📘 রাসূলে আরাবি ﷺ > 📄 বিজয়-সালাত

📄 বিজয়-সালাত


মধ্যাহ্নের দিকে রাসূল তাঁর চাচাতো বোন উম্মু হানি বিনতু আবী তালিব (রদিয়াল্লাহু আনহা)-এর ঘরে যান। তিনি সেখানে গোসল সেরে দুই দুই করে মোট আট রাকাআত সালাত আদায় করেন।
উম্মু হানির দুই মুশরিক দেবর লুকিয়ে ছিল সে ঘরেই। আলি (রদিয়াল্লাহু আনহু) যখন টের পেয়ে গেলেন যে, তার বোন দুই জন মুশরিককে ইচ্ছে করে লুকিয়ে রেখেছে। সাথে সাথে তাদের হত্যা করতে উদ্যত হন। উম্মু হানি (রদিয়াল্লাহু আনহা) এসে নবিজি -এর কাছে অনুযোগ করেন। জবাবে নবি বলেন, "তুমি যাকে নিরাপত্তা দিয়েছ, আমরাও তাকে নিরাপত্তা দিয়েছি।"

টিকাঃ
[৪৭৩] বুখারি, ১১০৩।
[৪৭৪] বুখারি, ৩৫৭।

📘 রাসূলে আরাবি ﷺ > 📄 কা’বার ছাদে বেলালের আযান

📄 কা’বার ছাদে বেলালের আযান


যুহরের ওয়াক্ত হলে বিলাল ইবনু রবাহ (রদিয়াল্লাহু আনহু)-কে ডাক দেন নবি ﷺ। তারপর কা'বার ছাদে উঠে তাঁকে আযান দেওয়ার আদেশ করেন। কা'বার ছাদ থেকে বিলালের কণ্ঠে ধ্বনিত হলো আযান। এ তো শুধু সালাতের আহ্বান নয়, ইসলামের প্রতাপ ও বিজয়ের ঘোষণাও বটে। আল্লাহর পবিত্র ঘরে আল্লাহরই বড়ত্ব ঘোষণা হতে শুনে কতই-না শান্তি পেয়েছে মুমিনের কান! আর কতই-না অক্ষম রাগে ফেটে পড়েছে মুশরিকদের হৃদয়! বিশ্বজাহানের রব আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা।

📘 রাসূলে আরাবি ﷺ > 📄 আনসারদের আশঙ্কা

📄 আনসারদের আশঙ্কা


মক্কাবিজয় তো সুসম্পন্ন! পরশমণিটিও যদি এখানেই থেকে যায়, তাহলে? আনসারদের মনে গাঢ় হতে থাকে এই শঙ্কা। হাজার হোক, মক্কাই তো নবিজি ﷺ-এর পৈত্রিক ভিটে, এখানেই তাঁর গোত্রীয় শেকড়। সাফা পাহাড়ে দুআরত নবিজিকে গিয়ে আনসাররা নিজেদের ভয়ের কথা জানালেন। দুআ শেষে তাদের সেই অলীক ভয় দূর করে দিয়ে নবিজি বললেন, “আল্লাহর পানাহ! আমি তোমাদের সাথেই বাঁচব, তোমাদের সাথেই মরব।"
এই কথা শুনে আনসাররা মহাখুশি হয়। তাদের সমস্ত শঙ্কা ও আশঙ্কা দূর হয়ে যায়। হৃদয়-আত্মায় আচ্ছন্ন হয় অভূতপূর্ব এক অনাবিল প্রশান্তি।
উনিশ দিন মক্কায় অবস্থান করে রাসূল ﷺ জাহিলিয়াতের প্রতিটি চিহ্ন নিশ্চিহ্ন করে দেন। মক্কা হয়ে ওঠে স্নিগ্ধ ও পবিত্র এক ইসলামী শহর। মাসজিদুল হারামের সীমানা নির্দেশ করে কয়েকটি স্তম্ভ গড়ে তোলা হয়। তারপর একজন ঘোষণাকারী সবাইকে জানিয়ে দেন যে, "যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার নিজ ঘরে থাকা সমস্ত মূর্তি ভেঙে ফেলে।”

📘 রাসূলে আরাবি ﷺ > 📄 উযযা, সুওযা’ ও মানাত—মূর্তি ধ্বংস

📄 উযযা, সুওযা’ ও মানাত—মূর্তি ধ্বংস


রমাদানের ২৫ তারিখ। নবি খালিদ ইবনুল ওয়ালীদ (রদিয়াল্লাহু আনহু)-কে প্রেরণ করেন নাখলায়। সাথে আছে ত্রিশ জন অশ্বারোহী। উদ্দেশ্য, উযযা মন্দির ভেঙে দিয়ে আসা। মুশরিকদের সবচেয়ে বড় মূর্তি ছিল এই উযযা। খালিদ একে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলেন।
একই মাসে আরেক অভিযানে পাঠানো হয় আমর ইবনুল আস (রদিয়াল্লাহু আনহু)-কে। তার দায়িত্ব বানু হুযাইলের প্রধান উপাস্য সুওয়া'-মূর্তি ধ্বংস করা। মক্কা থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে 'রুহাত' নামক স্থানে অবস্থিত মন্দিরটিকে মাটির সাথে মিশিয়ে দেন তিনি ও তার বাহিনী। সেখানকার পুরোহিত তাদের উপাস্যকে ভূপাতিত হতে দেখে উপলব্ধি করে যে, সত্যিকারের উপাস্যের কখনও এই পরিণতি হতে পারে না। ফলে তিনি মূর্তিপূজা ছেড়ে ইসলাম গ্রহণ করেন।
আরও একটি মিথ্যা উপাস্য বাকি আছে। কালব, খুযাআ, গাসসান, আওস ও খাযরাজ গোত্রের সম্মিলিত উপাস্য 'মানাত'। এটির অবস্থান ছিল কুদাইদের পাশে 'মুশাল্লাল' নামক স্থানে। সা'দ ইবনু যাইদ আশহালি (রদিয়াল্লাহু আনহু)-এর ওপর দায়িত্ব বর্তায় বিশ জন ঘোড়সওয়ারসহ গিয়ে সেটি ভেঙে দিয়ে আসার। মূর্তি-মন্দির উভয়ই ধ্বংস করে শিরকের আরেকটি নোংরা ঘাঁটি নিশ্চিহ্ন করেন সা'দ ইবনু যাইদ। দিকে দিকে দৃশ্যমান হতে থাকে সাদৃশ্যহীন, চিরঞ্জীব, অদ্বিতীয় এক আল্লাহর অপ্রতিদ্বন্দ্বিতা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00