📄 ৪. হাফসা বিনতু উমর ইবনিল খাত্তাব
হাফসা (রদিয়াল্লাহু আনহা)-এর আগের স্বামী খুনাইস ইবনু হুযাফা (রদিয়াল্লাহু আনহু) বদরের যুদ্ধে প্রাপ্ত একটি আঘাতের ফলে শাহাদাতবরণ করেন। ৩য় হিজরির শা'বান মাসে তার ইদ্দত শেষ হলে নবি তাঁকে বিয়ে করেন। ৪৫ হিজরি সনের শা'বান মাসে তিনি ষাট বছর বয়সে ইন্তিকাল করেন। তিনিও সমাধিস্থ হয়েছেন মদীনার বাকীউল গারকদে।
📄 ৫. যাইনাব বিনতু খুযাইমা হিলালিয়া
বদরের আরেক শহীদ উবাইদা ইবনুল হারিস (রদিয়াল্লাহু আনহু)-এর বিধবা স্ত্রী যাইনাব (রদিয়াল্লাহু আনহা)। অন্যান্য সূত্রে অবশ্য উহুদের যুদ্ধে শহীদ হওয়া আবদুল্লাহ ইবনু জাহশ (রদিয়াল্লাহু আনহু)-এর স্ত্রী বলা হয়েছে তাঁকে। ৪র্থ হিজরিতে তাঁর বিয়ে হয় রাসূলুল্লাহ -এর সাথে। জাহিলি যুগ থেকেই দানশীলতার কারণে তিনি 'উম্মুল মাসাকীন' (অভাবীদের মা) নামে খ্যাত। আট মাসের দাম্পত্য-জীবনের পর রবিউস সানি মাসে তাঁর মৃত্যু হয়। বাকী'তে দাফনের আগে নবি ও তাঁর জানাযার সালাত পড়ান।
📄 ৬. উম্মু সালামা বিনতু আবী উমাইয়া
আবূ সালামা (রদিয়াল্লাহু আনহু)-এর স্ত্রী থাকাকালীন তিনি কয়েক সন্তানের জননী হন। চতুর্থ হিজরি সনের জুমাদাল আখিরাহ মাসে তিনি বিধবা হন। একই বছর শাওয়াল মাসের শেষ দিকে আসেন নবিজি -এর বধূ হয়ে। প্রজ্ঞাবতী মহীয়সী এই নারী ইন্তিকাল করেন ৫৯ হিজরি সনে ৮৪ বছর বয়সে। (অন্যান্য সূত্রমতে ৬২ হিজরিতে)। তাঁকেও বাকী' কবরস্থানে দাফন করা হয়।
📄 ৭. যাইনাব বিনতু জাহশ
নবিজি -এর ফুপু উমাইমা বিনতু আবদিল মুত্তালিবের মেয়ে যাইনাব (রদিয়াল্লাহু আনহা)। এর আগে যাইদ ইবনু হারিসা (রদিয়াল্লাহু আনহু)-এর সাথে ছাড়াছাড়ি হয়েছিল তাঁর। যাইদ নবি -এর পালিত সন্তান। জাহিলি আরবে পালিত সন্তানের তালাকপ্রাপ্তা বা বিধবা স্ত্রীকে বিয়ে করা খারাপ মনে করা হতো। এই কুসংস্কারের বিলোপ ঘটাতে আল্লাহ তাআলা রাসূল কে আদেশ দেন যাইনাবকে বিয়ে করতে। ৫ম হিজরির যুল-কা'দা মাসে এই বিয়ে হয় (কেউ কেউ বলেন, চতুর্থ হিজরিতে)।
৫৩ বছর বয়সে ২০ হিজরিতে তিনি মারা যান। সতিনদের মাঝে তার মৃত্যুই সবার আগে ঘটে। উমর (রদিয়াল্লাহু আনহু) তার জানাযা পড়ান। বাকী' কবরস্থানে দাফন করা হয় তাকে।