📘 রউফুর রহীম 📄 সকল পাপাচার থেকে সুরক্ষা

📄 সকল পাপাচার থেকে সুরক্ষা


আল্লাহ তা'আলা তাঁর রাসূলকে সুরক্ষা দেন শির্ক ও মূর্তিপূজার মতো জাহিলিয়্যাতের সব ধরনের পঙ্কিলতা থেকে। ইমাম আহমাদ তার মুসনাদে হিশাম ইবনু 'উরওয়াহ থেকে বর্ণনা করেন, তিনি তার বাবা থেকে বর্ণনা করেন যে,

“খাদীজার এক প্রতিবেশী আমাকে বলেন, তিনি খাদীজাকে উদ্দেশ করে রাসূলুল্লাহকে বলতে শুনেছেন, 'খাদীজা, আল্লাহর কসম! আমি কখনোই লাতের পূজা করিনি এবং আল্লাহর কসম, আমি কখনোই 'উযযার পূজা করিনি'।” [১৫৩] বেদিমূলে উৎসর্গকৃত জবেহ করা প্রাণীর গোস্তও খেতেন না রাসূল। যাইদ ইবনু 'আম্র ইবনু নুফাইলও এমনটিই করতেন; তিনিও বেদিমূলে জবেহকৃত প্রাণীর গোস্ত খেতেন না।” [১৫৪]

“যৌবনে অসংযত আচরণের কারণে লজ্জাজনক, অরুচিকর ও গর্হিত অনেক কাজই করে ফেলে মানুষ। কিন্তু আল্লাহ তা'আলা নবিজিকে এমন সব বিষয় থেকেও হেফাজত করেছেন আপন কৃপায়। কারণ, আলোর পথের দিশারি এবং হিদায়াতের বাণী প্রচারকদের এমন তুচ্ছ ব্যাপার চর্চা করাও সাজে না।” [১৫৫]

'আলি ইবনু আবু তালিব থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেন, 'সচরাচর জাহিলি যুগের মানুষেরা যেসব মন্দ কাজের মনস্থ করত, এমন কাজের অভিপ্রায় আমি কখনো করিনি। তবে জীবনের দুটো সময় ছিল এর ব্যতিক্রম; কিন্তু আল্লাহ দুবারই আমাকে রুচিহীন কাজ করা থেকে রক্ষা করেন। এক রাতের ঘটনা। আমি মাক্কার উত্তরে একটা স্থানে অবস্থান করছিলাম। সঙ্গে কুরাইশের এক যুবক। তার পরিবারের মেষপাল তার সাথে ছিল। সে এগুলো দেখাশোনার দায়িত্বে ছিল। আমি তাকে বললাম, 'আমার মেষ-ভেড়াগুলোর দিকে একটু খেয়াল রেখো। আজ রাতে মাক্কার আসরে গল্পগুজব করে একটু আড্ডা দিয়ে আসি। যেভাবে অন্য যুবকরা গল্পের আসরে মেতে থাকে।' সে বলল, 'ঠিক আছে।'
'এরপর আমি বেরিয়ে পড়ি। শহরের কাছাকাছি এলে গান, দফের বাজনা এবং বাঁশির আওয়াজ শুনতে পাই। জানতে চাই, 'এটা কী?' উপস্থিত লোকেরা বলল, 'অমুক ব্যক্তি অমুক মেয়েকে বিয়ে করেছে। লোকটি ছিল কুরাইশেরই এক ব্যক্তি, সে কুরাইশেরই আরেক মহিলাকে বিয়ে করেছে। আমি সে গান এবং সে বাজনার প্রতি কিছুটা আকৃষ্ট হই। একসময় হঠাৎ ঘুমে আমার দুচোখ লেগে আসে এবং অঘোরে ঘুমিয়ে পড়ি। সূর্যের তাপে (সকাল বেলায়) জেগে উঠি। এরপর ফিরে আসি। সেই (রাখাল) জানতে চাইল, 'কী করেছেন?' আমি তাকে জানালাম।

আরেক রাতে তাকে আবার একই অনুরোধ করি। সে রাজি হয়ে যায়। আমি বেরিয়ে পড়ি। আবার আগের মতো একই জিনিস শুনতে পাই। জানতে চাইলে লোকেরা আমাকে আগের মতোই উত্তর করে। যা শুনেছি তার প্রতি কিছুটা আকৃষ্ট হই। এক সময় ঘুমিয়েও পড়ি আমি। সকালের সূর্যের আলো এসে আমাকে জাগিয়ে তোলে। এরপর আমার ওই সাথির কাছে ফিরে আসি। সে বলল, 'কী করলেন?' বললাম, 'কিছুই করিনি'।”

রাসূল বলেন, “আল্লাহর কসম! জাহিলি যুগের লোকেরা যে খারাপ কাজগুলো করত, ওই ঘটনার পর থেকে আমি আর কখনোই খারাপ কাজের প্রতি আকৃষ্ট হইনি। এরপর আল্লাহ তো আমাকে তাঁর নবি করে সম্মানিত করেছেন।” [১৫৬]

হাদীসটি আমাদের সামনে গুরুত্বপূর্ণ দুটি দিক প্রতিভাত করে: মুহাম্মাদ একজন নবি ও রাসূল। তবে একইসাথে তাঁর মাঝে সৃষ্টিগতভাবে বিদ্যমান মানবীয় সব বৈশিষ্ট্যই বিদ্যমান ছিল। তিনিও আর সব যুবকের মতো স্বভাবজাত নানান প্রবণতার প্রতি একটা টান অনুভব করতেন নিজের মধ্যে। স্বভাবজাত এই প্রবণতাগুলো আল্লাহই মানুষের মধ্যে সৃষ্টি করেন। ফলে স্বাভাবিকভাবেই তিনি গল্পগুজব ও অনর্থক কাজের প্রতি একটা টান অনুভব করেন এবং এর উপভোগ্য দিকটাকে বুঝতে চেষ্টা করেন। তাঁর মন তাঁকে বলত, অন্যদের মতো তিনিও যদি এর কিছুটা উপভোগ করতে পারতেন!

আল্লাহ তা'আলা তা সত্ত্বেও নবিজিকে বাহ্যিক সকল বিচ্যুতি থেকে রক্ষা করেন। দা'ওয়াতের দাবির পরিপন্থি সব ধরনের কাজ থেকেও আল্লাহ তাঁর রাসূলকে আপন কৃপায় রক্ষা করেন। [১৫৭]

টিকাঃ
১৫৩. আল-মুসনাদ, হাদীস নং ১৭, ৯৪৭, মুআস্সাসাতুর-রিসালাহ সংস্করণের সম্পাদকগণ বলেন, এর বর্ণনা-সূত্রটি সহীহ। আরও দেখুন: আহমাদ ফারীদ, ওয়াকাফাত তারবাওয়িয়া, পৃ. ৫১।
১৫৪. দেখুন: আহমাদ ফারীদ, ওয়াকাফাত তারবাওয়িয়া, পৃ. ৫১।
১৫৫. দেখুন: মুহাম্মাদ 'উরজন, মুহাম্মাদ আল্লাহর রাসূল, ১/১৯৩।
১৫৬. ইবরাহীম আল-'আলি, সহীহুস-সীরাহ আন-নাবাওয়িয়া, পৃ. ৫৭।
১৫৭. দেখুন: আল-বৃতি, ফিকহুস-সীরাহ, পৃ. ৫০, ৫১।

📘 রউফুর রহীম 📄 বুহাইরা পাদরির সাক্ষাৎ

📄 বুহাইরা পাদরির সাক্ষাৎ


কোনো এক বাণিজ্যিক সফরে আবু তালিব ভাতিজা মুহাম্মাদ -সহ কুরাইশ গোত্রের প্রধান ব্যক্তিদের নিয়ে শামে যাত্রা করেন। পথে তারা যাত্রা বিরতি করেন খ্রিষ্টান পাদরি বুহাইরার গির্জার কাছে। একে একে গাট্টি-বোঁচকা নামিয়ে রাখেন। বন্দোবস্ত করতে থাকেন থাকার। খবর পেয়ে বুহাইরা পাদরি তাদের সঙ্গে দেখা করতে আসেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে, কুরাইশদের এটাই প্রথম বাণিজ্যিক কোনো সফর নয়; ইতঃপূর্বেও এ পথে বাণিজ্যিক-কাফেলা নিয়ে বহুবার যাওয়া- আসা করেছেন তারা। কিন্তু বুহাইরা এর আগে তাদের কাছে আসা তো দূরে থাক, নজরও করেননি ঠিকভাবে।

কুরাইশরা নিজেদের মাল-সামানা সামলে রাখছিল। এমন সময় পাদরি এসে হাজির সেখানে। তাদের মধ্যে ঘোরাঘুরি করতে থাকেন। একপর্যায়ে রাসূলুল্লাহর কাছে এসে তাঁর হাত ধরে বলে ওঠেন, “এই ব্যক্তি বিশ্বজাহানের সর্দার। ইনি বিশ্বজাহানের রব আল্লাহর রাসূল। আল্লাহ তাঁকে বিশ্ববাসীর জন্য রাহমাতরূপে পাঠাবেন।”

কুরাইশের সর্দাররা বলে ওঠেন, “আপনি জানলেন কী করে?”
তিনি উত্তর করেন, "আপনারা যখনই 'আকাবা থেকে এখানে এসে পৌঁছান, তখন এমন কোনো গাছ ও পাথর ছিল না যারা সিজদায় লুটিয়ে পড়েনি। হ্যাঁ, তারা সবাই নবির জন্যই কুর্নিশ করেছে। তাঁর কাঁধের নিচের কোমলাস্থিত নুবুওয়াতের সীল দেখেই আমি তাঁকে শনাক্ত করি। এই কোমালাস্থি দেখতে আপেলের মতো।”

এরপর পাদরি ফিরে আসেন গির্জায়। কুরাইশ-দলটির জন্য আয়োজন করেন খাবারদাবারের। তৈরি হলে পরে সেগুলো নিয়ে হাজির হন কুরাইশদের মাঝে। রাসূল সেখানে ছিলেন না; তখন তিনি পেছনে তাদের উটগুলো দেখভালের দায়িত্ব নিয়ে ব্যস্ত। পাদরি অনুরোধ করলেন, “তোমরা তাঁকে ডেকে নিয়ে এসে তোমাদের সঙ্গে বসাও।”

রাসূল ﷺ এলেন। মেঘমালা তাঁকে তখন ছায়া দিচ্ছিল। লোকদের কাছাকাছি এলে পাদরি নজর করে দেখলেন, আর কারও সঙ্গে নয়, কেবল রাসূলুল্লাহর সাথে সাথে গাছের ছায়া এগিয়ে আসছে। রাসূল বসলে গাছের ছায়া তাঁর ওপর এসে পড়ে। সব দেখে পাদরি বলে ওঠেন, “দেখুন, গাছ কীভাবে তাঁকে ছায়া দিচ্ছে!”

রাসূল তখনও আসর থেকে উঠে যাননি, এমন সময় পাদরি কুরাইশ নেতাদের কাছে এসে নবিজিকে রোমে না নেওয়ার অনুরোধ জানান। কারণ, রোমানরা যদি তাঁকে চিনে ফেলে, তবে তাঁকে নির্ঘাত মেরে ফেলবে। পাদরি কুরাইশদেরকে যখন এ কথাগুলো বলছিলেন তখন পাশ ঘুরে দেখেন রোমের দিক থেকে সাতজন লোক এগিয়ে আসছে। পাদরি এগিয়ে যান সেদিকে। জানতে চান, তারা কী চায়। তারা জানাল, “আমরা জানতে পেরেছি যে, প্রতীক্ষিত নবি এই মাসের মধ্যেই আগমন করছেন। এমন কোনো রাস্তা বাকি নেই যেখানে তাঁর খোঁজে লোক পাঠানো হয়নি। আমাদেরকেও তাঁর খোঁজ করতে আপনার এই পথে পাঠানো হয়েছে।”

পাদরি বললেন, "মনে করো, আল্লাহ কোনো একটি বিষয় বাস্তবায়ন করতে চাচ্ছেন, মানুষের কি সাধ্য আছে তা ঠেকানোর?” তারা একবাক্যে স্বীকার করল, “না, নেই।” তখন তিনি বললেন, “তা হলে তোমরা সবাই তাঁর বাই'আত (আনুগত্যের শপথ) গ্রহণ করো এবং তাঁর সঙ্গে থাকো।”

আগত রোমান লোকেরা পরে কুরাইশদের সাথে যোগ দেয় এবং রাসূলুল্লাহর কোনো ক্ষতি করা থেকে বিরত থাকে। পাদরি এবার কুরাইশ দলটির দিকে ফিরে বললেন, “আমি সনির্বন্ধ অনুরোধ করছি, আমাকে বলো তো তোমাদের মধ্যে কে তাঁর অভিভাবক?” তারা বলল, “আবু তালিব।” আবু তালিবকে পাদরি জোর অনুরোধ করেন, তাঁকে রোমে না নিয়ে যাওয়ার জন্য। অবশেষে আবু তালিব ভাতিজাকে পাঠিয়ে দেন মাক্কায়। [১৫৮]

শিক্ষা ও উপকারিতা
আহলুল-কিতাবদের মধ্যে সত্যবাদী পাদরিরা জানতেন যে, নবিজিই মানবতার রাসূল। তারা তাদের আসমানি কিতাবে বর্ণিত নবিজির গুণাগুণ ও বিভিন্ন নিদর্শন দেখেই তাঁকে শনাক্ত করতে পারেন।

আল্লাহর আদেশে নবিজির উদ্দেশে গাছ ও পাথরের অবনত হওয়া এবং মেঘমালা ও গাছ ঝুঁকে পড়ে তাঁকে ছায়াবৃত করার বিষয়টি বিভিন্ন বর্ণনায় সত্য বলে প্রমাণিত।

চাচা আবু তালিব, বিশেষ করে কুরাইশ সর্দারদের সঙ্গে তার এই সফর থেকে রাসূল ﷺ প্রভূত উপকৃত হন। সেই সাথে পথিমধ্যে ভিনদেশি বিভিন্ন গোত্রের জীবনাচার, তাদের জীবিকা-নির্বাহ ইত্যাদি সম্পর্কেও সম্যক ধারণা পান তিনি। অভিজ্ঞ এই কুরাইশ সর্দারদের বিভিন্ন বিষয়ে রায়প্রদানের অসাধারণ মুনশিয়ানা, প্রায় সর্ববিষয়ে তাদের দক্ষতা, তাদের বুদ্ধিমত্তা থেকেও তিনি উপকৃত হন সমানভাবে এবং জীবনে এখনো সম্মুখীন হননি, এমন এমন অভিজ্ঞতাও অর্জন করেন এই বাণিজ্যিক সফর থেকেই।

খ্রিষ্টানদের থেকে সতর্ক থাকতে বুহাইরা পাদরির হুঁশিয়ারি। চাচা আবু তালিব ও কুরাইশ-সর্দারদের তিনি নবিজিকে রোমে না নেওয়ার জন্য জোর তাগাদা দেন। কারণ, রাসূলুল্লাহর নিদর্শন দেখে রোমানরা যদি একবার চিনে ফেলে, তবে নিশ্চিত তাঁকে মেরে ফেলবে; তারা জানতে পারে যে, প্রতিক্ষীত নবি তাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। নবিজিকে তারা নিজেদের সাম্রাজ্যের হুমকি বলে মনে করে। তাই একবার তাঁকে খুঁজে পেলেই হত্যা করবে তারা।

টিকাঃ
১৫৮. দেখুন: সহীহুস-সীরাহ আন-নাবাওয়িয়া, পৃ. ৫৮, ৫৯; ও তার টীকা-টিপ্পনি।

📘 রউফুর রহীম 📄 ফিজার যুদ্ধ

📄 ফিজার যুদ্ধ


ফিজার জাহিলি আরবে সংঘটিত একটি ঐতিহাসিক যুদ্ধ। কুরাইশ তাদের মিত্র কিনানাকে সঙ্গে নিয়ে হাওয়াযিন গোত্রের বিরুদ্ধে এ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। যুদ্ধটি লাগার পেছনে বড় কোনো কারণই ছিল না। তুচ্ছ একটা কলহকে কেন্দ্র করে ধাপে ধাপে সেটা ভয়াবহ যুদ্ধে গিয়ে গড়ায়। 'উরওয়াহ আর-রহহাল ইবনু 'উতবা ইবনু হাওয়াযিন একবার নু'মান ইবনুল-মুনযিরকে 'উকাজ মেলায় যাওয়ার জন্য তাঁর পণ্যবাহী বহরকে প্রতিরক্ষা দেন। বারাদ ইবনু কাইস ইবনু কিনানা 'উরওয়ার কাছে জানতে চায়, “তুমি কিনানা গোত্রের বিরুদ্ধে নু'মানকে প্রতিরক্ষা দিলে?” উত্তরে সে জানাল, “হ্যাঁ, এবং দরকার হলে সকল মানুষের বিরুদ্ধেও তাঁকে প্রতিরক্ষা দেবো।” এরপর 'উরওয়া নু'মানকে সঙ্গে করে সে বহর নিয়ে মেলায় যায়। বারাদও খুব কাছ থেকে তাকে অনুসরণ করতে করতে এগিয়ে আসে। সুযোগ খুঁজতে থাকে হত্যা করার জন্য 'উরওয়ার একটা অসতর্ক মুহূর্তের। পরিস্থিত পর্যবেক্ষণ করে সুযোগমতো হাওয়াযিন গোত্রের প্রতিশোধ নেওয়া যাবে-এ আশায় তার গোত্র কিনানা হাওয়াযিন গোত্রকে কিছুই বুঝতে না দিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু খবরটি বেশিক্ষণ চাপা থাকেনি। হাওয়াযিনরা একসময় জেনে যায়; 'উরওয়াহ ও তার গোত্র হাওয়াযিন টের পেয়ে যায় তাদেরকে অনুসরণ করা হচ্ছে। সঙ্গে সঙ্গে তারা ঘুরে যায় কিনানা গোত্রের দিকে। মুহূর্তের মধ্যে চিত্র পালটে যায়; শিকার এখন শিকারে পরিণত। হারাম এলাকায় (মাক্কার যে অংশে রক্তপাত নিষেধ) আশ্রয় নেওয়ার পূর্বে কিনানাকে পেয়েও যায় তারা। প্রচণ্ড যুদ্ধ শুরু হয় উভয় পক্ষে। সারা দিন তুমুল যুদ্ধ হলো। রাতে কিনানার লোকেরা হারামের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। হাওয়াযিনও কিনানাদের হত্যা করা থেকে বিরত হয়। কিন্তু পরদিন হারাম এলাকাতেই আবার যুদ্ধ। চলল টানা কয়েকদিন। কুরাইশরা কিনানা গোত্রের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। [১৫৯] রাসূলুল্লাহরও অংশগ্রহণ ছিল এ যুদ্ধে; অল্প কিছুদিন। চাচারা সঙ্গে করে রণাঙ্গণে নিয়ে যান তাঁকে।

আরবরা মাক্কার হারাম এলাকাকে পবিত্র বলে জ্ঞান করত; জাহিলি যুগেও তারা এই পবিত্রতাকে মেনে চলত। কেউই সীমালঙ্ঘন করত না। কিন্তু এই যুদ্ধে যেহেতু মাক্কার পবিত্রতা লঙ্ঘিত হয়েছে, তাই যুদ্ধটির নামকরণ হয় ফিজার যুদ্ধ। [১৬০] পরবর্তীকালে রাসূল ফিজার যুদ্ধের কথা উল্লেখ করতে গিয়ে বলেন,

“আমি শত্রুদের নিক্ষিপ্ত তিরগুলি ঠেকিয়ে দিতাম এবং তা কুড়িয়ে কুড়িয়ে চাচাদের হাতে তুলে দিতাম।” [১৬১]

ফিজার যুদ্ধের সময় রাসূলুল্লাহর বয়স ছিল চৌদ্দ কি পনেরো। কারও কারও মতে, বিশ বছর। যারা বলেন সে সময় রাসূলুল্লাহর বয়স ছিল চৌদ্দ তাদের যুক্তি হলো, রাসূল তখন শত্রুদের নিক্ষিপ্ত তিরগুলো কেবল কুড়িয়ে এনে চাচাদের কাছে বয়ে নিতেন। তিনি যুদ্ধ করেননি। যা প্রমাণ করে যে, তাঁর বয়স তখন খুব বেশি ছিল না; চৌদ্দ কি পনেরো।

তবে রাসূল এ যুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে অর্জন করেন সাহসিকতা, নির্ভীকতা ও বীরত্ব। যৌবনের শুরুতেই যুদ্ধের একটা প্রশিক্ষণও হয়ে যায় তাঁর। আরবদের অধিকাংশ যুদ্ধের মতো ফিজার যুদ্ধটাও একসময় শেষ হয়...। আল্লাহ তাদের মধ্যে হৃদ্যতা সৃষ্টি করে দেন। পরবর্তীকালে তাদের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিয়ে অপসারিত করেন তাদের সকল ভ্রষ্টতা। [১৬২]

টিকাঃ
১৫৯. কিনানা গোত্রেরই একটি শাখা এই কুরাইশরা।
১৬০. ওয়াকাফাত তারবাওয়িয়া মা'আস-সীরাহ আন-নাবাওয়িয়া, পৃ. ৫৩।
১৬১. ইবনু হিশাম, আস-সীরাহ আন-নাবাওয়িয়া, ১/২২১-২২৪। আস-সীরাহ আল-হালাবিয়্যাহ, ১/১২৭-১২৯।
১৬২. ওয়াফাকাত তারবাওয়িয়া, পৃ. ৫৩।

📘 রউফুর রহীম 📄 হিলফুল-ফুযূল

📄 হিলফুল-ফুযূল


হিলফুল-ফুযূলের সূচনা হয় ফিজার যুদ্ধ থেকে কুরাইশদের ফিরে আসার অব্যবহিত পরে। কারণটা ছিল এ রকম—ইয়েমেনের শহর যুবাইদ থেকে একজন লোক ব্যবসার মাল-সামান নিয়ে একবার মাক্কায় আসে। 'আস ইবনু ওয়া'ইল নামের একজন লোক তার থেকে কিছু পণ্য কেনে। কিন্তু দাম পরিশোধ করছিল না। নিরুপায় হয়ে ব্যবসায়ী লোকটি কুরাইশ-সর্দারদের কাছে বিচার চায়। কিন্তু কুরাইশদের মধ্যে 'আস ইবনু ওয়ায়িলের ব্যাপক প্রভাব থাকায় লোকটিকে সাহায্যের জন্য এগিয়ে আসে না কুরাইশরা। অগত্যা লোকটি কা'বার সামনে দাঁড়িয়ে যায়। হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য চেয়ে চিৎকার করে তাদেরকে আহ্বান করতে থাকে।

তার করুণ আহ্বানে সাড়া দিয়ে রাসূলুল্লাহর একজন চাচা, যুবাইর ইবনু 'আবদুল-মুত্তালিব এগিয়ে আসেন। ক্ষোভ প্রকাশ করে বলেন, “কেউ কি তার সাহায্যে এগিয়ে আসবে না!”

তার এ কথা শুনে হাশিম, যুহরা এবং তাইম ইবনু মুদ্রা প্রভৃতি গোত্রগুলো 'আবদুল্লাহ ইবনু জুদ'আনের বাড়িতে জড়ো হয়। 'আবদুল্লাহ ইবনু জুদ'আন তাদের সবার জন্য ভোজের আয়োজন করেন। সেখানে বসে তারা হারাম মাস (যুদ্ধ-বিগ্রহ, খুন-খারাবি করা যাবে না এমন চারটি মাসের একটি), যুল-কা'দাহ মাসে, আল্লাহর নামে প্রতিজ্ঞা করেন যে, অত্যাচারীর বিরুদ্ধে নির্যাতিতকে তারা সাহায্য করবেন। এবং মাজলুমের পাওনা ফেরত না দেওয়া পর্যন্ত জালিমের বিরুদ্ধে তাদের এ প্রতিরোধ চলবেই।[১৬৩]

সবাই তাদের কৃত প্রতিজ্ঞায় একাত্মতা ঘোষণা করে 'আস ইবনু ওয়াইলের কাছে আসে। 'আস থেকে যুবাইদি ব্যবসায়ী লোকটির পণ্য একপ্রকার ছিনিয়ে নেয় তারা। এরপর লোকটির পণ্য লোকটিকে বুঝিয়ে দেয়।

আরবরা এই সংঘকে 'হিলফুল-ফুযূল' নামে নামকরণ করে। তারা বলত, ওই লোকেরা এতদিনে মর্যাদাকর একটা কাজের কাজ করেছে।

আরবরা নির্যাতনের স্টিমরোলার গুঁড়িয়ে দিয়েছে যে সংঘের মাধ্যমে রাসূল সেদিন সেখানে উপস্থিত ছিলেন। এই সংঘের শপথের পথ ধরেই আলোর মশাল উঁচু করে ধরেন তারা। মানবাধিকার প্রতিষ্ঠার এই ঘটনাকে আরবদের গৌরবজনক কাজ হিসেবে ইতিহাসে ঠাঁই দেওয়া হয়। ঘটনাটির কথা বলতে গিয়ে রাসূল জানান, “আমি তখন ছোট একজন বালক। চাচাদের সঙ্গে ভালো মানুষদের দলে আমিও উপস্থিত ছিলাম। লাল উটের বিনিময়েও এ সংঘ (সংঘের শর্ত) ভেঙে দেওয়া আমি পছন্দ করি না।” [১৬৪] সে সময় একটা লাল উটের মালিক মানে বর্তমানের একজন কোটিপতি।

রাসূল অন্য একটা হাদীসে বলেন, “আমি 'আবদুল্লাহ ইবনু জুদ'আনের গৃহের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। সে সংঘের বদলে আমার একটা লাল উট হবে, এটা আমি পছন্দ করি না। ইসলামে এসেও যদি আমাকে এমন বিষয়ের প্রতি আহ্বান করা হতো, তাহলেও আমি সে ডাকে সাড়া দিতাম।” [১৬৫]

শিক্ষা ও উপকারিতা
ইনসাফ বা ন্যায়পরায়ণতার গুণটি নিঃসন্দেহে সর্বজনীন। স্থান-কাল-পাত্রের সাথে সম্পৃক্ত নয় এটা; মুহাম্মাদ নবি হওয়ার পূর্বে ন্যায়ভিত্তিক দুটি ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে সম্মানিত বোধ করার বিষয়টি প্রকাশ করেছেন। এ থেকে বোঝা যায় ভালো কাজ প্রশংসিত হওয়ার দাবি রাখে। যদি সে ভালো কাজ জাহেলি যুগের মানুষরাও করে থাকে।

জাহেলি যুগের অজ্ঞতার ঘোর অমানিশার মধ্যে হিলফুল-ফুযূল যেন তৃষাতপ্ত খাঁখাঁ মরুভূমির মধ্যে এক টুকরো মরুদ্যান। এতে প্রতিভাত হয় যে, কোনো একটি নিয়মে কিংবা কোনো একটি সমাজে অনিয়মের বিস্তৃতি এ কথা প্রমাণ করে না যে, সেখানে কোনো ভালো কাজ আদৌ হয় না। মাক্কা ছিল এমনই একটি জাহিলি সমাজ, যেখানে ছেয়ে যায় মূর্তিপূজা এবং নির্যাতন- নিপীড়ন, ধর্ষণ-ব্যভিচার ও সুদী কারবার। এত কিছু সত্ত্বেও সেখানে মানবতাবোধসম্পন্ন, আত্মমর্যাদাবোধে উত্তীর্ণ এমন মানুষও ছিলেন যারা জুলুম-নির্যাতনকে ঘৃণা করতেন প্রচণ্ডভাবে। এসব কাজকে প্রশ্রয়ও দিতেন না তারা। এতে ইসলামের এমন দা'ঈদের জন্য শিক্ষা রয়েছে যাদের সমাজ ইসলামি অনুশাসন মেনে চলে না কিংবা ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। [১৬৬]

জুলুম যত আকর্ষণীয় মোড়কেই উপস্থাপিত হোক না কেন তা অন্য কিছু হয়ে যায় না, তা সর্বদা জুলুমই থাকে এবং প্রত্যাখ্যাত। বেশি মানুষের বিরুদ্ধে জুলুম-নির্যাতন চললে তার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় হবে, আর কমসংখ্যক মানুষের বিরুদ্ধে হলে হবে না-ব্যাপারটি আদৌ সে রকম নয়। [১৬৭] ইসলাম জুলুমের বিরুদ্ধ যুদ্ধ ঘোষণা করে মাজলুমের পাশে গিয়ে দাঁড়িয়েছে। পাশে দাঁড়াতে গিয়ে ইসলাম দেখিনি নির্যাতিত লোকটির গায়ের রং, ধর্ম, দেশ; কিংবা তার সংখ্যা। বিচার করেনি তার জাতপাত; বরং ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সে মাজলুমকে সাহায্য করেছে। [১৬৮]

কোনো ভালো কাজের বিষয়ে একতাবদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার বৈধতা প্রমাণিত হয় এখান থেকে। কুরআনে ভালো কাজে এগিয়ে যাওয়ার আদেশ করা হয়েছে আমাদেরকে। আল্লাহ বলেন,
“তোমরা সৎকাজ ও দীনদারিতে পরস্পর সহযোগিতা করো, তবে পাপ ও বাড়াবাড়িতে সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা।” [সূরা মা'ইদা, ৫:২]

মুসলিমদের এমন যেকোনো ভালো কাজে চুক্তিবদ্ধ হওয়ার বৈধতা রয়েছে। শার'ঈ-সম্মত কাঙ্ক্ষিত ভালো কাজ করার তাগিদ আছে ইসলামে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে, সেই ভালো কাজটি যাতে 'মাসজিদ আদ- দিরার'-এর মতো না হয়ে যায় আবার। আমরা জানি, মাসজিদ আদ-দিরার তৈরি করা হয় ইসলামের নাম দিয়ে ইসলাম ও মুসলিমের বিরুদ্ধাচরণ করার জন্য। হ্যাঁ, জুলুম অপসারণ কিংবা জালিমের মুখোমুখি হওয়ার জন্য মুসলিমরা যদি পরস্পরে প্রতিজ্ঞাবদ্ধ হন তবে তা তাদের জন্য বৈধ। উদ্দেশ্য-বর্তমান ও ভবিষ্যতে ইসলাম ও মুসলিমদের কল্যাণ সাধন। হাদীসটি থেকে সেটাই প্রমাণিত হয়। [১৬৯] “যা আমার কাছে হুমরুন নি'আম বা লাল উটের থেকেও বেশি প্রিয়” [১৭০] রাসূলুল্লাহর এ উক্তি দ্বারা ন্যায়নীতি বাস্তবায়ন, নির্যাতন প্রতিরোধের ইঙ্গিতই প্রমাণিত হয়। রাসূলুল্লাহর অন্য উক্তিটি-“ইসলামের মধ্যে এসেও যদি আমাকে এমন বিষয়ের প্রতি আহ্বান করা হতো তাহলেও আমি সে ডাকে সাড়া দিতাম।” [১৭১] অর্থাৎ ইসলাম আসার পরও যদি 'হিলফুল-ফুযূল সংঘে'র মতো কোনো বিষয়ের প্রতি তাঁকে ডাকা হতো তিনি সে ডাকে সাড়া দিতেন সানন্দে। [১৭২]

একজন মুসলিমের উচিত সে তার সমাজে ভালো কাজে সর্বদা এগিয়ে থাকবে। কোনো একটা ঘটনায় সমাজে তোলপাড় সৃষ্টি হয়ে গেল আর সে কিনা পুরোপুরি বেখবর-এমন হওয়াটা তার সাজে না। সমাধানে এগিয়ে না এসে পাদটীকার মতো জবুথবু হয়ে এক কোণে বসা থাকাটা একজন মুসলিম থেকে কোনোভাবেই কামনা করা যায় না। রাসূল ছিলেন তাঁর সমাজের কেন্দ্রবিন্দু; তাঁর ভালো কাজ প্রবাদতুল্য হয়ে ফিরত মানুষের মুখে মুখে। এমন ভালো গুণের কারণেই আরবের লোকেরা তাঁকে আল-আমীন বা পরম বিশ্বস্ত উপাধিতে ভূষিত করে। সমাজের নারী-পুরুষ সবাই তাঁর কথায় ভরসা পেত। সমাজে সৎগুণের কি যে কদর এবং সৎগুণের অধিকারীর কি যে মর্যাদা, হোক না সেটা বিকৃত সমাজ, হিলফুল-ফুযূল সংঘ তার একটি প্রাণবন্ত ছবি তুলে ধরে আমাদের সামনে। [১৭৩]

টিকাঃ
১৬৩. দেখুন: আবু শু'বাহ, আস-সীরাহ আন-নাবাওয়িয়া, ১/২১৩।
১৬৪. ইবরাহীম আল-'আলি, সহীহুস-সীরাহ আন-নাবাওয়িয়া, পৃ. ৫৯,
১৬৫. ইবনু হিশাম, আস-সীরাহ আন-নাবাওয়িয়া, ১/১৩৪; গাদবান, ফিকহুস-সীরাহ, পৃ. ১০২।
১৬৬. দেখুন: গাদবান, ফিকহুস-সীরাহ, পৃ. ১১০।
১৬৭. প্রাগুক্ত।
১৬৮. দেখুন: আবু ফারিস, আস-সীরাহ আন-নাবাওয়িয়া, ১২১।
১৬৯. দেখুন: আল-আসাস ফিস-সুন্নাতি ওয়াফিকহুহা; আস-সীরাহ আন-নাবাওয়িয়া, ১/১৭১, ১৭২।
১৭০. দেখুন: ইবনু হিশাম, আস-সীরাহ আন-নাবাওয়িয়া, ১/১৩৪।
১৭১. প্রাগুক্ত।
১৭২. দেখুন: আল-আসাস ফিস-সুন্নাহ, ১/১৭২।
১৭৩. দেখুন: গাদবান, ফিকহুস-সীরাহ, পৃ. ১১০, ১১১।

ফন্ট সাইজ
15px
17px