📄 ওহী নাযিল
প্রশ্ন-৯০. ওহীর সূচনালগ্নে রাসূল কোথায় যেতেন?
উত্তর: তিনি হেরা গুহায় নির্জন স্থানে গিয়ে ইবাদতের মধ্যে সময় কাটাতেন।
প্রশ্ন-৯১. 'হেরা গুহা' কোথায় অবস্থিত?
উত্তর: এটি মক্কা থেকে দুই মাইল দূরে হেরা পর্বতে অবস্থিত। এ হেরা পর্বতকে নূরের পাহাড়ও বলা হয়।
প্রশ্ন-৯২. হেরা গুহার আয়তন কত?
উত্তর: এটির দৈর্ঘ্য ৪ গজ এবং প্রস্থ ১.৭৫ গজ।
প্রশ্ন-৯৩, তিনি কেন সেখানে গমন করতেন?
উত্তর: সৃষ্টি জগতের ওপর ধ্যান করতে যেতেন। অর্থাৎ সেখানে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন।
প্রশ্ন-৯৪. তিনি সেখানে কতদিন ছিলেন?
উত্তর: কয়েক রাত তিনি সেখানে অতিবাহিত করেন।
প্রশ্ন-৯৫. ওহীর সূচনা হয় কীসের মাধ্যমে?
উত্তর: সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্নই দেখতেন, দিনের বেলা তা সত্য হয়ে দেখা দিত।
প্রশ্ন-৯৬. এ অবস্থা কতদিন চলছিল?
উত্তর: প্রায় ছয় মাস যাবৎ এভাবে চলছিল।
প্রশ্ন-৯৭. কখন সর্বপ্রথম রাসূল এর ওপর ওহী নাযিল হয়?
উত্তর: ৬১০ খ্রিস্টাব্দের ১০ আগস্ট, ২১ রমযান সোমবার রাতে সর্বপ্রথম ওহী নাযিল হয়। তখন রাসূল এর বয়স ছিল ৪০ বছর।
প্রশ্ন-৯৮. কে ওহী নিয়ে এসেছিলেন?
উত্তর: জিবরাঈল আলাইহিস সালাম।
প্রশ্ন-৯৯. জিবরাঈল আলাইহিস সালাম-কে?
উত্তর: তিনি হচ্ছেন প্রধান ফেরেশতা, তিনি নবীদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতেন। তাকে রুহুল কুদ্দুস এবং রুহুল আমীনও বলা হয়।
প্রশ্ন-১০০. জিবরাঈল আলাইহিস সালাম রাসুল কে কী বললেন এবং রাসূল কী উত্তর দিলেন?
উত্তর: তিনি বললেন, “পড়”। তারপর মুহাম্মদ বললেন, "আমি তো পড়তে জানি না"।
প্রশ্ন-১০১. অতঃপর জিবরাঈল আলাইহিস সালাম কি করলেন?
উত্তর: জিবরাঈল মুহাম্মদ কে ধরে বুকের সাথে খুব জোরে চেপে ধরলেন। এমনকি মুহাম্মদ ঐ চাপ সহ্য করার শক্তি প্রায় হারিয়ে ফেলেছিল। এরপর তিনি তাকে ছেড়ে দিয়ে বললেন, “পড়” এভাবে তিনি তিনবার মুহাম্মদ কে ধরলেন এবং বললেন, “পড়”।
প্রশ্ন-১০২. এরপর মুহাম্মদ কি পড়তে পেরেছেন?
উত্তর: হ্যাঁ, তিনি পড়তে লাগলেন-
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ - خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ - اقْرَأْ وَرَبُّكَ الأكرم .
অর্থ- ১. পড় তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। ২. যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। ৩. পড় এবং তোমার প্রভু অত্যন্ত মেহেরবান। (সূরা ৯৬-আলাক :আয়াত-১-৩)
প্রশ্ন-১০৩. অতঃপর রাসূল এর অবস্থা কী হয়েছিল?
উত্তর: তিনি ভয়ে কাঁপতে লাগলেন।
প্রশ্ন-১০৪. সেখান থেকে ফিরে এসে তিনি খাদিজা (রা)-কে কী বললেন?
উত্তর: তিনি খাদিজাকে বললেন, "আমাকে (কম্বল দিয়ে) জড়িয়ে দাও, আমাকে (কম্বল দিয়ে) জড়িয়ে দাও"।
প্রশ্ন-১০৫. খাদিজা (রা) কী করলেন?
উত্তর: কাঁপুনি বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত তিনি কম্বল দিয়ে তাকে জড়িয়ে রাখলেন।
প্রশ্ন-১০৬. মুহাম্মদ কি খাদিজাকে ঘটনাটি বলেছিলেন?
উত্তর: হ্যাঁ, তিনি খাদিজাকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন, খাদিজা! আমি এখন আমার জীবন নিয়ে শঙ্কিত।
প্রশ্ন-১০৭. খাদিজা (রা) কী বলে রাসূলকে সান্ত্বনা দিলেন?
উত্তর: খাদিজা বললেন, "আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। কারণ আপনি একজন সৎ লোক, আপনি আত্মীয়-স্বজনদের হক আদায় করেন, অসহায়দের আশ্রয় দেন, গরিব, নিঃস্ব ও অভাবীদের সাহায্য করেন। আপনি অতিথিপরায়ণ"। (বুখারী: প্রথম ওয়াহী অধ্যায়)
প্রশ্ন-১০৮. এরপর তিনি তাকে নিয়ে কোথায় গেলেন?
উত্তর: এরপর তিনি রাসূলকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে গেলেন। অত্যন্ত বৃদ্ধ ও অন্ধ হয়ে পড়েছিলেন ওয়ারাকা। তিনি ছিলেন ধর্মশাস্ত্রের একজন পণ্ডিত।
প্রশ্ন-১০৯. ওয়ারাকা বিন নওফেল কী বললেন?
উত্তর: ওয়ারাকা বিন নওফেল সবকিছু শুনে বললেন, এতো সেই ওহী বহনকারী ফেরেশতা যাকে আল্লাহ তাঁর পূর্ববর্তী নবীদের কাছেও পাঠিয়েছেন। হায়! আমি যদি শক্তিশালী যুবক হতাম। হায়! আমি যদি তখন জীবিত থাকতে পারতাম। যখন আপনার গোত্রের লোকেরা আপনাকে মক্কা থেকে তাড়িয়ে দিবে তখন আমি অবশ্যই আপনাকে সাহায্য করতাম।
প্রশ্ন-১১০. রাসূল তখন তাকে কী বললেন?
উত্তর: মুহাম্মদ অবাক হয়ে বললেন, "তারা আমাকে কেন বের করে দিবে"?
প্রশ্ন-১১১. ওয়ারাকা কী উত্তর দিলেন?
উত্তর: ওয়ারাকা বললেন, আপনি যা নিয়ে এসেছেন অনুরূপ আপনার পূর্বে যারা এমন কিছু নিয়ে এসেছিলেন তাদের প্রত্যেকের সাথেই এমন শত্রুতাপূর্ণ আচরণ করা হয়েছে। আমি যদি সেদিন পর্যন্ত বেঁচে থাকি, তাহলে আপনাকে সর্বশক্তি দিয়ে সাহায্য সহযোগিতা করব।
প্রশ্ন-১১২. ওয়ারাকা কখন ইস্তিকাল করেন?
উত্তর: অল্প কয়েকদিন পরেই তিনি ইস্তিকাল করেন।
প্রশ্ন-১১৩: কতদিন যাবৎ ওহী নাযিল বন্ধ ছিল?
উত্তর: দীর্ঘ ছয় মাস যাবৎ ওহী নাযিল বন্ধ ছিল।
প্রশ্ন-১১৪. হঠাৎ ওহীর সাময়িক বিরতিতে রাসূল কী অনুভব করলেন?
উত্তর: তিনি এতটাই কষ্ট অনুভব করলেন যে, অনেক সময় তিনি নিজে নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করার ইচ্ছা পোষণ করতেন। কিন্তু সবসময়ই জিবরাঈল এসে হাজির হত এবং বলত: "হে মুহাম্মদ! নিশ্চয়ই আপনি আল্লাহর সত্যিকার রাসূল।" এর ফলে তার আত্মা প্রশান্ত হত এবং তিনি শান্তিতে বাড়ি ফিরে যেতেন।
প্রশ্ন-১১৫. দ্বিতীয়বার কি ওহী নাযিল হল?
উত্তর: তা হল-
يَا أَيُّهَا الْمُدَّثِرُ . قُمْ فَانْذِرْ - وَرَبِّكَ فَكَبِّرْ - وَتَبَابَكَ فَطَهِّرْ . وَالرِّجْزَ فَاهْجُرْ - وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُ - وَلِرَبِّكَ فَاصْبِرْ .
অর্থ- ১. (হে মুহাম্মদ কম্বল আবৃতকারী! ২. উঠুন এবং সতর্ক করুন! ৩. আর আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন! ৪. এবং আপনার পোশাক পবিত্র করুন! ৫. পৌত্তলিকতা পরিহার করে চল, ৬. অধিক পাওয়ার প্রত্যাশায় দান করিও না। ৭. এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ কর। (সূরা ৭৪- মুদ্দাছছির, আয়াত-১-৭)
প্রশ্ন-১১৬. ওহীর প্রকারভেদগুলো অথবা ওহীর নিদর্শনগুলো কী?
উত্তর: ওহীর সাতটি নিদর্শন রয়েছে, নিম্নে তা উল্লেখ করা হল-
১. সত্য স্বপ্ন।
২. জিবরাঈল রাসূল এর হৃদয়মনে অদৃশ্যভাবে ওহী নিক্ষেপ করতেন।
৩. জিবরাঈল অনেক সময় মানুষের আকৃতিতে রাসূল এর কাছে এসে সরাসরি কথা বলতেন।
৪. জিবরাঈল রাসূল এর নিকট ক্রমাগত ঘণ্টা বাজার ধ্বনির মতো আসতেন। আর এটা ছিল সবচেয়ে কঠিন আকৃতি। কারণ জিবরাঈল এসে রাসূলকে এমন শক্তভাবে ধরতেন যে অত্যন্ত প্রচণ্ড শীতের দিনেও তার কপাল থেকে ঘাম ঝরত।
৫. রাসূল জিবরাঈলকে তার নিজস্ব আকৃতিতে দেখতেন। আর তিনি রাসূলের কাছে আল্লাহর বাণী নাযিল করতেন।
৬. রাসূল যখন মিরাজে গেলেন তখন আল্লাহ সরাসরি তার ওপর সালাতের নির্দেশ জারি করেন। অর্থাৎ, সালাত ফরয করেন।
৭. ফেরেশতার মধ্যস্থতা ছাড়াই সর্বপ্রথম আল্লাহর বাণী তাঁর রাসূলের কাছে পৌঁছানো হয়।
প্রশ্ন-১১৭. দ্বিতীয়বার ওহী নাযিলের পর রাসূল কী করলেন?
উত্তর: তিনি তার পরিবারবর্গ ও বন্ধুদের মাঝে ইসলাম প্রচার শুরু করলেন।
প্রশ্ন-১২০. সর্বপ্রথম কারা ইসলাম গ্রহণ করেছিল?
উত্তর: চার জন ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন, তারা হলেন-
১. রাসূল এর স্ত্রী খাদিজা (রা)
২. রাসূল এর ক্রীতদাস যায়িদ বিন হারিছাহ।
৩. রাসূল এর চাচাতো ভাই আলী বিন আবু তালিব।
৪. রাসূল এর সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর (রা)
প্রশ্ন-১২১. আবু বকর (রা)-এর ইসলাম গ্রহণের সাথে সাথে আর কারা ইসলাম গ্রহণ করেন?
উত্তর: তারা হলেন, উসমান বিন আফফান, যুবাইর বিন আওয়াম, আব্দুর রহমান বিন আওফ, সা'দ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন ওবায়দুলাহ এবং সাঈদ বিন যায়িদ (রা)।
প্রশ্ন-১২২. সর্বপ্রথম মহিলাদের মধ্যে কারা ইসলাম গ্রহণ করেন?
উত্তর: তারা হলেন, আব্বাসের স্ত্রী উম্মুল ফজল, আবু বকরের স্ত্রী আসমা বিনতে উমাইস এবং তার মেয়ে আসমা বিনতে আবু বকর এবং ফাতিমা বিনতে খাত্তাব (ওমরের বোন)।
প্রশ্ন-১২৩. অন্যান্য আর যারা ইসলাম গ্রহণ করেন তাদের নাম কী?
উত্তর: তারা হলেন, বিলাল বিন রাবাহ এবং খাব্বাব বিন আরাত (রা)।
📄 গোপনে ইসলাম প্রচার
প্রশ্ন-১২৪. শুরুতে ইসলামের প্রচার কীভাবে চলতে লাগল?
উত্তর: মক্কায় কাফিররা যেন প্রথমেই ইসলামের প্রতি ক্রুদ্ধ না হয়, সেজন্য শুরুতে ইসলামের প্রচার গোপনেই চলছিল।
প্রশ্ন-১২৫. ঐ সময় কয় ওয়াক্ত সালাত আদায় করা হতো?
উত্তর: প্রাথমিক অবস্থায় দুই রাক'আত করে সকাল ও সন্ধ্যায় সালাত আদায় করা হত।
প্রশ্ন-১২৬. রাসূল -কে সালাত শিক্ষা দিলেন কে?
উত্তর: জিবরাঈল রাসূলকে অযু ও সালাত শিখালেন।
প্রশ্ন-১২৭. ইসলামের সূচনালগ্নে সর্বমোট কতজন লোক ইসলাম গ্রহণ করেন?
উত্তর: প্রায় চল্লিশ জন লোক প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণ করেন।
প্রশ্ন-১২৮. গোপনে ইসলাম প্রচার কত বছর চলেছিল?
উত্তর: তিন বছর গোপনে ইসলাম প্রচার চলেছিল।
প্রশ্ন-১২৯. গোপনে ইসলাম প্রচার চলাকালে মুসলমানরা কোথায় মিলিত হতো?
উত্তর: মুসলমানরা "দারুল আরকাম” নামক স্থানে গিয়ে মিলিত হতো। সেখানে তারা রাসূল এর কাছে ওহীর শিক্ষা গ্রহণ করতেন।
প্রশ্ন-১৩০. রাসূল কীভাবে দাওয়াতী কাজ করতেন?
উত্তর: তিনি অত্যন্ত পরিশ্রমের সাথে প্রাণপণে ইসলাম প্রচার করতেন এবং ইসলামী মতাদর্শে মানুষের ভ্রান্ত ধারণাসমূহ দূর করার চেষ্টা করতেন।
প্রশ্ন-১৩১. ঐ সময় ঘোষিত ঈমানের মৌলিক বিষয়গুলো কী কী?
উত্তর: সেগুলো হল-
১. আল্লাহর একত্ববাদ, ও মুহাম্মদ কে আল্লাহর নবী বলে সাক্ষ্য প্রদান করা;
২. আল্লাহর নবীদের প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর কিতাবের প্রতি, তাকদীরের প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা।
৩. সৎকাজ করা এবং চুরি ও ব্যভিচারের মতো অসৎ কাজ থেকে নিজেকে দূরে রাখা।
প্রশ্ন-১৩২. যারা প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণ করেছিল তারা কী সমাজের সকল স্তরের প্রতিনিধি স্থানীয় ছিলেন?
উত্তর: হ্যাঁ, তারা সমাজের সকল স্তরের প্রতিনিধি স্থানীয় ছিলেন, তাদের কেউ ছিলেন ক্ষমতাবান আবার কেউ ছিলেন দুর্বল, অন্যদিকে কেউ ছিলেন ধনী, আবার কেউ ছিলেন গরিব ও অসহায়, কেউ ছিলেন ব্যবসায়ী, আবার কেউ কেউ ছিলেন দাস-দাসী।
📄 প্রকাশ্যে ইসলাম প্রচার
প্রশ্ন-১৩৩: রাসূল কখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করেন?
উত্তর: তিন বছর পর যখন নিম্নোক্ত আয়াতটি নাযিল হয়- وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ. ) অর্থ- আর তুমি (হে মুহাম্মদ!) তোমার পরিবার-পরিজনকে সতর্ক করে দাও। (সূরা-২৬ শু'আরা, আয়াত-২১৪)
প্রশ্ন-১৩৪. তিনি কীভাবে প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন?
উত্তর: একদিন বানকৃত নামক স্থানে তিনি তার গোত্রের সকলকে এনে হাজির করলেন। কিন্তু আবু লাহাবের প্রচণ্ড বিরোধিতার কারণে সেদিন তিনি কিছুই বলতে পারেননি। পরে তিনি তাদের প্রায় ৪৫ জনের জন্য খাওয়ার আয়োজন করে আবার তাদের দাওয়াত করলেন। রাসূল তাদের সামনে আল্লাহর একত্ববাদ ও তাঁর নবুওয়াতের ব্যাপারে আলোচনা করেন। তিনি তাদেরকে সতর্ক করে বলেন, মানুষের কাজ কর্মের হিসাবের জন্য একদিন সবাইকে একত্রিত করা হবে এবং হিসাবের পর সবাইকে জান্নাত ও জাহান্নামে প্রেরণ করা হবে।
প্রশ্ন-১৩৫. রাসূল এর ঐতিহাসিক দ্বিতীয়বার প্রকাশ্যে দাওয়াতের পদ্ধতি কী ছিল?
উত্তর: তিনি সাফা পাহাড়ের উঠে সকল লোকদের ডেকে একত্রিত করলেন এবং শেষ বিচার দিবসের কঠিন আযাব আসার ব্যাপারে সকলকে সতর্ক করলেন।
প্রশ্ন-১৩৬. আবু লাহাব এ কথা শুনে কী বললেন?
উত্তর: সে বলল, "তোমার ধ্বংস হউক! তুমি কি এজন্য আমাদের ডেকেছিলে"? আর একথা বলেই আবু লাহাব চলে গেল।
প্রশ্ন-১৩৭. কোরাইশরা রাসূল এর ওপর রাগান্বিত হল কেন?
উত্তর: রাসূল যখন মূর্তিপূজাকে অপছন্দ করতে লাগলেন তখনই কোরাইশরা তাঁর প্রতি ক্রুদ্ধ হলেন।
প্রশ্ন-১৩৮. রাসূল তার আন্দোলনকে তথা মিশনকে গতিশীল করার জন্য কী কী করতেন?
উত্তর: তিনি মক্কার জনগণকে ইসলামের দিকে আহ্বান করতেন, বিশেষ করে নিম্নোক্ত আয়াতটি নাযিল হওয়ার পর তিনি বেশি আন্তরিক হয়ে গেলেন-
فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ .
অর্থ- অতএব প্রকাশ্যে ঘোষণা কর যা তোমাকে নির্দেশ দেয়া হয়, আর মুশরিকদের থেকে দূরে থেকো। (সূরা-১৫ হিজর : আয়াত-৯৪)
তিনি দাওয়াতী কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। এমনকি তিনি মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বানের জন্য বাজারে যেতেন এবং বিভিন্ন মেলা যেমন, উকায এবং যুল মাজাযের মত বড় বড় মেলায়ও যেতেন।
প্রশ্ন-১৩৯. জনসম্মুখে দাওয়াতের প্রভাব কী ছিল?
উত্তর: লোকেরা ধীরে ধীরে ইসলাম গ্রহণ করতে লাগল এবং কোরাইশদের নির্মম নির্যাতন সত্ত্বেও তারা ইসলামের ওপর অটল ছিল।
📄 চাঁদ দ্বিখণ্ডিত করার মু‘জিযা
প্রশ্ন-১৪০. মু'জিযা কী?
উত্তর: মু'জিযা হচ্ছে এক অলৌকিক বিষয় যা শুধুমাত্র নবীগণই করতে সক্ষম। তারা নিজেরা তা করতে পারে না বরং আল্লাহ যখন ইচ্ছা করেন তখন তাদেরকে মু'জিযা প্রদর্শনের শক্তি দান করেন। মু'জিযা হচ্ছে নবুওয়াতের একটি নিদর্শন।
প্রশ্ন-১৪১. রাসূল এর প্রধান মু'জিযা কী?
উত্তর: আল কুরআন হচ্ছে রাসূল এর প্রধান মু'জিযা, যা মানবজাতির জন্য চিরন্তন ঐশী বাণী।
প্রশ্ন-১৪২. রাসূল অন্য কোন মু'জিযা দেখিয়েছেন?
উত্তর: হ্যাঁ, তিনি আরো অনেক মু'জিযা দেখিয়েছেন, কখনও প্রয়োজনে আবার কখনও মানুষের দাবিতে।
প্রশ্ন-১৪৩. মক্কার কাফিররা রাসূলের কাছে কোন মু'জিযার দাবি করেছিল?
উত্তর: তারা রাসূলকে চাঁদ দ্বি-খণ্ডিত করার দাবি করেছিল।
প্রশ্ন-১৪৪. কাফিরদের নিয়মিত পীড়াপীড়িতে রাসূল কী করলেন?
উত্তর: তিনি তাদেরকে মু'জিযা প্রদর্শনের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলেন।
প্রশ্ন-১৪৫. রাসূল চাঁদকে দু'টুকরো করলেন কীভাবে?
উত্তর: তিনি তাঁর অঙ্গুলি চাঁদের দিকে নির্দেশ করলেন এবং মুহূর্তের মধ্যেই এটি দ্বি-খণ্ডিত হয়ে গেল। এরপর পুনরায় এটিকে আল্লাহ আগের মতো মিলিয়ে দিলেন।
প্রশ্ন-১৪৬. কাফিররা কী এটি দেখেছিল?
উত্তর: হ্যাঁ, শুধু মক্কার লোকেরাই তা দেখেনি বরং বিশ্বের অনেক লোকই এটি দেখেছিল।
প্রশ্ন-১৪৭. মক্কার পৌত্তলিকগণ কি ইসলাম গ্রহণ করেছিল?
উত্তর: না, তারা তাদের অজ্ঞতা ও অহংকারের কারণে ক্রমাগত অবিশ্বাসের মধ্যেই পড়েছিল।