📄 তিন. সাধারণ ক্ষমার ঘোষণা
১. কোনো সন্দেহ নেই এই মাক্কার লোকেরাই আল্লাহর রাসূল ও তাঁর দাওয়াতের পথে বাধার কাঁটা বিছিয়েছিল। এসবের বিপরীতে আজ তারা নবিজির কাছ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা পায়। কা'বার চত্বরে সমবেত বহু মুশরিক, মাক্কার অধিবাসী। তাদের ব্যাপারে আল্লাহর রাসূলের নির্দেশের অপেক্ষায় কাটছে প্রতিটি প্রহর।
আল্লাহর রাসূল ﷺ বললেন, 'কী মনে হয়, আমি তোমাদের সাথে কেমন আচরণ করব?' সবাই বলল, 'একজন মহানুভব উত্তম চরিত্রের মানুষ থেকে আমরা শুধু কল্যাণেরই আশা করতে পারি।' নবিজি বললেন, 'আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন।'
এই সাধারণ ক্ষমার মধ্য দিয়ে প্রাণ বন্দিত্ব ও মৃত্যু থেকে সুরক্ষা পেয়েছে, স্থানান্তরযোগ্য সম্পদ ও ভূমি মালিকের হাতেই থেকেছে, কারও ওপর ভূমিত্যাগ অনিবার্য হয়নি। এই কা'বার সীমানা ইবাদাতের স্থান, আল্লাহ নির্ধারিত এমন পবিত্র সীমানা, যেখানে যৌক্তিক হত্যাকাণ্ড-ও অবৈধ ঘোষণা করা হয়েছে।
২. কিছু অপরাধীকে হত্যার নির্দেশ
সাধারণ ক্ষমার পাশাপাশি দৃঢ় সংকল্পেরও একটি বিষয় এখানে অনিবার্য হয়ে উঠেছে। আল্লাহর রাসূল ﷺ সাধারণ ক্ষমার ঘোষণা থেকে দশের অধিক ব্যক্তিকে আলাদা করেছেন, এদের ব্যাপারে দিয়েছেন হত্যার নির্দেশ, যদিও এরা কা'বার গিলাফ ধরে থাকে। কারণ, আল্লাহ, আল্লাহর রাসূল ও ইসলামের ব্যাপারে এদের অপরাধ এতটাই জঘন্য ছিল যে, আশঙ্কা ছিল বিজয়ের পরেও এরা লোকদের মাঝে ফিতনার বিস্তৃতি ঘটাবে। হাফিজ ইবনু হাজার আসকালানি বলেন—আবদুল উযযা বিন খাতাল, আবদুল্লাহ বিন সাআদ বিন আবি সার্হ, ইকরিমা ইবনু আবি জাহিল, হুওয়াইরিস ইবনু নুকাইদ, মাকীস ইবনু হাব্বাবাহ, হাব্বার ইবনুল আসওয়াদ, ইবনুল খাতালের দুই দাসী, ফুরনাতা ও কুরাইবা, বনু আবদুল মুত্তালিবের আজাদকৃত দাসী সারা। কয়েকজনকে হত্যা করা হয়েছে, বাকি অনেকে আত্মসমর্পণ করে ফিরে এসেছে। নবিজি সমর্পিতদের ক্ষমা করে দিয়েছেন।
৩. নবিজির খুতবা, মাক্কার লোকদের ব্যাপক ইসলামগ্রহণ
পরদিন সকালে নবিজি জানতে পারলেন, জাহিলি যুগের শত্রুতার সূত্র ধরে মুসলিমদের মিত্র গোত্র বনু খুযাআহ হুজাইলের এক লোককে হত্যা করেছে। আল্লাহর রাসূল ﷺ ভীষণ রাগ করলেন। লোকদের মাঝে দাঁড়িয়ে পরিতাপ নিয়ে বললেন, 'ওহে মানবমণ্ডলী, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির দিন থেকে এই মাক্কাকে হারাম ঘোষণা করেছেন। কিয়ামাত পর্যন্ত আল্লাহর নির্ধারিত এই সম্মানিত স্থানে যুদ্ধবিগ্রহ হারাম। আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী কারও জন্য এখানে রক্তপাত ঘটানো কিংবা বৃক্ষনিধন বৈধ নয়। আমার পূর্বে যেমন হালাল ছিল না, আমার পরেও কখনো কারও জন্য হালাল হবে না। আমার জন্য সাময়িক হালাল করা হয়েছিল এর অধিবাসীদের শায়েস্তা করার জন্য। কালকের মতো মাক্কার হুরমাত আবারও ফিরে এসেছে। তোমাদের উপস্থিতরা অনুপস্থিতদের কাছে আমার এই কথা পৌঁছে দেবে। তোমাদেরকে যে বলবে, 'আল্লাহর রাসূলও তো এখানে হত্যা করেছেন', তাদেরকে বলবে, আল্লাহ তাঁর রাসূলের জন্য বিশেষ কারণে হালাল করেছিলেন, তোমাদের জন্য এর কোনো সুযোগ নেই।
ওহে খুযাআহ সম্প্রদায়, হত্যাকাণ্ড থেকে তোমরা বিরত হও। অনেক রক্ত ঝরেছে। তোমরা যাকে হত্যা করেছ, এবারের রক্তপণ আমি দেবো। পরে কেউ হত্যা করলে নিহতের পরিবারই এর যথার্থ পদক্ষেপ নেবে, তারা চাইলে হত্যা করবে, চাইলে রক্তপণ নিয়ে দাবি ছাড়তে পারে।’
আল্লাহর রাসূল-এর অপার উদারতা, ব্যাপক ক্ষমার ঘোষণা, সাজাপ্রাপ্তদের অনেককেই ক্ষমা করে দেওয়া মাক্কার লোকদেরকে বিপুলভাবে নাড়া দিয়েছে। চির সুন্দরের দিকে পরিবর্তনের সুমধুর সুর তুলেছে হৃদয় বীণায়। নারী-পুরুষ, স্বাধীন-মাওলা—জোয়ারের মতো নবিজির কাছে আসছে আল্লাহর দীনে প্রবেশ করতে। এদিন নারী পুরুষ, ছোট বড়, সবাইকে তিনি বাইআত প্রদান করেন। শুরু করেন পুরুষদের দিয়ে। সাফা পাহাড়ে বসে ইসলাম ও আল্লাহর জন্য সাধ্য অনুযায়ী শোনা ও মান্য করার শর্তে বাইআত প্রদান করেন।
বিজয়ের দিন মুজাশি ইবনু মাসঊদ তার ভাই মুজালিদকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে এলেন। ভাইয়ের ব্যাপারে তিনি বললেন, 'ইয়া রাসূলাল্লাহ, আমার ভাইকে নিয়ে এসেছি হিজরাতের শর্তে বাইআত করাতে।' নবিজি বললেন, 'কিন্তু এখান থেকে হিজরাতের অনিবার্যতা রহিত হয়েছে!'
'তা হলে কীসের ওপর ওকে বাইআত প্রদান করবেন?'
'এখন তাকে বাইআত দিতে পারি ঈমান ও জিহাদের ভিত্তিতে।'
হিজরাত রহিত হওয়া দ্বারা উদ্দেশ্য হলো, মাক্কা বিজয়ের মধ্য দিয়ে এখান থেকে হিজরাতের ওয়াজিব বিধান রহিত হয়েছে। কারণ, এখানে ইসলাম ক্ষমতাশীল হয়েছে। তবে কুফুরির রাষ্ট্র থেকে ইসলামের ভূমির দিকে হিজরাতের অনুমতি কিয়ামাত পর্যন্ত থাকবে। তবে জিহাদ ও আল্লাহর রাস্তায় খরচের বিধান কিয়ামাত পর্যন্ত থাকবে, আবার সেই জিহাদ এ খরচও মাক্কা বিজয়ের পূর্বেকার মতো হবে না। মর্যাদাগত তফাত থাকবে।
পুরুষদের বাইআতের পালা শেষে নবিজি নারীদের বাইআত গ্রহণ করেন। নারীদের মধ্যে হিন্দ বিনতে উতবাও ছিলেন। নবিজি যখন বললেন, 'তোমরা চুরি করবে না।' হিন্দ বিনতে উতবা বলল, 'ইয়া রাসূলাল্লাহ, আবু সুফিয়ান কৃপণ প্রকৃতির মানুষ। সে আমার ও বাচ্চাদের জন্য যথেষ্ট খোরাক দেয় না। এ অবস্থায় তাকে না জানিয়ে কিছু নিতে পারব না কি?' নবিজি বললেন, 'হুম, তোমার ও বাচ্চাদের জন্য যথেষ্ট হওয়া পরিমাণ ন্যায়ভাবে নিতে পারবে।'
নারীরা আল্লাহর রাসূলের কাছে বাইআত গ্রহণ করেছেন, কেউ মুসাফাহা করেননি। আল্লাহর রাসূল ﷺ তাঁর জন্য হালাল অথবা তাঁর মাহরাম ছাড়া অন্য কোনো নারীর সাথে মুসাফাহা করতেন না এবং তাকে স্পর্শও করতেন না। আয়িশা সিদ্দীকা বলেন, 'আল্লাহর কসম, আল্লাহর রাসূলের হাত কোনো নারীর হাত স্পর্শ করেনি।'
টিকাঃ
[৬০৪] দেখুন, বৃতি রচিত ফিকহুস সীরাহ পৃ. ২৬৯
[৬০৫] বাইহাকি ফিল কুবরা, ৯/১১৮; ইবনু সাআদ, ২/১৪১-১৪২
[৬০৬] দেখুন, আল মুজতামাউল মুদনা, পৃ. ১৮০
[৬০৭] দেখুন, আবু শুহবা রচিত, আস সীরাতুন নাবাবিয়্যাহ, ২/৪৫১
[৬০৮] ফাতহুল বারি, হাদিস নং ৪২৮০
[৬০৯] দেখুন, আবু শুহবা রচিত, আস সীরাতুন নাবাবিয়্যাহ, ২/৪৫১
[৬১০] প্রাগুক্ত
[৬১১] প্রাগুক্ত
[৬১২] আহমাদ, ৩/৪৬৯; বুখারি, ৪৩০৫
[৬১৩] বুখারি, ১৮৩৪; মুসলিম, ১৩৫৩
[৬১৪] দেখুন, আবু শুহবা রচিত, আস সীরাতুন নাবাবিয়্যাহ, ২/৪৫৭
📄 চার. বনু জুযাইমায় খালিদ ইবনু ওয়ালিদ রা.
হিজরি ৮ম বছরের শাওয়াল মাসে নবিজি বনু জুযাইমাকে ইসলামের দিকে ডাকতে খালিদ ইবনু ওয়ালিদকে প্রেরণ করেন। এটি হুনাইন যুদ্ধের কিছুটা আগের কথা। তার বাহিনীতে ছিল বনু সালীম, মুদলিজ, মুহাজির ও আনসার সাহাবিরা মিলে প্রায় ৩৫০ জন মুজাহিদ। খালিদের নেতৃত্বে সাহাবিদের বাহিনী দেখে বনু জুযাইমা অস্ত্র ধরে যুদ্ধের জন্য। খালিদ বললেন, 'অস্ত্র নামাও। দেখো—অন্যান্য মানুষ ইসলাম গ্রহণ করেছে।'
ওদের জাহদার নামের একলোক বলল, 'বনু জুযাইমা, দেখো, ইনি খালিদ। আল্লাহর কসম, আমরা অস্ত্র রেখে দিলে বন্দিত্ব নেমে আসবে, আর বন্দি হলে অনিবার্যভাবে গর্দান উড়বে। আল্লাহর কসম, আমি অস্ত্র ছাড়ব না।'
কিন্তু শেষে জাহদারও অস্ত্রসমর্পণ করে। খালিদ সবাইকে পিঠমোড়া করে বেঁধে ইসলাম মানতে বলেন। 'আমরা ইসলাম মানলাম,' একথা ওরা স্পষ্ট করে বলতে পারেনি। বরং ইসলাম গ্রহণের ব্যাপারটা ওরা আঞ্চলিক ভাষায় প্রকাশ করে বলল, 'আমারা ধর্মান্তরিত হয়েছি!' খালিদ ওদেরকে বন্দি করে হত্যা করতে চাইলেন; কিন্তু কিছু সাহাবি এ কাজে তাকে বাধা দেন। ফলে খালিদ বন্দিদেরকে সাথের সাহাবিদের হাতে অর্পণ করেন। একদিন অতিবাহিত হওয়ার পরও ওদের মাঝে কোনো পরিবর্তন না দেখে খালিদ প্রত্যেক সাথিকে নির্দেশ দেন অধীন বন্দিদের হত্যা করতে। কিছু সাথি তার নির্দেশ পালনে হত্যা করলেও আবদুল্লাহ ইবনু 'উমারের সাথে অনেকেই বন্দিদের হত্যা করা থেকে বিরত থাকেন।
অভিযান শেষে বাহিনী ফিরে আসে। বিস্তারিত শুনে নবিজি ভীষণ রাগ করেন। আসমানের দিকে দুহাত তুলে বলেন, 'হে আল্লাহ, খালিদের কাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই।'
এ বিষয়ে খালিদ ও আবদুর রহমান ইবনু আউফ-এর মাঝে আলোচনা হয়, এক সময় তা নিন্দনীয় বিতর্কে রূপ নেয়। জাহিলি যুগে বনু জুযাইমা খালিদের এক চাচা ফাকিহ ইবনু মুগীরাকে হত্যা করেছিল, ইবনু আউফ-এর সন্দেহ হচ্ছিল, হয়তো এ কারণে খালিদ থেকে এ কাজ প্রকাশ পেয়েছে।
বনু জুযাইমার ক্ষেত্রে খালিদের কাজের সাথে নবিজির সম্পর্কহীনতার কথা স্পষ্ট করছে, খালিদ-এর কাজটা সংগত হয়নি। তাই অল্প সময়ের মধ্যে 'আলি-কে তাদের কাছে প্রেরণ করেছেন সহমর্মিতা প্রকাশ ও সান্ত্বনা দেওয়ার জন্য। সবিশেষ একথাও বোঝানোর জন্য যে, হত্যাকাণ্ডের এই ঘটনার সাথে আল্লাহর রাসূলের কোনো সম্পর্ক নেই। এভাবেই নবিজি বনু জুযাইমাকে সান্ত্বনা দিয়েছেন, তাদের অন্তর থেকে দুশ্চিন্তা ও বেদনার কালো মেঘ সরিয়ে দিয়েছেন। আর বনু জুযাইমায় খালিদের হত্যার সিদ্ধান্ত—এটা তার ইজতিহাদি ভুল। হ্যাঁ, তার এই ভুলটা ইজতিহাদিই ছিল, কেননা এই কাজের বিপরীতে আল্লাহর রাসূল তাকে কোনো শাস্তি দেননি।
টিকাঃ
[৬১৫] বুখারি, ৫২৮৮; মুসলিম, ১৮৬৬
[৬১৬] দেখুন, আল বিদায়া ওয়ান নিহায়া, ৪/৩১৯
[৬১৭] দেখুন, আস সারায়া ওয়াল বুহুসুন নাবাবিয়্যাহ, পৃ. ২৪৮
[৬১৮] দেখুন, আবু শুহবা রচিত, আস সীরাতুন নাবাবিয়্যাহ, ২/৪৬৪
[৬১৯] দেখুন, আস সীরাতুন নাবাবিয়্যাহ ফি দাওয়িল মাসাদিরিল আসলিয়্যাহ, পৃ. ৫৭৯
[৬২০] প্রাগুক্ত
[৬২১] দেখুন, আবু শুহবা রচিত, আস সীরাতুন নাবাবিয়্যাহ, ২/৪৬৫
[৬২২] দেখুন, আস সীরাতুন নাবাবিয়্যাহ ফি দাওয়িল মাসাদিরিল আসলিয়্যাহ, পৃ. ৫৭৯
📄 পাঁচ. প্রতিমালয় ধ্বংসে অভিযান
বাইতুল্লাহ শরিফ মূর্তির পঙ্কিলতা থেকে পবিত্র হওয়ার পর অন্যান্য প্রতিমা ঘরগুলোও ধ্বংস করে দেওয়া আবশ্যক হয়ে দাঁড়ায়। এগুলো বহুকাল ধরে জাহিলিয়্যাতের নিদর্শন বহন করছিল। আরব উপদ্বীপকে এসব থেকে পবিত্র করতে আল্লাহর রাসূল ﷺ বেশ কয়েকটি অভিযান প্রেরণ করেন।
১. উযযা প্রতিমা ধ্বংসে খালিদ ইবনু ওয়ালিদের অভিযান
কুরাইশ-সহ গোটা আরবের কাছে অবস্থান ও মর্যাদার দিকে থেকে সবচেয়ে বড় দেবীমূর্তি ছিল উযযা। এর অস্তিত্ব একদম মাটির সাথে মিশিয়ে দিতে খালিদ ইবনু ওয়ালিদ ত্রিশজন অশ্বারোহী নিয়ে রওনা করেন। নাখলা নামক এলাকায় পৌঁছে উযযার মন্দিরের দিকে অগ্রসর হন খালিদ। মূর্তি জাতীয় সামনের সবকিছু বিনাশ করে উযযার ঘরটি ধ্বংস করেন। এ সময় তিনি বলছিলেন, 'তোকে অবিশ্বাস করছি, তোর মাঝে কোনো পবিত্রতা নেই, আর আজ তো দেখলাম, আল্লাহ তোকে কীভাবে লাঞ্ছিত করেছেন।'
লক্ষ্য বাস্তবায়নের পর খালিদ সাথিদের নিয়ে ফিরে আসেন। সফলতার কথা উপস্থাপন করেন নবিজির সামনে; কিন্তু আল্লাহর রাসূল অভিযানের সেনাপতিকে ডেকে বলেন, 'তুমি কি সেখানে কিছু দেখতে পেয়েছ?' খালিদ বললেন, না। নবিজি বললেন, 'যাও, তুমি কিছুই করতে পারনি।
খালিদ আবার ফিরে চললেন। তিনি নাখলায় পৌঁছার পর পুরোহিতরা তাকে দেখে বুঝতে পারল, এবার তিনি রফাদফা না করে ফিরছেন না। খালিদ ভেতরে ঢুকে দেখলেন এক নগ্ন নারী চুল ছড়িয়ে আছে, তার মাথায় মাটি ছিটিয়ে দেওয়া। খালিদ এই বিবসনা নারীর দিকে এগিয়ে গেলেন চেনা সাহসিকতা ও শৌর্যে। তরবারির একটা কোপ বসিয়ে মস্তক দ্বিখণ্ডিত করেন। এবার প্রশস্তি আসে তার মনে। আল্লাহর রাসূলের কাছে ফিরে সংবাদ বলেন। নবিজি বললেন, 'হুম, এটাই সেই উযযা।'
২. মানাতের দিকে সাআদ ইবনু যাইদ আশহালির অভিযান
মানাত একটি মূর্তির নাম। মাক্কা-মাদীনার মধ্যবর্তী স্থানে লোহিত সাগরের তীরবর্তী এলাকা মিশলাল নামক স্থানে এটা অবস্থিত ছিল। আউস, খাযরাজ, গাসসান ও তাদের কাছাকাছি মতাদর্শের লোকেরা জাহিলি যুগে এর পূজা করত। মাক্কা বিজয়ের পর এটার সমাপ্তির সময় ঘনিয়ে আসে। আল্লাহর রাসূল মানাত ধ্বংসে অভিযান প্রেরণের সিদ্ধান্ত নেন। এই অভিযানে এমন সাহাবিকে প্রেরণ করেন, যিনি জাহিলি যুগে নিজে এটাকে সম্মান করতেন। তিনি হলেন সাআদ ইবনু যাইদ আশহালি।
সাআদ বের হয়ে মানাত ধ্বংস করতে যান। মন্দিরের সীমানায় পৌঁছার পর পুরোহিত তাকে জিজ্ঞেস করে, 'কী জন্য এসেছ?' সাআদ বললেন, 'মানাত ধ্বংস করতে এসেছি।' সাআদ মানাতের দিকে এগিয়ে যান। একটু এগুতেই তার পথ রোধ করতে এক কালো নগ্ননারী বেরিয়ে আসে, বুক চাপড়িয়ে তাকে অভিশাপ দিতে থাকে। সাআদ তরবারির এক আঘাতেই মহিলার গর্দান ফেলে দেন। তারপর সাথিদের নিয়ে এগিয়ে মানাত মূর্তি ধ্বংস করেন।
৩. সুওয়াআ মূর্তি ধ্বংসে আমর ইবনুল আ'সের অভিযান
নূহ ﷺ-এর গোত্রের মূর্তির নাম ছিল সুওয়াআ। পরবর্তী সময়ে হুজাইল গোত্রের লোকেরা এই মূর্তিটি গ্রহণ করে। মাক্কা বিজয়ের পর এটার সমাপ্তির সময় ঘনিয়ে আসে। আল্লাহর রাসূল এই মূর্তি ধ্বংসে আমর ইবনুল আ'সের নেতৃত্বে অভিযান প্রেরণ করেন।
আমর ইবনুল আ'স বলেন, 'আমি মূর্তির কাছে গিয়ে ভেঙে ফেললাম। সাথিদের বললাম খাযানা ঘর ভেঙে ফেলতে। আশ্চর্য! ভাঙার পর সেখানে কিছুই পাওয়া গেলো না। শেষে পুরোহিতকে বললাম, 'এতক্ষণ কী দেখলে?' সে বলল, 'আমি আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করলাম।'
mূর্তিও প্রতিমা ধ্বংসে আল্লাহর রাসূলের অভিযান প্রেরণ থেকে স্পষ্ট হয় যে, শির্ক ও তাগূতের নিদর্শন নিশ্চিহ্ন করার শক্তি অর্জিত হওয়ার পর সেগুলো একদিনও বিদ্যমান রাখা জায়েয নেই। কবরের ওপর নির্মিত যে কোনো ধরনের মূর্তি ও তাগূতের ক্ষেত্রেও একই বিধান।
টিকাঃ
[৬২৩] ৫৭৯ আস সারায়া ওয়াল বুহুসুন নাবাবিয়্যাহ, পৃ. ২৮২
[৬২৪] প্রগুক্ত
[৬২৫] দেখুন, ওয়াকিদির মাগাযি, ২/৮৭৪
[৬২৬] আস সারায়া ওয়াল বুহুসুন নাবাবিয়্যাহ, পৃ. ২৮২
[৬২৭] আবু ইয়া'লা, ৯০২; আস সারায়া ওয়াল বুহুসুন নাবাবিয়্যাহ, পৃ. ২৮২
[৬status] আস সারায়া ওয়াল বুহুসুন নাবাবিয়্যাহ, পৃ. ২৮৭
[৬২৯] তাবাকাত, ২/১৪৬
[৬৩০] আস সারায়া ওয়াল বুহুসুন নাবাবিয়্যাহ, পৃ. ২৮৮
[৬৩১] প্রাগুক্ত
[৬৩২] দেখুন, শামি রচিত সুবুলুর রাশাদ, ৬/৩০৩
[৬৩৩] দেখুন, ওয়াকিদি রচিত মাগাযি, ২/৮৭০