📘 রউফুর রহীম 📄 প্রথম বদরযুদ্ধ

📄 প্রথম বদরযুদ্ধ


মাদীনার চারণভূমিতে আক্রমণ চালিয়ে কুরয বিন জাবির আল-ফিহরি কয়েকটি উট ও গবাদিপশু ছিনিয়ে নিয়ে যায়। এই খবর পেয়ে রাসূল তার তালাশে বদর প্রান্তরের সাফওয়ান উপত্যকা পর্যন্ত যান। কিন্তু কুরয বিন জাবির পালিয়ে যেতে সক্ষম হয়। রাসূল তাকে গ্রেপ্তার না করেই মাদীনায় ফিরে আসেন। [৩১২]

'আবদুল্লাহ বিন জাহশ আল-আসাদির বাহিনী:
রজবের শেষ তারিখে রাসূল দক্ষিণ মাক্কার নাখলা এলাকার উদ্দেশে 'আবদুল্লাহ বিন জাহশের নেতৃত্বে নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য আট প্লাটুন মুহাজির সাহাবি পাঠান; কিন্তু পথিমধ্যে একটি কুরাইশ বণিক কাফেলার সঙ্গে তাদের সংঘাত হয়। এতে তারা জয় লাভ করেন। এই সংঘাতে কুরাইশ বণিক নেতাকে তারা হত্যা করেন আর বাকি দুইজন পুরুষ 'উসমান বিন 'আবদুল্লাহ ও হাকাম বিন কাইসানকে বন্দি করে মাদীনায় নিয়ে আসেন। এই সংঘাত থেকে পাওয়া সম্পদ রাসূল গ্রহণ না করে আল্লাহর ওয়াহির অপেক্ষা করতে থাকেন। তারপর আল্লাহর ওয়াহি আসে,
লোকেরা তোমার কাছে পবিত্র মাসে (মুহাররাম, রজব, যুলকা'দা ও যুলহিজ্জা) যুদ্ধ করা সম্বন্ধে প্রশ্ন করে। তুমি বলে দাও, এসময় যুদ্ধ করা একটি গুরুতর অন্যায়। তবে আল্লাহর পথে চলতে বাধা দেওয়া, তাঁর সঙ্গে কুফুরি করা এবং মাসজিদে হারামে প্রবেশ করতে বাধা দেওয়া ও তার বাসিন্দাদের সেখান থেকে বের করে দেওয়া-আল্লাহর কাছে আরও গুরুতর অন্যায়। আর ফিতনা হত্যার চেয়ে গুরুতর। তারা (কাফিররা) তোমাদের সঙ্গে যুদ্ধ অব্যাহত রাখবে, যতক্ষণ না তারা পারলে তোমাদের দীন থেকে ফিরিয়ে নেয়। আর তোমাদের মধ্যে যারা তাদের দীন থেকে ফিরে যাবে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের কাজসমূহ দুনিয়া ও আখেরাতে নিষ্ফল হয়ে যাবে এবং তারা জাহান্নামের অধিবাসী হবে। সেখানে তারা চিরদিন থাকবে। [সূরা বাকারা, ২: ২১৭]
আয়াতটি অবতীর্ণ হওয়ার পর রাসূল গানীমাত ও বন্দিদের গ্রহণ করেন। এই অভিযানেই মুসলিমরা প্রথম গানীমাত লাভ করেন। আমর ইবনুল হাদরামি মুসলিমদের হাতে প্রথম নিহত ব্যক্তি। আর 'উসমান বিন 'আবদুল্লাহ ও হাকাম বিন কাইসান মুসলিমদের হাতে প্রথম বন্দি। [৩১৩]

টিকাঃ
৩১২. সীরাতে ইবনে হিশাম, ২/৬০২
৩১৩. হাদীসুল কুরআনিল কারীম আন গাযওয়াতির রাসূল, ১/৪৩

ফন্ট সাইজ
15px
17px