📄 বদরযুদ্ধের ফলাফল ও রাসূলকে গুপ্তহত্যার চেষ্টা
বদরযুদ্ধের ফলাফল:
বদরযুদ্ধের ফলে মুসলিমদের প্রভাব-প্রতিপত্তি অনেক বেড়ে যায় এবং মাদীনা ও আশপাশের এলাকায় ইসলামের বিজয় নিশান উড্ডীন হয়। মুসলিমরা সামরিক দক্ষতা ও অর্থনৈতিক সচ্ছলতা লাভ করে। অপরদিকে কুরাইশরা তাদের বরেণ্য নেতাদের হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে। মাক্কায় কুরাইশদের ঘরে ঘরে তখন নিহতদের জন্য মাতম চলছিল। বদরযুদ্ধের পরাজয়ের খবর শুনে আবু লাহাব তীব্র যন্ত্রণায় এবং পরবর্তীতে প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। [৪৭৫]
রাসূলকে গুপ্তহত্যার চেষ্টা:
বদরযুদ্ধের পর 'উমাইর বিন ওয়াহাব ও সাফওয়ান বিন উমাইয়া মাক্কার অদূরে এক নির্জন জায়গায় বসে রাসূলকে হত্যার ষড়যন্ত্র করে। সাফওয়ান 'উমাইরের ঋণ পরিশোধ ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিলে 'উমাইর বিষমাখা তলোয়ার নিয়ে মাদীনা যাত্রা করে। মাদীনার মাসজিদে পৌঁছার পর হযরত 'উমার তাকে চিনে ফেলেন এবং সতর্কতার সঙ্গে তাকে রাসূলের নিকট হাজির করেন। রাসূল ﷺ তাকে দেখে তাঁর ও সাফওয়ানের গোপন কথোপকথনের হুবহু বিবরণ দিলে 'উমাইর স্তম্ভিত হয়ে যান এবং তাৎক্ষণিক ইসলাম গ্রহণ করেন। পরে তিনি মক্কায় ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিতে থাকেন এবং তাঁর মাধ্যমে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেন। [৪৭৬]
টিকাঃ
৪৭৫. আস-সীরাতুন নাবাউয়্যাহ, আবু শুহবাহ, ২/১৭১
৪৭৬. সাহীহুস সীরাতিন নাবাউয়্যাহ, পৃ. ২৬০
৪৭৭. গাযওয়াতু বাদরিল কুবরা, আবু ফারিস, পৃ. ৮২
৪৭৮. আত-তারবিয়াতুল কিয়াদিয়্যাহ, ৩/৭৩