📘 রাসূলে আরাবি ﷺ > 📄 বানূ তামীমের ইসলাম গ্রহণ (মুহাররম, ৯ম হিজরি)

📄 বানূ তামীমের ইসলাম গ্রহণ (মুহাররম, ৯ম হিজরি)


নবম হিজরির মুহাররম মাস। মদীনায় খবর এল যে, বানু তামীম গোত্র আশপাশের অনেক গোত্রকে উস্কানি দিচ্ছে, তারা যাতে মুসলিমদের জিযইয়া না দেয়। নবি উয়াইনা ইবনু হিসন ফাযারি (রদিয়াল্লাহু আনহু)-এর নেতৃত্বে বানু তামীমের ঘাঁটিতে পঞ্চাশ জনের একটি বাহিনী প্রেরণ করেন। সেখানে আক্রমণ করে সেখানকার মরুভূমি থেকে তামীম গোত্রের এগারো জন পুরুষ এবং একুশ জন নারী ও শিশুকে বন্দি করে মদীনায় নিয়ে আসে উয়াইনা (রদিয়াল্লাহু আনহু)।
বানু তামীমের দশ সদস্যের এক প্রতিনিধিদল তড়িঘড়ি করে মদীনায় আসে। মুসলিমদের সামরিক ক্ষমতা ও দক্ষতা সম্পর্কে ভালোই জানা আছে তাদের। তাই বানু তামীম গোত্রপতি প্রস্তাব দেন একটি কবিতা প্রতিযোগিতা আয়োজনের। কাদের কবিরা বেশি পট, সেটাই নির্ণীত হবে এই প্রতিযোগিতায়। চ্যালেঞ্জটি গৃহীত হয় মুসলিম পক্ষ থেকে।
বানু তামীমের সুপ্রসিদ্ধ খতীব উতারিদ ইবনু হাজিব প্রথমে বক্তব্য রাখেন। মুসলিমদের পক্ষ থেকে এর জবাব দেন সাবিত ইবনু কাইস (রদিয়াল্লাহু আনহু)। তারপর বানু তামীম কবিতা আবৃত্তি করতে পাঠায় তাদের শ্রেষ্ঠ কবি যিবরিকান ইবনু বাদুকে। জবাবে হাসসান ইবনু সাবিত (রদিয়াল্লাহু আনহু) এমন কবিতা আবৃত্তি করেন যে, বানু তামীম গোত্র হার মানতে বাধ্য হয়। এরা এমন এক গোত্র, যারা কবিতা শুনে মুগ্ধ হয়ে ইসলামে প্রবেশ করেন। নবি ﷺ তাদের বন্দিদের মুক্তি দিয়ে উপঢৌকনসহ ফেরত পাঠান।

📘 রাসূলে আরাবি ﷺ > 📄 বানূ তাই-এর বিরুদ্ধে অভিযান

📄 বানূ তাই-এর বিরুদ্ধে অভিযান


রাসূলুল্লাহ-এর তৎপরতা থেমে নেই। দিকে দিকে মানুষের কাছে ইসলামের দাওয়াত প্রদান চলছেই। কখনও কথা, কখনও আচরণ, কখনও চিঠি দিয়ে আবার কখনও-বা শক্তি দিয়ে তিনি মানুষকে সত্যের প্রতি আহ্বান করতে থাকেন। অজ্ঞতা ও বহুত্ববাদের কোলে জন্ম নেওয়া প্রতিটি মিথ্যে উপাস্যের মৃত্যু ঘটিয়ে এক আল্লাহর ইবাদাত সমুন্নত করাই তাঁর উদ্দেশ্য।
এরই ধারায় নবম হিজরির রবীউল আউয়াল মাসে আলি (রদিয়াল্লাহু আনহু)-এর নেতৃত্বে দেড় শ উষ্ট্রারোহী ও অশ্বারোহীর একটি বাহিনীকে নবি ﷺ প্রেরণ করেন 'ফিলস' মূর্তি ধ্বংস করার দায়িত্ব দিয়ে। এটি তায়ি গোত্রের প্রধান উপাস্য দেবতা। কিংবদন্তি হাতিম তায়ি এ গোত্রেরই সন্তান ছিলেন। আলি (রদিয়াল্লাহু আনহু)-এর নেতৃত্বে থাকা মুসলিম বাহিনীটির কাছে ছিল একটি কালো এবং আরেকটি ছোট সাদা পতাকা। কিছু উট ও ছাগলের পাশাপাশি কয়েকজন নারী ও শিশুকে বন্দি করেন তারা। বন্দিদের মাঝে হাতিম তায়ির মেয়ে সাফফানাও ছিলেন।
বন্দিদের নিয়ে বাহিনীটি মদীনায় ফিরে আসে। হাতিম তায়ির সম্মানার্থে তার কন্যাকে বিনা মুক্তিপণে ছেড়ে দেন নবি ﷺ। শুধু তা-ই না, সাথে একটি বাহনও দিয়ে দেন তাকে। সাফফানা সেখান থেকে সোজা চলে যান সিরিয়া। তার ভাই আদি ইবন হাতিম সেখানে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন। ভাইয়ের কাছে নবিজি -এর অসাধারণ দানশীলতার কথা জানান সাফফানা। এমনকি তাদের বাবাও তাঁর সাথে তুলনীয় নন এই বলে তিনি আদিকে অনুরোধ করেন আগ্রহভরে নবিজি -এর সামনে নিজেকে পেশ করতে।
বোনের কথা আদির মনে ধরে। তাই কোনও ধরনের নিরাপত্তা না নিয়েই তিনি হাজির হন রাসূলুল্লাহ -এর কাছে। নবিজির মুখে ইসলামের মৌলিক বিষয়াদির ব্যাখ্যা শুনে ইসলাম গ্রহণ করেন আদি ইবনু হাতিম (রদিয়াল্লাহু আনহু)।
আদি সেখানে থাকতে থাকতেই দু'জন লোক নবিজি -এর কাছে আসে। একজনের অভিযোগ খাদ্যের অভাবের, আরেকজনের নালিশ সড়কপথে একটি ডাকাতির ঘটনা নিয়ে। তারা চলে যাওয়ার পর রাসূল আদিকে বলেন,
“হে আদি, তুমি কি হীরা দেখেছ? তুমি যদি দীর্ঘ হায়াত পাও তাহলে দেখবে, হীরা থেকে একাকী এক নারী সফর করছে, এমনকি সেখান থেকে এসে কা'বাও তওয়াফ করছে কিন্তু পথে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাচ্ছে না। এ ছাড়াও দেখবে, পারস্য সম্রাটের ধনভান্ডার তোমাদের হাতে চলে এসেছে। এমন ব্যক্তিকেও দেখবে, যে সোনা-রুপা হাতে নিয়ে তা গ্রহণ করার মতো কাউকে খুঁজছে কিন্তু তেমন কোনও লোককে খুঁজে পাচ্ছে না।”
আদি ইবনু হাতিম (রদিয়াল্লাহু আনহু) তাঁর জীবদ্দশায় নবিজি -এর এই ভবিষ্যদ্বাণী সত্য হতে দেখেছেন। উটের পিঠে চড়ে সফরকারী নারীকে তিনি প্রত্যক্ষ করেছেন। আর তিনি নিজেও পারস্যের ধনভান্ডার জয় করার সময় মুসলিম সৈন্যবাহিনীর সঙ্গে উপস্থিত ছিলেন।

টিকাঃ
[৪৮৮] আহমাদ, আল-মুসনাদ, ৪/২৫৭, ২৭৮; ইবনু হিশাম, ২/৫৮১; যাদুল মাআদ, ২/২০৫।
[৪৮৯] বুখারি, ৩৫৯৫।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00