমাণিত মানুষের অধিকাংশ সীমালঙ্ঘন অর্থ ও রিযকের প্রাচুর্য থেকেই উৎসরিত হয়েছে। মানুষের স্বভাবই এমন যে, সে যখন অতিরিক্ত সম্পদ পায় আকাশকুসুম চিন্তায় বিভোর থাকে, অর্থ ব্যয়ের নতুন নতুন কৌশল তার মাথায় গিজগিজ করতে থাকে, দুই থেকে চার ও চার থেকে আট করে অর্থবৃদ্ধির চিন্তা তাকে ব্যতিব্যস্ত রাখে, মানসিক পীড়া দিতে থাকে। এই অর্থপ্রাচুর্যই তার দ্বারা অনেক সীমালঙ্ঘন ও গুনাহ ঘটায়।
অন্যদিকে প্রয়োজনের চাইতে কম জীবিকা, যার কারণে টানাপোড়েন ও দারিদ্র্য লেগেই থাকে, এই অবস্থাও ভালো নয়। হতদরিদ্ররা উদরের চিন্তা করতে করতেই দিনাতিপাত করে, অন্য কিছু ভাবার সময় পায় না। দীন-ধর্ম, সত্য-অসত্য এগুলো সম্পর্কে তারা থাকে বেখবর, তাদের কাছে এসব কোনো মূল্যই রাখে না।
এ দুই অবস্থার মধ্যবর্তীতে যথেষ্ট পরিমাণ রিযক পাওয়া আল্লাহর অনেক বড় এক নিআমত। ইবনু আতা বলছেন, "আল্লাহর ওপর তোমার নিআমতের পরিপূর্ণতা হচ্ছে তিনি তোমাকে যথেষ্ট পরিমাণ রিযক দান করবেন এবং তোমাকে (সম্ভাব্য) সীমালঙ্ঘন থেকে বাঁচাবেন।"
রিযকের আগমণে মানুষ আনন্দিত হয়, খুশি হয়, উৎফুল্লতায় মেতে ওঠে। সম্পদ বিয়োগে শোকে মূহ্যমান, শোকে বিহ্বল ও বেদনায় লীন হয়। সাধারণভাবে এমনটাই মানুষের স্বভাব। সম্পদের প্রতি মানুষের টান-আকর্ষণ-সংযুক্তি এত সহজে ত্যাগ করাটা সহজ কথা নয়। এরূপ আনন্দের বস্তু মানুষের যত কম থাকবে ততই মঙ্গল। অধিক পরিমাণ অর্থকড়ি তাকে ইহজগতে আনন্দের ভেলায় ঠিকই ভাসাবে, কিন্তু প্রবল সম্ভাবনা আছে এই সম্পদই তাকে আখিরাতে দুঃখের কন্টকশয্যায় নিয়ে ফেলবে, সম্পদজাত সীমালঙ্ঘন ও পাপাচারের কারণে। এমতাবস্থায় অর্থসম্পদ যত কম হবে ততই তা সম্ভাব্য দুঃখের পরিমাণও হ্রাস করবে। আল্লাহর পথের পথিকদের জন্য সর্বাবস্থায় সন্তুষ্টি বা রিদা অবলম্বন করা কর্তব্য। কারণ, দুনিয়া নিতান্তই ক্ষণস্থায়ী ও আখিরাত চিরস্থায়ী।
টিকাঃ
১. (সূরা শুরা, ৪২:২৭)
📄 পঞ্চবিংশ পদক্ষেপ : বিনয়
“যে নিজের প্রদর্শনকৃত বিনয় থেকে নিজেকে উঁচু ভাবে সে বিনয়ী নয়, বরং বিনয়ী সে-ই যে নিজেকে নিজের প্রদর্শনকৃত বিনয় থেকে নিচু ভাবে।”
বিনয় আল্লাহর প্রকৃত বান্দাদের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য। মানুষ হিসেবে আমরা সবাই বান্দা, দাস। আমরা কেউই মালিক নই, অধিপতিও নই। তাই আমাদের গর্ব করার মত আসলে কিছুই নেই। আমরা সবাই আল্লাহর দয়ার ভিখারী, তাঁর করুণার কাঙ্গাল। বিনয়ের বিপরীত হলো অহংকার। অহংকার মানবস্বভাবের বিপরীত। মন্দ নফসের বৈশিষ্ট্য। মানুষ যখন নিজেকে ভুলে যায়, নিজের সম্পর্কে ভুলধারণা পোষণ করে, তখনই সে নিজেকে বিরাট কিছু ভাবতে শুরু করে। আল্লাহর কাছে এই মানসিকতা অত্যন্ত অপছন্দের ও ঘৃণ্য। নবী ﷺ বলেছেন, “যার অন্তরে অণু পরিমাণ অহংকারও থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।” কেউ একজন বললো, একজন ব্যক্তি সুন্দর কাপড় ও জুতা পছন্দ করে (এটাও কি অহংকার বলে গণ্য হবে?) তিনি বললেন, “আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার হচ্ছে সত্যকে অস্বীকার করা ও মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা।”
মনোরম কাপড়-চোপড় পরা কখনো কখনো অহংকারবশতও হতে পারে। তবে সবাই সুন্দর কাপড়-চোপড় পরাকে অহংকার ভাবে না, সবাই দম্ভ করেও তা পরে না। যদি নিজেকে সুন্দর দেখানোর জন্য কেউ সুন্দর কাপড় পরে তবে তা অহংকার বলে গণ্য হবে না। বরং অহংকার হচ্ছে সত্যকে অস্বীকার করা, সত্যকে ভুলে যাওয়া, জেনে বুঝে সত্যকে উপেক্ষা করে যাওয়া। অহংকার হচ্ছে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, নিজের সাথে তুলনা করে অন্যকে অগ্রাহ্য করা, অপমান করা, নিজেকে উঁচু আর অন্যকে নিচু বলে জানা।
আসলে অহংকারের নানা স্তর ও রকমফের আছে। একেকজনের জন্য অহংকার একেকরকম। আলিম, তালিবে ইলম-শিক্ষার্থী, মূর্খ-জাহিল, সাধারণ মানুষ, ধনী এদের প্রত্যেকেরই অহংকার থাকতে পারে; তবে এর প্রকার ভিন্ন। আল্লাহর পথের পথিকদেরও অহংকার হতে পারে। সে ভাবতে পারে আমি অনেকের চাইতে উত্তম, আমি তো হেদায়াতপ্রাপ্ত, আমি তো প্রায় মুক্তিপ্রাপ্ত, আমি তো অমুক, আমি তো তমুক ইত্যাদি ইত্যাদি। আল্লাহর পথের পথিকদের অহংকার অত্যন্ত সূক্ষ্ম। এ কারণে কোনো কোনো সাধক বলেছেন মানুষের অন্তর থেকে সর্বশেষ যেই মন্দ স্বভাব দূর হয় তা হলো অহংকার। পথিক যখন নিজেকে সত্যের পথে, আল্লাহর সামনে-নিজেকে, নিজের ব্যক্তিত্বকে পরিপূর্ণ বিলীন করে দিতে পারে তখনই সকলপ্রকার অহংকার দূরীভূত হয়। এ কারণেই নবীজী অতি সূক্ষ্ম পরিমাণ অহংকারকেও জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করেছেন।
অনেক সময় আমরা বিনয় দেখাই, মুখেও প্রকাশ করি, কিন্তু তা আসলে আন্তরিক হয় না। সেই বিনয়ভাব অন্তর থেকে উঠে আসে না। মুখে বিনয়সুলভ কথা উচ্চারণ করি, কিন্তু আমাদের অন্তর সেই কথার সাথে পরিপূর্ণ সামঞ্জস্যশীল হয় না, অন্তর আর মুখের কথা পুরোপুরি এক হয় না। বিনয় প্রকাশের সময়কার অন্তরের অবস্থা বিষয়েই ইবনু আতা বলছেন, “যে নিজের প্রদর্শনকৃত বিনয় থেকে নিজেকে উঁচু ভাবে সে বিনয়ী নয়, বরং বিনয়ী সে-ই যে নিজেকে নিজের প্রদর্শনকৃত বিনয় থেকে নিচু ভাবে।” যে বিনয় প্রকাশ করে কিন্তু যার সাথে বিনয় দেখানো হচ্ছে তার থেকে নিজেকে সত্যিকারার্থেই ক্ষুদ্র ও নিচু ভাবতে পারে না, সে আসলে আন্তরিকভাবে বিনয়ী হতে পারেনি, তার অন্তর প্রকৃতার্থে এখনও বিনয়ী হতে পারেনি। কারণ, হয়ত অন্তর থেকে সূক্ষ্ম অহংকার পরিপূর্ণ নিশ্চিহ্ন হয়নি। এ কারণে মুখে বিনয় প্রকাশের চাইতে অধিক প্রয়োজন অন্তরকে বিনীত করা, বিনয়ের ভাব দেখানোর চাইতে বেশি গুরুত্বপূর্ণ অন্তরাত্মাকে বিনয়ী করার পেছনে সময় ও পরিশ্রম বিনিয়োগ করা।
টিকাঃ
১. মুসলিম ১৪৭-(৯১)