📘 রিক্লেইম ইয়োর হার্ট > 📄 তাওয়াক্কুল: এমন হাতল আঁকড়ে ধরা, যা কখনো ভাঙ্গে না

📄 তাওয়াক্কুল: এমন হাতল আঁকড়ে ধরা, যা কখনো ভাঙ্গে না


তার তখন বিধ্বস্ত অবস্থা। তার বেঁচে থাকার জন্য অপরিহার্য পুষ্টির একমাত্র উৎস তার থেকে বিদায় নিয়েছে। (বেঁচে থাকার) এই একটি অবলম্বনই তার জানা ছিল, আর সহসা আজ সেটাও বিলুপ্ত হয়েছে। (মায়ের গর্ভের) স্বাভাবিক উষ্ণ দুনিয়া হঠাৎ করেই যেন হিম শীতল ঠাণ্ডা হয়ে উঠলো, আর তার চারপাশ ঘিরে কেবল অপরিচিত মুখ। নবজাতক আর্তনাদ করে উঠলো। তার মনে হলো, এখানেই বুঝি তার জীবন শেষ।

সদ্যজাত শিশুটি অনুভব করতে পারেনি যে, কেউ একজন তার দিকে খেয়াল রাখছেন। তার জন্য (শুরু থেকেই) একটা পরিকল্পনা ছিল। তার থেকে যা কিছু কেড়ে নেওয়া হলো, সে জায়গায় তার প্রতিপালক তাকে পূর্বের চেয়ে উত্তম জিনিস দান করলেন। যে পুষ্টি সে আগে লাভ করতো (তার মায়ের) রক্ত থেকে, এখন ওই পুষ্টিই লাভ করে মায়ের দুধ থেকে। মায়ের গর্ভের প্রাণহীন যে দেয়াল এক সময় বিবেচিত হতো তার একমাত্র আধার, শীঘ্রই পরিবারের স্বজনদের কোমল পরশ তার স্থান দখল করে নেবে।

তা সত্ত্বেও, সদ্যজাত শিশুটির বিবেচনায়, সে যেন তার সবকিছু হারিয়ে ফেলেছে।

আমাদের অনেকেই সময় সময় নিজেদের এই শিশুর মতো অবস্থায় আবিষ্কার করি। অনেক সময় মনে হয়, সবই বুঝি আমরা হারিয়ে ফেলেছি অথবা মনে হয়, আমাদের সবই ভেঙে চুরমার হয়ে গিয়েছে, কোনো কিছুই যেন আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়নি। কখনো কখনো নিজেদেরকে যেন একেবারে পরিত্যক্ত অসহায় মনে হয়, আর মনে হয় কোনো কিছুই যেন নিজেদের পরিকল্পনা মাফিক সংঘটিত হচ্ছে না।

কিন্তু ঠিক ওই নবজাতক শিশুটির মতোই অনেক সময় পরিস্থিতি বাহ্যিকভাবে যেমন দেখা যায় বাস্তবে তেমনটি নয়। আর তাওয়াক্কুল তথা আল্লাহর প্রতি আস্থা ও ভরসা রাখার তাৎপর্য হচ্ছে, আমাদের জন্য আমাদের প্রতিপালকের একটি পরিকল্পনা আছে, এই সত্যটি উপলব্ধি করা। তাওয়াক্কুল হলো এ কথার ওপর পরিপূর্ণ আস্থা রাখা যে, আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম। পরিস্থিতি যতই অসম্ভব মনে হোক না কেন, আল্লাহ আপনার খেয়াল রাখবেন, এই বিশ্বাসের ওপর মজবুতভাবে প্রতিষ্ঠিত থাকাই তাওয়াক্কুল। দুর্বার সেনাবাহিনী ধেয়ে আসছে, এটা জেনেও পিছু না হটে নবি মুসা (আলাইহিস সালাম) যেভাবে লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে ছিলেন, শত বিপদের মাঝে সেভাবে দাঁড়িয়ে থাকা এবং আল্লাহ আপনাকে উদ্ধার করবেনই, এটা জেনে শত বিপদের মাঝে সেভাবে মজবুতভাবে দাঁড়িয়ে থাকার নামই তাওয়াক্কুল। আল্লাহ যখন নাড়ির বন্ধন (Umbilical Cord) ছিন্ন করার ব্যবস্থা করেছেন, তখন মায়ের দুধ দিয়ে তা প্রতিস্থাপন করবেন, এ কথার ওপর পূর্ণ বিশ্বাস রাখাই তাওয়াক্কুল।

তাওয়াক্কুল ছাড়া কোনো ঈমান নেই। সত্যিকার ঈমান যেখানে বিরাজমান, স্বাভাবিকভাবেই সেখানে তাওয়াক্কুলের দেখা মিলবে। আল্লাহ কুরআনে বলেন:
"মুমিন তো তারাই, যাদের হৃদয় কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং যখন তাঁর আয়াত তাদের সামনে পাঠ করা হয়, তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের ওপরই নির্ভর (তাওয়াক্কুল) করে।” (কুরআন, ৮:২)

কেউ যদি সত্যিকার অর্থে বাস্তবতা এবং আল্লাহর ক্ষমতাকে উপলব্ধি করতে পারেন, তবে তার কাছে প্রকাশ হয়ে পড়বে যে, আল্লাহর ওপর নির্ভর করতে না পারাটা মূলত মানব মনের দুর্বলতা ছাড়া আর কিছুই নয়। এই মহাবিশ্বের কিছুই আল্লাহর বিনা অনুমতিতে ঘটে না। এমনকি আল্লাহর অনুমতি ছাড়া গাছের একটি পাতাও ঝরে পড়ে না (হাদিস)। অস্তিত্বে যা আছে, তার সবকিছুর জীবিকা বা রিযিক তিনিই দান করেন। "সবকিছুর ওপর কেবল তাঁরই ক্ষমতা বিরাজমান।” (কুরআন, ৬৭:১) কি করে আমরা তাঁর ওপর আমাদের সকল আস্থা ও নির্ভরতাকে সমর্পণ না করে থাকতে পারি? ঈমানদারদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন, "বলো, আমাদের জন্য আল্লাহ যা নির্দিষ্ট করেছেন, তা ছাড়া আমাদের অন্য কিছু হবে না। তিনিই আমাদের রক্ষক এবং আল্লাহর ওপরই মুমিনদের নির্ভর করা উচিত” (কুরআন, ৯:৫১)

[তাওয়াক্কুলের] বিষয়টিকে কুরআন ব্যাখ্যা এভাবে করে:
"যে আল্লাহর ওপর নির্ভর করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।" (কুরআন, ৬৫:৩)

“বাস্তবতা হচ্ছে: অবলম্বন করার মতো মজবুত এমন কোনো জিনিস বা স্থান নেই, যা মানুষের জন্য যথেষ্ট হতে পারে। বস্তুতঃ আল্লাহই সে হাতল, যা অবলম্বন করলে কখনো ভাঙ্গে না।” (কুরআন, ২:২৫৬)

আল্লাহর রসূল (ﷺ) বলেন:
“তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর ওপর তাওয়াক্কুল করো, তিনি তোমাদের জন্য ঠিক সেভাবে রিযিকের ব্যবস্থা করবেন, যেভাবে তিনি পক্ষিকুলকে রিযিক দিয়ে থাকেন। ভোর বেলায় যদিও তারা খালি পেটে বেরিয়ে যায়, তথাপি সন্ধ্যার সময় ঠিকই তারা ভরা পেটে নীড়ে ফিরে।” [তিরমিযি]

[আর সত্যি সত্যি যখন যথাযথভাবে তাওয়াক্কুল করতে পারি], পক্ষিকুল ও নবজাতক শিশুর জন্য যেভাবে আল্লাহ রিযিকের বন্দোবস্ত করেন, ঠিক সেভাবেই কল্পনাতীত স্থান থেকে তিনি আমাদেরকে রিযিকের যোগান দিয়ে থাকেন।

টিকাঃ
** বস্তুত এটা কুরআনের আয়াত (আনআম, ৬:৫৯) -(সম্পাদক)।

📘 রিক্লেইম ইয়োর হার্ট > 📄 তাওয়াক্কুল, আশা এবং সর্বাত্মক প্রচেষ্টা: গোটা বিষয়টির তিনটি অংশ

📄 তাওয়াক্কুল, আশা এবং সর্বাত্মক প্রচেষ্টা: গোটা বিষয়টির তিনটি অংশ


শুরুতে তিনি ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। বিদায় নিতে উদ্যত তার স্বামীর প্রতি আকুতি জানান। "আপনি কি আমাদেরকে এখানে মারা যাওয়ার জন্য রেখে যাচ্ছেন?” [শঙ্কিত কণ্ঠে তিনি বলে উঠেন]। কিন্তু কোনো জবাব নেই। তিনি আবারও তার স্বামীকে ডাকলেন। তবুও কোনো জবাব নেই। সহসাই তিনি তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, "আপনার প্রতিপালকই কি আমাদের এখানে নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন?"

“হ্যাঁ” নবি ইব্রাহিম (আ.) জবাব দিলেন।

এই কথা শোনার পরই বিবি হাজেরার সমস্ত ভয় দূর হয়ে যায়। নবজাতক শিশুকে কোলে নিয়ে যদিও তিনি সহসা নিজেকে পানি শূন্য ধু ধু মরুভূমিতে আবিষ্কার করলেন, তথাপি নিশ্চিত দৃঢ়তার সাথে তিনি জানতেন যে, আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেবেন না। তার ঈমান ছিল মজবুত, তার বিশ্বাস ছিল অটুট।

নবি ইব্রাহিম (আ.)-এর বিদায় নিতে না নিতেই পিপাসায় তার শিশু সন্তান ইসমাইল কাঁদতে শুরু করে। আল্লাহর প্রতি বিবি হাজেরার পূর্ণ তাওয়াক্কুল (আস্থা ও নির্ভরতা) থাকার পরেও তিনি হাত-পা গুটিয়ে বসে ছিলেন না, এই অপেক্ষায় যে আকাশ থেকে পানি নাযিল হবে।

বিবি হাজেরার অন্তর ছিল আল্লাহর প্রতি নিখাঁদ আস্থায় ভরপুর, কিন্তু অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে তিনি তার সাধ্যানুসারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। তিনি সাফা ও মারওয়া পাহাড় দুটির মধ্যে মরিয়া হয়ে ছুটোছুটি করতে থাকেন এবং সন্তানের জন্য হন্যে হয়ে পানির কোনো চিহ্ন পাওয়া যায় কিনা খুঁজতে থাকেন। যতবারই বিবি হাজেরা পর্বতের চূড়ায় উঠছেন এবং কিছুই পাচ্ছেন না, তিনি না হতাশ হলেন, আর না তিনি আশা হারালেন। তার ইচ্ছা ছিল অদম্য, তাই তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। প্রকৃতপক্ষে, বিবি হাজেরা এতটাই সর্বাত্মক চেষ্টা চালালেন যে, তার এই কাজের আনুষ্ঠানিকতা 'সাই' নামে প্রসিদ্ধি লাভ করে, যার আক্ষরিক মর্ম: 'সর্বাত্মক চেষ্টা করা।'

অনেকেই তাওয়াক্কুলকে হাল ছেড়ে দেওয়া এবং সাধ্যমত চেষ্টা থেকে পিছিয়ে আসার সাথে গুলিয়ে ফেলেন। কিন্তু কোনোভাবেই তাওয়াক্কুল অর্থ: কেউ তার সংগ্রাম থেকে বিরত হওয়া নয়। বিবি হাজেরার এই কাহিনী এ বিষয়ে আমাদের জন্য সর্বোত্তম একটি উদাহরণ উপস্থাপন করে, যা নবি (সা.) আমাদের শিক্ষা দান করেছেন। মুহাম্মদ (সা.)-এর কাছে এক লোক এসে জিজ্ঞাসা করলো সে কি (তার উটটি ছেড়ে রেখে) আল্লাহর ওপর তাওয়াক্কুল করবে নাকি উটটি বাঁধবে এবং অতঃপর আল্লাহর ওপর তাওয়াক্কুল করবে। নবি (সা.) বলেন, তার উচিত হবে, তার উটটি মজবুতভাবে বেঁধে রাখা এবং তারপর আল্লাহর ওপর নির্ভর করা।

তাওয়াক্কুল অঙ্গ-প্রতঙ্গের কোনো কাজ নয়, আসলে এটা অন্তরের কাজ। তাই অঙ্গপ্রতঙ্গ যখন সর্বাত্মকভাবে চেষ্টা করে যাবে, হৃদয় তখন পুরোপুরি নির্ভর করবে আল্লাহর ওপর। এটার তাৎপর্য হচ্ছে, অঙ্গ-প্রতঙ্গের আপ্রাণ চেষ্টার ফলাফল যাই হোক না কেন, এ কথা জেনে হৃদয় পরিপূর্ণ সন্তুষ্ট থাকবে যে, এই ফলাফল আল্লাহর ভ্রান্তিহীন সিদ্ধান্তেরই পরিণতি।

কিন্তু এই পর্যায়ে পৌঁছানোর জন্য একজনকে আশায় বুক বাঁধতে হবে, দৈহিকভাবে প্রাণপণ চেষ্টা চালাতে হবে এবং অন্তরকে (আল্লাহর সন্তুষ্টির হাতে) ছেড়ে দিতে হবে।

📘 রিক্লেইম ইয়োর হার্ট > 📄 একেই বলে জাগরণ

📄 একেই বলে জাগরণ


এমন অনুভূতি বর্ণনার ভাষা নেই। একবার ভাবুন তো, আপনি সারাটা জীবন একটা গুহায় বাস করলেন এবং এই বিশ্বাসে যে, এটাই আপনার গোটা দুনিয়া। এরপর হঠাৎ করেই একদিন আপনি বাইরে পা রাখলেন। প্রথমবারের মতো আপনি আকাশ দেখতে পেলেন। দেখতে পেলেন সারি সারি গাছ, পক্ষিকুল এবং সূর্য। জীবনে প্রথমবারের মতো আপনি উপলব্ধি করলেন, যে জাতটা আপনি চিনতেন তার পুরোটাই ছিল ভ্রম, বিভ্রান্তি। প্রথমবারের মতো আপনি অধিকতর সত্য ও সুন্দর এক বাস্তবতা আবিষ্কার করলেন। এই উপলব্ধির উচ্চতাটা একবার অনুভব করুন। ক্ষণিকের জন্য মনে হবে, আপনি যেকোনো কিছু করতে পারেন। সহসাই গুহায় কাটানো আগের জীবনের সকল কিছুই আপনার কাছে মূল্যহীন হয়ে পড়ে। প্রথমবারের মতো আপনি ক্ষমতাপ্রাপ্ত হলেন, সম্পূর্ণভাবে জেগে উঠলেন, পূর্ণভাবে প্রাণবন্ত হলেন এবং হলেন পুরোপুরি সচেতন। এটা এমন একটা অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটাই সে রুহানি উৎকর্ষ, যা সত্যকে নতুনভাবে আবিষ্কারে ফলশ্রুতিতে অর্জিত হয়।

এটাই প্রকৃত জাগরণ।

একজন ইসলামে ধর্মান্তরিত ব্যক্তিই কেবল এই অনুভূতির স্বাদ পান। একজন জন্মগত মুসলিম ব্যক্তি, যিনি দ্বীনে আসেন, তিনিও এই অনুভূতিকে চিনেন। যেকোনো ব্যক্তি, যিনি আল্লাহ বিমুখ জীবনযাপন করছিলেন, অতঃপর আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন, তিনিও এ অনুভূতির সাথে পরিচিত। এই অবস্থাকে ইবনে কাইয়্যিম (র.) তার 'মাদারিজ আস-সালিকিন' (আল্লাহর পথে অগ্রসর হওয়ার স্টেশনসমূহ) গ্রন্থে يُقَظَةُ (জাগরণ) হিসেবে অভিহিত করেছেন। এই অবস্থাকে তিনি আল্লাহর দিকে অগ্রসর হওয়ার প্রথম স্টেশন হিসেবে বর্ণনা করেন। কখনো কখনো এই অবস্থাকে 'ধর্মান্তরের উদ্দীপনা' বলা হয়। যখন কেউ প্রথমবারের মতো ধর্মান্তরিত হন কিংবা আল্লাহর কাছে ফিরে আসতে শুরু করেন, সচরাচর তারা বেশ উদ্দীপ্ত এবং প্রাণশক্তিতে ভরপুর থাকেন, যেটা অন্যদের মাঝে দেখা যায় না। রুহানি উৎকর্ষের কারণেই এই প্রাণশক্তির সঞ্চার হয় এবং এটাই এই অবস্থার সহজাত বৈশিষ্ট্য।

'জাগরণ' স্টেশনের বৈশিষ্ট্যসমূহ:
আল্লাহ ইবাদতকে সহজ করে দেন:- এই অবস্থায় আল্লাহর ইবাদত বেশ সহজতর হয়। এই পর্যায়ে ব্যক্তি এতটাই উদ্দীপ্ত ও সতেজ থাকে যে, সদ্য আবিষ্কৃত ওই বাস্তবতার জন্য সে সহজেই সকল কিছু কুরবানি করতে পারে। এই উদ্দীপনা এই ব্যক্তিকে এক নিমিষেই ০ থেকে ৬০ এ নিয়ে যেতে পারে। এটা অনেকটা রুহানি স্টেরয়েড গ্রহণের মতো। এই যে শক্তি আপনি লাভ করেন, তা আপনার নিজ সত্তা থেকে আসে না, বরং আপনাকে দেওয়া সাহায্য থেকে আপনি এই শক্তি লাভ করেন। এই ক্ষেত্রে এই সাহায্য আসে আল্লাহর তরফ থেকে। অনেকে এতো বেশি, এত দ্রুত বদলে না যাওয়ার জন্য পরামর্শ দেন। কিন্তু দ্রুত বদলে যাওয়াটা কোনো সমস্যা বলে আমার মনে হয় না। আমার মনে হয় এক্ষেত্রে আসল সমস্যা হলো: অহমিকা। সমস্যা হলো সহজেই হতোদ্যম হয়ে পড়ার মধ্যে। আল্লাহ যদি আপনাকে এমন কোনো উপহার দেন, যার সাহায্যে আপনি অধিক হারে কিছু করতে সক্ষম হন, তাহলে তা ব্যবহার করাতে দোষের কিছু নেই। তবে ওই সক্ষমতা লাভের জন্য নিজেকে ধন্যবাদ দেবেন না। বরং আল্লাহ তা'আলার শুকরিয়া আদায় করুন। আর মনে রাখবেন, (প্রাথমিক পর্যায়ের) এই উজ্জীবিত মানসিক অবস্থা ক্ষণস্থায়ী। আপনি হয়তো এর সাহায্যে অল্প সময়েই ০ থেকে ৬০ এ পৌঁছে যেতে পারেন, কিন্তু উজ্জীবিত অবস্থা পার হয়ে গেলে, আশা হারাবেন না এবং নিজেকে পিছলে "০”-তে ফিরে যেতে দেবেন না।

ক্ষণস্থায়িত্ব:- এই জীবনের অন্য সব অবস্থার মতো আত্মার এই উজ্জীবিত অবস্থাও ক্ষণস্থায়ী। জীবন সরলরেখার মতো সোজা নয়। আল্লাহর দিকে চলার পথটাও নয়। এই বিষয়টি যথাযথভাবে উপলব্ধি না করলে, এ অবস্থা অতিক্রান্ত হওয়ার পর হতাশা ও নৈরাশ্যের জন্ম দিতে পারে।

আত্মার এই অবস্থার লুকায়িত বিপত্তিসমূহ:
রুহানি জাগরণের উল্লিখিত বৈশিষ্ট্যগুলি বুঝে না আসাই প্রকৃতপক্ষে আত্মার এ অবস্থার অজানা বা লুকায়িত দুটো বিপত্তি উৎসারিত হওয়ার কারণ। এই বিপত্তি দুটো আল্লাহর পথে শুরু করা যাত্রাকে স্থবির করে দেওয়ার দুটো কারণও বটে। এই বিপত্তি দুটো হচ্ছে: [১] অহমিকা/আত্মতুষ্টি এবং [২] নৈরাশ্য। অহংকারী ব্যক্তি ইতোমধ্যেই এ রকমটাই ধারণা করে যে, সে যথেষ্ট উন্নতি করছে, তাই সে প্রচেষ্টা বন্ধ করে দেয়। অন্যদিকে আশাহত ব্যক্তি তো ধরেই নিয়েছে, তার পক্ষে যথেষ্ট উন্নতি করা কখনোই সম্ভব না, তাই সেও চেষ্টা থামিয়ে দেয়। [মজার ব্যাপার হলো] দুটো ভিন্ন ভিন্ন রোগ একই পরিণতির দিকে ধাবিত করে। আর তাহলো আল্লাহর পথে সামনে অগ্রসর হওয়ার প্রচেষ্টাকে থামিয়ে দেয়।

অহমিকা:- রুহানি জাগরণের এই পর্যায়ে অধিক ইবাদতের যে শক্তি সৃষ্টি হয়, সেটা এই বিশেষ অবস্থার একটা সহজাত বৈশিষ্ট্য এবং এই শক্তি আল্লাহর তরফ থেকে আসে, ব্যক্তির নিজের তরফ বা তার যোগ্যতায় নয় – এই বিষয়টি উপলব্ধি করতে ব্যর্থ হওয়ার ফলশ্রুতিতে প্রথম বিপত্তির সৃষ্টি হয়। বিষয়টি যারা ঠিক মতো উপলব্ধি করে না, ইবাদতের এই বর্ধিত শক্তিকে তারা ভুলভাবে নিজেদের দ্বীনদারি বা তাকওয়ার উচ্চমান বলে মনে করতে থাকে। এই ভুল ধারণা বেশ ভয়ংকর। কেননা, এটা ব্যক্তির মাঝে অহংকার এবং নিজেকে অন্যদের তুলনায় দ্বীনদার ভাবার রোগ সৃষ্টি করে। আত্মিক জাগরণের এই উন্নত “দ্বীনদার অবস্থা” বস্তুত আল্লাহর তরফ থেকে আসা এক উপহার, এটা উপলব্ধি করার পরিবর্তে (এই নতুন) ইবাদতগুজার বান্দা নিজের মাঝে এক প্রকার লুকানো গর্ব অনুভব করতে শুরু করে এবং এই একইরকম উদ্দীপনা দেখায় না, তাদেরকে সে খাটো করে দেখতে শুরু করে।

হতাশা ও নৈরাশ্য:- জীবনের অন্য সব অবস্থার মতো “উন্নত” আত্মিক জাগরণও যে ক্ষণস্থায়ী ৫২ এটা উপলব্ধি করতে না পারার ফলে এই বিপত্তির জন্ম নেয়। এটার মানে এই নয় যে, আপনি ব্যর্থ হয়েছেন কিংবা কোনো ভুল করেছেন। রমজান যে আত্মিক উৎকর্ষতা আমার-আপনার মধ্যে নিয়ে আসে, তা মনের মাঝে কেমন অনুভূতির সৃষ্টি হয়, তা অনেকেই উপলব্ধি করেন। উন্নত আত্মিক অবস্থায় এই অস্থায়ী অবস্থা জীবনেরই এক স্বাভাবিক চিত্র। আর এটি এমন একটি শিক্ষা, যা আবু বকর (রা.)-কেও শিখতে হয়েছে।

একদিন আবু বকর (রা.) এবং হানযালা (রা.) নবি (ﷺ)-এর কাছে আসেন এবং বলেন: “হে আল্লাহর রসুল, হানযালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর রসুল (ﷺ) বলেন, 'তা কি রকম?' আমি বললাম, 'হে আল্লাহর রসুল, যখন আমরা আপনার সাথে থাকি, তখন আপনি জান্নাত ও জাহান্নামের কথা আমাদেরকে এমনভাবে স্মরণ করিয়ে দেন যেন আমরা তা সরাসরি দেখতে পাই। তারপর আমরা যখন আপনার নিকট থেকে বিদায় নিয়ে নিজেদের স্ত্রী, সন্তান ও ধন-সম্পদের মধ্যে নিমগ্ন হই, সে সময় আমরা এর অনেক বিষয় ভুলে যাই। আল্লাহর রসুল (ﷺ) বললেন, 'যাঁর হাতে আমার প্রাণ, আমি তাঁর কসম করে বলছি! আমার কাছে থাকার সময় তোমাদের যে অবস্থা হয়, যদি তোমরা সে অবস্থায় থাকতে এবং সার্বক্ষণিক আল্লাহর যিকিরের ওপর থাকতে, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে তোমাদের বিছানায় এবং রাস্তায় তোমাদের সাথে মুসাফাহা করতো। কিন্তু, হে হানযালা! কিছু সময় (আল্লাহর যিকিরে) এবং কিছু সময় (দুনিয়াবি কাজে ব্যয় করো) অর্থাৎ আস্তে আস্তে (চেষ্টা করো)। এ কথাটি তিনি (ﷺ) তিনবার বললেন।” [মুসলিম]

রুহানি উৎকর্ষতার উচ্চ অবস্থা অতিক্রান্ত হওয়ার পর:
এই [রুহানি] যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে: কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। মনে রাখবেন, আপনি একই রকম উদ্দীপনা সব সময় অনুভব করবেন না, এটা এজন্য নয় যে, আপনি কোনোকিছুতে ব্যর্থ হয়েছেন। (রুহানি প্রেরণার) উচ্চ মুখী প্রবলতার পর যে নিম্নমুখী প্রবণতার সৃষ্টি হয়, তা এ পথের স্বাভাবিক অংশ। যেমনিভাবে নবি (ﷺ) আবু বকর (রা.)-কে ব্যাখ্যা করে বলেন যে, এসব উত্থান-পতন এই [রুহানি] পথের স্বাভাবিক অংশ। আমরা যদি সব সময় আত্মার উচ্চতম উৎকৃষ্টতায় অবস্থান করতাম, তখন আমরা মানুষ থাকতাম না, ফেরেশতা হয়ে যেতাম। আমরা কি করি, মূলতঃ সাফল্য তার ওপর নির্ভর করে না। বরং প্রশ্ন হলো: যখন আত্মা নিম্নমুখী প্রবণতায় থাকে, যখন আমলের সেই আমেজটা আমরা আর সে রকম অনুভব করছি না, তখন আমরা কি করি। এই পথে সাফল্যের চাবিকাঠি হলো: যখন আপনি উদ্দীপনার তলানীতে পৌঁছে গেছেন, তখনও আপনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন, এ কথা জেনে যে, এটাই এ পথের স্বাভাবিক অবস্থা।

শয়তানের ফাঁদ:
মনে রাখবেন, আপনি কোন অবস্থায় আছেন, তার ওপর ভিত্তি করে শয়তান আপনাকে কাবু করার নানা চেষ্টা চালাবে।

যখন আপনি [রুহানি] উচ্চতায় অবস্থান করেন- যখন আপনি রুহানি বা আত্মিক উচ্চতায় অবস্থান করেন, তখন সে চাইবে আপনাকে অহংকারী বানাতে। সে চাইবে, আপনি যেন অন্যদের খাটো করে দেখেন। শেষমেশ সে আপনাকে নিজের সম্পর্কে এতটাই আত্মতুষ্ট করে তুলবে যে, নিজের অবস্থা উন্নয়নের জন্য যে কঠিন পরিশ্রম করা দরকার, তার প্রয়োজন আপনি আর বোধ করবেন না। কেননা, আপনি তো ইতোমধ্যেই বিশাল উন্নতি হাসিল করেছেন (এবং আশেপাশের সবার থেকে আপনি উত্তম। আপনার নিজের দুর্বলতাগুলির যথার্থতা প্রমাণের জন্য সে (অর্থাৎ শয়তান) আপনাকে অবিরাম আপনার চেয়ে আপাতদৃষ্টিতে আমলে পিছিয়ে আছে, এমন ব্যক্তির দিকে দৃষ্টি দিতে উদ্বুদ্ধ করবে। উদাহরণস্বরূপ, আপনি যদি হিজাব না পড়েন, তবে সে আপনার মনে এ ভাবনা সৃষ্টি করবে যে, হিজাবিদের কেউ কেউ আছে, যারা এমন অন্যায় কাজ করে। আমি অন্তত সেগুলো করি না। আর আমি এমন অমুক অমুক ভালো কাজ করি, যেগুলো এসব হিজাবিরা করে না! অথবা আপনি যদি সলাতে অমনোযোগী হন, তখন হয়তো ভাবতে পারেন, “অন্ততপক্ষে, আমি তো আর অমুকের অমুকের মতো ক্লাবে যাই না, মাদক গ্রহণ করি না।” মনে রাখবেন, আল্লাহ কোনো (গ্রাফ পেপারে) "কার্ড” (Curve)-এ আপনার গ্রেডিং করছেন না (অর্থাৎ অন্যের সাথে তুলনায় আপনার গ্রেডিং হচ্ছে না)। অন্যরা কি করছে, তাতে কিছু যায় আসে না। কিয়ামতের দিন আমাদের সবাইকে (হিসাবের জন্য যার যার হিসাব নিয়ে) একাকী দাঁড়াতে হবে। আমরা যেন আল্লাহর পথে চেষ্টা থামিয়ে দেই, সে লক্ষ্যে শয়তান এসব চিন্তা-ভাবনা ও মনোভাবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

যখন আপনি তলানিতে:- অন্যদিকে যখন (আমলের দুর্বলতার কারণে) আপনার আত্মিক মনোবল নিম্নমুখী, তখন শয়তান আপনার ওপর ভিন্ন কৌশল প্রয়োগ করে। সে নৈরাশ্য দিয়ে আপনাকে পাকড়াও করতে চাইবে। সে আপনাকে বিশ্বাস করাতে চাইবে যে, আপনি একটা অপদার্থ, আর তাই প্রচেষ্টা অব্যাহত রাখার কোনো মানে নেই। সে আপনার মনে একথা বদ্ধমূল করে দিতে চাইবে যে, আপনি পুরোপুরি ব্যর্থ আর আপনি যাই করুন না কেন, যে ঈমানি ও রুহানি উচ্চতায় আপনি এক সময় ছিলেন, সেখানে আর কখনো ফিরতে পারবেন না। কিংবা সে চাইবে আপনার মনে এ বিশ্বাস সৃষ্টি করতে যে, আপনি এতটাই 'খারাপ' যে স্বয়ং আল্লাহও আপনাকে ক্ষমা করবেন না। যার ফলশ্রুতিতে, আপনি নিজেকে (ঈমান ও আমলে) আরও অধঃপতিত হওয়ার সুযোগ করে দেবেন। আপনি হয়তো এক সময় (ঈমান ও আমলের দিক দিয়ে) উচ্চ অবস্থানে ছিলেন, পরবর্তীতে নিজের প্রতি খারাপ ধারণা জন্মাতে থাকে। ইবাদত-বন্দেগিতে গাফেলতি শুরু হলে আপনার এমনও হতে পারে যে, আপনি যখন ইতোপূর্বে দ্বীনদারীর দিক থেকে অগ্রসর ছিলেন, তখন আপনি অন্যের ভুলত্রুটি বা তাদের দুর্বলতাকে প্রশ্রয় দিতেন না। শেষ পর্যন্ত এটা এক আত্মঘাতী পরিণতি ডেকে আনে, কারণ চূড়ান্ত পর্যায়ে এর ফলাফল দাঁড়ায়: আপনি নিজেকেও ভুল করার বা দুর্বলতা প্রদর্শনের অনুমতি দেবেন না।

যেহেতু আপনি নিজেকে আর সব মানুষের মতো মানুষ মনে করছেন না এবং আপনারও ভুল-ত্রুটি-কমতি হতে পারে, এ কথা মানতে পারছেন না, ফলশ্রুতিতে যখন আপনি ভুল করে ফেলেন, তখন নিজের প্রতি এতটাই কঠোর হন যে, আশা হারিয়ে ফেলেন। ফলে হাল ছেড়ে দেন। এর পরিনামে আপনি আরও গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়তে পারেন, যা আপনার হতাশাকে আরও খারাপ দিকে নিয়ে যায়। আর এটা আপনার এক আত্ম-সৃষ্ট অবিরাম দুষ্টচক্রের রূপ ধারণ করে। শয়তান আরও চেষ্টা করবে আপনাকে এটা বিশ্বাস করাতে যে, আল্লাহর নিকট ক্ষমা চাওয়া বা তাঁর ইবাদত বন্দেগি করা আপনার জন্য বাঞ্ছনীয় নয়, কারণ এমন একজন 'খারাপ' মানুষ হয়ে এসব করা আপনাকে কেবল একজন মুনাফিকে পরিণত করবে মাত্র। শয়তান আপনাকে আল্লাহর ক্ষমা থেকে নিরাশ করতে চায়। এটাই তার চাওয়া। এসবই অতি অবশ্যই মিথ্যা ছাড়া কিছুই নয়। কিন্তু শয়তান যা করে, তাতে সে বেশ দক্ষ। কারণ, যখন আপনি পাপ করেন, তখনই আপনাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে আরও অধিক হারে কম কোনো অবস্থাতেই নয়।

এই নিম্নমুখী সর্পিল প্রতারণার জাল থেকে নিজেকে নিরাপদ রাখতে হলে, মনে রাখবেন, এই যে আত্মিক নিম্নমুখী প্রবণতা এটা কিন্তু এই পথেরই একটা অংশ। মনে রাখবেন, 'ফুতুর' তথা পতন মানুষের জীবনেরই একটি অংশ। তাই একবার যখন আপনি উপলব্ধি করেন যে, এই রুহানি পতনের অর্থ এই নয় যে, আপনি ব্যর্থ হয়েছেন কিংবা আপনি একজন মুনাফিক (যেমনটি আবু বকর (রা.) ভেবেছিলেন), তখন এই অবস্থায় পৌঁছার পরও আপনি হাল ছেড়ে দেওয়া থেকে নিজেকে সামলাতে পারবেন। এই ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি হলো: আপনাকে এমন অভ্যাস গড়ে তুলতে হবে, যা আপনার জন্য "ন্যূনতম মান" হিসেবে কাজ করবে। এর মানে দাঁড়াচ্ছে, আপনি যেমনই বোধ করুন না কেন, যতই হতোদ্যম বা যত মনমরা হতাশ বোধ করেন না কেন, কম করে হলেও এইটুকু আপনি অবশ্যই করে যাবেন। আপনি উপলব্ধি করেন, যখন আপনি আপনার উদ্দীপনার একেবারে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাবেন, তখন একাজগুলি করা আপনার জন্য অবশ্যই কঠিন হয়ে উঠবে, তথাপি এগুলো সম্পন্ন করার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। উদাহরণস্বরূপ, যথা সময়ে ৫ ওয়াক্ত সলাত আদায় করা এমনই একটি "ন্যূনতম" কাজ। আপনার মন চাচ্ছে না বলে যতই আপনি অনুভব করেন না কেন, এ ব্যাপারে বিন্দু পরিমাণ আপোস করা যাবে না। এই ৫ ওয়াক্ত সলাতকে নিজের প্রাণবায়ুর মতো বিবেচনা করতে হবে। যখন আপনি পরিশ্রান্ত কিংবা আপনার মেজাজ ভালো নেই, তখন যদি শ্বাস না নেওয়ার সিদ্ধান্ত নেন, আপনার অবস্থা কেমন হবে, একবার ভাবুন তো।

'ন্যূনতম' অভ্যাসের মধ্যে আরও কিছু ইবাদত অন্তর্ভুক্ত থাকা উত্তম। উদাহরণস্বরূপ, পরিমাণে কম করে হলেও প্রতিদিন অল্প অতিরিক্ত কিছু সলাত, যিকির-আযকার কিংবা সামান্য পরিমাণ হলেও প্রতিদিন কুরআন থেকে কিছু না কিছু অধ্যয়ন করার স্থায়ী অভ্যাস গড়ে তোলা। মনে রাখবেন, অনিয়মিতভাবে অনেক পরিমাণে আমলের চেয়ে আল্লাহ পাক অল্প পরিমাণ হলেও নিয়মিত আমল পছন্দ করেন। যখন আপনার আত্মিক উদ্দীপনা বা প্রেরণা একবারে তলানীতে গিয়ে ঠেকে তখনও যদি আপনি মৌলিক বিষয়গুলির ওপর কায়েম থাকতে পারেন, তবে ঈমানি জজবাতে সওয়ার হয়ে পুনরায় আপনি নিজের অবস্থানে ফিরে আসবেন, ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছায় যখন আপনি পুনরায় উঠে দাঁড়াবেন, তখন আপনি আবার আগের থেকে (ঈমান ও আমলে) আরও 'উচ্চে' উঠতে সক্ষম হবেন।

জেনে রাখুন, আল্লাহর দিকে যে পথ চলে গেছে, তা কোনো সমতল ভূমি নয়। আপনার ঈমান কখনো বৃদ্ধি পেয়ে উচ্চ অবস্থানে পৌঁছাবে কখনো বা আবার তা কমে যেতে পারে। আপনার ইবাদতের সামর্থ্য কখনো উচ্চে অবস্থান করে আবার কখনো সে শক্তি স্তিমিত হয়ে পড়ে। কিন্তু জেনে রাখবেন, প্রতিটি পতনের পরেই আছে উত্থান। তাই ধৈর্য ধারণ করুন, ধারাবাহিকতা বজায় রাখুন, আশাহত হবেন না এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে যান অব্যাহতভাবে। এ পথ বন্ধুর। এই পথে যেমন উত্থান থাকবে, তেমনি থাকবে পতন। তবে জীবনের আর সবকিছুর মতোই এই পথেরও আছে সমাপ্তি। আর ওই সমাপ্তি যে চরম ফায়দা ও কল্যাণ বয়ে নিয়ে আসবে, তা সফরের সবটুকু কষ্ট উসুল করে দেবে। আল্লাহ বলেন:
“হে মানব সম্প্রদায়, নিশ্চিতভাবে, তোমরা আপন প্রতিপালক পর্যন্ত পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করে থাকো, পরে তুমি তাঁর সাক্ষাত লাভ করবে।"
يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ (কুরআন, ৮৪:৬)

টিকাঃ
* এক প্রকারের শক্তিবর্ধক-(সম্পাদক)।
** জীবনের বিভিন্ন অবস্থা মানুষের মধ্যে আল্লাহ প্রেম, তাকওয়া, ইবাদত-বন্দেগি প্রভৃতি বিষয়ের মধ্যে তারতম্য সৃষ্টি করে। এর একটি অবস্থা সত্যকে চেনার প্রাথমিক পর্যায়। এছাড়াও বিপদ-মুসিবত, সফলতা-ব্যর্থতা ইত্যাদি নানা বিষয় ব্যক্তি ভেদে দ্বীনদারীর গভীরতার মধ্যে তারতম্য সৃষ্টি করে। প্রতিটি অবস্থাকে সবর ও শোকরের সাথে অতিক্রম করা দ্বীনদারীর ওপর যথাযথভাবে কায়েম থাকার জন্য অপরিহার্য। একইভাবে ইসলামের সত্যতা উপলব্ধির প্রাথমিক পর্যায়ের অনুভূতি চিরস্থায়ী নয়। জীবনের চড়াই-উৎরাই, আল্লাহর পরীক্ষা সামনে আসবেই। সেক্ষেত্রে যথাযথ ঈমানি মানে কায়েম থাকার জন্যই লেখিকার এই উপলব্ধি ও পরামর্শ (সম্পাদক)।
** মুসলিম, কিতাবুত তওবাহ, হাদিস নং: ৬৮৫৯ - (সম্পাদক)।
* লেখিকা মূলত: মুসলিম মা-বোনদের লক্ষ্য করে বইখানি লেখায় হিজাবিদের কথা উল্লেখ করেছেন। পুরুষদের ক্ষেত্রে যাদের দাড়ি আছে বা টাখনুর ওপর কাপড় পরেন, তাদের কথা আসতে পারে – (সম্পাদক)।
** - (সম্পাদক)।
***- (সম্পাদক)।

📘 রিক্লেইম ইয়োর হার্ট > 📄 নারীর মর্যাদা

📄 নারীর মর্যাদা


সেজেগুজে নিজেকে প্রদর্শন করে বেড়ানোর জন্য আমি দুনিয়ায় আসিনি। আমার এ দেহ সর্বসাধারণের ভোগের সামগ্রী নয়। আমাকে নেহায়াত পণ্যের স্তরে নামিয়ে আনা যাবে না, আর না আমি হবো আরেক জোড়া জুতা বিক্রির জন্য একজোড়া পা মাত্র। আমি আত্মা ও মেধাসম্পন্ন আল্লাহর এক বান্দী। আমার আত্মা, আমার হৃদয়, আমার চারিত্রিক সৌন্দর্যই নির্ধারণ করবে আমার মূল্য। তাই আমি তোমাদের সৌন্দর্যের মাপকাঠির ইবাদতও করবো না, আর না তোমাদের ফ্যাশনের চেতনার কাছে আত্মসমর্পণ করবো। আমার আত্মসমর্পণ তো সর্বোচ্চ সত্তারই সমীপে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00