📘 রাসূলে আরাবি ﷺ > 📄 দাফন-কাফন

📄 দাফন-কাফন


মঙ্গলবার রাসূল -এর পবিত্র দেহ কাপড় পরিহিত অবস্থাতেই ধুয়ে দেন আব্বাস, আলি, আব্বাসের দুই ছেলে ফাদল ও কুসাম, নবিজি -এর মুক্ত করা দাস শুকরান, উসামা ইবনু যাইদ এবং আওস ইবনু খাওলা (রদিয়াল্লাহু আনহুম)। আব্বাস ও তার ছেলেরা নবিজির দেহ এপাশ-ওপাশ করান। উসামা ও শুকরান পানি ঢালেন। আলি হাত দিয়ে শরীর ধৌত করেন। আর আওস তুলে ধরে রাখতে সাহায্য করেন নবিজির দেহ। পানি ও বরইপাতা দিয়ে তিনবার ধোয়া হয় নবিজির শরীর। কুবায় সা'দ ইবনু খাইসামার একটি কুয়া ছিল 'গারস' নামে। সেখান থেকেই আনা হয় পানি। জীবদ্দশায় নবি এখান থেকে পানি পান করতেন।
গোসলের পর তিনটি ইয়েমেনি সুতি কাপড় দিয়ে তাঁর পবিত্র দেহে কাফন পরানো হয়। তাতে জামা এবং পাগড়ি ছিল না। চাদরে তাঁর শরীর মুড়িয়ে দেওয়া হয়েছিল। আয়িশা (রদিয়াল্লাহু আনহা)-এর ঘরে ঠিক যে জায়গায় নবি ইন্তিকাল করেন, সেখানেই কবর খোঁড়েন আবূ তালহা (রদিয়াল্লাহু আনহু)। কবরটি ছিল লাহদ, যার পাশে কুলুঙ্গির মতো থাকে। নবিজি -কে খাটিয়ায় শোয়ানো হয়। সাহাবিরা দশজন দশজন করে এসে ইমাম ছাড়া একাকী সালাতে জানাযা আদায় করেন। প্রথমে নবিজির পরিবারের সদস্যরা, তারপর মুহাজিরগণ, তারপর আনসারগণ, তারপর নারী ও শিশুরা। মঙ্গলবার সারাদিন এবং বুধবারের রাতের বেশির ভাগ সময় জুড়ে চলতে থাকে জানাযার সালাত আদায়। বুধবার গভীর রাতে সমাধিস্থ হন আল্লাহর রাসূল।

টিকাঃ
[৫৭৬] ইবনু মাজাহ, ১৬২৮।
[৫৭৭] ইবনু সা'দ, তবাকাতুল কুবরা, ২/২৭৭-২৮৮।
[৫৭৮] বুখারি, ১২৬৪; মুসলিম, ৯৪১।
[৫৭৯] মালিক, আল-মুওয়াত্তা, ১/২৩১; ইবনু সা'দ, ২/২৮৮-২৯২।
[৫৮০] আহমাদ, আল-মুসনাদ, ৬/৬২, ২৭৪।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00