📄 ভূমিকা
সকল প্রশংসা আল্লাহ তা'আলার জন্য, যিনি পরম করুণাময়, অতি দয়ালু ও বিচার দিবসের মালিক। আমরা একমাত্র তাঁর ইবাদাত করি এবং তাঁর নিকট সাহায্য প্রার্থনা করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক তার কোনো শরীক নেই। তিনি পূর্বাপর সবার ইলাহ, আসমান ও যমিনের রক্ষাকর্তা। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল। যাকে তিনি দু'জাহানের রহমত, জীন ও মানব জাতির হিদায়াতস্বরূপ প্রেরণ করেছেন। তার ওপর ও তার পরিবার এবং তার সকল সাথী, স্ত্রী ও সন্তানের ওপর আল্লাহর দুরূদ ও সালাম। আরো যারা ইলম, আমল ও আল্লাহর দিকে আহ্বান করার মহান কর্মে তাদের পদাঙ্ক অনুসরণ করবে ও কিয়ামত পর্যন্ত হিদায়াতের ওপর প্রতিষ্ঠিত থাকবে -তাদের সবার ওপর।
অতঃপর, আল্লাহ তা'আলার হিকমত ও রহমতের দাবি, তিনি আমাদের জন্য রাতকে করেছেন আরাম ও বিশ্রামের স্থান এবং দিনকে করেছেন রিযিক ও জীবিকা নির্বাহের কর্মক্ষেত্র। এ হচ্ছে আল্লাহর সৃষ্ট জগতবাসীর প্রকৃতি বা সাধারণ নিয়ম। এ নিয়মের বিরোধিতা মূলতঃ প্রকৃতির বিরোধিতা, যার পরিণতি কখনো শুভ নয়। ঘুমের জন্য রাত, কর্মের জন্য দিন নির্ধারিত। এর বিপরীত হলে শরীর, স্বাস্থ্য ও মানসিক সুস্থতা বিপর্যস্ত হয়। বিশেষ করে রাত জেগে গান-বাজনা ও অশ্লীল চিত্র দর্শনে মত্ত থাকার ফলে দিনের অধিকাংশ সময় ঘুমে নিঃশেষ হয়, শরীর জুড়ে অলসতা বিরাজ করে, প্রয়োজনীয় কর্মে ব্যাঘাত ঘটে এবং সূর্যাস্তের পর অসময়ে ফজর সালাত কাযা করা হয়। যা দীন, দুনিয়া ও আখেরাত ধ্বংসের কারণ। এ ক্ষতির কোনো তুলনা নেই, এর চেয়ে বড় কোনো মুসিবত নেই। এ থেকে তাওবা করা যতদ্রুত সম্ভব অতি জরুরি।
মুসলিম ভাইদের জন্য কল্যাণ কামনা ও তাদের থেকে অনিষ্ট দূরীকরণের আকাঙ্ক্ষা থেকে অত্র পুস্তিকা রচনা করি। যার নাম দিয়েছি تذكير البشر بفوائد النوم المبكر وأضرار السهر "মানব জাতিকে দ্রুত ঘুমানোর ফায়দা ও রাত জাগার ক্ষতি সম্পর্কে অবহিত করা”। এ গ্রন্থের প্রতিটি বিষয় আল্লাহর কালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস ও জ্ঞানীদের বাণী থেকে সংগৃহীত।
আমি প্রথমে কুরআনের সেসব আয়াতগুলো উল্লেখ করেছি, যেখানে আল্লাহ তা'আলা রাতকে স্বস্তি ও বিশ্রামের স্থান এবং দিনকে আলোকিত ও কর্মমুখর করে বান্দার ওপর অনুগ্রহ প্রকাশ করেছেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের আদর্শ এবং রাত জাগার কুফল বর্ণনা করেছি। আরো উল্লেখ করেছি দিনে ঘুমানোর অপকারিতা বিশেষ করে ফজর ও আসর বাদ, এবং ঘুম দমিয়ে রাখার কুফল, যে কারণে নানা ব্যাধির সৃষ্টি হয়। হ্যাঁ, যার রাত জাগা ইবাদাত, তার পক্ষে ঘুমানোর তুলনায় জাগ্রত থাকা উত্তম, যদি তা সুন্নত মোতাবিক হয়।
আল্লাহ অত্র পুস্তিকাকে তার সন্তুষ্টি অর্জনের উসীলা ও মুসলিম ভাইদের উপকারী করুন। আমাদের নবী মুহাম্মাদ, তাঁর পরিবার ও সাথীসহ সকলের ওপর দুরূদ ও সালাম বর্ষণ করুন।
📄 রাত-দিন আল্লাহর বিশেষ অনুগ্রহ
আল্লাহ তা'আলার দয়া ও অনুগ্রহ যে, তিনি রাতকে বানিয়েছেন অন্ধকার, যা মানব জাতির স্বস্তি ও বিশ্রাম উপযোগী। দিনকে বানিয়েছেন উজ্জ্বল, যা তাদের দীন, দুনিয়া ও আখিরাতের কর্ম উপযুক্ত।
১. আল্লাহ তা'আলা বলেছেন:
هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الَّيْلَ لِتَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَسْمَعُونَ ﴾ [يونس : ٦٧]
“তিনিই সে সত্তা, যিনি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছেন, যেন তোমরা তাতে বিশ্রাম নাও এবং দিনকে করেছেন আলোকময়। নিশ্চয় এতে রয়েছে নিদর্শনাবলি এমন কওমের জন্য যারা শুনে”। [সূরা ইউনূস, আয়াত: ৬৭]
২. আল্লাহ তা'আলা বলেছেন:
وَمِنْ ءَايَاتِهِ مَنَامُكُم بِالَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاؤُكُم مِّن فَضْلِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَسْمَعُونَ ﴾ [الروم: ٢٣]
“আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তাঁর অনুগ্রহ থেকে তোমাদের (জীবিকা) অন্বেষণ। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কাওমের জন্য যারা শোনে”। [সূরা আর-রূম, আয়াত: ২৩]
৩. আল্লাহ তা'আলা বলেছেন:
اللَّهُ الَّذِي جَعَلَ لَكُمُ الَّيْلَ لِتَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ ﴾ [غافر: ٦١]
“আল্লাহ, যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যাতে তোমরা তাতে বিশ্রাম করতে পার এবং দিনকে করেছেন আলোকোজ্জ্বল। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল; কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না”। [সূরা গাফির, আয়াত: ৬১]
৪. আল্লাহ তা'আলা বলেছেন:
أَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا الَّيْلَ لِيَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ ﴾ [النمل: 86]
“তারা কি দেখে না যে, আমরা রাতকে সৃষ্টি করেছি, যেন তারা তাতে বিশ্রাম নিতে পারে এবং দিনকে করেছি আলোকিত? নিশ্চয় এতে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান এনেছে”। [সূরা আন-নামাল, আয়াত: ৮৬]
৫. আল্লাহ তা'আলা বলেছেন:
وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الَّيْلَ لِبَاسًا وَالنَّوْمَ سُبَاتًا وَجَعَلَ النَّهَارَ نُشُورًا ﴾ [الفرقان: ٤٧]
"আর তিনিই তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময়”। [সূরা ফুরকান, আয়াত: ৪৭]
📄 শিক্ষণীয় বিষয়
১. রাত-দিন সৃষ্টিতে রয়েছে আল্লাহর বিশেষ হিকমত। তিনি দিন সৃষ্টি করেছেন কর্ম ও প্রয়োজন পূরণের জন্য, আর দিনের ক্লান্তি থেকে স্বস্তি হাসিল করার জন্য সৃষ্টি করেছেন রাত।
২. রাত-দিনের পরিক্রমায় রয়েছে আল্লাহর কুদরত, মহিমা ও তাওহীদের নিদর্শন।
৩. যাদের বুঝের ক্ষমতা, চিন্তার মেধা ও ইমানি শ্রবণ ইন্দ্রিয় রয়েছে, তারা আল্লাহর সৃষ্ট মখলুক থেকে উপদেশ হাসিল করে।
৪. রাতে ঘুম ও দিনে জীবিকা অর্জনের প্রতিযোগিতা আল্লাহর নিদর্শন, তাওহীদ ও কুদরতের দলীল।
৫. ইবাদাত বা প্রয়োজন ব্যতীত যে রাত জাগল, সে মানব প্রকৃতির বিরোধিতা করল, যে প্রকৃতির ওপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন।
৬. রাতকে ঘুম, স্বস্তি ও আরামের অনুকূল করা মানুষের ওপর আল্লাহর বিশেষ অনুগ্রহ ও বড় নি'আমত, যার শোকর আদায় করা ওয়াজিব, “কিন্তু অধিকাংশ মানুষ শোকর আদায় করে না”।
৭. মুমিন ব্যতীত কেউ রাত-দিনকে স্রষ্টার কুদরত বলে স্বীকার করে না এবং তার বিস্ময় নিয়ে চিন্তা করে না।
৮. বান্দার ওপর আল্লাহর অনুগ্রহ যে, তিনি অন্ধকারকে করেছেন রাতের আচ্ছাদন, ঘুমকে বানিয়েছেন স্বস্তি অর্জন ও ক্লান্তি থেকে মুক্তির উপকরণ। আর দিনকে করেছেন উজ্জ্বল, যেন তারা জীবিকা অর্জন ও প্রয়োজন পূরণে সক্ষম হয়। সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তা'আলা।
📄 রাত জাগার অপকারিতা
রাত জাগার অপকারিতা অনেক। যেমন,
১. রাত জাগার ফলে সুন্নাতের বিরোধিতা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পূর্বে ঘুম ও এশার পর কথোপকথন অপছন্দ করতেন। আবু বারযাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
«أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَ الْعِشَاءِ وَالْحَدِيثَ بَعْدَهَا».
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পূর্বে ঘুম ও পরে কথাবার্তা অপছন্দ করতেন”।¹
২. রাত জাগার ফলে অনেক সময় ফজর সালাত জমা'আতের সাথে আদায় করা সম্ভব হয় না, যা পূর্ণ রাত কিয়াম করার সমতুল্য। সহীহ মুসলিমে বর্ণিত:
«من صلى العشاء في جماعة، فكأنما قام نصف الليل، ومن صلى العشاء والفجر مع الجماعة، فكأنما قام الليل كله».
“যে ব্যক্তি জমা'আতের সাথে এশার সালাত আদায় করল, সে যেন অর্ধেক রাত কিয়াম করল, আর যে এশা ও ফজর জমা'আতের সাথে আদায় করল, সে যেন পূর্ণ রাত কিয়াম করল"।²
৩. আল্লাহ তা'আলা নিজ হিকমতের দাবিতে মানব জাতির স্বস্তি, প্রশান্তি ও ক্লান্তি থেকে বিশ্রাম গ্রহণের জন্য সৃষ্টি করেছেন রাত, যে রাত জাগল সে আল্লাহর হিকমতের বিপরীত কাজ করল।
৪. রাত জাগার ফলে দিনে ঘুমের চাপ সৃষ্টি হয়, যে কারণে ব্যক্তির পেশা, অথবা ব্যবসা অথবা কৃষি অথবা শিক্ষাদান অথবা চাকুরী ক্ষতিগ্রস্ত হয়। অতএব রাত জাগা মানুষের প্রকৃতি পরিপন্থী, যে প্রকৃতির ওপর আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। রাত জাগার কারণে অনেক সময় পাঁচ ওয়াক্ত সালাত জমা'আতের সাথে আদায় করা সম্ভব হয় না, যা চরম বিপর্যয় ও মহা মুসিবত।
৫. রাত জাগার ফলে শারীরিক ও মানসিক বিভিন্ন রোগের সূত্রপাত ঘটে। হ্যাঁ যে সুন্নত মোতাবেক রাত জেগে তাহাজ্জুদ, ইবাদাত, যিকির, দো'আ ও কুরআন তিলাওয়াতে মশগুল থাকে, তার রাত জাগা ক্ষতিকর নয়, বরং উপকারী। আমাদের সকলের কর্তব্য পার্থিব জগতের সংক্ষিপ্ত জীবনে ইবাদাতের জন্য প্রতিযোগিতার ময়দানে অবতীর্ণ হওয়া, যা আমাদের ইহকালীন ও পরকালীন সফলতার চাবিকাঠি।
অতএব, আল্লাহর রহমত প্রত্যাশাকারী ও তার শাস্তিতে ভীত প্রত্যেকের উচিৎ প্রথম রাতে ঘুমানো ও শেষ রাতে উঠা। অতঃপর সালাত, ইবাদাত, দোয়া, ইস্তেগফার ও তওবা ইত্যাদিতে মশগুল থাকা। হাদীসে এসেছে, আল্লাহ তা'আলা প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন, যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে। অতঃপর তিনি বলেন,
«من يدعوني فأستجيب له؟ من يسألني فأعطيه؟ من يستغفرني فأغفر له؟»
“কে আমাকে আহ্বান করবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আমার নিকট প্রার্থনা করবে, আমি তাকে প্রদান করব? কে আমার নিকট ইস্তেগফার করবে, আমি তাকে ক্ষমা করব?"।³
এ সব ক্ষতি ও অপকারিতা হচ্ছে বৈধ কাজে রাত জাগার পরিণতি। আর হারাম কাজে রাত জাগার পরিণতি আরো মারাত্মক, আরো ভয়ঙ্কর, যেমন খেল-তামাশা, অশ্লীল বিনোদন ও পর্ণো সিরিয়াল দর্শনে মত্ত থাকা। কারণ, মানুষের সময় ও হায়াত হচ্ছে ইবাদাতের জন্য, তাকে এ সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে, তাকে এর জবাবদিহি করতে হবে, অতঃপর সে তার ভালো-মন্দ কর্মের ফল ভোগ করবে। তাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে: তার দেখা, তার শ্রবণ করা ও তার অন্তরে গোপন বিষয় সম্পর্কে। আল্লাহ তা'আলা বলেছেন:
إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُوْلَبِكَ كَانَ عَنْهُ مَسُولًا ﴾ [الاسراء: ٣٦]
“নিশ্চয় কান, চোখ ও অন্তঃকরণ- এদের প্রতিটির ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে”। [সূরা আল-ইসরা, আয়াত: ৩৬]
অন্যত্র তিনি বলেন,
فَوَرَبِّكَ لَنَسْلَنَّهُمْ أَجْمَعِينَ * عَمَّا كَانُوا يَعْمَلُونَ ﴾ [الحجر: ٩٢ ،٩٣]
“অতএব, তোমার রবের কসম, আমরা তাদের সকলকে অবশ্যই জেরা করব, তারা যা করত, সে সম্পর্কে”। [সূরা আল-হিজর, আয়াত: ৯২-৯৩]
অতএব, বুদ্ধিমানের কাজ হচ্ছে এর সঠিক উত্তর প্রস্তুত করা, নিজের হিসাব নিজে কষা, সর্বদা গভীর দৃষ্টি রাখা: কী বলছে, কী করছে, কী নিচ্ছে ও দিচ্ছে! রাতে তাহাজ্জুদ আদায়কারী মুমিনদের প্রশংসা করে আল্লাহ তা'আলা বলেন,
كَانُواْ قَلِيلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُونَ ﴾ [الذاريات: ١٧]
“রাতের সামান্য অংশই এরা ঘুমিয়ে কাটাতো”। [সূরা আয-যারিয়াত, আয়াত: ১৭]
অন্যত্র বলেন,
تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنِ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ ﴾ [السجدة : ١٦، ١٧]
“তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়। তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে। আর আমি তাদেরকে যে রিযক দান করেছি, তা থেকে তারা ব্যয় করে। অতঃপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জুড়ানো কী জিনিস লুকিয়ে রাখা হয়েছে, তারা যা করত, তার বিনিময়স্বরূপ”। [সূরা আস-সাজদাহ, আয়াত: ১৬-১৭]
চিন্তা করুন কিয়ামুল লাইল আদায়কারীর জন্য আল্লাহ কত নি'আমত গোপন রেখেছেন!!! অন্তরের সব চাহিদা পূরণ করা হবে: যা কোনো চোখ দেখে নি, যা কোনো কান শ্রবণ করে নি, মানুষের অন্তরে যার কল্পনা পর্যন্ত হয়নি। আল্লাহ তা'আলা বলেছেন:
أَمَّنْ هُوَ قَانِتُ ءَانَاءَ الَّيْلِ سَاجِدًا وَقَابِمَا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُواْ رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُوا الْأَلْبَابِ ﴾ [الزمر: ٩]
“যে ব্যক্তি রাতের প্রহরে সাজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রব-এর রহমত প্রত্যাশা করে (সে কি তার সমান যে এরূপ করে না) বল, 'যারা জানে আর যারা জানে না তারা কি সমান?' বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে”। [সূরা আয-যুমার, আয়াত: ৯]
কিয়ামুল লাইল সম্পর্কে ইমাম তিরমিযী মুয়ায ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত করেন, হাদিসের অংশ:
«أَلَا أَدُلُّكَ عَلَى أَبْوَابِ الْخَيْرِ: الصَّوْمُ جُنَّةً، وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ، وَصَلَاةُ الرَّجُلِ مِنْ جَوْفِ اللَّيْلِ»
"... আমি কি তোমাকে কল্যাণের পথগুলো বলে দেব না: সওম ঢাল। সদাকা পাপ মোচন করে, যেমন পানি অগ্নি নির্বাপণ করে, অনুরূপ ব্যক্তির সালাত রাতের মধ্যভাগে ...।”⁴ আল্লাহ তা'আলা শেষ রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন যখন এক তৃতীয়াংশ বাকি থাকে। তিনি বলেন:
«من يدعوني فأستجيب له؟ من يسألني فأعطيه؟ من يستغفرني فأغفر له؟ حتى يطلع الفجر»
“কে আমাকে আহ্বান করবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আমার নিকট প্রার্থনা করবে, আমি তাকে প্রদান করব? কে আমার নিকট ইস্তেগফার করবে, আমি তাকে ক্ষমা করব? যতক্ষণ না ফজর উদিত হয়”।⁵
আফসোস! বর্তমান যুগে অধিকাংশ লোক এ ফযিলত থেকে বঞ্চিত, বিশেষ করে যারা অর্ধেক রাত পর্যন্ত নাচ-গান ও অশ্লীল বিনোদনে মেতে থাকে, অতঃপর ফজর সালাত সূর্য উঠার পর অসময়ে কাযা করে। আহ্! কত বড় বিপর্যয়! কত বড় মুসিবত!
টিকাঃ
¹ সহীহ বুখারী, হাদীস নং ৫৩৭; সহীহ মুসলিম, হাদীস নং ১০৩২।
² সহীহ মুসলিম, হাদীস নং ৬৫৬।
³ সহীহ বুখারী, হাদীস নং ১০৮৩; সহীহ মুসলিম, হাদীস নং ১২৬৭।
⁴ তিরমিযী হাদীস নং ২৫৫৮, ইমাম তিরমিযী হাদীসটি হাসান ও সহীহ বলেছেন।
⁵ সহীহ বুখারী ও মুসলিম।