📘 রউফুর রহীম 📄 আবিসিনিয়ায় মুসলিমদের দ্বিতীয় হিজরাত

📄 আবিসিনিয়ায় মুসলিমদের দ্বিতীয় হিজরাত


সাহাবি 'আবদুল্লাহ ইবনু মাস'ঊদ বলেন, “আবিসিনিয়া থেকে সাহাবিরা যখন মক্কায় ফিরে আসেন তখন জাতি তাঁদের সামনে রুদ্রমূর্তি ধারণ করে। তাঁরা মুশরিকদের থেকে কঠিন নির্যাতন ভোগ করেন। সাহাবিদের এমন কষ্ট দেখে রাসূল তাঁদেরকে আবিসিনিয়ায় দ্বিতীয়বারের মতো হিজরাত করার অনুমতি দেন। তবে প্রথমবারের চেয়ে দ্বিতীয় হিজরাতটি ছিল খুবই কঠিন।”

কুরাইশরা দেখল, মুহাজিরদেরকে শত নির্যাতন করেও কোনোভাবেই আটকে রাখা গেল না। তখন তাঁরা মুহাজিরদেরকে মাক্কায় ফেরত আনার জন্য নাজ্জাশির কাছে একদল প্রতিনিধি দল পাঠাল। 'আবদুল্লাহ ইবনু আবু রাবি'আ এবং 'আম্র ইবনুল-'আসকে প্রতিনিধি করে পাঠানো হলো। সঙ্গে ছিল প্রচুর উপঢৌকন। তাঁরা নাজ্জাশির দরবারে গিয়ে উপহার পেশ করে অনুরোধ করলেন যেন মুসলিমদেরকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু নাজ্জাশি চাইলেন মুসলিমদের কথা শুনতে। তিনি মুসলিমদের প্রতিনিধিকে তলব করলেন।

📘 রউফুর রহীম 📄 জা‘ফার (রা.) ও নাজ্জাশির কথোপকথন

📄 জা‘ফার (রা.) ও নাজ্জাশির কথোপকথন


নাজ্জাশি রাসূলুল্লাহর মুহাজির সাহাবিদেরকে ডাকতে দূত পাঠালেন। সাহাবিরা পরামর্শ করে জা'ফার ইবনু আবু তালিবকে তাঁদের প্রতিনিধি নির্বাচিত করলেন। নাজ্জাশি সাহাবিদের নিকট জানতে চান, এটা কোন ধর্ম যা তোমাদের জাতির মধ্যে বিভেদ ঘটিয়েছে?

জা'ফার ইবনু আবু তালিব নাজ্জাশিকে বললেন, “হে মহামান্য শাসক! আমরা গণ্ডমূর্খ একটা জাতি ছিলাম; মূর্তিপূজা করতাম, অশ্লীল কাজ করে বেড়াতাম। এরপর আল্লাহ আমাদের কাছে একজন রাসূল পাঠালেন; তাঁর বংশমর্যাদা, সততা ও বিশ্বস্ততার কথা আমাদের মধ্যে সর্বজনবিদিত। তিনি আমাদেরকে এক আল্লাহর 'ইবাদাতের দিকে ডাকলেন। তিনি আমাদের সত্য কথা বলতে বললেন। আদেশ করলেন আমানাত আদায় করতে। এ কারণেই আমাদের জাতি আমাদের ওপর নির্যাতন শুরু করে যাতে আমরা আবার মূর্তিপূজার দিকে ফিরে আসি। তাই আমরা আপনার দেশে আশ্রয় নিয়েছি।”

এরপর নাজ্জাশি কুরআনের কোনো অংশ পাঠ করতে বললে জা'ফার সূরা মারইয়ামের প্রথম আয়াতগুলো পাঠ করেন। জা'ফারের তিলাওয়াত শুনে নাজ্জাশি কেঁদে ফেললেন। তিনি বললেন, “নিশ্চয়ই এটা ঠিক ওই জিনিস, যা নবি মূসা নিয়ে এসেছিলেন। তোমরা চলে যাও। আল্লাহর কসম! আমি তাঁদেরকে তোমাদের হাতে তুলে দিচ্ছি না।”

টিকাঃ
৪২৫. মুসনাদ ইমাম আহমাদ (১/২০২, ২০৩)

📘 রউফুর রহীম 📄 নাজ্জাশি ও মুহাজিরদের মাঝে বিভেদের আরেকটা অপচেষ্টা

📄 নাজ্জাশি ও মুহাজিরদের মাঝে বিভেদের আরেকটা অপচেষ্টা


নাজ্জাশির নিকট কোনোরূপ সুবিধা করতে না পেরে 'আম্র ইবনুল-'আস নতুন এক ফন্দি আঁটল। সে নাজ্জাশিকে বলল, “এরা আপনাদের নবি 'ঈসা ইবনু মারইয়ামকে আল্লাহর একজন বান্দা মনে করে।” নাজ্জাশি আবারও সাহাবিদের ডেকে পাঠালেন।

দূত এলে সাহাবিরা আবারও পরামর্শ করলেন এবং ঠিক করলেন 'ঈসার ব্যাপারে তাই বলবেন যা আল্লাহ কুরআনে বলেছেন। জা'ফার ইবনু আবু তালিব নাজ্জাশিকে বললেন, “আমরা তাঁর ব্যাপারে তাই বলব যা আমাদের নবি নিয়ে এসেছেন: তিনি (ঈসা) আল্লাহর বান্দা, রাসূল, রূহ এবং তাঁর কালিমা যা তিনি প্রেরণ করেছেন মারইয়ামের কাছে।”

নাজ্জাশি একটি কাঠি কুড়িয়ে নিলেন এবং বললেন, “তুমি যা বললে, 'ঈসা ইবনু মারইয়াম তাঁর চেয়ে এই কাঠির পরিমাণও বেশি কিছু নন।” নাজ্জাশি মুশরিক প্রতিনিধিদের উপহার ফেরত দিয়ে দিলেন এবং মুসলিমদেরকে তাঁর দেশে পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দিলেন।

টিকাঃ
৪২৬. মুসনাদ ইমাম আহমাদ (১/২০৩), বিশুদ্ধ, হাদীস নং ১৭৪০।

📘 রউফুর রহীম 📄 নাজ্জাশির ইসলাম গ্রহণ

📄 নাজ্জাশির ইসলাম গ্রহণ


নাজ্জাশি নবিজির নুবুওয়াতের স্বীকৃতি দিয়ে ইসলাম গ্রহণ করেন। তবে তিনি তাঁর মুসলিম হওয়ার কথা নিজ জাতির কাছে গোপন রাখেন। কারণ তাঁদের ভ্রষ্টতা সম্পর্কে তিনি ভালো করেই জানতেন। যেদিন নাজ্জাশি মারা যান, রাসূল ﷺ সাহাবিদেরকে নিয়ে নাজ্জাশির গায়েবানা জানাযার সালাত আদায় করেন এবং বলেন, “আজকে একজন সৎ ব্যক্তি মারা গেছেন। তোমরা দাঁড়াও, তোমাদের ভাইয়ের জন্য জানাযার সালাত পড়ো।” নাজ্জাশি নুবুওয়াতের নবম বছরে বা মাক্কা বিজয়ের আগে অষ্টম বছরে মারা যান।

টিকাঃ
৪২৭. বুখারি, জানাযার সালাত, হাদীস নং ১৩৩৩
৪২৮. বুখারি, আনসারদের গুণাবলি, হাদীস নং ৩৮৮৮

ফন্ট সাইজ
15px
17px