📘 রাসূলে আরাবি ﷺ > 📄 বানূ সুলাইমের যুদ্ধ

📄 বানূ সুলাইমের যুদ্ধ


বদর থেকে ফিরে আসার পর বেশিদিন পেরোয়নি। কোনও সূত্রমতে এক সপ্তাহ, অপরাপর বর্ণনায় আড়াই কি তিন মাস। মদীনা আক্রমণের জন্য গোপনে এক বাহিনী প্রস্তুত করতে থাকে বানূ সুলাইম গোত্র। কিন্তু আগেই তাদের ঘাঁটি আক্রমণ করে মুসলিমরা সে পরিকল্পনা নস্যাৎ করে দেন। ফিরে আসেন যুদ্ধলব্ধ গনীমাত নিয়ে।

টিকাঃ
২৯৮. ইবনু হিশাম, ২/৪৩-৪৪; যাদুল মাআদ, ২/৯০।

📘 রাসূলে আরাবি ﷺ > 📄 নবি ﷺ-কে হত্যার পরিকল্পনা

📄 নবি ﷺ-কে হত্যার পরিকল্পনা


এরপর নবি -কে হত্যার পরিকল্পনা করে উমাইর ইবনু ওয়াহাব জুমাহি ও সফওয়ান ইবনু উমাইয়া। তাদের গোপন পরিকল্পনা নবিজি -কে আগেই জানিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা। স্বার্থোদ্ধারের আশায় উমাইর চুপি চুপি মদীনায় প্রবেশ করে। কিন্তু সাথে সাথে ধরা পড়ে যায়। নবি তাকে জানান যে, ওহির মাধ্যমে তার সব চক্রান্ত তিনি ইতিমধ্যে জেনে গেছেন। নিজের ভুল বুঝতে পেরে উমাইর ইবনু ওয়াহাব তাওবা করে ইসলাম গ্রহণ করেন। রদিয়াল্লাহু আনহু।

টিকাঃ
২৯৯. ইবনু হিশাম, ১/৬৬১-৬৬৩।

📘 রাসূলে আরাবি ﷺ > 📄 বানূ কাইনুকার যুদ্ধ

📄 বানূ কাইনুকার যুদ্ধ


বদরে ঐতিহাসিক জয়লাভ করেও মুসলিমরা দম ফেলার সময় পাননি; বরং মাক্কি ভাইদের পক্ষ থেকে মুসলিম রাষ্ট্রকে চাপে রাখার দায়িত্ব নিজেদের ঘাড়ে নিয়ে নেয় মদীনার প্রতিটি মুশরিক ও ইয়াহুদি গোত্র। ইয়াহুদি গোত্র কাইনুকা'র শত্রুতা তো একদম খোলাখুলিভাবেই চলতে থাকে। নবি তাদের সাবধান করে দিলে মুখ ঝামটা দিয়ে বলে, “মুহাম্মাদ, শুনুন। এত খুশি হয়েন না। কুরাইশদের কয়েকটা উঠতি যুবক আর যুদ্ধে অপারগদেরই তো মাত্র হত্যা করেছেন। কিন্তু আমাদের সাথে যেদিন লড়বেন, সেদিন দেখবেন সত্যিকারের বীরত্ব কাকে বলে!!”

নবিজি এর জবাব দিলেন স্বভাবসুলভ ধৈর্যের মাধ্যমে। এতে বানু কাইনুকা'র ছটফটানি আরও বেড়ে গেল।

বানু কাইনুকা' মদীনার বাজারে একটি অপ্রীতিকর ঘটনা ঘটায়। যার জের ধরে নিহত হন একজন মুসলিম ও একজন ইয়াহুদি। তাদের এইসব অপতৎপরতা ও অনিষ্টের শাস্তি স্বরূপ এবার আল্লাহর রাসূল তাদের ঘেরাও করে অবরোধ করেন। ২য় হিজরি সনের মধ্য শাওয়াল, শনিবার থেকে বানু কাইনুকা'র ওপর অবরোধ আরোপ করেন মুসলিম বাহিনী। পনের দিন আটকে থাকার পর যুল-কা'দা মাসের শুরুতেই ইয়াহুদিরা আত্মসমর্পণ করে। নবি তাদের সকলকে মদীনা থেকে নির্বাসিত করে সিরিয়ার 'আযরুআত' এলাকায় পাঠিয়ে দেন। তবে অল্পকাল পরই তাদের অধিকাংশ মারা পড়ে সেখানে।

টিকাঃ
৩০০. আবূ দাউদ, ৩০০১, যাদুল মাআদ, ২/৭১, ৯১।

📘 রাসূলে আরাবি ﷺ > 📄 সাওয়ীকের যুদ্ধ

📄 সাওয়ীকের যুদ্ধ


ওদিকে আরেকটি সামরিক অভিযানের মাধ্যমে বদরের প্রতিশোধ নিতে আবূ সুফইয়ানের ছটফটানি ও অস্থিরতা ক্রমেই বেড়ে চলেছে। মুহাম্মাদ -এর সাথে লড়াই করার আগে গোসল না করারও কসম করেন তিনি। লড়লেই যেন বিজয় নিশ্চিত! দুই শ জনের এক বাহিনী নিয়ে মদীনায় আসেন কসম পূর্ণ করতে। 'আরিদ' নামক এক জনবসতিতে অতর্কিতে হামলা করে দুই জন আনসারকে শহীদ করেন। এরপর বাহিনীটি তাদের কয়েকটি দামি খেজুর গাছ কেটে পুড়িয়ে দেওয়ার পর পালিয়ে যায়।

হানাদারদের খবর পেয়ে নবি ও তাঁর সেনারা তাদের পিছুধাওয়া করেন। 'কারকারাতুল কাদর' নামক স্থান পর্যন্ত ধাওয়া করা হলেও শত্রুরা হাতছাড়া হয়ে যায়। তবে ঊর্ধ্বশ্বাসে পালাতে গিয়ে আবূ সুফইয়ানের বাহিনী তাদের সব মূল্যবান রসদ ফেলে যেতে বাধ্য হয়। বিশেষত ভুট্টা দিয়ে তৈরি একধরনের ছাতু। খাবারটির আরবি নাম 'সাওয়ীক'। এই কারণেই অভিযানটিকে 'সাওয়ীকের যুদ্ধ' বলে অভিহিত করা হয়। এটাকে কারকারাতুল কাদরের যুদ্ধও বলা হয়।

টিকাঃ
৩০১. ইবনু হিশাম, ২/৪৪-৪৫; যাদুল মাআদ, ২/৯০-৯১।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00