📘 রউফুর রহীম 📄 প্রথম প্রজন্মের মুসলিমদের কিছু প্রশংসনীয় বৈশিষ্ট্য

📄 প্রথম প্রজন্মের মুসলিমদের কিছু প্রশংসনীয় বৈশিষ্ট্য


রাসূলুল্লাহর কাছে দীক্ষা পাওয়া প্রথম প্রজন্মের মুসলিমদের মধ্যে গুরুত্বপূর্ণ এমন কিছু বৈশিষ্ট্য ছিল যা অন্য কারও মধ্যে দেখা যায় না। তাঁরা ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সর্বক্ষেত্রেই চারিত্রিক বৈশিষ্ট্যে অনন্য ছিলেন।

প্রথম বৈশিষ্ট্য হলো অনুপুঙ্খ ওয়াহির নির্দেশ মেনে চলা। আকীদাবিশ্বাস, বিধিবিধান ও আদবকেতাসহ সব বিষয়ের সঠিক জ্ঞান ও সঠিক অনুধাবন কেবল ওয়াহির আলোকেই সম্ভব। আল্লাহ যাদেরকে সঠিক ঈমান দিয়েছেন, সেই সাহাবিদের জীবন পরিচালনার একমাত্র মানহাজ ছিল শার'ঈ দলিল-প্রমাণ গ্রহণ। কুরআন-সুন্নাহর দলিল-প্রমাণ থেকে সকল প্রজন্মের চেয়ে সাহাবিরাই বেশি উপকৃত হতে পেরেছিলেন। এর প্রধানতম কারণ ছিল সাহাবিদের অন্তরের পরিশুদ্ধতা।

দ্বিতীয়ত, সাহাবিরা সরাসরি জড়িত ছিলেন এমন অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে কুরআন-সুন্নাহর মূলপাঠের অবতরণ ঘটে। নবিজির কাছে যখন ওয়াহি নাযিল হতো, তখন প্রথম প্রজন্মের মুসলিমরা তা প্রত্যক্ষ করতেন। কোন আয়াত কোন পটভূমিতে নাযিল হয়েছে, রাসূল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন কথাটি বলেছেন—এসবের জ্ঞান সাহাবিরাই সবচেয়ে ভালো জানতেন।

ওয়াহি ও ঈমানের প্রভাবে তাঁদের মধ্যে আধ্যাত্মিকতার জাগরণ ঘটেছিল। কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞানই ছিল তাঁদের জীবন চলার একমাত্র পাথেয়। এ জ্ঞানের ভিত্তিতেই তাঁরা আল্লাহকে ভালোবাসেন এবং তাঁর সাক্ষাতের আশা করেন। সাহাবিরা দিনের বেলায় যুদ্ধ করতেন, রাতের বেলায় সেজদায় অবনত থাকতেন। তাঁদের জ্ঞান ও আল্লাহভীতি পার্থিব কাজে তাঁদের সামনে বাধা হয়ে দাঁড়ায়নি; তাঁরা ধর্মকর্ম যেমন করেছেন তেমনিভাবে হাটবাজারে গিয়েছেন, বেচাকেনা করেছেন এবং পরিবার-পরিজনের দেখাশোনা করেছেন।

টিকাঃ
২৯৭. দেখুন: সালমান আল-'আওদাহ, সিফাতুল-গুরাবা (পৃ. ৮৩)।
২৯৮. প্রাগুক্ত (পৃ. ৯৪)।
২৯৯. প্রাগুক্ত (পৃ. ৯৭)।

📘 রউফুর রহীম 📄 নবিজির ব্যক্তিত্বের প্রভাব

📄 নবিজির ব্যক্তিত্বের প্রভাব


মানব ইতিহাসের শিক্ষা-দীক্ষার সবচেয়ে মহান বিদ্যাপীঠটির নাম ‘দারুল-আরকাম ইবনুল-আরকাম’। আর এটি মহান হবেই না বা কেন, যখন এর শিক্ষক রাসূল ﷺ নিজেই। দারুল-'আরকামে রাসূল ﷺ প্রথম প্রজন্মের মুসলিমদেরকে আল্লাহর অনুগ্রহে এমনভাবে গড়ে তোলেন যে, তাঁরা মানব ইতিহাসে দা’ওয়াতের মহান কাজগুলো সহজেই সম্পাদন করতে সক্ষম হন।

রাসূল ﷺ গোপনে দা’ওয়াত দেওয়ার ওই সময়ে দারুল-'আরকামে অনন্যসাধারণ এমন একদল লোককে প্রশিক্ষিত করতে সক্ষম হন যাঁরা, তাঁর মৃত্যুর পরও, তাওহীদ, দা’ওয়াত ও জিহাদের পতাকা বহন করেন। নুবুওয়াতি জীবনের প্রথম তিন বছরের মধ্যে দা’ওয়াতের প্রধান ব্যক্তিদের বাছাইয়ে রাসূল ﷺ অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দেন। তিনি তাঁদেরকে নেতার আনুগত্যের অর্থ, নেতৃত্বের সুলুকসন্ধান এবং এর রীতিনীতি হাতেকলমে শেখান।

দারুল-'আরকামে দীক্ষা দানে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে নবিজির ব্যক্তিত্ব। যেকোনো লোক এসেই তাঁর এমন ব্যক্তিত্ব দেখে বিমোহিত হয়ে যেত। নবিজির ব্যক্তিত্ব ইসলামের জন্য চালিকাশক্তি ও উদ্দীপকের কাজ করত। তাঁর ব্যক্তিত্বে মানুষকে সহজে আপন করে নেওয়ার মতো অসাধারণ একটি গুণ ছিল। মু'মিনরা তাঁর ব্যক্তিত্বের কারণে যেমনি ভালোবাসতেন, তেমনি ভালোবাসতেন আল্লাহর পক্ষ থেকে তাঁর কাছে ওয়াহি আসার কারণে তাঁদের সম্পর্ক সরাসরি রবের সঙ্গে স্থাপিত হলো বলেও। এভাবেই রাসূলুল্লাহর ব্যক্তিত্বে দুটি গুণের সমন্বয় ঘটে: তিনি একাধারে একজন মহামানব ও একজন মহান রাসূল।

টিকাঃ
৩০০. দেখুন: রাসূলুল্লাহর রাষ্ট্র: শিকড় থেকে শিখরে (পৃ. ২১৯)।
৩০১. প্রাগুক্ত (পৃ. ২২০)।
৩০২. দেখুন: মুহাম্মাদ কুতুব, মানহাজুত-তারবিয়াতিল-ইসলামিয়্যাহ (পৃ. ৩৪, ৩৫)।

📘 রউফুর রহীম 📄 দারুল-আরকামের পাঠ্যসূচি

📄 দারুল-আরকামের পাঠ্যসূচি


রাসূল ﷺ দারুল-'আরকামে যে পাঠ্যসূচির আলোকে পাঠদান করতেন তা ছিল আল-কুরআন; কুরআন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞানের প্রধানতম উৎস। সাহাবিদের জ্ঞানের প্রধানতম উৎস যাতে এ কুরআনই হয় সে বিষয়ে রাসূল ﷺ ছিলেন সচেষ্ট। তিনি চাইতেন কুরআনই যাতে এ বিদ্যাপীঠের একমাত্র মানহাজ হয়। যার আলোকে পরিচালিত হবে একজন মুসলিমের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন।

ওয়াহির অমিয় বাণী তাঁদের হৃদয় ছুঁয়ে যেত, অন্তরে গেঁথে যেত। দারুল-'আরকামে সাহাবিরা শিখলেন যে, কুরআন ও নবিজির সুন্নাহই দা'ওয়াত, জীবন, রাষ্ট্র ও সভ্যতা পরিচালনার সবচেয়ে বড় ও সুপ্রীম সংবিধান। প্রথম প্রজন্ম কুরআনকে গ্রহণ করেন ঐকান্তিকভাবে, প্রচণ্ড নিষ্ঠার সাথে। তাঁরা উদগ্রীব ছিলেন কুরআন অনুধাবনে এবং জীবনে তাঁর পরিপূর্ণ বাস্তবায়নে।

এভাবেই ইসলামের প্রথম প্রজন্ম গড়ে ওঠে কুরআনের আলোকে; রব-প্রদত্ত এ নির্দেশনাগুলো কাজে পরিণত করার জীবন্ত ছবি হয়ে ওঠেন তাঁরা। কুরআন ছিল তাঁদের জন্য আল্লাহ প্রদত্ত নির্দেশনার বিদ্যালয়। ইসলামের এ প্রজন্মের মুসলিমরা কুরআনের দীক্ষায় গ্র্যাজুয়েশন শেষে বের হয়ে পৃথিবীর সব সমাজে অনন্যতার ছাপ রাখেন।

টিকাঃ
৩০৩. দেখুন: রাসূলুল্লাহর রাষ্ট্র: শিকড় থেকে শিখরে (পৃ. ২২৫)।
৩০৪. দেখুন: রাসূলুল্লাহর রাষ্ট্র: শিকড় থেকে শিখরে (পৃ. ৩৩৫)।

📘 রউফুর রহীম 📄 দারুল-'আরকামকে বেছে নেওয়ার কারণ

📄 দারুল-'আরকামকে বেছে নেওয়ার কারণ


অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে দারুল-'আরকামকে দীনের প্রথম বিদ্যালয় হিসেবে বেছে নেওয়ার পেছনে। এর কয়েকটি নিম্নরূপ:

* 'আরকাম প্রকাশ্যে ঘোষণা দিয়ে ইসলাম গ্রহণ করেননি। তাই সংগত কারণেই কেউ কল্পনাও করতে পারেনি যে, সাহাবিরা নবিজির সঙ্গে 'আরকামের বাড়িতে গোপনে দেখা-সাক্ষাৎ করেন।

* 'আরকাম ইবনু আবুল-'আরকাম ছিলেন মাখযূম গোত্রের লোক। আর মাখযূম গোত্রের শত্রুতা ছিল হাশিম গোত্রের সঙ্গে। তাঁর ঘরে মুসলিমদের জমায়েত হওয়ার মানেই হচ্ছে: মুসলিমরা জেনেশুনেই শত্রু ঘাঁটির কলিজায় বসে রাসূলুল্লাহর সঙ্গে তাঁদের নিয়মিত দেখা-সাক্ষাৎ করে যাচ্ছে।

* ইসলাম গ্রহণকালে 'আরকামের বয়স খুব বেশি ছিল না; ষোলো ছুঁই ছুঁই করছিল। তখন যদি কুরাইশদের মনে ইসলামি দাওয়াতের কেন্দ্র খোঁজার চিন্তা মাথায় আসতও, তবুও এত অল্প বয়সি এক সাহাবির ঘরে খোঁজার কথা তাঁদের মাথায় আসত না ঘুণাক্ষরেও। এ কারণেই বলা যায়, নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে 'আরকামের বাড়িকে বেছে নেওয়াটা ছিল চূড়ান্ত প্রজ্ঞার পরিচায়ক।

টিকাঃ
৩০৫. দেখুন: আল-গদবান, আল-মিনহাজুল-হারাকি (১/৪৯)।

ফন্ট সাইজ
15px
17px