📘 রউফুর রহীম 📄 এক. বিশিষ্ট সাহাবিদের মাঝে গুরুত্বপূর্ণ কাজ বণ্টন

📄 এক. বিশিষ্ট সাহাবিদের মাঝে গুরুত্বপূর্ণ কাজ বণ্টন


জি-তুওয়া নামক স্থানে পৌঁছে আল্লাহর রাসূল ﷺ পরিকল্পিত গুরুত্বপূর্ণ কাজ বণ্টনে মনোযোগী হন। খালিদ ইবনুল ওয়ালিদকে রাখেন বাহিনীর ডানপাশে, যুবাইর ইবনুল আওয়ামকে নিযুক্ত করেন বামপাশে। পদাতিক বাহিনীর নেতৃত্বে রাখেন আবু উবাইদা ইবনুল জাররাহ-কে। এ পর্যায়ে আবু হুরাইরাকে ডেকে বলেন, 'আমার আনসারি সাহাবিদের ডেকে আনো।' আবু হুরাইরার ডাকে তারা দ্রুত এগিয়ে আসেন। সবার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর নবিজি বললেন, 'আমার আনসার সাহাবিরা, কুরাইশের উচ্ছিষ্টগুলোকে তোমরা কি দেখতে পাচ্ছ?' সমবেত কণ্ঠে বাজল, 'জি, আমরা দেখতে পাচ্ছি।' নবিজি বললেন, 'আগামী কাল ওদের সাথে মোকাবিলা হলে একদম কচুকাটা করবে।' এরপর ডানহাত বাম হাতের ওপর রেখে বললেন, ‘আর আমার সাথে মিলিত হবে সাফা পর্বতের পাদদেশে।

মুহাজির সাহাবিদের অশ্বারোহী বাহিনীর সাথে যুবাইরকে প্রেরণের সময় মক্কার উঁচুতম প্রান্তর কুদা দিয়ে প্রবেশ করতে বলেন। নির্দেশ দেন, মক্কার (কবরস্থানের পাশে অবস্থিত বহুল পরিচিত জায়গা) হুজুন নামক এলাকায় মুসলিম বাহিনীর পতাকা উত্তোলন করে অবস্থান গ্রহণ করতে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের সেখান থেকে অগ্রসর হতে নিষেধ করেন। কুদাআহ, সালীম ও অন্যান্য কিছু গোত্রের সাথে খালিদ ইবনু ওয়ালিদকে প্রেরণ করেন মক্কার নিম্নভূমি দিয়ে প্রবেশ করতে। তাকেও নির্দেশ দেন জনপদের নিকটবর্তী হয়ে পতাকা উত্তোলন করতে।

আনসার সাহাবিদের একটি বাহিনীর সাথে সাআদ ইবনু উবাদাকে নবিজি তার অগ্রবর্তী বাহিনী হিসেবে প্রেরণ করেন। নিজেদেরকে পরিপূর্ণ সংযত রাখার নির্দেশ দেন, তবে কেউ মোকাবিলা করতে এলে তার সাথে যুদ্ধ হবে।

মুসলিমদের সমগ্র শক্তি চারদিক থেকে মক্কায় প্রবেশ করে। এই বিশাল শক্তিকে প্রতিরোধ করবার মতো আসলে সাহস কারও ছিল না। চারদিক থেকে মুসলিমরা মক্কায় প্রবেশের মাঝে কৌশলগত যে দিকটা দৃশ্যমান হয়েছে, তা হলো, মুশরিকরা সংঘবদ্ধ হওয়ার সব পথ হারিয়ে ফেলেছে। কুরাইশের শক্তির কেন্দ্রে প্রবেশে এই কৌশল ও বিজ্ঞচিত পন্থার সহায়তা নিয়েছেন নবিজি ﷺ। তিনি এখানে শতভাগ সফল। উম্মুল কুরার এই জনপদের মুশরিকরা প্রতিরোধের সাহস পায়নি। ফলে সমস্ত মুসলিম মুজাহিদ নিরাপদে মক্কায় প্রবেশ করেন।

তবে খালিদ-এর প্রবেশ পথে হালকা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। কুরাইশের কিছু বিচ্ছিন্নতাবাদী একত্রিত হয়েছিল এখানে। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলো, সাফওয়ান ইবনু উমাইয়া, ইকরিমা ইবনু আবি জাহিল, সুহাইল ইবনু আমর ও অন্যান্য অনেকে। এরা তাদের মিত্রদের সাথে খান্দামাহ নামক স্থানে প্রতিরোধ ব্যুহ তৈরি করে। এ পথ দিয়ে অগ্রসরমান বাহিনীকে তারা তির ছুড়ে বাধা সৃষ্টি করে। মুসলিমদেরকে প্ররোচিত করে যুদ্ধের দিকে। খালিদ সাথিদের নিয়ে এদের বিরুদ্ধে অস্ত্র ধরেন। খুব বেশি সময় নিতে হয়নি। মুহূর্তেই দুর্বল এই শক্তিকে পর্যুদস্ত করে ছিন্নভিন্ন করে দেন। এরই মধ্য দিয়ে মাক্কায় মুসলিম বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

সীরাহ গবেষকরা এখানে একটি ঘটনা উল্লেখ করেছেন। বনু বাকরের হাম্মাস ইবনু খালিদ লোকটার নাম। মুসলিমদের সাথে যুদ্ধের জন্য সে অস্ত্রে শান দিচ্ছিল। স্ত্রী তার তোড়জোড় দেখে বলল, 'কী ব্যাপার, আপনি এভাবে অস্ত্র ঝালাই দিচ্ছেন?' হাম্মাস বলল, 'মুহাম্মাদ ও তার সাথিদের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি।' সেদিন স্ত্রী বলেছিল, আল্লাহর কসম, 'আমার মনে হয় না তুমি মুহাম্মাদ ও তাঁর সাথিদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে।' হাম্মাস বলল, 'আমার দৃঢ় সংকল্পের কিছু কথা তোমাকে জানাচ্ছি তাহলে—
'আজ ওদের সাথে আমার মোকাবিলা হলে নেই কোনো পরোয়া/ আমার এই যে দেখছো দুধার তলোয়ার, নিশ্চিত মৃত্যু ডেকে আনবে প্রতিপক্ষের।'

অবশেষে মাক্কা বিজয়ের দিন হাম্মাস ইকরিমার দলে যুক্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। একটু পরেই সে খেয়াল করল, তার আশপাশের মুশরিকরা খালিদ- বাহিনীর ভয়ে ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছে। অগত্যা সে-ও পরাজিত মুখে ফিরে আসে বাড়িতে। ঘরে ঢুকেই স্ত্রীকে বলে, 'দরজা বন্ধ করে দাও।'
স্ত্রী এবার ব্যঙ্গ করে বলল, 'কী! কোথায় গেল তোমার ফাঁপা বুলি?' হাম্মাস পাণ্ডুর মুখে দুর্বলতার অকপট স্বীকারোক্তি করে বলল—
'তুমি খানদামার সে করুণ দৃশ্য দেখোনি যখন পলায়ন করছিল সাফওয়ান ও ইকরিমা/ আবু ইয়াযীদ দাঁড়িয়ে ছিল মৃতের মতো তাদেরকে স্বাগত জানিয়েছে খাপছাড়া তরবারি।/ ওরা সবাইকে কচুকাটা করেছে টু-শব্দ ছাড়া আর কিছুই শ্রুত হয়নি।

মুসলিম বাহিনী মাক্কায় প্রবেশের আগেই আল্লাহর রাসূল ﷺ বিশৃঙ্খলা পরিহারের পদক্ষেপ ঘোষণা করেছেন। মাক্কায় প্রবেশ যেন নিশ্চিন্ত হয়। যতটা সম্ভব সংঘাত ও রক্তপাত এড়িয়ে চলা যায়। এজন্যই বিস্তৃত পরিসরে এলান করা হয়েছে, 'যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে, সে নিরাপদ। যে নিজের ঘর বন্ধ রাখবে, সে নিরাপদ। মাসজিদে প্রবেশকারীও নিরাপদ। আবু সুফিয়ানের বাড়িকে বিশেষিত করার অন্যতম কারণ হলো, তিনি এখানকার লোকদেরকে যেন নিরাপদ ও শান্ত রাখতে সাহায্য করতে পারেন। আবার কোনো রক্তপাত ছাড়াই মাক্কা প্রবেশের পথ উন্মুক্ত করার জন্য তাকে চাবিকাঠি হিসেবে ব্যবহার করাও ছিল একটি উদ্দেশ্য। অন্য দিকে গৌরবের একটি উপলক্ষ্য পেয়ে তিনিও তৃপ্ত হয়েছেন। যা আবু সুফিয়ান পছন্দ করতেন। এর ফলে তার অন্তরে ঈমানের ভিতটাও মজবুত হয়েছে।

আবু সুফিয়ান দ্রুত মাক্কায় প্রবেশ করছিলেন। চলতি পথে তিনি হাঁক ছেড়ে বলছিলেন, 'ওহে কুরাইশ সম্প্রদায়, মুহাম্মাদ এক অপ্রতিরোধ্য বাহিনী নিয়ে তোমাদের দিকে আসছেন। তবে আশার কথা হলো, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে, সে নিরাপদ।'

আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা এ কথা শুনে ভীষণ চটে যায়। আবু সুফিয়ানের দাড়ি ধরে অন্য লোকদের উদ্দেশ্যে বলছিল, 'ওহে গালিবের পরিবার, এই মোটা বুড়োকে হত্যা করে ফেলো, আমরা এই অপমানের খবর শুনতে চাই না।'

এবারে আবু সুফিয়ান বললেন, 'এখনো সময় আছে। সাবধান হয়ে যাও। এর কথায় তোমরা প্রতারিত হয়ো না। আমি দেখেছি, তিনি অপ্রতিরোধ্য এক বাহিনী নিয়ে এগিয়ে আসছেন। আবারও শুনে রাখো, আমার ঘরে আশ্রয় নেওয়া ব্যক্তি নিরাপদ থাকবে।'

উপস্থিত লোকেরা বলল, 'আরে—তোমার মাথাটা তো গেছে! আমরা সবাই তোমার বাড়িতে কীভাবে আশ্রয় নেব? আবু সুফিয়ান বললেন, 'নিজের ঘরে আশ্রয় নেওয়া ব্যক্তি নিরাপদ, মাসজিদে আশ্রয় নেওয়া ব্যক্তিও নিরাপদ।' এরপর মুহূর্তেই লোকজন আপনাপন বাড়ি ও মাসজিদে আশ্রয় গ্রহণ করে।

আল্লাহর রাসূল ﷺ মক্কার উচ্চভূমি কুদা অঞ্চল দিয়ে নগরীতে প্রবেশ করতে বেশ আগ্রহী ছিলেন। একজন প্রতিভাবান কবি সাহাবি হাসসান বিন সাবিতের কথা বাস্তবায়নই ছিল উদ্দেশ্য। তিনি কুরাইশকে ব্যঙ্গ করে কবিতা আবৃত্তি করতে গিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন, 'আল্লাহর অশ্বারোহী বাহিনী অচিরেই কুদা অঞ্চল দিয়ে প্রবেশ করবে।'

এ পথে প্রবেশে নবিজি আগ্রহী হওয়ার ক্ষেত্রে আরেকটি কারণের কথা পাওয়া যায়। ইবনু 'উমার বলেন, 'মাক্কা বিজয়ের বছর নবিজি এ নগরীতে প্রবেশের পথে দেখেন, নারীরা নিজেদের ওড়না দিয়ে ঘোড়ার মুখ মুছে দিচ্ছে। নবিজি মুচকি হেসে আবু বাকরের দিকে তাকিয়ে বললেন, 'আবু বাকর, হাসসান বিন সাবিতের কথা কি তোমার মনে পড়ে? সে বলেছিল, 'আমাদের অশ্বগুলো পদানত করবে এই শহর/নারীরা ওড়না দিয়ে আলতো করে মুছে দেবে মুখ।’

টিকাঃ
[৫৮০] মুসলিম, ১৭৮০
[৫৮১] দেখুন, মিন মুআইয়্যানিস সীরাহ, পৃ. ৩৯০
[৫৮২] প্রাগুক্ত
[৫৮৩] দেখুন, সুয়ারুন ও ইবার মিলান জিহাদিন নাবাবিয়্যি, পৃ. ৩৯৭
[৫৮৪] কিয়াদাতুর রাসূল, আস সিয়াসিয়্যাহ আল আসকারিয়‍্যাহ, পৃ. ১২২, ১২৩
[৫৮৫] দেখুন, আল বিদায়া ওয়ান নিহায়া, ৪/ ২৯০
[৫৮৬] ইমাদুদ্দীন খলীল রচিত, দিরাসাতুন ফিস সীরাহ, পৃ. ২৪৫
[৫৮৭] দেখুন, আল বিদায়া ওয়ান নিহায়া, ৪/২৯০

📘 রউফুর রহীম 📄 দুই. বিজয়ী বেশে, বিনম্রচিত্তে মক্কা প্রবেশ

📄 দুই. বিজয়ী বেশে, বিনম্রচিত্তে মক্কা প্রবেশ


অবশেষে আল্লাহর রাসূল ﷺ বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেন। মাথায় শোভা পাচ্ছিল কালো পাগড়ি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতার স্নিগ্ধ আবেশে নম্রতায় তিনি ছিলেন নতমুখী। আল্লাহ তাঁকে বিজয়ী করে সম্মানিত করেছেন, তাঁর হৃদয়ে এই অনুভূতি ছুঁয়ে যাওয়ার পর বিনয়ের আবহে চেহারা নিম্নমুখী করেন, তিনি এতটাই নতমুখী ছিলেন যে, তাঁর থুতনি প্রায় বাহন স্পর্শ করছিল। বিজয়ের নিয়ামাত, ক্ষমা ও সাহায্যের অনুভূতি অন্তরে জাগরূক রেখে মুখে তিলাওয়াত করছিলেন সূরা ফাতহ।

আরব উপদ্বীপের এই প্রাণকেন্দ্রে বিজয়ী বেশে প্রবেশের সময় ন্যায়পরায়ণতা, সমতা ও উদারতার সুমহান দৃষ্টান্ত তিনি স্থাপন করেন। জড়িয়ে নিয়েছিলেন বিনয় ও নম্রতার কোমল চাদর। এদিন তিনি নিজের পেছনে বসিয়েছিলেন আজাদকৃত গোলামের ছেলে উসামা ইবনু যাইদকে। বনু হাশিমের কোনো সন্তান কিংবা কুরাইশের সম্ভ্রান্ত কাউকে পেছনে বসাননি। দিনটি ছিল ৮ম হিজরির বিশ রমযান জুমুআবার।

মাক্কায় প্রবেশের সময় অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতেও তিনি সজাগ দৃষ্টি রেখেছিলেন। তিনি যখন শুনতে পেলেন, সাআদ ইবনু উবাদা আবু সুফিয়ানকে লক্ষ করে বলেছিলেন, 'আজ রক্ত ঝারানোর দিন, আজ কা'বার বিধিনিষেধকে হালাল করে নেব।' এ প্রেক্ষিতে নবিজি বললেন, 'আজকের দিনে আল্লাহ কা'বাকে মহিমান্বিত করবেন, আজই কা'বায় জড়ানো হবে পোশাক।' এরপর তিনি সাআদ ইবনু উবাদার কাছ থেকে পতাকা নিয়ে তা তুলে দেন ছেলে কাইস ইবনু সা'দের হাতে। এই কাজের ক্ষেত্রেও আল্লাহর রাসূল বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।

মাক্কা প্রবেশের পর সাহাবায়ে কেরাম এখন অনেকটা স্থির, প্রশান্ত ও নিশ্চিন্ত। নবিজি আর অপেক্ষা করলেন না। কা'বার চত্বরে এসে তাওয়াফ করেন। তখন বাইতুল্লাহর চারপাশে ও ভেতরে বিদ্যমান ছিল ৩৬০টি মূর্তি। নবিজি হাতের লাঠি দিয়ে প্রতিটি মূর্তিতে আঘাত করার সময় বলছিলেন—
'সত্য সমাগত আর বাতিল পরাভূত, বাতিল তো ধ্বংস হওয়ারই ছিল।' (সূরা বানি ইসরাঈল: ৮১)
'বলুন—সত্য এসে গেছে, আর মিথ্যা নতুন কিছু সৃষ্টি করতে পারে না, পারবে না প্রত্যাবর্তন করতে।' (সূরা সাবা: ৪৯)

লাঠির সামান্য স্পর্শেই মূর্তিগুলো মুখ থুবড়ে পড়ছিল। নবিজির প্রতি আল্লাহর সাহায্য ও সহায়তার উজ্জ্বল দৃশ্য এখানে প্রকাশিত হয়। তিনি কা'বার চারপাশের এই মিথ্যা ইলাহারূপী মূর্তিগুলোকে লাঠি দিয়ে সামান্য আঘাত করতেই সেগুলো চূর্ণবিচূর্ণ হয়ে মুখ থুবড়ে পড়ছিল।

নবিজি দেখলেন কা'বার ভেতরে বহুসংখ্যক মূর্তি। এগুলোর বিদ্যমানতায় তিনি ভেতরে ঢুকতে চাচ্ছিলেননা। তাই প্রথমে এগুলোকে ভাঙার নির্দেশ দেন। এখানে আরও একটি মূর্তি ছিল, ধারণা করা হয়, সেখানে ছিল ইবরাহীম ও ইসমাঈল-এর মূর্তি, তাদের দুজনের হাতে ছিল ভাগ্য নির্ণয়ের তির। এগুলো দেখে নবিজি বললেন, 'ওরা কত নির্বোধ, ওরা ভালো করেই জানত, তারা (ইবরাহীম-ইসমাঈল) এর মাধ্যমে কোনো কিছু নির্ণয় করেননি।' তাদের ব্যাপারে এমন ধারণা করাও জঘন্য অন্যায়।

mূর্তির অপবিত্রতা থেকে বাইতুল্লাহর অভ্যন্তর পবিত্র করার পর নবিজি ভেতরে ঢোকেন। প্রতিটি কোনায় তাকবীর বলে সালাত আদায় করেন। আবদুল্লাহ ইবনু 'উমার বর্ণনা করেন, 'এদিন আল্লাহর রাসূলের সাথে কা'বার ভেতর প্রবেশ করেন উসামা, বিলাল ও উসমান বিন তালহা। তারপর দরজা বন্ধ করে দেন। ইবনু 'উমার বলেন, 'বের হওয়ার পর বিলালকে বললাম, আল্লাহর রাসূল ভেতরে কী করেছেন? বিলাল বলল, 'নবিজি বামপাশে দুটি খুঁটি রেখেছেন, ডানপাশে একটি। এরপর পেছনে তিনটি খুঁটি রেখে নামাজ পড়েছেন। সে সময় কা'বার ভেতরে ছয়টি খুঁটি ছিল।

ইসলাম গ্রহণের পূর্বে কা'বার চাবি ছিল উসমান ইবনু তালহার হাতে। 'আলি চাবিটি তার কাছে রাখতে চাচ্ছিলেন; কিন্তু নবিজি কা'বা থেকে বের হয়ে চাবি আবার উসমানের কাছেই ফিরিয়ে দেন। তিনি বলেন, 'আজকের দিনটি ক্ষমা ও কল্যাণের।
নবিজি মাদীনায় হিজরাতের পূর্বের কাহিনি: তিনি একদিন উসমানের কাছে কা'বার চাবি চেয়েছিলেন। উসমান কঠিন কথা বলে প্রত্যাখ্যান করেছিল। নবিজি তার রূঢ় আচরণ সহ্য করে বলেছিলেন, 'উসমান, সেদিন খুব কাছে, তুমি দেখবে এই চাবি আমার হাতে। আমি যাকে ইচ্ছা তাকে দেবো।' উসমান বলল, 'সেদিন কুরাইশ লাঞ্ছিত ও ধ্বংস হবে।' নবিজি বললেন, 'না, সেদিন তুমি বরং সম্মানিত হবে।'

উসমানকে বলা কথা মাক্কা বিজয়ের পর বাস্তবে পরিণত হয়। উসমান মনে করল, আজ বুঝি অতীত কথার পরিণতি ঘটতে চলল; কিন্তু আল্লাহর রাসূল সেই উসমানকেই কা'বার চাবিগুলো ফিরিয়ে দিয়ে বললেন, 'উসমান—এই নাও তোমার চাবি। আজকের দিনটি ক্ষমা ও কল্যাণের। বংশ পরম্পরায় চিরদিন তোমরা এই চাবি সংরক্ষণ করবে, জালিম ব্যতীত কেউ তোমাদের থেকে চাবি নেবে না।' নবিজি কা'বার চাবি চিরদিনের জন্য রাখতে চাননি, আবার বনু হাশিমের কারও কাছেও তিনি রাখা পছন্দ করেননি। তাই পুনরায় তার কাছেই ফিরিয়ে দেন।

সালাতের সময় ঘনিয়ে আসে। বিলালকে কা'বার ওপর ওঠে আযানের নির্দেশ দেন নবিজি। বিলাল ওপরে ওঠে ইথার প্রকম্পিত করে সুর তোলেন আযানের। নতুনের জয়গানে মাক্কার লোকদের মাঝে নেমে আসে পিনপতন নীরবতা। আল্লাহর বড়ত্বের এই ঘোষণা শয়তানদের অন্তরে অগ্নি আতঙ্ক সঞ্চারিত করে, সহ্য করতে না পেরে তারা পলায়ন করে ঊর্ধ্বশ্বাসে। বিলালের কণ্ঠে ধ্বনিত হয় 'আল্লাহু আকবার, আল্লাহু আকবার।' এই কণ্ঠই একদিন পৈশাচিক শাস্তির নিচে দেহের শেষ শক্তিটুকু ব্যয় করে বলছিল—'আহাদ, আহাদ, আহাদ।' আজ সেই তিনি স্বাধীনতার মুক্ত আবহে আল্লাহর কা'বার ওপরে ওঠে মনের মাধুরী মিশিয়ে সাক্ষ্য দিয়ে বলছেন, 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।'

টিকাঃ
[৫৮৮] দেখুন, সহীহ সীরাতুন নাবী, পৃ. ৫২৪
[৫৮৯] দেখুন, আল বিদায়া ওয়ান নিহায়া, ৪/৩০৯
[৫৯০] আহমাদ, ১/৩৬৩; মুসলিম, ১৩৫৮
[৫৯১] বাইহাকি ফিদ দালায়িল, ৫/৬৮; হাকিম, ৩/৪৭
[৫৯২] দেখুন, সুয়ারুন ও ইবার মিলান জিহাদিন নাবাবিয়্যি, পৃ. ৩৯৬। বুখারি, ৪২৮১
[৫৯৩] দেখুন, নদভী রচিত, সীরাতুন নবী, পৃ. ৩৩৭
[৫৯৪] দেখুন, কিয়াদাতুর রাসূল, আস সিয়াসিয়্যাহ আল আসকারিয়‍্যাহ, পৃ. ১৯৬
[৫৯৫] দেখুন, বৃতি রচিত ফিকহুস সীরাহ পৃ. ২৮২
[৫৯৬] দেখুন, নদভী রচিত, সীরাতুন নবী, পৃ. ৩৩৯
[৫৯৭] আহমাদ, ১/৩৬৫; বুখারি, ৪২৮৮
[৫৯৮] দেখুন, সীরাতে ইবনু হিশাম, ৪/৬১, ৬২
[৫৯৯] প্রাগুক্ত
[৬০০] দেখুন, সীরাতে ইবনু হিশাম, ৪/৬২
[৬০‌১] দেখুন, ওয়াকিদির মাগাযি, ২/৮৩৮
[৬০২] দেখুন, সুয়ারুন ও ইবার মিলান জিহাদিন নাবাবিয়্যি, পৃ. ৪০১
[৬০৩] দেখুন গাযালি রচিত ফিকহুস সীরাহ, পৃ. ৩৮৩

📘 রউফুর রহীম 📄 তিন. সাধারণ ক্ষমার ঘোষণা

📄 তিন. সাধারণ ক্ষমার ঘোষণা


১. কোনো সন্দেহ নেই এই মাক্কার লোকেরাই আল্লাহর রাসূল ও তাঁর দাওয়াতের পথে বাধার কাঁটা বিছিয়েছিল। এসবের বিপরীতে আজ তারা নবিজির কাছ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা পায়। কা'বার চত্বরে সমবেত বহু মুশরিক, মাক্কার অধিবাসী। তাদের ব্যাপারে আল্লাহর রাসূলের নির্দেশের অপেক্ষায় কাটছে প্রতিটি প্রহর।
আল্লাহর রাসূল ﷺ বললেন, 'কী মনে হয়, আমি তোমাদের সাথে কেমন আচরণ করব?' সবাই বলল, 'একজন মহানুভব উত্তম চরিত্রের মানুষ থেকে আমরা শুধু কল্যাণেরই আশা করতে পারি।' নবিজি বললেন, 'আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন।'
এই সাধারণ ক্ষমার মধ্য দিয়ে প্রাণ বন্দিত্ব ও মৃত্যু থেকে সুরক্ষা পেয়েছে, স্থানান্তরযোগ্য সম্পদ ও ভূমি মালিকের হাতেই থেকেছে, কারও ওপর ভূমিত্যাগ অনিবার্য হয়নি। এই কা'বার সীমানা ইবাদাতের স্থান, আল্লাহ নির্ধারিত এমন পবিত্র সীমানা, যেখানে যৌক্তিক হত্যাকাণ্ড-ও অবৈধ ঘোষণা করা হয়েছে।

২. কিছু অপরাধীকে হত্যার নির্দেশ
সাধারণ ক্ষমার পাশাপাশি দৃঢ় সংকল্পেরও একটি বিষয় এখানে অনিবার্য হয়ে উঠেছে। আল্লাহর রাসূল ﷺ সাধারণ ক্ষমার ঘোষণা থেকে দশের অধিক ব্যক্তিকে আলাদা করেছেন, এদের ব্যাপারে দিয়েছেন হত্যার নির্দেশ, যদিও এরা কা'বার গিলাফ ধরে থাকে। কারণ, আল্লাহ, আল্লাহর রাসূল ও ইসলামের ব্যাপারে এদের অপরাধ এতটাই জঘন্য ছিল যে, আশঙ্কা ছিল বিজয়ের পরেও এরা লোকদের মাঝে ফিতনার বিস্তৃতি ঘটাবে। হাফিজ ইবনু হাজার আসকালানি বলেন—আবদুল উযযা বিন খাতাল, আবদুল্লাহ বিন সাআদ বিন আবি সার্হ, ইকরিমা ইবনু আবি জাহিল, হুওয়াইরিস ইবনু নুকাইদ, মাকীস ইবনু হাব্বাবাহ, হাব্বার ইবনুল আসওয়াদ, ইবনুল খাতালের দুই দাসী, ফুরনাতা ও কুরাইবা, বনু আবদুল মুত্তালিবের আজাদকৃত দাসী সারা। কয়েকজনকে হত্যা করা হয়েছে, বাকি অনেকে আত্মসমর্পণ করে ফিরে এসেছে। নবিজি সমর্পিতদের ক্ষমা করে দিয়েছেন।

৩. নবিজির খুতবা, মাক্কার লোকদের ব্যাপক ইসলামগ্রহণ
পরদিন সকালে নবিজি জানতে পারলেন, জাহিলি যুগের শত্রুতার সূত্র ধরে মুসলিমদের মিত্র গোত্র বনু খুযাআহ হুজাইলের এক লোককে হত্যা করেছে। আল্লাহর রাসূল ﷺ ভীষণ রাগ করলেন। লোকদের মাঝে দাঁড়িয়ে পরিতাপ নিয়ে বললেন, 'ওহে মানবমণ্ডলী, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির দিন থেকে এই মাক্কাকে হারাম ঘোষণা করেছেন। কিয়ামাত পর্যন্ত আল্লাহর নির্ধারিত এই সম্মানিত স্থানে যুদ্ধবিগ্রহ হারাম। আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী কারও জন্য এখানে রক্তপাত ঘটানো কিংবা বৃক্ষনিধন বৈধ নয়। আমার পূর্বে যেমন হালাল ছিল না, আমার পরেও কখনো কারও জন্য হালাল হবে না। আমার জন্য সাময়িক হালাল করা হয়েছিল এর অধিবাসীদের শায়েস্তা করার জন্য। কালকের মতো মাক্কার হুরমাত আবারও ফিরে এসেছে। তোমাদের উপস্থিতরা অনুপস্থিতদের কাছে আমার এই কথা পৌঁছে দেবে। তোমাদেরকে যে বলবে, 'আল্লাহর রাসূলও তো এখানে হত্যা করেছেন', তাদেরকে বলবে, আল্লাহ তাঁর রাসূলের জন্য বিশেষ কারণে হালাল করেছিলেন, তোমাদের জন্য এর কোনো সুযোগ নেই।
ওহে খুযাআহ সম্প্রদায়, হত্যাকাণ্ড থেকে তোমরা বিরত হও। অনেক রক্ত ঝরেছে। তোমরা যাকে হত্যা করেছ, এবারের রক্তপণ আমি দেবো। পরে কেউ হত্যা করলে নিহতের পরিবারই এর যথার্থ পদক্ষেপ নেবে, তারা চাইলে হত্যা করবে, চাইলে রক্তপণ নিয়ে দাবি ছাড়তে পারে।’

আল্লাহর রাসূল-এর অপার উদারতা, ব্যাপক ক্ষমার ঘোষণা, সাজাপ্রাপ্তদের অনেককেই ক্ষমা করে দেওয়া মাক্কার লোকদেরকে বিপুলভাবে নাড়া দিয়েছে। চির সুন্দরের দিকে পরিবর্তনের সুমধুর সুর তুলেছে হৃদয় বীণায়। নারী-পুরুষ, স্বাধীন-মাওলা—জোয়ারের মতো নবিজির কাছে আসছে আল্লাহর দীনে প্রবেশ করতে। এদিন নারী পুরুষ, ছোট বড়, সবাইকে তিনি বাইআত প্রদান করেন। শুরু করেন পুরুষদের দিয়ে। সাফা পাহাড়ে বসে ইসলাম ও আল্লাহর জন্য সাধ্য অনুযায়ী শোনা ও মান্য করার শর্তে বাইআত প্রদান করেন।

বিজয়ের দিন মুজাশি ইবনু মাসঊদ তার ভাই মুজালিদকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে এলেন। ভাইয়ের ব্যাপারে তিনি বললেন, 'ইয়া রাসূলাল্লাহ, আমার ভাইকে নিয়ে এসেছি হিজরাতের শর্তে বাইআত করাতে।' নবিজি বললেন, 'কিন্তু এখান থেকে হিজরাতের অনিবার্যতা রহিত হয়েছে!'
'তা হলে কীসের ওপর ওকে বাইআত প্রদান করবেন?'
'এখন তাকে বাইআত দিতে পারি ঈমান ও জিহাদের ভিত্তিতে।'

হিজরাত রহিত হওয়া দ্বারা উদ্দেশ্য হলো, মাক্কা বিজয়ের মধ্য দিয়ে এখান থেকে হিজরাতের ওয়াজিব বিধান রহিত হয়েছে। কারণ, এখানে ইসলাম ক্ষমতাশীল হয়েছে। তবে কুফুরির রাষ্ট্র থেকে ইসলামের ভূমির দিকে হিজরাতের অনুমতি কিয়ামাত পর্যন্ত থাকবে। তবে জিহাদ ও আল্লাহর রাস্তায় খরচের বিধান কিয়ামাত পর্যন্ত থাকবে, আবার সেই জিহাদ এ খরচও মাক্কা বিজয়ের পূর্বেকার মতো হবে না। মর্যাদাগত তফাত থাকবে।

পুরুষদের বাইআতের পালা শেষে নবিজি নারীদের বাইআত গ্রহণ করেন। নারীদের মধ্যে হিন্দ বিনতে উতবাও ছিলেন। নবিজি যখন বললেন, 'তোমরা চুরি করবে না।' হিন্দ বিনতে উতবা বলল, 'ইয়া রাসূলাল্লাহ, আবু সুফিয়ান কৃপণ প্রকৃতির মানুষ। সে আমার ও বাচ্চাদের জন্য যথেষ্ট খোরাক দেয় না। এ অবস্থায় তাকে না জানিয়ে কিছু নিতে পারব না কি?' নবিজি বললেন, 'হুম, তোমার ও বাচ্চাদের জন্য যথেষ্ট হওয়া পরিমাণ ন্যায়ভাবে নিতে পারবে।'

নারীরা আল্লাহর রাসূলের কাছে বাইআত গ্রহণ করেছেন, কেউ মুসাফাহা করেননি। আল্লাহর রাসূল ﷺ তাঁর জন্য হালাল অথবা তাঁর মাহরাম ছাড়া অন্য কোনো নারীর সাথে মুসাফাহা করতেন না এবং তাকে স্পর্শও করতেন না। আয়িশা সিদ্দীকা বলেন, 'আল্লাহর কসম, আল্লাহর রাসূলের হাত কোনো নারীর হাত স্পর্শ করেনি।'

টিকাঃ
[৬০৪] দেখুন, বৃতি রচিত ফিকহুস সীরাহ পৃ. ২৬৯
[৬০৫] বাইহাকি ফিল কুবরা, ৯/১১৮; ইবনু সাআদ, ২/১৪১-১৪২
[৬০৬] দেখুন, আল মুজতামাউল মুদনা, পৃ. ১৮০
[৬০৭] দেখুন, আবু শুহবা রচিত, আস সীরাতুন নাবাবিয়্যাহ, ২/৪৫১
[৬০৮] ফাতহুল বারি, হাদিস নং ৪২৮০
[৬০৯] দেখুন, আবু শুহবা রচিত, আস সীরাতুন নাবাবিয়্যাহ, ২/৪৫১
[৬১০] প্রাগুক্ত
[৬১১] প্রাগুক্ত
[৬১২] আহমাদ, ৩/৪৬৯; বুখারি, ৪৩০৫
[৬১৩] বুখারি, ১৮৩৪; মুসলিম, ১৩৫৩
[৬১৪] দেখুন, আবু শুহবা রচিত, আস সীরাতুন নাবাবিয়্যাহ, ২/৪৫৭

📘 রউফুর রহীম 📄 চার. বনু জুযাইমায় খালিদ ইবনু ওয়ালিদ রা.

📄 চার. বনু জুযাইমায় খালিদ ইবনু ওয়ালিদ রা.


হিজরি ৮ম বছরের শাওয়াল মাসে নবিজি বনু জুযাইমাকে ইসলামের দিকে ডাকতে খালিদ ইবনু ওয়ালিদকে প্রেরণ করেন। এটি হুনাইন যুদ্ধের কিছুটা আগের কথা। তার বাহিনীতে ছিল বনু সালীম, মুদলিজ, মুহাজির ও আনসার সাহাবিরা মিলে প্রায় ৩৫০ জন মুজাহিদ। খালিদের নেতৃত্বে সাহাবিদের বাহিনী দেখে বনু জুযাইমা অস্ত্র ধরে যুদ্ধের জন্য। খালিদ বললেন, 'অস্ত্র নামাও। দেখো—অন্যান্য মানুষ ইসলাম গ্রহণ করেছে।'

ওদের জাহদার নামের একলোক বলল, 'বনু জুযাইমা, দেখো, ইনি খালিদ। আল্লাহর কসম, আমরা অস্ত্র রেখে দিলে বন্দিত্ব নেমে আসবে, আর বন্দি হলে অনিবার্যভাবে গর্দান উড়বে। আল্লাহর কসম, আমি অস্ত্র ছাড়ব না।'

কিন্তু শেষে জাহদারও অস্ত্রসমর্পণ করে। খালিদ সবাইকে পিঠমোড়া করে বেঁধে ইসলাম মানতে বলেন। 'আমরা ইসলাম মানলাম,' একথা ওরা স্পষ্ট করে বলতে পারেনি। বরং ইসলাম গ্রহণের ব্যাপারটা ওরা আঞ্চলিক ভাষায় প্রকাশ করে বলল, 'আমারা ধর্মান্তরিত হয়েছি!' খালিদ ওদেরকে বন্দি করে হত্যা করতে চাইলেন; কিন্তু কিছু সাহাবি এ কাজে তাকে বাধা দেন। ফলে খালিদ বন্দিদেরকে সাথের সাহাবিদের হাতে অর্পণ করেন। একদিন অতিবাহিত হওয়ার পরও ওদের মাঝে কোনো পরিবর্তন না দেখে খালিদ প্রত্যেক সাথিকে নির্দেশ দেন অধীন বন্দিদের হত্যা করতে। কিছু সাথি তার নির্দেশ পালনে হত্যা করলেও আবদুল্লাহ ইবনু 'উমারের সাথে অনেকেই বন্দিদের হত্যা করা থেকে বিরত থাকেন।

অভিযান শেষে বাহিনী ফিরে আসে। বিস্তারিত শুনে নবিজি ভীষণ রাগ করেন। আসমানের দিকে দুহাত তুলে বলেন, 'হে আল্লাহ, খালিদের কাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই।'

এ বিষয়ে খালিদ ও আবদুর রহমান ইবনু আউফ-এর মাঝে আলোচনা হয়, এক সময় তা নিন্দনীয় বিতর্কে রূপ নেয়। জাহিলি যুগে বনু জুযাইমা খালিদের এক চাচা ফাকিহ ইবনু মুগীরাকে হত্যা করেছিল, ইবনু আউফ-এর সন্দেহ হচ্ছিল, হয়তো এ কারণে খালিদ থেকে এ কাজ প্রকাশ পেয়েছে।

বনু জুযাইমার ক্ষেত্রে খালিদের কাজের সাথে নবিজির সম্পর্কহীনতার কথা স্পষ্ট করছে, খালিদ-এর কাজটা সংগত হয়নি। তাই অল্প সময়ের মধ্যে 'আলি-কে তাদের কাছে প্রেরণ করেছেন সহমর্মিতা প্রকাশ ও সান্ত্বনা দেওয়ার জন্য। সবিশেষ একথাও বোঝানোর জন্য যে, হত্যাকাণ্ডের এই ঘটনার সাথে আল্লাহর রাসূলের কোনো সম্পর্ক নেই। এভাবেই নবিজি বনু জুযাইমাকে সান্ত্বনা দিয়েছেন, তাদের অন্তর থেকে দুশ্চিন্তা ও বেদনার কালো মেঘ সরিয়ে দিয়েছেন। আর বনু জুযাইমায় খালিদের হত্যার সিদ্ধান্ত—এটা তার ইজতিহাদি ভুল। হ্যাঁ, তার এই ভুলটা ইজতিহাদিই ছিল, কেননা এই কাজের বিপরীতে আল্লাহর রাসূল তাকে কোনো শাস্তি দেননি।

টিকাঃ
[৬১৫] বুখারি, ৫২৮৮; মুসলিম, ১৮৬৬
[৬১৬] দেখুন, আল বিদায়া ওয়ান নিহায়া, ৪/৩১৯
[৬১৭] দেখুন, আস সারায়া ওয়াল বুহুসুন নাবাবিয়্যাহ, পৃ. ২৪৮
[৬১৮] দেখুন, আবু শুহবা রচিত, আস সীরাতুন নাবাবিয়্যাহ, ২/৪৬৪
[৬১৯] দেখুন, আস সীরাতুন নাবাবিয়্যাহ ফি দাওয়িল মাসাদিরিল আসলিয়্যাহ, পৃ. ৫৭৯
[৬২০] প্রাগুক্ত
[৬২১] দেখুন, আবু শুহবা রচিত, আস সীরাতুন নাবাবিয়্যাহ, ২/৪৬৫
[৬২২] দেখুন, আস সীরাতুন নাবাবিয়্যাহ ফি দাওয়িল মাসাদিরিল আসলিয়্যাহ, পৃ. ৫৭৯

ফন্ট সাইজ
15px
17px